লাইভ, নেপালে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, আবারো বন্যার শঙ্কা

নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে মৃতদেহ উদ্ধারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এছাড়া পাঁচশ জনের বেশি পর্যটকসহ ৮০০ জনের বেশি এখনো নিখোঁজ সেখানে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. ‘কাল থেকে মায়ের খোঁজ পাচ্ছি না, কী অবস্থায় আছে কে জানে’

    নেপালে উদ্ধারের কাজ চলছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, নেপালে উদ্ধারের কাজ চলছে

    ভূমিধস ও আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে সফররত পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ৩২জনের পর্যটকের একটা দল রয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোট ২৮৮জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

    পশ্চিমবঙ্গের পর্যটকদের মধ্যে হুগলির চন্দন নগরের শিপ্রা রায় রয়েছেন। তার ছেলে অনীক বিবিসি বাংলাকে বলেছেন, “শেষবার কাল সকাল সাড়ে সাতটা নাগাদ মায়ের সঙ্গে কথা হয়েছিল। তারপর থেকে আর কিছুতেই খোঁজ পাচ্ছি না। মা একাই গেছেন। কী অবস্থায় আছেন কে জানে!” তার গলায় উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল।

    তিনি জানিয়েছেন ২১শে অগাস্ট বাসে চেপে রওনা দেন ষাট বছরের শিপ্রা রায়। তার ছেলে জানিয়েছেন, কৈলাস মানস সরোবরে যাওয়ার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার মায়ের। একই উদ্দেশে ওই বাসেই সফর করছিলেন কলকাতার বাসিন্দা রিনা ব্যানার্জী।

    তার বোনের ছেলে দ্বৈপায়ন মুখাৰ্জী বিবিসি বাংলাকে বলেছেন, “রোববার রাত সাড়ে এগারোটা নাগাদ শেষবার কথা হয়েছিল। তখনো জানতাম না এমন হবে!”

    নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তিনি জানতে পেরেছেন এক পরিচিত ব্যক্তির কাছ থেকে।

    “কাল দুপুরে আমার একজন পরিচিত নেপালে দুর্যোগের কথা জানান। তারপর থেকে আমরা সমানে যোগাযোগ করার চেষ্টা করে চলেছি। ট্যুর অপারেটিং কোম্পানি যা বলল, ওরা ইমিগ্রেশন চেক পয়েন্টের কাছে ছিলেন। তারপর আর কিছু জানি না।”

    এই পর্যটক দলের মধ্যে দুর্গাপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দারাো রয়েছেন। এই দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল হুগলির কোন্নগরের বাসিন্দা তপতী সিংহর। তবে ভিসার কারণে তার যাওয়া হয়নি।

    অন্যদিকে, নেপালের এই দুর্যোগের পর পশ্চিমবঙ্গ থেকে সে দেশে পর্যটনের উদ্দেশে যাওয়া ব্যক্তিদের নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

    তাদেরই একজন আরামবাগের সৌভাগ্য দত্ত। তার মা অন্য এক দলের সঙ্গে নেপালে গিয়েছেন গত ২৪শে অগাস্ট।

    তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “বুধবার দুপুরে এই খবর পাওয়ার পর খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। কিছুতেই বুঝতে পারছিলাম না কী করব… মাকে ফোনে পাচ্ছিলাম না।"

    ২৪শে অগাস্ট বাস ছেড়েছে এবং গতকাল ২৬শে অগাস্ট বুধবার সকাল আটটা-সাড়ে আটটা নাগাদ মায়ের সঙ্গে শেষ কথা হয় জানিয়ে তিনি বলেন, তারপর তিনি টিভিতে খবর দেখে জানতে পারেন নেপালে আকস্মিক বন্যার কথা।

    “তারপর থেকে বহুবার চেষ্টা করেও মায়ের সঙ্গে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারিনি...শেষে ওখানকার কনট্রাক্টরের ফোন নম্বর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। তিনিই মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। এখন নিশ্চিন্ত লাগছে।”

    দুর্যোগের কারণে নেপালে বহু পর্যটকই আটকে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে সেখানে ফোন করে অনেকেই খোঁজ করছেন।

  2. সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা

    বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।

    বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার প্রসঙ্গে একটি প্রশ্নের জবাব দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়।”

