মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি

হরতাল পালনের পর ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দুইদিনের হামলা ও নির্দেশদাতাদের বিচারের দাবি করেছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারের ঘটনা প্রবাহ নিয়ে ছিল বিবিসি বাংলার লাইভ রিপোটিং।

সরাসরি কভারেজ

  1. 'মামলা তো শুরু হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে'

    শনিবারের সহিংসতার ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খান বলেছেন, সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে।

    তিনি বলেন, ''মামলা শুরু হয়েছে। অনেক মামলা দেয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে। আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে মামলা দেবো।''

    তিনি বলেন, ''প্রধান বিচারপতির বাড়িতে যারা যারা ঢুকেছেন, যারা সেখানে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যতগুলো গাড়ি পুড়িয়েছেন, তাদের নামে মামলা হবে। পুলিশকে পিটিয়ে যারা হত্যা করেছেন, যারা পুলিশ হাসপাতালে ঢুকে হামলা করেছেন, তাদের নামে মামলা হবে। সাংবাদিকরা যারা আহত হয়েছে, তাদেরও উচিত মামলা করা।''

    ''২০১৪ সালের মতো তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আমরা অবশ্যই তা থামাবো,'' তিনি বলেন।

    তবে কতগুলো মামলা হয়েছে বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

    আসাদুজ্জামান খান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। (ফাইল ফটো)
    ছবির ক্যাপশান, আসাদুজ্জামান খান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। (ফাইল ফটো)
  2. হরতালে কোন নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে: ডিএমপি কমিশনার

    ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, "হরতাল যেমন একটি গণতান্ত্রিক অধিকার। হরতাল পালন করা যেমন তাদের অধিকার, ঠিক তেমনি পালন না করাও কিন্তু জনগণের একটি অধিকার। হরতালের নামে কেউ যদি মানুষের স্বাধীন চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি বা মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে বাংলাদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"

    চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার রাতে এক জরুরী সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখানে তিনি পুলিশের উপর হামলার জন্য বিএনপিকে অভিযুক্ত করেন।

    গতরাতে জরুরী সংবাদ সম্মেলন করে ডিএমপি
    ছবির ক্যাপশান, গতরাতে জরুরী সংবাদ সম্মেলন করে ডিএমপি
  3. কুমিল্লায় বিএনপির উপর পুলিশের হামলার অভিযোগ

    কুমিল্লা মহানগর ও দক্ষিণ বিএনপি হরতাল পালনে মিছিল বের করলে, পুলিশ সেখানে হামলা করে বলে অভিযোগ করেছে দলটি। নিজেদের ফেসবুক পেজে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় হরতালের সমর্থনে শহরে মিছিল করছিল দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

    তবে ভিডিওটি বিবিসির পক্ষে নিরপক্ষেভাবে যাচাই করা সম্ভব হয়নি।

  4. বিএনপি অফিসে সিআইডির উপস্থিতি

    বেলা বারটার দিকে বিএনপি অফিসে একদল সিআইডি কর্মকর্তার উপস্থিতি দেখা যায়। অফিসের সামনে থেকে নানান নমুনা সংগ্রহ করেন তারা।

    এর আগে গতরাত থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। ক্রাইম সিন লেখা টেপ দিয়ে জায়গাটা ঘিরে দেন তারা।

    ভিডিওর ক্যাপশান, বিএনপি অফিসে সিআইডি
  5. বিএনপির বিবৃতি

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

    দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ । তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে।

    বিএনপির বিবৃতি
    ছবির ক্যাপশান, বিএনপির বিবৃতি
  6. জাতীয় পত্রিকাজুড়ে সংঘর্ষ আর উত্তেজনার খবর

    রোববার জাতীয় পত্রিকাজুড়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের খবর। শনিবারের পাল্টাপাল্টি মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার নানান ছবি ও খবর ছেপেছে সব পত্রিকা।

    এছাড়া পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে আজ যে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি সেটি নিয়েই বেশিরভাগ শিরোনাম।

    এ হরতাল নিয়ে আছে নানা শঙ্কা, আলোচনা। সহিংসতার নিন্দা জানিয়েছে মার্কিন পরররাষ্ট্র দপ্তর। বিশেষ নির্দেশনা জারী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক নজরে আজকের জাতীয় পত্রপত্রিকার খবরগুলো দেখে নিন এখানে।

  7. আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ'

    রাজধানীর বিভিন্ন মোড়ে লাঠি এবং রড নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের শান্তি সমাবেশে অংশগ্রহণ চোখে পড়ে।

    যাত্রাবাড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
    ছবির ক্যাপশান, যাত্রাবাড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
  8. রাস্তায় সতর্ক অবস্থানে পুলিশ

    রাজধানী জুড়ে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্ট মোতায়েন রয়েছে বিজিবিও। বিভিন্ন গণমাধ্যমের খবর রাজধানীর ৫০টি থানার সবকটিতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের নিরাপত্তা, থানার নিরাপত্তা, সেই সঙ্গে থানার যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে বলা হয়েছে।

