আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিয়ের অনুষ্ঠান ও স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ২১ জন নিহত
- Author, জ্যাক বার্জেস
- Author, বিবিসি বার্মিজ
- Published
- পড়ার সময়: ৪ মিনিট
মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও একটি স্কুলও রয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, শনিবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মো বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দেশটির নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় ছাত্র, তরুণ ভিক্ষু ও শিক্ষকসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই অঞ্চলে প্রতিরোধ বাহিনী সক্রিয় রয়েছে।
মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকার এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরেও বিমান হামলা চালিয়েছে।
স্থানীয় সময় প্রায় রাত আটটায় (জিএমটি ১৩:৩০) শহরের একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয়, এতে ১০ জনেরও বেশি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকাটি আরাকান আর্মি (এএ) দ্বারা নিয়ন্ত্রিত, যা দেশের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে থাকা অন্যতম শক্তিশালী জাতিগত বাহিনী।
মিয়ানমারের সামরিক জান্তা এখন ১৯৬২ সালের পর দেশটির সবচেয়ে কম এলাকা নিয়ন্ত্রণ করছে।
ইয়াঙ্গন ছাড়া মিয়ানমারের প্রতিটি রাজ্য ও অঞ্চলে সামরিক জান্তাকে এখন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, এবং প্রতিটি ফ্রন্টেই তারা ব্যাপক জনবল হারাচ্ছে।
এর মধ্যেই বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে সেসব এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে সেনাবাহিনী।
সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলায় ৫০ জন নিহত হয়।
সেসময় ওই এলাকার নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানায়, কিয়াউকতাও শহরে চালানো ওই বিমান হামলায় অর্ধশত নিহত ছাড়াও অন্তত ৫৮ জন আহত হয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বর থেকে মিয়ানমার ও বাংলাদেশের ২৭০ কিমি সীমান্ত পুরোপুরি আরাকান আর্মির দখলে।
এখন শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, তবে এটি দেশের বাকি অংশ থেকে আলাদা।
সে বছরের শুরু থেকেই মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাতে থাকে।
২০২১ সালে একটি অভ্যুত্থানে অং সান সু চি-র নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশজুড়ে প্রায় প্রতিদিনই সামরিক বিমান হামলা হয়ে আসছে, যার ফলে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়েছে।
গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নেই, এমন এলাকাগুলোতে স্থল অভিযান চালিয়েছে, যার মধ্যে এনইউজি এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রিত অঞ্চলও রয়েছে।
গত ১৯শে নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক মিয়ানমারকে তার রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার এক সপ্তাহ পর এই সর্বশেষ হামলাগুলো চালানো হলো।
আন্তর্জাতিক বিচার আদালতে প্রথমবারের মত কোনো রাষ্ট্রকে জেনোসাইডের জন্য দায়ী করা হয় ওই রায়ে।
এতে হেগের আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) বলেছে, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড চালিয়েছে, এবং রাখাইনের মুসলমানদের মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে "ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার" কাজে লিপ্ত ছিল দেশটি।
২০১৭ সালের এক সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং সেসময় সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।
কিন্তু মিয়ানমার গণহত্যা চালানোর কথা অস্বীকার করে জানায় যে, তাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিয়েছিল।
End of মিয়ানমার নিয়ে আরো পড়তে পারেন
এদিকে, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে, যখন মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে, তখন থেকে দেশটির শাসকগোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক যোগাযোগ খুব কম ছিল।
চলতি বছরেও জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে বলে যাদের বিবেচনা করা হয়েছে, তাদের বিরুদ্ধে একের পর এক সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাও আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
ফলে দেশটির অর্থনীতির অবস্থাও বেশ করুণ।
তবে, সাম্প্রতিক কয়েক মাসে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কিছুটা পরিবর্তন দেখা যায়।
এখন যুক্তরাষ্ট্র কীভাবে যুদ্ধ বা বিচ্ছিন্নতার পথে না গিয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর চীনের নিয়ন্ত্রণ কীভাবে কমাতে পারে এবং কীভাবে শান্তিকে আমেরিকার স্বার্থের সঙ্গে সমন্বয় করতে পারে - সেসব নিয়ে আলোচনা করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রস্তাবের বিনিময়ে জান্তা সরকার নিজেদের বৈধতা আদায়ের পথ খুঁজছে।