নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৭ মিনিট

একটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে দুইটি দলের মধ্যের সংঘাত। এতে ক্ষমতাসীন দলের দুইজন নেতার মৃত্যু। আর সেই ঘটনাকে কেন্দ্র করে দুইদিন পর একটি গ্রামের বেশ কিছু বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাট। ঘটনাটি নড়াইলের কালিয়া উপজেলার।

তবে, এই ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমগুলোতে বিভিন্ন গুজব-অপতথ্য ছড়াতে দেখা গেছে।

অন্যদিকে, এই ঘটনাটি নিয়ে বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষ থেকে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা নিয়েও দেখা দেয় নানা প্রশ্ন।

এসব প্রশ্নের উত্তর খুজতে বিবিসি বাংলা ওই এলাকার সাধারণ বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পুলিশ, স্থানীয় প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেছে।

তাতে অন্তত একটি জিনিস স্পষ্ট হয়েছে যে, ঘটনাটির সুত্রপাত ছিল ১৮ই নভেম্বর বিএনপির একটি মোটর সাইকেল শোভাযাত্রায় হামলা ও সংঘর্ষে বিএনপির স্থানীয় দুইজন নেতা নিহত হওয়ার ঘটনা ঘিরে।

ওই ঘটনাটির দুইদিন পরে শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার অর্ন্তগত বেন্দারচর গ্রামে একযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গ্রামটির বেশ কিছু বাড়িঘর- দোকানপাট পুড়ে ছাই হয়।

পরবর্তীতে সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সাথে যুক্ত হয় আরো কিছু এডিটেড ভিডিও ও এআই নির্মিত ছবি।

এরপর সেই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রচার করা হয় নড়াইলে হিন্দু সম্প্রদায়ের শত শত বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ভূয়া তথ্য দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয় বলেও অভিযোগ ওঠে।

এর পরদিন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, পূর্বে ধারণকৃত ও এআই নির্মিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে।

পুলিশের এই বিবৃতির কারণে, বেন্দারচর গ্রামে সেদিনের ঘটে যাওয়া প্রকৃত ঘটনাও অনেকটা আড়ালে থেকে যায়।

ওই গ্রামটিতে ঘুরে দেখা গেছে, এমন অনেক পরিবার রয়েছে যাদের মাথা গুঁজার ঠাঁই পর্যন্ত নেই। রান্না করে খাওয়ার সুযোগটুকুও নেই।

এ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ কিংবা বিচারের আশ্বাসও পাননি ওই গ্রামের বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত কিভাবে?

শুক্রবারে নড়াইলের কালিয়ায় যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি হয়েছে কালিয়া পৌরসভার অন্তর্ভুক্ত বেন্দারচর গ্রামে।

ওই গ্রামের ভুক্তভোগী পরিবার, পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই একবাক্যে বলেছেন, বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুইজন বিএনপি নেতার হত্যাকাণ্ডকে ঘিরেই ঘটনার সূত্রপাত।

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর- অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে সম্প্রতি।

সেটি প্রতিহত করার ঘোষণা দিয়ে সারাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন একটি কর্মসূচি ছিল নড়াইলের কালিয়ায়।

গত ১৮ই নভেম্বর সন্ধ্যায়। কালিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করেছিলেন।

বেন্দারচর গ্রামের বিএনপি কর্মী মিদুল মোল্লা সে সময় এলাকাতেই ছিলেন। তিনি বিবিসি বাংলাকে জানান, ওই মটরসাইকেল র‍্যালিটি বেন্দারচর গ্রামের বটতলা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে।

এসময় গুরুত্বর আহত গুরুত্বর আহত হন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা।

সেই ঘটনার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছিলেন, সংঘর্ষের এক পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বেশ কিছু মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আহত দুজনকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পথে তাঁদের মৃত্যু হয়।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বিবিসি বাংলাকে বলেন, "সন্ত্রাস বিরোধী মটরসাইকেল র‍্যালি বেন্দারচরের মাঝামাঝি আসলে পিছন থেকে অতর্কিতভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের জিসাসের উপজেলার সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর কৃষক দলের সদস্য সচিবকে কুপিয়ে হত্যা করে"।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলীরও দাবি, বিএনপির মিছিলে হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বেন্দারচরকে কেন টার্গেট করা হলো?

কালিয়া থানা থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই পৌর এলাকায় এই বেন্দারচর গ্রামের অবস্থান। আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ি এই গ্রামেই। এই গ্রামটি অনেক আগে থেকেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত।

গত ১৮ই নভেম্বর বিএনপির মোটর সাইকেল র‍্যালিটি এই বেন্দারচর দিয়ে যাওয়ার সময়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়।

হামলায় বুধবার সন্ধ্যায় দুইজনের প্রাণ যায়। এর দুইদিন পরে কেন বেন্দারচর গ্রামটিকে টার্গেট করা হলো সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে।

গত শনিবার পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০শে নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয় স্বজন উত্তেজিত অন্য লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়'।

যদিও স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, বিএনপির নিহত দুই কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান। তারা চলে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে ওই গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বেন্দারচর গ্রামে একের পর এক ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা বলছিলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠান। তবে, সাধারণ ও রাজনীতির সাথে জড়িত নন, এমন অনেক পরিবারও অভিযোগ করেছেন যে তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে।

কেন বেন্দারচর গ্রামকে টার্গেট করা হলো কিংবা কারাই বা এই হামলা চালালো- এমন প্রশ্ন রেখেছিলাম কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলীর কাছে। জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, "সরকারদলীয় রাজনৈতিক প্রোগ্রামে ডাবল মার্ডার এটা একটা বড় ঘটনা। তারপর এত তাড়াতাড়ি এই পরিস্থিতি স্বাভাবিক করা এটাও বড় ঘটনা"।

কারা বাড়িঘরে আগুন দিল, ভাঙচুর চালালো? এমন প্রশ্নের জবাবে মি. আলী বলেন, "শোনেন একটা এক্সিডেন্ট হলেও বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মারা যাক আর না যাক। আহত হলেও। বিক্ষুদ্ধ জনতা এটা করছে"।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে একের পর এক বিভিন্ন বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

সেখানকার একটি বাড়ির গৃহিনী জেসমিন আক্তার বলছিলেন, "আমার তিনটা গরু, স্বর্ণালঙ্কারসহ ঘরের দামী মালামাল সব লুটপাট করে নিয়ে পরে ঘরে আগুন ধরায়ে দিয়ে গেছে। আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না। আমরা নীরিহ মানুষ কেন আক্রান্ত হলাম?"

দীর্ঘ সময় ধরে কারাই বা আগুন দিল, সেটি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকাও বা কী ছিল সেই প্রশ্ন আমরা রেখেছিলাম কালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। যদিও এ নিয়ে পুলিশের কাছ থেকে নতুন কোনো উত্তর পাওয়া যায় নি।

ওসি মো. ইদ্রিস আলী বিবিসি বাংলাকে বলেছেন, তারা খবর পাওয়ার সাথে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এবং এই হামলায় কোন নীরিহ লোক ক্ষতিগ্রস্ত হয়নি।

ভিডিও-ছবির প্রচার-অপতথ্য ও বিবৃতি

বেন্দারচরে বেশ কিছু বাড়িঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে আগুন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটি নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন নেই।

স্থানীয়রা বলছেন, শুক্রবার বিকেল থেকে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার পুরোটাই হয়েছে এই বেন্দারচর গ্রামে।

কিন্তু প্রশ্ন তৈরি হয় এই আগুনের ছবি ও বেশ কিছু ভিডিওর প্রচারণা নিয়ে। কেননা, ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয় যে সব বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেগুলোর হিন্দু সম্প্রদায়ের বাড়ি।

এ সংক্রান্ত কিছু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ছবিও পোস্ট করতে দেখা যায় অনেককে। সেটি দিয়ে সাম্প্রদায়িক হামলা বলেও প্রচার করতে দেখা যায়।

এই সংক্রান্ত কিছু অসত্য তথ্য আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করতেও দেখা যায়। ভারতীয় কয়েকটি গণমাধ্যমেও এই সংক্রান্ত ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করতে দেখা যায় শুক্রবার রাত থেকে।

বিবিসি বাংলা এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেছে। তাদের সবাই এটি নিশ্চিত করেছেন যে, বেন্দারচর গ্রামে কোন হিন্দু সম্প্রদায়ের বসতি নেই। এবং হিন্দুদের ২০০ থেকে ৩০০ বাড়িতে আগুন নিয়ে যে তথ্যটি ছড়িয়েছে সেটি সত্য নয়।

কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বিবিসি বাংলাকে বলেন, "আমরাও দেখেছি বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিন্তু সেটি সত্য নয়। কারণ আমরা জানি বেন্দারচরে কোন হিন্দু পরিবারই নেই"।

তবে কালিয়ার পূজা উদযাপন পরিষদের নেতারা এটিও জানিয়েছেন, যেদিন হামলায় বিএনপির দুইজন নেতা নিহত হয়েছিলেন সেদিনই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। যদিও সেটি প্রায় চার কিলোমিটার দূরত্বে বড় কালিয়া গ্রামে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য ও এআই ছবি দিয়ে এসব প্রচারণার পর পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

সেই বিবৃতিতে বলা হয়, বেন্দারচর গ্রামে আগুনের ঘটনায় যে সব ভিডিও ছড়িয়েছে তা এআই নির্মিত। এতে দাবি করা হয়, গত ১৮ই নভেম্বর বিএনপির যে দুইজন নেতা নিহত হয়েছিলেন তাদের স্বজন বিক্ষুব্ধ লোকদের সাথে নিয়ে হামলায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে গেছে।

তবে, বিবিসি বাংলা স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছে সেই দিনের যে সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল তার সবগুলোও যেমন এআই নির্মিত নয়। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে সেটিও সত্য নয়।

নড়াইলের এই ঘটনাটি ঘিরে একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও উঠছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে এই প্রশ্নগুলো করেছিলেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেছেন, কালিয়ায় যে সব বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, আটক করা হয়েছে দুইজনকে। যদিও, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কিংবা কাউকে আটকও করা হয়নি।