আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

টুঙ্গিপাড়া থানা ও বিএনপির এমপি জিলানীর বাড়িতে হামলার পর আগুন

নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর স্থানীয় এমপির বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।

সার সংক্ষেপ

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী ও তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সাইয়েদা আক্তার ও সায়েদুল ইসলাম।

  1. শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে, স্বপ্না খাতুনকে খালাস

    ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।

    এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

    তবে, স্বপ্না খাতুনকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কী-না সেটি পরিবারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান।

    রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। স্বপ্না খাতুনের মূল অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে খালাস করে দেওয়া হয়েছে।

    রায়ের পরে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, "যেহেতু এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। হাইকোর্ট বিভাগ সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছেন এবং তাকে খালাস দিয়েছেন।"

    তিনি জানান, "সোহেল রানা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনা স্বীকার করেছেন। একইসঙ্গে, এ ঘটনার সাক্ষী, মামলার বাদী, ভিকটিমের বাবা এবং প্রতিবেশীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ ঘটনায় সোহেল রানা দায়ী বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন।"

    "স্বপ্না খাতুন স্বামীকে বাঁচানোর জন্য তিন তলার গ্রিল কেটে বের হতে সহযোগিতা করেছেন, কিন্তু মূল যে অভিযোগ ধর্ষণ এবং হত্যা তার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন," বলেন মি. কাজল।

    এর আগে, গত সাতই জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ওই দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

    এ বছরের ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

    ওই ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকার আদালতে দুই আসামির মৃত্যুদণ্ডের রায় হয়।

  2. গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে এ উত্তর দেন তিনি।

    মি. রহমান জানান, গোপালগঞ্জে যে নৃশংসতা ও সহিংসতা হয়েছে সেটি সরকার সহ্য করার কোন কারণ নেই।

    "আওয়ামী লীগের নামে তো আসলে স্বাভাবিক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও এই মুহূর্তে বেআইনি। একটা সমাবেশ করলে সভা করলে সেটাও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা। এই ঘটনা সরকার টলারেট করার কোন কারণ নেই," বলেন মি. রহমান।

    তবে এই সরকারের আমলে পুলিশ 'প্রপোরশনেট' হারে বলপ্রয়োগ করবে বলে উল্লেখ করেন তিনি।

    তবে, গোপালগঞ্জে নাশকতায় জড়িতদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলে বলেও জানান মি. রহমান।

    "অবশ্যই আমি নিশ্চিত করছি যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথ বাহিনী আছেন, তারা অবশ্যই গ্রেফতার হবেন। তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।"

  3. পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া চলছে

    ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করছে।

    এর আগে, সাতই জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ওই দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

    এ বছরের ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

    ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকার আদালতে দুই আসামির মৃত্যুদণ্ডের রায় হয়।

  4. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গ্রেফতার

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‍্যাব)।

    মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকার বারিধারা থেকে মি. খোকনকে গ্রেফতার করে এসআরবি-১।

    এসআরবির মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে মি. খোকনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

    মি. চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।

    মি. খোকানের বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে।

    উল্লেখ্য, মি. খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। মি. খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন।

    ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি।

    অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে তিনি।

    ২০২৪ সালের ডিসেম্বরে সাঈদ খোকন, তার মা শাহানা হানিফসহ পরিবারের কয়েকজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।

  5. সোমবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি।
    • অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডায় ‘মাইগ্র্যান্ট ডিপোর্টেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। দেশগুলো হলো: জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
    • ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন। অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন তিনি।
    • গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবং তিনি কারাগার থেকে বিচার প্রক্রিয়ায় অংশ নিবেন।
    • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন মারধরকারীরা।
    • বাংলাদেশে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশের ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছে আদালত।
    • বাংলাদেশ সরকার দেশে আরও দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
    • পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ২১শে জানুয়ারি থেকে প্রথম দফার নির্বাচন হবে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।