    তার এই বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এসময় জাতীয় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। এমন পরিস্থিতির মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    পরে এ নিয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংসদ অধিবেশনে তুচ্ছ, তাচ্ছিল্য করে কথা বলার অভিযোগ তোলেন তিনি।

    “উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন,” বলেও মন্তব্য করেন মি. রহমান।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরবর্তীতে তার বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার আশ্বাস দিলেও, তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে বলেন বিরোধী দলীয় নেতা।

    তিনি বলেন, “সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।”

    পরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় তার একটি বক্তব্য নিয়েও আপত্তি জানান বিরোধী দলের নেতা।

  3. ব্রেকিং, আরো বাড়লো নেপালে মৃতের সংখ্যা

    নোলের মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে।

    নেপাল পুলিশ এইমাত্র আরেকটি আপডেট দিয়ে জানিয়েছে যে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৩টা ৫০ মিনিট পর্যন্ত বন্যায় ৩৩২ জন মারা গেছেন।

    স্থানীয় সময় ২টা ৩০ মিনিট পর্যন্ত আগের আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ বলা হয়েছিল, যার কিছুক্ষণ পরেই এই আপডেটটি আসে।

  4. ব্রেকিং, নেপালে মৃতের সংখ্যা এখন ২৮৯

    নেপাল পুলিশ তার সর্বশেষ আপডেটে বলেছে যে বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিট নাগাদ ২৮৯ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

    আটশো জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

  5. নেপালে ২৮৮ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

    রণধীর জয়সওয়াল

    ছবির উৎস, MEA-INDIA

    ছবির ক্যাপশান, রণধীর জয়সওয়াল

    নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেপালে আকস্মিক বন্যার কারণে “এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে আটকে আছেন বা যোগাযোগ করা সম্ভব হয়নি এমন ২৮৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে ত্রিশুলি ওয়ান পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭৩ জন রয়েছেন। কাঠমান্ডুতে আমাদের দূতাবাসের পক্ষ থেকে ওই প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।”

    তিনি জানিয়েছেন, দুর্যোগের কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধারের কাজ চলছে।

    ওই কর্মীরা ছাড়াও ভারতীয় পর্যটকরাও রয়েছেন। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়ার তামিলনাড়ুর ৩৭ ও ৪৯ জনের দু’টো দল রয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ৩২ জনের একটা দল রয়েছে।

    পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটক দল রাসুয়া অঞ্চলের তিমুরের কাছে ছিল। রাসুয়া জেলাতেই এই আকস্মিক বন্যা হয়েছে।

    এছাড়া কেরালা থেকে ৩৩ জনের একটা দল এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৬১ জনের অন্য একটা দলও রয়েছে যাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।

    তামিলনাডুর ২১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা করা হবে।

    “ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের তরফে সমস্ত রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। নেপাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি,” বলেছেন মি. জয়সওয়াল।

    কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে যাওয়া তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই চীনের কাছে আটকে রয়েছেন। তাদের সঙ্গে বেইজিং-এ অবস্থিত ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে।

    “আনুমানিক ২০০ জন ভারতীয় নাগরিক সেখানে আটকে রয়েছেন। আমরা তাদের নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছি।”

  6. মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই।”

    এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মক্কা চুক্তি নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।

    এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্য দেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

    এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

  7. নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

    নেপালে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া নদীর তীরের একটি এলাকা

    ছবির উৎস, Reuters

    নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী বিবিসি নিউজডেকে বলেছেন, আজ অথবা আগামীকাল বন্যার “দ্বিতীয় ও তৃতীয় ঢেউ” আঘাত হানার ঝুঁকি রয়েছে।

    তিনি বলেন, “আমরা এখনো জানি না”।

    পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চীনের এমন সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন জানিয়ে তিনি বলেন, “ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু ভূমিধস ঘটতে পারে।”

    তিনি আরও বলেন, তারা হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো পর্যবেক্ষণ করে আসছেন। “এখানে জলবায়ু পরিবর্তন সত্যিই ঘটছে,” তিনি ব্যাখ্যা করেন।

    “আমরা পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু নির্দিষ্ট কোন দিনে এমনটি ঘটবে, তা আমরা জানতাম না।”

    নেপালে বন্যার কাদায় ডুবে যাওয়া কয়েকটি ভবন

    ছবির উৎস, Anadolu via Getty Images

  8. বাংলাদেশে সংসদের তৃতীয় অধিবেশন শুরু, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

    বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।

    বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সংসদের অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা।

