ভারতের সাথে হেরেই গেলো বাংলাদেশ, সেমিফাইনালের স্বপ্ন শেষ

মুস্তাফিজুর রহমানের ৫ উইকেট বাংলাদেশকে ম্যাচে ফিরতে সাহায্য করেছে।
ছবির ক্যাপশান, মুস্তাফিজুর রহমানের ৫ উইকেট বাংলাদেশকে ম্যাচে ফিরতে সাহায্য করেছে।
Published

বিশ্বকাপ ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ৩১৪ রান করেছে।

জবাবে বাংলাদেশ ৪৮ ওভারে ২৮৬ রান তুলতে সক্ষম হয় সব উইকেট হারিয়ে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩০ ওভার পর্যন্ত যে ঝড়ো গতিতে ভারত রান তুলছে, সে তুলনায় ৩১৪ রানে ভারতকে আটকে রাখতে পারাটা বাংলাদেশের জন্য একটা স্বস্তির ব্যাপার।

তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ফ্যানদের অনেকে বলছেন এত রান ভারত করতে পারতো না যদি শুরুর দিকে তামিম ইকবাল রোহিত শর্মার একটি ক্যাচ ফেলে না দিতেন।

ভারতের তুখোড় ওপেনারের রান যখন মাত্র ৯, সে সময় মোস্তাফিজের বলে রোহিতের একটি শট থেকে সহজ একটি ক্যাচ ফেলে দেন তামিম ইকবাল।

মাত্র ৯ রানে যার প্যাভিলিয়নে ফেরার আশংকা তৈরি হয়েছিল, সেই রোহিত শর্মা ঝড়ো গতিতে তারপর ১০৪ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন।

জীবন ফিরে পেয়ে রোহিত তার স্কোর যত বাড়িয়ে গেছেন, সেই সাথে সোশ্যাল মিডিয়ায় তামিমকে তুলোধোনা করেছেন বহু মানুষ।

'ক্যাচ মিস তো ম্যাচ মিস'

বিবিসি বাংলার ফেসবুক পাতায় ওসমান গণি নামে একজন হতাশা প্রকাশ করেছেন মন্তব্য করেছেন- ''ক্যাচ মিস তো ম্যাচ মিস''।

বুশরা জান্নাত জুঁই নামে আরেকজন লিখেছেন - ''তামিম শুধু রোহিতের ক্যাচই ফেলেনি, বাংলাদেশের সেমিতে যাওয়ার আশাটাও ফেলে দিয়েছে।''

হতাশ হয়ে ফেরদৌস মোস্তফা নামে একজন লিখেছেন- ''খেলা শুরুতেই শেষ। এখন শুধু হারের অপেক্ষা।"

তবে শুধু একটি ক্যাচ মিস নয়, অনেক মানুষ ভারতের ইনিংসের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক বোলিং পারফরমেন্স নিয়ে নাখোশ।

মোশতাক আহমেদ নামে একজন বিবিসি বাংলার ফেসবুক পাতায় মন্তব্য করেছেন , ''তামিম না হয় ক্যাচ ফেলে অপরাধ করেছে। কিন্তু বাকি ৩০টা ওভার বল করে কেন একটি সুযোগও তৈরি করা গেলনা?''

তবে রোহিত শর্মা সেঞ্চুরি করার পরপরই যখন তিনি সৌম্য সরকারের বলে আউট হন, তখন কিছুটা উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশের সমর্থকরা।

আহমেদ জোবায়ের নামে একজন ফেসবুকে লিখেছেন, ''বাংলাদেশের পক্ষে এখন ৩৫০ রানের বেশি তাড়া করে জেতা স্বাভাবিক হয়ে গেছে।"

এরপর মোস্তাফিজ যখন এক ওভারে ভিরাট কোহলি এবং হারদিক পান্ডিয়ার উইকেট নেন, এজবাস্টনের মাঠে এবং সোশাল মিডিয়ায় তখন আবারো বাংলাদেশের ফ্যানদের শোরগোল শুরু হয়ে যায়।

এইচ এম মাহদি হাসান লেখেন - ''টাইগারদের থাবা শুরু হয়ে গেছে।''

রোহিত শর্মা নয় রানে জীবন ফিরে পেয়ে সেঞ্চুরি করেছেন
ছবির ক্যাপশান, রোহিত শর্মা নয় রানে জীবন ফিরে পেয়ে সেঞ্চুরি করেছেন

টার্গেট ৩১৫

এতো বড় টার্গেটকে সামনে রেখে ব্যাটিং শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সাকিব আল হাসান ৬৬ রান করলেও অন্য আর কেউ বড় রান পাননি।

শেষ দিকে মোহাম্মদ সাইফ উদ্দিন ৩৮ বলে ৫১ রান তুললেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় শেষ রক্ষা হয়নি।

দুই ওভার আগেই অলআউট হয়ে ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

৫ই জুলা ই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।