বাংলাদেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার বদলে শুল্ক আদায়ের যে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ধার্যকৃত ২০% ক্ষতিপূরণ শুল্কের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করবে।
    • দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
    • এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের 'ব্যক্তিগত' মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি ঠিক কোন মন্তব্যের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
    • অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাংলাদেশেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
    • বৃষ্টির কারণে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
    • বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
    • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. বাণিজ্য চুক্তির বিনিময়ে হরমুজের ২০% শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন যে, তিনি "যুক্তরাষ্ট্রের জন্য ধার্যকৃত ২০% ক্ষতিপূরণ শুল্কের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করবে।"

    এর আগের দিনই তিনি ঘোষণা দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি উম্মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র। তবে সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ২০ শতাংশ শুল্ক দিতে হবে।

    একদিনের মাথায় তিনি সেই ঘোষণা থেকে সরে এলেন।

    মঙ্গলবার তিনি ট্রুথ স্যোশালে লেখেন, "এই বিনিয়োগগুলো হবে বিশাল, তবে একই সাথে তা তাদের নিজেদের এবং তাদের ভবিষ্যতের জন্যও অসাধারণভাবে কল্যাণকর হবে।"

    ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন যে, হরমুজ প্রণালি "ইরান বাদে অন্য সব জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত-আর এর কারণ হলো তাদের মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপরায়ণ নেতৃত্ব, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।"

    তিনি আরও যোগ করেন যে, একটি "পূর্ণাঙ্গ অবরোধ" কার্যকর করা হবে, তবে তা কেবল "ইরানি বন্দরে আসা-যাওয়া করা অথবা ইরানি পণ্য বহনের সাথে যুক্ত" জাহাজগুলোর ওপরই প্রযোজ্য হবে।

  3. বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে প্রায় ১১ হাজার মানুষ

    পায়ে হেঁটে বা ভ্যানে চড়ে জলাবদ্ধ সড়ক পার হচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়ার স্থানীয়রা
    ছবির ক্যাপশান, পায়ে হেঁটে বা ভ্যানে চড়ে জলাবদ্ধ সড়ক পার হচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়ার স্থানীয়রা

    অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

    এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন মোট ১০ হাজার ৮৫৪ জন।

    মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চট্টগ্রাম বিভাগে।

    চট্টগ্রামের রাঙ্গামাটিতে তিন জন, বান্দরবানে ছয় জন, কক্সবাজারে ৩১ জন, চট্টগ্রাম জেলায় ১৫ জন নিহত হয়েছেন। কক্সবাজারে নিহতদের মাঝে স্থানীয় ১৮ জন ও রোহিঙ্গা ১৩ জন।

  4. ইরান হামলা চালালে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে: নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তার জবাব আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, "ইরানের নেতাদের আমি বলতে চাই: আপনারা যদি আমাদের ওপর হামলা চালান, তাহলে পরিস্থিতি শান্ত থাকবে এমনটা ভাববেন না।"

    তিনি বলেন, ইরানের আগের হামলার জবাবে ইসরায়েল যে পাল্টা হামলা চালিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না। বরং তার চেয়েও বেশি শক্তিশালী জবাব দেওয়া হবে।

    তিনি আরও বলেন, "আমাদের ওপর কেউ হামলা করবে আর আমরা তার দ্বিগুণ জবাব দেব না, সেই দিন শেষ।"

    তিনি বলেন, "আমরা ইরানের তথাকথিত 'অ্যাক্সিস অব এভিল'-এর বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছি, যারা আমাদের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধেও আমরা তেমন ব্যবস্থা নিতে থাকব। এটাই আমাদের নীতি।"

  5. 'ব্যক্তিগত' মন্তব্য নিয়ে সংসদে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর

    সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
    ছবির ক্যাপশান, সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের 'ব্যক্তিগত' মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি ঠিক কোন মন্তব্যের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

    আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যাপারে আমি বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখপ্রকাশ করছি।"

    মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়।

    আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে মন্তব্য করেছেন।

    এদিকে, দুঃখপ্রকাশ করার আগে শিক্ষামন্ত্রী বলেন, "গতকালকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে না পারার অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও শিক্ষার্থীদের এই পরীক্ষা নিয়ে দাবি এসেছে।"

    শিক্ষামন্ত্রী জানান, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেসব পরীক্ষা পুনরায় নিতেই হবে।

    তবে তিনি পুনঃপরীক্ষা কাদের জন্য এবং কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

    তিনি বলেন, "আমরা ভেবে দেখেছি যে আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন ট্টগ্রাম বোর্ডের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আমরা নিতে যাবো, সেই সময় আমরা এই পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো।"

  6. উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে ইউরোপীয় এয়ারলাইনসকে সতর্কতা

    বিমান

    বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।

    সংস্থাটি বলেছে, এ অঞ্চলে সামরিক পরিস্থিতি অনিশ্চিত। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা থাকায় অঞ্চলটি দিয়ে বিমান চলাচল উচ্চ ঝুঁকির মুখে পড়েছে।

    ইএএসএ জানিয়েছে, এই সতর্কতা আগামী ২৯শে জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

    একইসঙ্গে তারা আরও বলেছে যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

  7. সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের পাশে বিক্ষোভকারীরা

    সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের পাশে বিক্ষোভকারীরা

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে এবার সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের দিকে গিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    মানিক মিয়া এভিনিউতে তাদের অবস্থান নিতে দেখা যায়। সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা শতাধিক হতে পারে বলে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন।

    শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

    এর আগে আজ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন, এরপর তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে যান এবং সেখান থেকে ফিরে আবারও সায়েন্সল্যাবে অবস্থান নেন।

    এতে করে সায়েন্সল্যাব মোড়ের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

    সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের পাশে বিক্ষোভকারীরা
  8. আবার সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান, চারপাশে যানজট

    সাইন্সল্যাবে পোস্টার হাতে দাঁড়িয়ে আছে এক শিক্ষার্থী, তাতে লেখা "তুমি কে, আমি কে, ফার্মের মুরগী?"
    ছবির ক্যাপশান, সায়েন্সল্যাবে পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন একজন বিক্ষোভকারী, তাতে লেখা "তুমি কে, আমি কে, ফার্মের মুরগী?"

    বাংলাদেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও সায়েন্সল্যাবে জড়ো হয়েছেন একদল বিক্ষোভকারী।

    ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘুরে এসে বিকাল পৌনে চারটার দিকে ফের এখানে অবস্থান নেন তারা।

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, যারা শিক্ষাবোর্ডে গিয়েছিলেন, তাদেরই একটি দল আবার সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। সংখ্যায় তারা প্রায় দেড়শো জনের মতো।

    আন্দোলনরতদের মাঝে এইচএসসি পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীরাও রয়েছেন।

    এদিকে, বিক্ষোভকারীরা ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করায় সড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিস ছুটির সময়টায় ভোগান্তিতে পড়ে মানুষ।

    সাইন্সল্যাবে গোল হয়ে বসে আছেন শিক্ষার্থীরা।
    ছবির ক্যাপশান, সাইন্সল্যাবে গোল হয়ে বসে আছেন শিক্ষার্থীরা।
    সাইন্সল্যাবে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    ছবির ক্যাপশান, সাইন্সল্যাবে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    আজ সকাল থেকে সাইন্সল্যাবে দফায় দফায় অবস্থান নিয়েছে একদল শিক্ষার্থী।
    ছবির ক্যাপশান, আজ সকাল থেকে সাইন্সল্যাবে দফায় দফায় অবস্থান নিয়েছে একদল শিক্ষার্থী।
  9. বৃষ্টির পূর্বাভাসে ভরসা করেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

    বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    ছবির ক্যাপশান, বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    বৃষ্টির কারণে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

    মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

    রুমিন ফারহানা বলেন, ''টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা এক-দুই দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করলেও তা করা হয়নি। তিনি প্রশ্ন করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান পরীক্ষা কয়েক দিনের জন্য পিছিয়ে দিতে কী সমস্যা ছিল।''

    জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় দুই হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    "চট্টগ্রামে যখন বন্যা হলো, তখন একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবান, পরে খাগড়াছড়ি, এরপরে পুরো বোর্ডের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করছিলাম যে বৃষ্টি হচ্ছিলো। আমরা মনিটরিং করছিলাম। মনিটরিং-এর সময় আমরা ৬৪টি জেলার এসপি, আটটি বিভাগীয় কমিশনার, প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউএনও – সকলের সাথে কথা বলেছি। আমরা ওয়েদার ম্যানদের (আবহাওয়া কর্মকর্তা) সাথেও কথা বলেছি। তারা বললো যে বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত বসে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম। সকলেই বললো, ওয়েদার ভালো হবে। সেজন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে।"

    তবে কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।

    মন্ত্রী বলেন, মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীদের নৌকায় করে একটি পাঁচতলা ভবনে নেওয়া হয় এবং সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    তিনি আরও বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও এমন পরিস্থিতির কথা জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওরা জানাননি।

    "শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। আমরা নির্দেশ দিয়েছে, পরীক্ষা দেরিতে শুরু করার জন্য এবং যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিলো, তার বাড়ি থেকে কাপড় আনা হয়েছে এবং এক ঘণ্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে," যোগ করেন তিনি।

    এসময় তিনি আরও জানান, বাংলাদেশে পরীক্ষা পরিচালনার বিদ্যমান ব্যবস্থায় স্থানীয় প্রশাসন – ডিসি, ইউএনও, পুলিশ – দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে যে কোনো স্থানে পরীক্ষা হবে কি হবে না, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তও নিতে পারেন তারা।

    "আমরা বারবার তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে স্যার, আমরা ঠিকমতোই নিচ্ছি।"

    এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের ছয় ও সাত নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। এই প্রশ্ন তারা করেনি।

    মন্ত্রীর ভাষায়, "কোয়েশ্চেন মডারেট করার প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোয়েশ্চেন তৈরি করতে পারিনি। বিগত সরকারের মডারেটর এই প্রশ্ন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেছি, ফিজিক্সের ছয় ও সাত নাম্বার প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পুরো নাম্বার) দিয়ে দিবো।"

    শেষে তিনি বলেন, "কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে।"

    সংসদ সদস্য রুমিন ফারহানা
    ছবির ক্যাপশান, সংসদ সদস্য রুমিন ফারহানা
  10. যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহতের খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন।

    ফারস সংবাদ সংস্থার মতে, হামলাটি দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে সংঘটিত হয়েছে।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এই হামলায় একজন পরিবেশবিদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

    এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল ইরান।

  11. হরমুজ প্রণালিতে ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।

    মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, 'আল বাহিয়াহ' ও 'মোমবাসা' নামের দুটি ট্যাংকার, যেগুলোতে মোট ৪৬ জন ক্রু সদস্য ছিলেন, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে নয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলার বিরুদ্ধে “কঠোর প্রতিবাদ” জানাতে তারা ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়, “আমরা নাবিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলা এবং হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।”

  12. শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

    ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

    মঙ্গলবার ঢাকার কয়েকটি এলাকায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তারা আরো দুটি দাবি তুলেছে। সোমবার যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাদের পরীক্ষা নেওয়া এবং বন্যা বা জলাবদ্ধতা পুরোপুরি না কাটা পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছে।

    ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ হচ্ছে বলেও স্থানীয় গণমাধ্যমে খবর আসছে।

    মঙ্গলবার সকালে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    এরপর সেখান থেকে বিক্ষোভকারীরা ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে রওনা দেয়।

    এদিকে, বেলা সাড়ে বারোটার দিকে উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে সেখানকার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ সময় বিমান বন্দরের দিকে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।

  13. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের বিরোধিতা করে সংসদ থেকে বিরোধী দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াক আউট করেছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান রাজি হোক অথবা না হোক, এটি খোলাই থাকবে। আমরা 'ইরানীয় অবরোধ' পুনর্বহাল করছি। ওদিকে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
    • যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হবে। মাহমুদ নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করে এই গোষ্ঠীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করবেন। সংগঠনটির যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
    • গাইবান্ধায় উঁচু একটি রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরনীদাসকে অর্থপাচার মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
    • বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারী, ভারী কিংবা অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ বলেছে, দেশের ছয়টি বিভাগের কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বর্ষণ হতে
    • সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠীর একজন মুখপাত্র এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন। তারা এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।