হুমকি বন্ধ হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে: আইআরজিসি

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিকে, চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
    • আজকের দিনের '২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার' সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
    • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না- এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ'র লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
    • এক ইসরায়েলি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল এমন কোনো তথ্য জানে না যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন যার মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে "আগ্রাসীদের হুমকি শেষ হলে" হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।
    • নেত্রকোনার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।
    • সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছে। এদের মাঝে দু'জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
    • হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া যাত্রীবাহী ডাচ জাহাজ এমভি হন্ডিয়াসকে নোঙর করতে দেওয়ার ব্যাপারে স্প্যানিশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিহো।
    • পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়েছে।
    • মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।
    • চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. চীনা বন্ধুদের মতে, যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই'র সাথে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, "আমাদের চীনা বন্ধুরাও মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।"

    চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, "সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি।"

    ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে "নতুন সময় আসছে" বলেও তিনি জানান।

  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর (ফাইল ছবি)

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য বাতিলের পথে না গিয়ে সরকার এর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এগোতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই চুক্তির কাঠামোর অধীনেই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

    তবে জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো বিষয় থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সব সময় খোলা থাকবে বলেও জানান তিনি। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানো হবে। বিশেষ করে ওষুধ শিল্পে রপ্তানি বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

    আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশ কোনো একক রাষ্ট্রের সঙ্গে একচেটিয়া সম্পর্কের পক্ষপাতী নয়; বরং সবার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।"

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ সব বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা অব্যাহত রয়েছে।

  4. রোগী সরিয়ে নেওয়ার পরও এমভি হন্ডিয়াসে ১৪৬ জন রয়ে গেছেন

    দুই দিন আগে কেপ ভার্দের উপকূলে এমভি হন্ডিয়াস। জাহাজটি এখনো সেখানেই নোঙর করা রয়েছে।
    ছবির ক্যাপশান, দুই দিন আগে কেপ ভার্দের উপকূলে এমভি হন্ডিয়াস। জাহাজটি এখনো সেখানেই নোঙর করা রয়েছে।

    এমভি হন্ডিয়াস নামক জাহাজ থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তারা হলেন– ৪১ বছর বয়সী এক ডাচ, ৬৫ বছর বয়সী এক জার্মান এবং ৫৬ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।

    জাহাজটির অপারেটর ওশানওয়াইড এক্সপিডিশন্স বিবিসিকে জানিয়েছে, বর্তমানে জাহাজটিতে আরও ১৪৬ জন রয়েছে এবং এদের মাঝে গত দোসরা মে মারা যাওয়া এক যাত্রীও অন্তর্ভুক্ত।

    এর আগে মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছিল, জাহাজে ৬১ জন ক্রু সদস্য এবং ৮৮ জন যাত্রী ছিলেন।

    যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি হলো ব্রিটিশ নাগরিক, মোট ১৯ জন। এছাড়া, চারজন ব্রিটিশ ক্রু সদস্যও আছেন।

    তবে ক্রু সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ফিলিপাইনের নাগরিক, মোট ৩৮ জন।

    এছাড়া, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ভারত, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জাপানসহ মোট ২৩টি দেশের মানুষ ওই জাহাজটিতে রয়েছেন বলে জানিয়েছে ওশানওয়াইড এক্সপিডিশন্স।

  5. সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

    সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার
    ছবির ক্যাপশান, সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার

    আজকের দিনের '২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার' সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।

    সিএনএন জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

    ১৯৮০ সালে তিনি কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) চালু করেন, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টিভি চ্যানেল (যেখানে দিন-রাত ২৪ ঘণ্টাই মূলত খবর ও সংবাদ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করা হয়)।

    খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যানেল সংবাদমাধ্যম জগতের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

    সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, "টেড ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল নেতা – যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত।"

    তিনি আরও বলেন, "তিনি ছিলেন এবং সবসময় সিএনএন-এর চালিকাশক্তি হয়ে থাকবেন। আজ আমরা তার গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। আজ আমরা সবাই তাকে এবং আমাদের জীবন ও বিশ্বের ওপর তার প্রভাবকে স্মরণ করবো।"

    শুরুর দিকে সিএনএন নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র স্পেস শাটল 'চ্যালেঞ্জার' বিস্ফোরণের মতো ঘটনায় দ্রুত ও টানা সম্প্রচারের মাধ্যমে সংবাদমাধ্যমটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে।

    এরপর ১৯৯০-১৯৯১ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধারাবাহিক লাইভ আপডেটের মাধ্যমে সিএনএন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়ে ওঠে।

  6. বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে: পুশব্যাকের আশঙ্কা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

    "আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে অ্যালার্ট থাকে। সেই রকম কোনো সম্ভাবনা দেখি না। তারপরও সতর্ক থাকতে বলেছি। যদি হয়, তাহলে যেন তারা অ্যাড্রেস করতে পারে। আমার মনে হয় সেরকম কিছু ঘটবে না," আজ দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান, মামলা ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিগত সরকারের আমলে দায়েরকৃত ‘গায়েবি’ ও ভুয়া মামলা নিরসনে সরকার কাজ করছে।

    মন্ত্রী জানান যে, মাদক, জুয়া ও অনলাইন বেটিং-এর বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে।

  7. দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হেজবুল্লাহ'র পাল্টাপাল্টি হামলা

    দক্ষিণ লেবাননে ধোঁয়া উড়তে দেখা গেছে
    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননে ধোঁয়া উড়তে দেখা গেছে

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না- এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ'র লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

    এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র ছোঁড়া দু'টি বিস্ফোরক ড্রোনে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

