লাইভ , ট্রাম্প, পুতিন ও শি'কে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল

চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল। অন্যদিকে বাংলাদেশে ঢাকার কাছে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্ট করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. হাইকোর্টের নির্দেশের পর ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট

    বুয়েট

    হাইকোর্টের নির্দেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষাটি আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।

    এরপর সেই নির্দেশনা মেনে একাডেমিক কাউন্সিলের সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বুয়েটের উপাচার্য একরামুল হক।

  2. সাঈদ খোকনের আইনজীবী ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

    ঢাকার সিএমএম কোর্ট

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    মি. খোকনের পক্ষে আদালতে দাঁড়াবেন জানতে পেরে গত মঙ্গলবার দুপুরের পর তাকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মি. সোহাগকে আদালত এলাকায় ককটেল বিস্ফোরণে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তোলা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

  3. ঢাকার পল্লবীতে বাসে আগুন

    মঙ্গলবার রাতেও একটি বাসে আগুন দেওয়া হয়েছিল
    ছবির ক্যাপশান, মঙ্গলবার রাতেও ওই একই এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছিল

    ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় বাসটিতে আগুন দেওয়া হয়।

    এর আগে, গত মঙ্গলবার রাতেও ওই এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। পরে ওই ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করে পুলিশ।

  4. মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

    সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপি সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কর্মী পাঠানোর খবর সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    বুধবার বিকেলে জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষদিনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

    মালয়েশিয়ায় স্বল্প খরচে ১০ হাজার কর্মী পাঠানো হবে বলেও জানান তিনি।

    “এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে, ২৪ এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা হতাহত হয়েছে এ রকম (পরিবারের) এক হাজার মানুষ আমরা পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি," সংসদে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  5. মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সরিয়ে দিল পুলিশ

    পুলিশের অ্যাকশান

    বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকার মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করে সেখানকার পোশাক কারখানার শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তারা একযোগে রাস্তায় নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

    এর আগে, সকালে কাফরুল ও পল্লবী এলাকায় বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  6. নতুন করে হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য

    মালপত্র গুছিয়ে নিয়ে ভ্যানে চড়ে থানা ছেড়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা
    ছবির ক্যাপশান, মালপত্র গুছিয়ে নিয়ে ভ্যানে চড়ে থানা ছেড়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা

    নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ।

    বুধবার সকাল থেকেই তাদেরকে নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

    তাদের মধ্যে অল্প কয়েকজনকে বুধবার বিকেলে থানায় দেখা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাকিরা পুলিশ লাইনসে গেছেন বলে জানিয়েছেন তারা।

    তবে জেলা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    উল্লেখ্য যে, নেতাকর্মীদের গ্রেফতার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে ওই থানাটি ঘেরাও করে হামলা চালিয়েছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    সেখানে ভাঙচুর করে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন ও স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

  7. ট্রাম্প, পুতিন ও শি'কে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল

    ট্রাম্প, পুতিন ও শী এক ফ্রেমে
    ছবির ক্যাপশান, ট্রাম্প, পুতিন ও শী এক ফ্রেমে

    রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে শেনজেনে আজ রাতের জমকালো নৈশভোজের আগে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে একটি লাল গালিচায় দেখা যাচ্ছে।

    পারিবারিক ছবি তোলার আগে রুশ নেতা ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং প্রেসিডেন্ট শি-এর সামনেই তাঁরা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

    ভিডিওটিতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

    ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে; প্রথমে তাঁরা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন।

    এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল।

    আগামীকাল বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

    এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানালেন চীনের শি জিনপিং।

    এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা বলে সংবাদদাতারা জানাচ্ছেন।

    বৃহস্পতিবার দুই নেতা ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিতব্য এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে 'পুরনো বন্ধু' বলে অভিহিত করেন।

    বিবিসির রাশিয়া সম্পাদক বলছেন, কিছু স্থানীয় সংবাদপত্র ইতিমধ্যেই এই সফরকে পুতিনের জন্য একটি 'কূটনৈতিক বিজয়' বলে আখ্যা দিচ্ছে—শুধুমাত্র সফরটি হচ্ছে বলেই।

    উৎপাদন ও উন্নত প্রযুক্তির এক দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।

    এদিকে, ট্রাম্প ফিলিপাইন থেকে ফিরেছেন, যেখানে তিনি আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

    ছবিতে তাঁকে ভারতের নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

  8. কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম, তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাস্কো আলভারেজ
    ছবির ক্যাপশান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম, তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাস্কো আলভারেজ

    চীনএ পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সেখানে উপস্থিত মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন।

    বুধবার একথা জানিয়েছে হোয়াইট হাউস।

    তারা তিনজনই শেনজেনে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন।

  9. ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব

    বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের দিকে এগিয়ে না এলেই এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি ভারতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

    ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ওঠায় এর প্রভাবে ইতোমধ্যেই কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

    বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলের আরও কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

  10. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপি সংসদীয় দলের সভা, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা

    বাংলাদেশের জাতীয় সংসদ

    বাংলাদেশে জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে সংসদীয় দলের বৈঠক করেছে বিএনপি।

    বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সভা বিএনপি দলীয় সংসদ সদস্যরা অংশ নেন। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্পখানের অস্থিরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

  11. গোপালগঞ্জে 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিএনপি ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, পুলিশ আহত

    গোপালগঞ্জের কাশিয়ানিতে 'জয় বাংলা' স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস হামলা

    গোপালগঞ্জের কাশিয়ানিতে 'জয় বাংলা' স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাঙচুর করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    হামলার সময় তাদের হাতে লাঠি-সোটা, রামদা, ছুরিসহ দেশিয় বিভিন্ন অস্ত্রপাতি দেখা গেছে।

    এসময় পুলিশের একজন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় সাংবাদিকরা।

    এছাড়া কাশিয়ানীর রামদিয়ায় মিছিল নিয়ে গিয়ে গত দুই বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়েরও তালা খুলে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।

  12. এটি কোনো সাধারণ অভ্যর্থনা নয়, শেনজেন থেকে লরা বেকারের প্রতিবেদন

    বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করেন শি জিনপিং
    ছবির ক্যাপশান, বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করেন শি জিনপিং

    বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসেডেন্টকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন সেটি সাধারণ কোনো অভিবাদন নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং একটি কূটনৈতিক বার্তা বহন করে বলেই মনে করা হচ্ছে।

    প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বিমানবন্দরে কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে আসলেন শি জিনপিং। এক্ষেত্রে তিনি ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের অনুকরণ করছেন বলেই মনে করা হচ্ছে।

    চলতি বছরের শুরুতে ওয়াশিংটন বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে নিজেই উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার চীনা নেতাও সেটিই করলেই।

    এছাড়া, শি এ ব্যাপারেও অবগত রয়েছেন যে, ব্যক্তিগত স্বীকৃতি, আনুষ্ঠানিকতা এবং মর্যাদাকে যথেষ্ট গুরুত্ব দেন ট্রাম্প।

    ফলে এই দায়িত্ব অন্য কাউকে না দিয়ে, চীনা প্রেসিডেন্ট নিজেই মার্কিন নেতাকে সম্মান দিয়ে, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন।

    এক্ষেত্রে শি আশা করতে পারেন যে, সদিচ্ছার এই ইঙ্গিতটি দুই দেশের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ও প্রযুক্তি নিয়ে আলোচনার পথ সুগম করবে।

  13. একনেকে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে দু'টি।

    বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক-মহাসড়ক ও সেতু নির্মাণ, নদী ও খাল খনন, নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা, দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পসহ আরও বেশকিছু প্রকল্প রয়েছে বলে জানা যাচ্ছে।

    এসব প্রকল্পে ব্যয় হওয়া অর্থের মধ্যে সরকার নিজেই প্রায় ৩২ হাজার ৮৬৩ কোটি টাকা অর্থায়ন করবে। বাকিটা ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  14. মার্কিন প্রেসিডেন্টকে যেভাবে অভ্যর্থনা জানালো চীন

    শেনজেন এর বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, শেনজেন এর বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করছেন শি জিনপিং
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করছেন শি জিনপিং
    লাল গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়
    ছবির ক্যাপশান, লাল গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়
    মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে নানা আয়োজন
    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে নানা আয়োজন
  15. ঢাকায় আওয়ামী লীগের ৭১ জন নেতাকর্মী আটক, গান পাউডার উদ্ধার

    গান পাউডার উদ্ধার

    ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে ওই গান পাউডার 'মেহেরপুর ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে' থেকে সংগ্রহ করে ঢাকায় আনা হয়েছিল।

    কর্মকর্তারা দাবি করেছেন, ঢাকায় আনার পর মিরপুর এলাকার একটি বাড়িতে অল্পকিছু গান পাউডার জ্বালিয়ে সেটার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

    পরে খবর পেয়ে ওই বাড়ি থেকে গান পাউডারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেন গোয়েন্দারা।

