বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনদিকে যাবে 'সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে': শামা ওবায়েদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে,বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আগামী ২০শে অগাস্ট ভোট।

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

    বাংলাদেশের নির্বাচন কমিশন

    বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    আখতার আহমেদ জানান, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট বলে জানান আখতার আহমেদ।

    তিনি আরো জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

    এর আগে, গত ২৪শে জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পর থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

    প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

  2. ৫ই সেপ্টেম্বর থেকে বিভাগগুলোয় লংমার্চ কর্মসূচি দিয়েছে জামায়াত-এনসিপির জোট

    অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

    জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

    জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কথা জানান।

    অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

    ঘোষণা অনুযায়ী, ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ই সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ই অক্টোবর ঢাকা থেকে খুলনা, ২৪শে অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    রিপোর্টিং করছেন- তানহা তাসনিম, সম্পাদনায়- ফৌজিয়া সুলতানা

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে