যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের জন্য 'গর্বিত' ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের সম্পর্কের জন্য তিনি 'গর্বিত' এবং 'এক সাথে কাজ' চালিয়ে যাবেন। শি জিনপিং বলেছেন, দুই দেশেরই উচিত তাদের সম্পর্ক জোরদার করা।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. হোয়াইট হাউজে ট্রাম্পের গণমাধ্যম নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল করলেন বিচারক

    ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে।

    ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে। আদালত রায় দিয়েছে যে এই পদক্ষেপটি “সম্ভবত তাদের সাংবিধানিক যথাযথ প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে”, এবং সেই ভিত্তিতে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর প্রবেশাধিকার ১৪ দিনের জন্য পুনর্বহাল করতে হবে।

    তিনটি সংবাদমাধ্যম আইনি চ্যালেঞ্জ জানায়, যখন তাদের সাংবাদিকদের হোয়াইট হাউজের পাস বাজেয়াপ্ত করা হয় এবং তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।

    ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরে। তারা অভিযোগ করে যে সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রকাশ করেছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তবে আদালত ওই যুক্তি প্রত্যাখ্যান করে।

    এ রায় নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্টের পক্ষে কাজ করা আইনজীবীরা এ বিষয়ে আরও আইনি পদক্ষেপ নিতে পারেন।

    বিচারক টিমোথি কেলি রায়ে বলেন, সিএনএন, পলিটিকো এবং এমএস নাউ সম্ভবত প্রমাণ করতে সক্ষম হবে যে নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে হোয়াইট হাউজ “পর্যাপ্ত যথাযথ প্রক্রিয়া” অনুসরণ করেনি।

    তিনি ট্রাম্প প্রশাসনের সেই যুক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন যে নিষেধাজ্ঞাগুলো জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে আরোপ করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট তার প্রাথমিক ঘোষণায় এ বিষয়ে কোনো উল্লেখই করেননি।

  2. রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার থাকবে না: ডিএসসিসি প্রশাসক

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
    ছবির ক্যাপশান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম

    বাংলাদেশের রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

    বৃহস্পতিবার দুপুরে পল্টন জিরো পয়েন্টে তিনি এই কথা বলেন।

    মি. সালাম বলেন, “ফুটপাতের বাঁ পাশে অর্থাৎ পূর্ব পাশে রমনা ভবন থেকে ফুটপাতের একটা অংশ তারা হাঁটার জায়গা রেখে ব্যবহার করে পারবে। কিন্তু দক্ষিণ পাশে কোনো ব্যবহার হবে না।”

    কোনো হকারকে প্রশাসনের দিক থেকে উচ্ছেদ করতে হয়নি, বরং হকার নেতারা নিজেরাই সবাইকে উঠে যেতে আহ্বান করে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।

    তিনি বলেন, “গুলিস্তানের মোড় থেকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে শুধু বাঁ সাইডে অর্থাৎ পূর্ব পাশে ফুটপাথটা তারা ব্যবহার করতে পারবে। কিন্তু জনগণের হাঁটার রাস্তা রেখে আর ডান সাইডে কেউ বসতে পারবে না। আর রাস্তা পরিষ্কার থাকবে। এটা কাকরাইল থেকে নর্থ সাউথ রোড হয়ে সদরঘাট পর্যন্ত এই রাস্তাটা আমরা ক্লিন রাখব। যাতে গাড়িগুলো স্মুথলি চলতে পারে, মানুষ যাতে ঠিকভাবে চলতে পারে।”

  3. স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনের

    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের ভেতরে পরীক্ষা শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি বলেন, “নভেম্বরে-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনায় এই পর্যায়ে আমরা এখানে কোনো সুযোগ দেখছি না। আমরা আশা রাখি এই পরীক্ষাগুলো ডিসেম্বরের ভেতরে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা ইনশাল্লাহ করতে পারবো।”

    একটা নির্বাচনের তফসিল দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় উল্লেখ করে তিনি জানান, “আমরা সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখা গেল যদি, নভেম্বরের ১২ তারিখে নির্বাচনটা হয় তাহলে ১২ তারিখের পরপরই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে।”

    এ বছর এসএসসি পরীক্ষার সময় বন্যায় অনেক এলাকায় পরীক্ষার্থীরা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে ওই এলাকাগুলোর এসএসসি পরীক্ষা পেছানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

    “ফলে সেসব দিক আরো নিবিড়ভাবে বিবেচনা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরেও একই। তো সব কিছু বিবেচনায় নিয়েই...হয়তো একটু পিছিয়ে যাবে,” বলেন এই নির্বাচন কমিশনার।

    এর আগে, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল এবং "সরকারের চাপে নয়, বরং পরীক্ষাসহ সকল ধরনের বাস্তবতা বিবেচনায়" জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা চিন্তা করা হচ্ছে বলেও তিনি জানান।

    “প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও দেখা যাবে, একেকটা ধাপে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সবকিছু হিসাব-কিতাব করে আমরা করবো ইনশাআল্লাহ,” বলেন নির্বাচন কমিশনার মি. সরকার।

    জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

  4. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেবে না বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সরকারি হাসপাতালের এই সীমানার মধ্যে থাকা ক্লিনিকগুলোতে প্র্যাকটিস করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
    • বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী এই তথ্য জানান।
    • সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়ালো।
    • বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৯৭৫ জন।
    • উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, তবে তারা "পারমাণবিক বিজ্ঞান" এবং "শান্তিপূর্ণ প্রযুক্তি" ত্যাগ করবে না।
    • মার্কিন বিমান নিষেধাজ্ঞায় যোগ দিলে আঞ্চলিক দেশগুলোর বিমানবন্দরও অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
    • ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দেব প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা চালাবে তারা।
    • পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, তারা ‘আটটি ড্রোন’ ভূপাতিত করেছে, যেগুলো তাদের দাবি অনুযায়ী সীমান্তের কাছে ‘আফগান ভূখণ্ড’ থেকে উড়েছিল। তবে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আফগানিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘কোনো হামলা’ হয়নি এবং “এ নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সত্য নয়”।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।