গোপালগঞ্জে এমপির হাসপাতালে ভাঙচুর-আগুন, নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত
গোপালগঞ্জে বিএনপির এমপির মালিকানাধীন হাসপাতালে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আর নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেছে।
সরাসরি কভারেজ
রিপোর্ট করেছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সায়েদুল ইসলাম
শি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চীনের শেনজেনে ট্রাম্প
ছবির উৎস, Getty Images
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে' যোগ দিতে কিছুক্ষণ আগে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে, পুতিনকে স্বাগত জানান শি, যাকে তিনি 'পুরনো বন্ধু' বলে অভিহিত করেছেন।
প্রভাবশালী এই তিন দেশের নেতা চীনের আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন
আগামী ৩১শে ডিসেম্বর
পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি
আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চ এই আদেশ দেন।
গত বৃহস্পতিবার পাবলিক
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের
আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ।
বিবিসি বাংলাকে
মিজ মাহমুদ বলেন, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিষয়ে খারাপ করেছেন এমন শিক্ষার্থীদেরকে
পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার।
কিন্তু পুনঃপরীক্ষার ফলাফল পাওয়ার আগেই
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ দেওয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি
হয়েছে।
“পুনঃপরীক্ষার
রেজাল্ট দেওয়া হবে ২৩শে ডিসেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা
দিয়েছে পাঁচই ডিসেম্বর থেকে। ইউজিসি সভা করে সব বিশ্ববিদ্যালয়কে পহেলা জানুয়ারি
থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর অনুরোধ করেছে। কিন্তু পরীক্ষা যদি আগে নিয়ে
নেয় তাহলে কয়েকদিনে ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে,” বলেন
মিজ মাহমুদ।
আদালতের নির্দেশনায়
বলা হয়েছে যে, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের আবেদন কার্যক্রম
এই সময়ে চালিয়ে নিতে পারবে। তবে ৩১শে ডিসেম্বরের আগে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
ম্যানিলা থেকে চীনের উদ্দেশে রওয়ানা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প
ছবির উৎস, Getty Images
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপিনসের ম্যানিলা থেকে চীনের শেনজেন নগরীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এয়ারফোর্স ওয়ান বিমান তাকে বহন করছে।
বিমানটি
দক্ষিণ চীনের শহর শেনজেনের উদ্দেশ্যে যাত্রা করেছে, যেখানে অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
হচ্ছে। ম্যানিলা থেকে শেনজেনে পৌঁছাতে ফ্লাইটটির প্রায় দুই ঘণ্টা সময় লাগবে বলে ধারণা
করা হচ্ছে।
কিন্তু ট্রাম্প
চীনে পৌঁছানোর পর তাকে কে স্বাগত জানাবেন?
বিবিসি মনিটরিংয়ের সংবাদদাতা ইয়ান ট্যাং
বলছেন, মার্কিন প্রেসিডেন্টকে বিমানবন্দরের টারম্যাকে অভ্যর্থনা জানাতে বেইজিং কোন
চীনা কর্মকর্তাকে বেছে নেবে, তা থেকে বোঝা যাবে তারা মি. ট্রাম্পের এ সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে।
মে মাসে
ট্রাম্পের চীন সফরের সময় দেশটির নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভাইস-প্রেসিডেন্ট
হান ঝেংকে পাঠিয়েছিল।
আবার, সেপ্টেম্বরে
শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে নিজেই
টারম্যাকে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
চীন নিশ্চিতভাবেই
কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর একজন উচ্চপদস্থ সদস্যকে পাঠিয়ে ট্রাম্পকে স্বাগত
জানানোর মাধ্যমে সেই সৌজন্যের প্রতিদান দিতে চাইবে।
তবে ব্যস্ত
সময়সূচির কারণে শি নিজে বিমানবন্দরে যাবেন - এমন সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট
শির ডি ফ্যাক্টো চিফ অব স্টাফ কাই চি এজন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারেন।
কাই আজ সকালে
পুতিনকেও স্বাগত জানিয়েছেন। তাই তাকে পাঠানো হলে বেইজিং এ বার্তাই দিতে পারবে যে তারা
মার্কিন ও রুশ নেতাদের সফরকে সমান গুরুত্ব দিচ্ছে।
ছবির ক্যাপশান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
এশিয়া প্যাসিফিক
ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেন এ পৌঁছে
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন।
দুই ঘণ্টারও বেশি
সময় পর শি এবং পুতিনের মধ্যে আলোচনা শেষ হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
তাস জানিয়েছে, দুই প্রতিনিধিদলের মধ্যে আলোচিত বিষয়গুলোর
মধ্যে অন্যতম ছিল "রাশিয়া ও চীনের মধ্যে আরও অর্থনৈতিক সহযোগিতার
সম্ভাবনা"।
শি এবং পুতিনের