    সংসদের এই অধিবেশনে দিনের কর্মসূচিতে জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নানা প্রস্তাবের পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ উত্থাপনের কথা রয়েছে।

    গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণের এই বিল উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    এছাড়া ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদে উত্থাপন করবেন বলেও জানানো হয়েছে।

  9. ব্রেকিং, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ২৭০

    সোশ্যাল মিডিয়ায় দেওয়া সর্বশেষ আপডেটে নেপাল পুলিশ জানিয়েছে, বুধবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

  10. নেপালে এখনো প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজের দাবি

    বৃহস্পতিবার সকালে ড্রোন থেকে তোলা একটি দৃশ্যে নেপালের একটি এলাকার ধ্বংসযজ্ঞের মাত্রা ধরা পড়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার সকালে ড্রোন থেকে তোলা একটি দৃশ্যে নেপালের একটি এলাকার ধ্বংসযজ্ঞের মাত্রা ধরা পড়েছে

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

    লিন বলেন, চীন নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। তিনি আরও বলেন, নেপালের প্রয়োজন অনুযায়ী চীন জরুরি সহায়তাও প্রদান করবে।

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসজনিত দুর্যোগে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সর্বশেষ হালনাগাদে জানিয়েছে, নেপালে আরও ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

    বর্তমানে স্পষ্ট নয়, এই সংখ্যাগুলো চীনের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে আংশিকভাবে মিলে যায় কি না।

  11. নেপাল ‘চরম পরিস্থিতির’ মধ্যে রয়েছে, ‘আরও অনেক সহায়তা প্রয়োজন’ - রেড ক্রস প্রধান

    নেপালের নুয়াকোট জেলায় বুধবারের আকস্মিক বন্যার পরবর্তী পরিস্থিতি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালের নুয়াকোট জেলায় বুধবারের আকস্মিক বন্যার পরবর্তী পরিস্থিতি

    নেপালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, বুধবারের বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে এখনো “চরম পরিস্থিতি” বিরাজ করছে।

    তিনি বিবিসি রেডিও ৫ লাইভ ব্রেকফাস্টকে বলেন, নেপালের উত্তরাঞ্চলের কিছু এলাকায় “শুধু হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো সম্ভব, কারণ বন্যায় সেতু ও সড়ক ধ্বংস হয়ে গেছে।”

    “আমাদের দল সেখান থেকে কিছুটা দক্ষিণে অবস্থান করছে এবং তারা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সেখানে যেতে পেরেছে।”

    ফিশার বলেন, “আমাদের কাছে খুবই স্পষ্ট যে সেখানে জরুরি প্রয়োজন অত্যন্ত তীব্র” এবং বহু মানুষকে গত রাতে “খোলা আকাশের নিচে” রাত কাটাতে হয়েছে, তবে “এর চেয়ে অনেক, অনেক বেশি সহায়তা প্রয়োজন।”

    তিনি আরও যোগ করেন, অনেক গ্রাম ও বাজার এলাকা “ভেসে গেছে” এবং মৃতের সংখ্যা “আরও বাড়তে পারে” বলে তিনি আশঙ্কা করছেন।

    নেপালের নুয়াকোট জেলার দেবীঘাট গ্রামে কাদায় ভরা একটি এলাকা দিয়ে একজন উদ্ধারকারী হেঁটে যাচ্ছেন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, নেপালের নুয়াকোট জেলার দেবীঘাট গ্রামে কাদায় ভরা একটি এলাকা দিয়ে একজন উদ্ধারকারী হেঁটে যাচ্ছেন
  12. মৃতের সংখ্যা বেড়ে ১৭৭: নেপাল পুলিশ

    সর্বশেষ হালনাগাদে নেপাল পুলিশ জানিয়েছে, গতকালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ১৭৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তারা আরও জানায়, ৩৩ জন চিকিৎসাধীন আছেন এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য এখন পর্যন্ত তিন হাজার ৩১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

  13. নেপালে ৮০০ জনের বেশি মানুষ নিখোঁজ

    নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেছে অনেক বাড়িঘর

    ছবির উৎস, AFP via Getty Images

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ভোতেকোশি-ত্রিশুলি বন্যার পর ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

    সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, পর্যটক ও সাধারণ জনগণ অন্তর্ভুক্ত রয়েছে।

    নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫২৯ জনেরও বেশি বলে জানানো হয়েছে।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে