মেয়েটির জন্য ১৪ বছরের ক্রিসমাস উপহার রেখে গেলেন মৃত্যুপথযাত্রী প্রতিবেশী

ক্যাডির জন্য উপহার
ছবির ক্যাপশান, ক্যাডির জন্য ক্রিসমাসের উপহার
Published

যুক্তরাজ্যের একটি পরিবার হতবাক হয়ে গেছে, যখন তারা জানতে পারে যে, কিছুদিন আগে মারা যাওয়া একজন বয়োবৃদ্ধ প্রতিবেশী তাদের ছোট্ট মেয়েটির জন্য বহু বছরের ক্রিসমাস উপহার রেখে গেছেন।

দুই বছরের ক্যাডির জন্য আগামী ১৪ বছরের ক্রিসমাস উপহার রেখে গেছেন তাদের বয়সী প্রতিবেশী কেন।

যুক্তরাজ্যের ভেল অফ গ্লামোরগানের ব্যারি শহরে ওয়েন এবং ক্যারোলিন উইলিয়ামের কাছাকাছি একটি বাসায় গত দুইবছর ধরে বসবাস করতেন মি: কেন, যার বয়স ছিল আশি বছরের বেশি।

তিনি একসময় গভীর সমুদ্রে ডুবুরি হিসাবে কাজ করতেন, তবে অনেক আগে অবসর নিয়েছিলেন।

দুই বছরের ক্যাডি
ছবির ক্যাপশান, দুই বছরের ক্যাডি

উইলিয়ামস দম্পতি জানিয়েছে, তাদের দুই বছরের কন্যা ক্যাডিকে খুব ভালোবাসতেন মি: কেন।

কিছুদিন আগে তিনি মারা যান।

এরপর গত সোমবার সকালে মি: কেনের মেয়ে এসে উইলিয়ামসদের দরজায় নক করেন। তখন তার হাতে ছিল উপহারের একটি বাক্স।

''তার হাতে ছিল বিশাল একটি প্লাস্টিকের ব্যাগ। আমি ভেবেছিলাম তার মধ্যে হয়তো নানা আবর্জনা ভরা আছে, যা হয়তো সে আমাকে ফেলে দিতে বলবে।'' সেই মুহূর্তের বর্ণনা দিচ্ছিলেন মি: উইলিয়ামস।

''কিন্তু সে বললো, এই ব্যাগে ক্যাডির জন্য তার বাবা সমস্ত কিছু রেখে গেছেন।''

ক্যাডির জন্য উপহার
ছবির ক্যাপশান, ক্যাডির জন্য প্রতিবেশী কেনের উপহার

সেখানে সবগুলোই ছিল ক্যাডির জন্য ক্রিসমাসের উপহার। এসব উপহার আগামী ১৪ বছর ধরে তাকে দেয়া যাবে। এসব উপহার দেখে উইলিয়ামস পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন।

''আমি যখন সেগুলোকে ঘরের ভেতর নিয়ে এলাম, আমার স্ত্রী তখন তার মায়ের সঙ্গে ফেসটাইমে কথা বলছিলেন। উপহার দেখে আমার স্ত্রী কাঁদতে শুরু করলেন, আমিও কাঁদতে শুরু করলাম আর আমার শাশুড়িও কাঁদতে লাগলেন।''

''এটা বর্ণনা করা আসলে খুব কঠিন, কারণ এটা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি জানি না, কতদিন ধরে তিনি এগুলো জমিয়েছেন। আমরা জানি না, তিনি কি গত দুই বছর ধরেই কিনেছেন নাকি মৃত্যুর শেষ দিনগুলোয়।''

মি: উইলিয়ামস জানিয়েছেন, তারা একটি উপহারের প্যাকেট খুলে সেখানে বই দেখতে পেয়েছেন। তবে এখনো জানেন না, বাকি উপহারগুলোতে কী রয়েছে।

''আমরা হয়তো ধারণা করতে পারি যে, সেখানে হয়তো কিছু বই রয়েছে, হয়তো তিন চারটি খেলনা রয়েছে।''