উদ্বোধনী বক্তব্যের প্রতিলিপিতে, উভয় নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন।
শি উভয় দেশকে
"দৃঢ়ভাবে ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপুল
সম্ভাবনাকে ক্রমাগত উন্মোচন করতে" আহ্বান জানান।
অন্যদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং "বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের" ওপর জোর
দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
টুঙ্গিপাড়ার পথে যে দৃশ্য দেখা গেল
ছবির উৎস, BBC/ABUL KALAM AZAD
ছবির ক্যাপশান, গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে পড়ে আছে পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন, ছবি বিবিসির আবুল কালাম আজাদ
ছবির উৎস, BBC/ABUL KALAM AZAD
ছবির ক্যাপশান, টুঙ্গিপাড়ায় পুলিশের ক্ষতিগ্রস্ত যানবাহন
ছবির উৎস, BBC/ABUL KALAM AZAD
ছবির ক্যাপশান, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের পথে যান চলাচল বন্ধ রয়েছে
গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা
ছবির ক্যাপশান, সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
বিশেষ করে জেলার টুঙ্গিপাড়ায় এখনও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
গোপালগঞ্জের
বিভিন্ন এলাকা সরেজমিন পর্যবেক্ষণ করে বিবিসি বাংলার প্রতিবেদক আবুল কালাম আজাদ জানান,
চলমান পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়।
তিনি জানান, গোপালগঞ্জ
জেলা শহর থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের
গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
“সড়কটির নিলফাবাজার
এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের
সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে,” জানান তিনি।
আবুল কালাম আজাদ জানান,
মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার
চিহ্ন এখনও ওই এলাকায় রয়েছে।
এছাড়া গোপালগঞ্জ
থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত
চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন বিবিসি বাংলার এই প্রতিবেদক।
অবশ্য, গোপালগঞ্জ
জেলা শহরে বুধবার সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠকে বসেছেন বলেও জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবির ক্যাপশান, সড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা
গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী
লীগের নেতাকর্মীরা।
বুধবার ভোর থেকেই
গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন
জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার টুঙ্গিপাড়া
থানায় হামলা চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়
গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও
অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে।
এদিকে, বিক্ষোভ ঘিরে
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন বৈঠকে বসেছে বলে জানা গেছে।
ছবির ক্যাপশান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়
গাজীপুরে তৈরি পোশাক
শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি
গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।
এসময় পুলিশের একটি
গাড়িতেও আগুন দেয় তারা। মহাসড়ক অবরোধ
করায় ঢাকা-ময়মনসিংহ রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে সাউন্ড গ্রেনেড
ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী
বাহিনী।
গাজীপুর
শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিবিসি বাংলাকে জানান, সকালে ছয়দানা এলাকার একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের
চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
"আন্দোলনরত শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে," বলেও জানান মি. হোসাইন।
ন্যূনতম ৩০ হাজার
টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকরা। বিশৃঙ্খলার
কারণে কদিন ধরেই বন্ধ রয়েছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার অনেক কারখানা।
গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:
নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও আগুন দেয় তারা।
ঢাকায় অন্তত তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় রাজু মোল্লা নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। গত ১৫ই নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এসআরবি। পরে জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েও পাঁচজনের মৃত্যু হয়েছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট ‘কোয়াডে’র নেতাদের সঙ্গে বৈঠক করতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন।
গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।