    ডিএমপি সূত্র বলছে, একা মোবাইল পেট্রলিং এ না যেতে নির্দেশনা দেয়া হয়েছে। একটি মোটরসাইকেল বা একটি গাড়ি নিয়ে পেট্রলিং না করার নির্দেশনা দেয়া হয়েছে। একাধিক গাড়ির সমন্বয়ে পেট্রলিং পরিচালনা করতে বলা হয়েছে।

    রাস্তায় এমন দল বেঁধে টহল দিচ্ছে পুলিশ
    ছবির ক্যাপশান, রাস্তায় এমন দল বেঁধে টহল দিচ্ছে পুলিশ
  9. বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির মিডিয়া সেল থেকে এমনটি জানানো হয়েছে।

    আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসার সামনে পুলিশ
    ছবির ক্যাপশান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসার সামনে পুলিশ
  10. আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুমকি দিয়ে লাভ নেই: শেখ হাসিনা, চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধন করে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

    গতকাল চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধন করে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বিএনপির আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। কাজেই ওই সমস্ত ভয়-ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই।"

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  11. বেলা বাড়ার সাথে গাড়ির সংখ্যাও বাড়ছে রাস্তায়

    দিন যত বাড়ছে সাধারণ মানুষের ভিড়ও তত বাড়ছে ঢাকার রাস্তায়। আস্তে আস্তে রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বাড়ছে। অনেকেই জরুরী প্রয়োজনে বের হয়ে পড়েছেন রাস্তায়।

    ঢাকার মোড়ে মোড়ে পুলিশি নিরাপত্তা যেমন দেখা যাচ্ছে, তেমনি সক্রিয় উপস্থিতি আওয়ামী লীগ কর্মীদেরও। বিভিন্ন রাস্তার মোড়ে লাঠি হাতে শান্তি সমাবেশ করতে দেখা যাচ্ছে তাদের।

  12. নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

    নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

  13. মির্জা ফখরুল ইসলামের বাড়ির সামনের পরিস্থিতি

    কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। সেখান থেকে ফেসবুক লাইভে বিস্তারিত জানাচ্ছেন বিবিসি বাংলার আকবর হোসেন।

  14. মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। বাসার সামনের চিত্র

    বাসার সামনের চিত্র
  15. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসভবন থেকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার সকালে তাকে আটক করে।

    বিএনপির মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের বাসভবন পুলিশ ঘিরে রেখেছে বলে জানিয়েছে বিএনপি।

  16. হরতালের সকালে বাসে আগুন

    বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আনুমানিক সকাল ৯টার দিকে আগুন দেওয়া হয় বলেও জানিয়েছেন তারা।

    এছাড়া মানিকগঞ্জেও একটি বাসে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

    বায়তুল মোকাররমের সামনে বাসে আগুনের চিত্র
    ছবির ক্যাপশান, বায়তুল মোকাররমের সামনে বাসে আগুনের চিত্র
  17. এর আগে গতরাতে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানায় যে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে “ক্রাইম সিন” উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছে পুলিশ। যাতে নেতা-কর্মীরা প্রবেশ করতে না পারে দলীয় কার্যালয়ে।

  18. বিএনপি অফিসের সামনে পুলিশের অবস্থান

    নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে এই মূহুর্তে পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া আর তেমন কারো উপস্থিতি চোখে পড়েনি বিবিসির।

    এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবস্থান নিয়েছে নিরাপত্তা কর্মীরা।

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
    ছবির ক্যাপশান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
    কলাবাগনে পুলিশের প্রস্তুতি
    ছবির ক্যাপশান, কলাবাগানে পুলিশের প্রস্তুতি
  19. গাবতলী বাস টার্মিনালে বাসের টিকিট কাউন্টার খোলা রয়েছে। কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী নেই বলে দূরপাল্লার বাস ছাড়া হচ্ছেনা বলে জানিয়েছেন বাসের টিকিট বিক্রেতারা।

    এ অবস্থায় যে অল্প সংখ্যক যাত্রী ঢাকার বাইরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলী টার্মিনালে এসেছেন,তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

    কাউন্টার খোলা থাকলেও দূরপাল্লার বাস ছাড়ছে না
    ছবির ক্যাপশান, কাউন্টার খোলা থাকলেও দূরপাল্লার বাস ছাড়ছে না
  20. ফাঁকা রাজধানী, সীমিত সংখ্যক যান দেখা যাচ্ছে রাস্তায়

    সকাল থেকেই ঢাকা শহরের রাস্তাগুলো বেশ ফাঁকা দেখা যাচ্ছে। সেখানে সীমিত সংখ্যক যান চলাচল করতে দেখা যাচ্ছে।

    বিবিসি বাংলার সংবাদদাতারা জানাচ্ছেন বিআরটিসি’র বাস সহ অল্প সংখ্যক বাস চলাচল করছে। হাতেগোনা কিছু প্রাইভেট কার চলাচল করছে। তবে প্রতিটি রাস্তাতেই রিক্সা চলাচল করছে।

    গাবতলী এলাকার চিত্র
    ছবির ক্যাপশান, গাবতলী এলাকার চিত্র