  16. শি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চীনের শেনজেনে ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে' যোগ দিতে কিছুক্ষণ আগে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    এর আগে, পুতিনকে স্বাগত জানান শি, যাকে তিনি 'পুরনো বন্ধু' বলে অভিহিত করেছেন।

    প্রভাবশালী এই তিন দেশের নেতা চীনের আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

    এই নিয়ে আরো পড়তে পারেন:

  17. ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন

    আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট।

    বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    গত বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ।

    বিবিসি বাংলাকে মিজ মাহমুদ বলেন, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিষয়ে খারাপ করেছেন এমন শিক্ষার্থীদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার।

    কিন্তু পুনঃপরীক্ষার ফলাফল পাওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ দেওয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

    “পুনঃপরীক্ষার রেজাল্ট দেওয়া হবে ২৩শে ডিসেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে পাঁচই ডিসেম্বর থেকে। ইউজিসি সভা করে সব বিশ্ববিদ্যালয়কে পহেলা জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর অনুরোধ করেছে। কিন্তু পরীক্ষা যদি আগে নিয়ে নেয় তাহলে কয়েকদিনে ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে,” বলেন মিজ মাহমুদ।

    আদালতের নির্দেশনায় বলা হয়েছে যে, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আবেদন কার্যক্রম এই সময়ে চালিয়ে নিতে পারবে। তবে ৩১শে ডিসেম্বরের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

  18. ম্যানিলা থেকে চীনের উদ্দেশে রওয়ানা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপিনসের ম্যানিলা থেকে চীনের শেনজেন নগরীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এয়ারফোর্স ওয়ান বিমান তাকে বহন করছে।

    বিমানটি দক্ষিণ চীনের শহর শেনজেনের উদ্দেশ্যে যাত্রা করেছে, যেখানে অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ম্যানিলা থেকে শেনজেনে পৌঁছাতে ফ্লাইটটির প্রায় দুই ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

    কিন্তু ট্রাম্প চীনে পৌঁছানোর পর তাকে কে স্বাগত জানাবেন?

    বিবিসি মনিটরিংয়ের সংবাদদাতা ইয়ান ট্যাং বলছেন, মার্কিন প্রেসিডেন্টকে বিমানবন্দরের টারম্যাকে অভ্যর্থনা জানাতে বেইজিং কোন চীনা কর্মকর্তাকে বেছে নেবে, তা থেকে বোঝা যাবে তারা মি. ট্রাম্পের এ সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে।

    মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় দেশটির নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভাইস-প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠিয়েছিল।

    আবার, সেপ্টেম্বরে শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে নিজেই টারম্যাকে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।

    চীন নিশ্চিতভাবেই কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর একজন উচ্চপদস্থ সদস্যকে পাঠিয়ে ট্রাম্পকে স্বাগত জানানোর মাধ্যমে সেই সৌজন্যের প্রতিদান দিতে চাইবে।

    তবে ব্যস্ত সময়সূচির কারণে শি নিজে বিমানবন্দরে যাবেন - এমন সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট শির ডি ফ্যাক্টো চিফ অব স্টাফ কাই চি এজন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারেন।

    কাই আজ সকালে পুতিনকেও স্বাগত জানিয়েছেন। তাই তাকে পাঠানো হলে বেইজিং এ বার্তাই দিতে পারবে যে তারা মার্কিন ও রুশ নেতাদের সফরকে সমান গুরুত্ব দিচ্ছে।

  19. চীনে পৌঁছেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
    ছবির ক্যাপশান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেন এ পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    দুই ঘণ্টারও বেশি সময় পর শি এবং পুতিনের মধ্যে আলোচনা শেষ হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।

    তাস জানিয়েছে, দুই প্রতিনিধিদলের মধ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল "রাশিয়া ও চীনের মধ্যে আরও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা"।

    শি এবং পুতিনের উদ্বোধনী বক্তব্যের প্রতিলিপিতে, উভয় নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন।

    শি উভয় দেশকে "দৃঢ়ভাবে ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপুল সম্ভাবনাকে ক্রমাগত উন্মোচন করতে" আহ্বান জানান।

    অন্যদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং "বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের" ওপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

  20. টুঙ্গিপাড়ার পথে যে দৃশ্য দেখা গেল

    গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন
    ছবির ক্যাপশান, গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন, ছবি বিবিসির আবুল কালাম আজাদ
    টুঙ্গিপাড়ায় পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন
    ছবির ক্যাপশান, টুঙ্গিপাড়ায় পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন
    গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের পথে যান চলাচল বন্ধ রয়েছে
    ছবির ক্যাপশান, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের পথে যান চলাচল বন্ধ রয়েছে