হরমুজ প্রণালির সঙ্গে আরো বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। এদিকে, এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকায় আজ আবার রাস্তায় নামে শিক্ষার্থীরা।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • "তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তার রায় কার্যকর করা হবে"- বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে এ কথা বলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে পাঁচটি উদ্যোগ নেওয়া হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
    • ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা বলছে, ইরানি সময় আজ বুধবার দুপুর দেড়টা থেকে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।
    • বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো পথে নামেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।
    • প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • চলতি বছরের বিগত ছয় মাসে বাংলাদেশে গণপিটুনি ও 'মব' সহিংসতায় ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত ও ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।
    • ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের অভিযোগ, হুথি-নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব।
    • মমতা ব্যানার্জীর শিবির ছাড়লেন তার দীর্ঘদিনের সঙ্গী ও ‘আস্থাভাজন’ বলে পরিচিত নেতা মদন মিত্র। বুধবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. বর্তমান সরকার কোনোভাবেই চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: বাংলাদেশের প্রধানমন্ত্রী

    তারেক রহমান
    ছবির ক্যাপশান, বাংলাদেশের সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, “আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল এই সংসদে কোনো কোনো বিষয়ে হয়ত দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমতও পোষণ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উগ্রবাদ ও চরমপন্থাকে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না। আশা করি, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব ইনশাআল্লাহ।”

    আজ বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনীতে প্রধানমন্ত্রী তার সরকারের এই অবস্থানের কথা জানান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস একটি প্রতিবেদনে এই তথ্য জানায়।

    রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।”

    প্রধানমন্ত্রী তার বক্তব্যে সদ্য পাস হওয়া বাজেটকে ‘জীবনবান্ধব ও জনবান্ধব’ হিসেবে অভিহিত করে বলেন, বাজেট পেশের পর বিভিন্ন স্বাধীন ও চুলচেরা বিশ্লেষণকারী সংস্থাও স্বীকার করেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব হয়েছে।

    বর্তমান সরকারের মূল লক্ষ্য - ঋণ-নির্ভর অর্থনীতি থেকে দেশকে একটি বিনিয়োগ-নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা, জানান প্রধানমন্ত্রী।

    এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।“

    তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে দেশের সব রাজনৈতিক দল যে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছিল এবং বিএনপির ঘোষিত যে ‘৩১ দফা’ রূপরেখা রয়েছে, সেটি এখন আর কোনো একক দলের নয়, বরং সেটি দেশের সাধারণ মানুষের ৩১ দফায় পরিণত হয়েছে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

  3. ইরানের চার প্রদেশে দ্বাদশ ও একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

    ২০০৯ সালের ২৫শে জুন তেহরানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ইরানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছবিটি এখানে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে।
    ছবির ক্যাপশান, ২০০৯ সালের ২৫শে জুন তেহরানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ইরানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা; ছবিটি এখানে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে

    ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের সুপ্রিম এক্সামিনেশনস হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশে বিরাজমান 'বিশেষ পরিস্থিতির' কারণে হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পরীক্ষা বাতিল হয়েছে।

    পূর্বনির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী আজ ১৫ই জুলাই দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    ঘোষণা অনুযায়ী, ওই চার প্রদেশে আগামী ১৭ই জুলাই রোববার একাদশ শ্রেণিরও চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও আপাতত বাতিল করা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

    তবে দেশটির অন্যান্য প্রদেশে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হবে এবং ওই চার প্রদেশের বাকি পরীক্ষাগুলোও পূর্বের সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

  4. শেখ হাসিনা এলে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে রায় কার্যকর করা হবে: নাহিদ

    নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

    "তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তার রায় কার্যকর করা হবে"- বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে এ কথা বলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় আজ তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কি না বা কবে আসবেন- এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, "গতকাল সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আর কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকেই গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে।"

    শেখ হাসিনার আত্মসমর্পণ বা দেশে আসা নিয়ে গতকাল মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, "তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভাবেই একটা নোক্তা (কৌশল) বা ফাঁক রেখেছেন। সেটা হলো– আপিল করা যাবে কি না- সেটা আইন ব্যবস্থা নেবে।"

    "আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার রায় যখন হয়েছে, আপিলের সুযোগ ছিল ৩০ দিন। সেই ৩০ দিন শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই। ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই," বলছিলেন নাহিদ ইসলাম।

  5. এইচএসসি পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকার পাঁচটি উদ্যোগ নিয়েছে- জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মাহদী আমিন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে পাঁচটি উদ্যোগ নেওয়া হয়েছে।

    আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশে দুই হাজার ৫৮৩টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মাহদী আমিন সরকারের পাঁচটি পদক্ষেপের কথা লিখেছেন-

    প্রথম পদক্ষেপ হিসেবে, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা চালু রাখার কথা বলা হয়েছে।

    দ্বিতীয় পদক্ষেপ হিসেবে, পরীক্ষা চলাকালে কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা তৈরি হলে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বাড়ানোর মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

    প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে- বলা হয়েছে তৃতীয় পদক্ষেপ হিসেবে।

    চতুর্থ পদক্সেপ হিসেবে বলা হয়েছে, গত ১৩ই জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের প্রশ্নপত্রের ভুল ও অসঙ্গতির কারণে সংশ্লিষ্ট প্রশ্নের বিপরীতে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

    আর পঞ্চম পদক্ষেপ হিসেবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে।

  6. ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর তথ্য জানালো সেন্টকম

    সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ফাইল ছবি
    ছবির ক্যাপশান, ইরানের দক্ষিণে উপকূলীয় এলাকায় পুনরায় নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র (ফাইল ছবি)

    ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা বলছে, ইরানি সময় আজ বুধবার দুপুর দেড়টা থেকে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরও কমে যায়, সে লক্ষ্যেই এই হামলা চালানো হবে।

    গতকাল মঙ্গলবার ইরানের দক্ষিণে উপকূলীয় এলাকায় পুনরায় নৌ অবরোধও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

    ইরান বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে করা ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে।

  7. ছয় মাসে 'মব' সহিংসতায় নিহত ১৩৩ জন: এইচআরএসএস

    চলতি বছরের বিগত ছয় মাসে বাংলাদেশে গণপিটুনি ও 'মব' সহিংসতায় ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত ও ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।

    চুরি, ডাকাতি, ছিনতাই, বাক-বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে এসব ঘটনা ঘটে বলে তারা জানিয়েছে।

    ২০২৫ সালের একই সময়ে ১৪১টি ঘটনায় অন্তত ৬৭ জন নিহত এবং ১১৯ জন আহত হন বলেও জানায় সংস্থাটি।

    বুধবার গণমাধ্যমে সংস্থাটির পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় মাসে রাজনেতিক ও নির্বাচনী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৫৬ জন নিহত হয়েছে। এছাড়া, ৮৩০টি সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ হাজার ২৪৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত ও হামলার শিকার হয়েছেন।

    এছাড়া, এই সময়ে ২০০টি হামলার ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও জানানো হয়েছে।

    এ সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন এবং ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা ও ৪৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে- বলছে এইচআরএসএস।

    সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় নয়জন নিহত, ৩৫ জন আহত হয়েছেন, এর মধ্যে গুলিবিদ্ধ ১৪ জন । এছাড়া, ৩৮ জনকে বিভিন্ন সীমান্ত থেকে আটক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে অন্তত ১৭৩ জনকে পুশ ইন করা হয়েছে। এছাড়া, ৪১৬ জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছে, যা বডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও স্থানীয়রা প্রতিহত করেছে।

    বিচার বহির্ভূত হত্যার (হেফাজতে/নির্যাতনে/গুলি/বন্দুকযুদ্ধে মৃত্যু) বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলিবর্ষণ এবং কথিত ‘বন্দুকযুদ্ধ’র ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

    গত ছয় মাসে এক হাজার ৬২১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত বছরের এই সময়ের তুলনায় এসব নির্যাতনের ঘটনা প্রায় ৫৬ শতাংশ বেড়েছে।

    বাংলাদেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন তেরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  8. চার বছরের যুদ্ধবিরতির পর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত ইয়েমেনের সানায় এক বিক্ষোভে একটি পুলিশ গাড়িতে বসানো হুথি যোদ্ধার মেশিনগানের পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ছবি সংবলিত একটি বিলবোর্ড দেখা যাচ্ছে।
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত ইয়েমেনের সানায় এক বিক্ষোভে একটি পুলিশ গাড়িতে বসানো হুথি যোদ্ধার মেশিনগানের পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ছবি সংবলিত একটি বিলবোর্ড দেখা যাচ্ছে।

    ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

    তাদের অভিযোগ, হুথি-নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব।

    এই হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেল।

    এতে করে আশঙ্কা তৈরি হয়েছে যে তেহরান তার মিত্র হুথিদের ব্যবহার করে বাব আল-মান্দাব প্রণালি অবরোধের চেষ্টা করতে পারে।

    বাব আল-মান্দাব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। লোহিত সাগরে প্রবেশের প্রধান রুট এটি।

    এই প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে। সেক্ষেত্রে হরমুজ প্রণালির পর এটি হবে বিশ্বের দ্বিতীয় বড় সংকটময় নৌপথ।

    এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র তাদের “আগ্রাসী কর্মকাণ্ড” বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। সঙ্গে তারা এ অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

  9. ওমান উপকূলে নিখোঁজ ভারতীয় নাবিকের মৃত্যু

    হরমুজ প্রণালি

    ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জেএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনার পর যে ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন, তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট।

    নিহত ওই নাবিকের শ্বশুরও আজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ৩০ বছর বয়সী হারাম্বে কারমারকার সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনারে একজন প্রকৌশলী ছিলেন। গত রোববার ওমান উপকূলে থাকাবস্থায় ওই জাহাজটিতে হামলা হয়।

    সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছিল, জাহাজটিতে থাকা ২৪ জনের মধ্যে ১১ জনই ভারতীয় এবং একটি অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের শিকার হয় জাহাজটি।

    ইরান বলেছে, সতর্ক করার পরও জাহাজটি অনুমোদনহীন একটি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। সেজন্য তারা সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    এদিকে সোমবারও ইরানের হামলায় ভারতীয় একজন নাবিকের মৃত্যু হয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'আল বাহিয়াহ' ও 'মোমবাসা' নামের দুটি ট্যাংকার, যেগুলোতে মোট ৪৬ জন ক্রু সদস্য ছিলেন, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়।

    এর মধ্যে আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং আরেকজন আহত হন।

    আর মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে নয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার বিরুদ্ধে “কঠোর প্রতিবাদ” জানাতে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করে।

  10. মমতা ব্যানার্জীর শিবির ছাড়লেন মদন মিত্র

    ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র (ডানদিক থেকে দ্বিতীয়, চোখে কালো চশমা পরিহিত)
    ছবির ক্যাপশান, ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র (ডানদিক থেকে দ্বিতীয়, চোখে কালো চশমা পরিহিত)

    মমতা ব্যানার্জীর শিবির ছাড়লেন তার দীর্ঘদিনের সঙ্গী ও ‘আস্থাভাজন’ বলে পরিচিত নেতা মদন মিত্র। বুধবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।

    কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে আসা এই বিধায়ক জানিয়েছেন, তিনি মিজ ব্যানার্জীর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের মধ্যে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য ইতোমধ্যে শিবির বদলিয়েছেন।

    বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেছেন, “তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এই ঘর থেকে ওই ঘরে গেলাম।”

    পাশাপাশি দলের বর্তমান অবস্থার জন্য অভিষেক ব্যানার্জীকে দায়ী করেছেন তিনি। তার কথায়, “একজনের জন্য দলের এই অবস্থা। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে। দলের নৌকাডুবি হয়েছে।”

    তিনি যে ঋতব্রত ব্যানার্জীর শিবিরে যোগ দিতে চলেছেন সে নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছিল।

    মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মি. মিত্রর স্ত্রী এবং দুই ছেলেকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ওইদিন রাতেই মি. মিত্র এন্টালির বিধায়ক তথা ঋতব্রত ব্যানার্জীর শিবিরের অন্যতম নেতা সন্দীপন সাহার বাড়িতে দেখা করতে যান বলে খবর। তারপর থেকেই এই জল্পনাত সূত্রপাত।

    পরে নাম না করে মমতা ব্যানার্জী ফেসবুক লাইভে বলেন, “যাদের লাগেজ-ব্যাগেজ আছে তারাই বিজেপির কোলে দোল খাচ্ছে।”

    জাতীয় কংগ্রেসের হাত ধরে অল্প বয়সে রাজনীতিতে এসেছিলেন মদন মিত্র। তারপর মমতা ব্যানার্জী যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন তখন তার সঙ্গে নবগঠিত এই দলে যোগ দেন তিনি। তারপর দীর্ঘ সময় ধরে মিজ ব্যানার্জীর ছায়াসঙ্গী হিসাবেই থেকেছেন। মাঝে ‘দূরত্ব’ তৈরি হলেও পরে তা মিটে যায়।

    ঘটনাচক্রে, মদন মিত্র মমতা ব্যানার্জীর পাড়া ভবানীপুরেই থাকেন।

  11. শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত একটি আলোচনা সভায় তিনি একথা বলেন।

    বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, “গতকাল পার্লামেন্টেও আমি স্পষ্টভাবে বলেছি— শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই"।

    "এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।”

