মার্কিন কংগ্রেসের ভবিষ্যৎ নির্ধারণী মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যে ভোটের ফলাফলের ওপর বাকি মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি কেমন হবে, তা নির্ভর করছে। অন্যদিকে ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে, কয়েকটি স্থানে সড়কে যানচলাচল বন্ধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর

    বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলার গত গত অগাস্টে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তের অদূরে তেলের একটি আস্তরণ দেখা দেয়
    ছবির ক্যাপশান, বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলার গত গত অগাস্টে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তের অদূরে তেলের একটি আস্তরণ দেখা দেয়

    ইরানের কেশম দ্বীপের একটি অংশে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশের এক ঘণ্টা পর, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায় যে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমিত আকারের হামলায় কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।

    দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, “মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন যে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করেছে”।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন গোপনে ইরানের বিরুদ্ধে যে ধারাবাহিক সীমিত হামলা চালিয়েছে, এটি তারই সর্বশেষ ঘটনা। একই সময়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও বলেছেন।

    ফক্স নিউজ জানিয়েছে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইরান একটি মার্কিন বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করে।

    একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেন, এই হামলা ছিল “প্রতিরক্ষামূলক”। তিনি আরও বলেন, এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পুনরায় শুরু হওয়া বা উত্তেজনা বৃদ্ধির সূচনা হিসেবে দেখা উচিত নয়।

    যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, একজন মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন যে সোমবার রাতে “বিপ্লবী গার্ড বাহিনী কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালিতে থাকা একটি মার্কিন বিমানের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন যুদ্ধবিমানটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে।”

    একই সময়ে, বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা ইরানের এই দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

    সাধারণত এক্স প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে হামলা শুরু ও শেষ হওয়ার ঘোষণা দিয়ে থাকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর সেন্টকম। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তারা এসব খবরের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

  2. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।
    • শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
    • গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে”।
    • ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক”।
    • বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসব মামলা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।
    • চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।