চাঁপাইনবাবগঞ্জে 'মরা নদীতে' গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

ছবির উৎস, Getty Images
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
নিহত পাঁচ জনই কাছাকাছি বয়সের মেয়ে শিশু, বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। তারা একই গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়।
সম্প্রতি বৃষ্টি এবং পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় 'মরা নদী'তেও পানি বেড়েছে।
শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ শিশুকেই মৃত অবস্থায় উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