    তিনি বলেন, বিদেশে পলাতক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং এরই প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

    আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা কোনো প্রশাসনিক আদেশে বা এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আমরা চাই সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের দোসর এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক।"

    তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) অ্যাক্ট এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তাছাড়া, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে।

    তিনি আরও বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে হিটলারের নাৎসি বাহিনী ও গেস্টাপোকে নিষিদ্ধ ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশেও রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আসমান থেকে গুলি করে শিশু ও গৃহিণী হত্যার মতো যে নজিরবিহীন গণহত্যা চালানো হয়েছে, তার দায় আওয়ামী লীগ এড়াতে পারে না।"

  12. হরমুজ প্রণালির সঙ্গে আরো বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

    হরমুজ প্রণালি
    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি

    যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর পর ওই অঞ্চলের আরো বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র তাদের “আগ্রাসী কর্মকাণ্ড” বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তারা এ অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের অবরোধ নতুন করে কার্যকর হওয়ার প্রতিক্রিয়ায় আইআরজিসি দেশটিকে সতর্ক করে বলেছে, তাদের “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থে ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি প্রত্যাশা করা উচিত”।

    তবে কোন কোন পথ এর আওতায় পড়তে পারে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

    এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দেশটির সেনাবাহিনী জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পৃথক হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, তারা ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

    এই সতর্কবার্তা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, বুধবার সকালে তারা ইরানের বিরুদ্ধে ড্রোন, বিমান ও নৌবাহিনীর সমন্বয়ে হামলা চালিয়েছে।

    সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

    নতুন করে শুরু হওয়া হামলাগুলোর কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ায় জ্বালানি তেলের দামও বাড়ছে।

    সেন্টকম এক বিবৃতিতে বলেছে, বুধবার সকালের হামলাগুলো “হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে আরও দুর্বল করেছে”।

    এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন, ইরান আলোচনায় ফিরে না এলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

  13. যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
    ছবির ক্যাপশান, সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়ার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, "যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।"

    পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ছয় ও সাত নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

  14. শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

    উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন
    ছবির ক্যাপশান, উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন

    বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো পথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।

    আজ বুধবার পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান অবরোধ করে। এতে অন্যান্য শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

    ঢাকার সায়েন্সল্যাব মোড় থেকে শুরু করে উত্তরার বিএনএস সেন্টারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়।

    শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    এ সময় তাদেরকে "মিলন – ভুয়া...মিলন – ভুয়া" কিংবা "দফা এক, দাবি এক – শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "তুমি কে, আমি কে – ফার্মের মুরগি", "আপস না সংগ্রাম – সংগ্রাম, সংগ্রাম" ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

    স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বুধবারের পরীক্ষা বন্ধ না করার জন্য তারা আজ আন্দোলনে নেমেছেন। কারণ গতকাল যারা রাত অবধি আন্দোলন করেছিরেন, তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি।

    ঢাকার বাইরে জয়পুরহাট, বরিশালেও একই দাবিতে রাস্তায় নেমেছে অনেক শিক্ষার্থী।

    চলমান পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  15. তিন নদীর পানি বিপদসীমার ওপরে

    বর্তমানে বাংলাদেশের তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুই জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    আজ বুধবার বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

    এতে বলা হয়, তিস্তা নদীর তারাপুর (গাইবান্ধা) স্টেশন, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশন এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং জেলা দু'টোর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

  16. আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।

    যুক্তরাষ্ট্রও ইরানের মধ্যে টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। এর মাঝেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    এর আগে ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের হুমকি থেকে সরে এসেছেন। পাশাপাশি, তিনি ইরানের বন্দরগুলো অবরোধের পদক্ষেপ আবার শুরু করেন।

    ট্রাম্প বলেন, "আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হবে।”

    “আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। তারা আলোচনার টেবিলে না এলে তাদের সব সেতুও ধ্বংস করে দেব,” যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

    তবে এর আগে, গত এপ্রিলেও ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছিলেন। তার মাঝে সেতুও বিদ্যুৎকেন্দ্রও ছিল।

    সে সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছিলেন, "আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ।"

    যুদ্ধে মানবিক আচরণ সংক্রান্ত ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থানসমূহে আক্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল একটি পোস্টে জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ধার্যকৃত ২০ শতাংশ ক্ষতিপূরণ শুল্কের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করবে।
    • দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
    • এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের 'ব্যক্তিগত' মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি ঠিক কোন মন্তব্যের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
    • অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
    • বৃষ্টির কারণে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
    • বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
    • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।