    অন্যদিকে, হেজবুল্লাহ'র সাথে সম্পর্কিত একাধিক টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত কয়েকটি পোস্টে বলা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিমের বেকা জেলার দক্ষিণের শহর জিলাইয়াতে একটি ইসরায়েলি হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

    এর আগে, আজ আইডিএফের মুখপাত্র আভিচে আদরাই ওই শহরের বাসিন্দাদের সরে যেতে বলেছিলেন।

  8. ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির বিষয়ে জানে না ইসরায়েল: রয়টার্স

    এক ইসরায়েলি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল এমন কোনো তথ্য জানে না যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন যার মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে।

    নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েল সংঘাত আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে।

  9. হান্টাভাইরাসে সংক্রমিতদের নিয়ে নেদারল্যান্ডসের পথে দুই এয়ার অ্যাম্বুলেন্স

    হান্টাভাইরাসে সংক্রমিতদের নিয়ে নেদারল্যান্ডসে যাচ্ছে এই এয়ার অ্যাম্বুলেন্স

    আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে থাকা জাহাজা এমভি হন্ডিয়াস থেকে যে তিনজন রোগীকে সরানো হয়েছে, দু'টো এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা কেপ ভার্দে ছেড়েছেন।

    ওই দ্বীপপুঞ্জে অবস্থানরত বার্তা সংস্থা এএফপি'র সাংবাদিক এটি জানিয়েছেন।

    ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিমান দু'টি স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে নেদারল্যান্ডসে পৌঁছাবে।

    হান্টাভাইরাসে সংক্রমিতদের নিয়ে নেদারল্যান্ডসে যাচ্ছে এই এয়ার অ্যাম্বুলেন্স
  10. হুমকি বন্ধ হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচল স্বাভাবিক হতে পারে: আইআরজিসি

    ২০২৩ সালের এক মহড়ায় আইআরজিসি'র নৌবাহিনীর স্পিডবোট
    ছবির ক্যাপশান, ২০২৩ সালের এক মহড়ায় আইআরজিসি'র নৌবাহিনীর স্পিডবোট

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে "আগ্রাসীদের হুমকি শেষ হলে" হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে।

    যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়, তবে "ইরানের নিয়ম-নীতি মেনে" হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।

    "আগ্রাসীদের হুমকি শেষ হলে এবং নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে," বলা হয় বিবৃতিতে।

    আইআরজিসি এই বিবৃতি এমন সময় দিয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই ঘোষণা দেন যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র 'প্রজেক্ট ফ্রিডম' সাময়িকভাবে স্থগিত করছে।

  11. ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে 'আরও তীব্র' বোমা হামলা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।

    আজ বুধবার তার মালিকানাধীন সোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, "যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান যদি তা দেয় – তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে।"

    যদিও তিনি নিজেই নিশ্চিত নন যে ইরান আসলে সেই শর্তগুলো মেনে নেবে কি না।

    তিনি আরও বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেওয়া হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

    একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে এও বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং "দুঃখজনকভাবে সেটি মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে"।

  12. হান্টাভাইরাসে সংক্রমিতদের জাহাজ থেকে সরিয়ে নেওয়ার কিছু ছবি

    অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে রোগীদেরকে
    ছবির ক্যাপশান, অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে রোগীদেরকে

    হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ এমভি হন্ডিয়াস থেকে আজ কয়েকজন রোগীকে সরানো হয়েছে।

    এর আগে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, একজন ব্রিটিশ, একজন জার্মান ও একজন ডাচ নাগরিককে জাহাজটি থেকে নামিয়ে ইউরোপের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

    আজ সকালে আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে এমভি হন্ডিয়াস থেকে তিনজন রোগীকে সরানোর যেসব ছবি পাওয়া গেছে, সেগুলোর কিছু এখানে সংযুক্ত করা হলো...

    জাহাজ এমভি হন্ডিয়াসের পাশে উদ্ধারকারী নৌকা
    ছবির ক্যাপশান, জাহাজ এমভি হন্ডিয়াসের পাশে উদ্ধারকারী নৌকা
    রোগীদের ক্রুজ জাহাজ থেকে নামিয়ে এই ছোট নৌকা দিয়ে তীরে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সগুলোর কাছে নেওয়া হয়েছে
    ছবির ক্যাপশান, রোগীদের ক্রুজ জাহাজ থেকে নামিয়ে এই ছোট নৌকা দিয়ে তীরে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সগুলোর কাছে নেওয়া হয়
    অ্যাম্বুলেন্সগুলো দিয়ে রোগীদের বিমান পর্যন্ত নেওয়া হয়েছে
    ছবির ক্যাপশান, অ্যাম্বুলেন্সগুলো দিয়ে রোগীদের বিমান পর্যন্ত নেওয়া হয়েছে
    রোগীদেরকে দু'টি বিমানে উঠানো হয়েছে এবং তাদের নেদারল্যান্ডসে নেওয়া হচ্ছে
    ছবির ক্যাপশান, দু'টি বিমানে করে নেদারল্যান্ডসে নেওয়া হয় রোগীদের
  13. ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

    চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা
    ছবির ক্যাপশান, চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা

    নেত্রকোনার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

    আজ বুধবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, আজ ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

    বিকেল ৫টার দিকে তিনি বলেছেন, "ওই শিক্ষককে এখনো র‌্যাবের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। কাছাকাছি চলে এসেছে। হাতে পেলে আমরা আইনগতভাবে তাকে আদালতে সোপর্দ করবো।"

    এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন...

  14. পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু

    পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমান বিধানসভার মেয়াদ বুধবার রাত ১২টার পর শেষ হতে চলেছে।

    তার আগে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। বুধবার সকালে এই সংক্রান্ত গেজেট নোটিফিকেশন নিয়ে রাজভবন তথা অধুনা লোক ভবনে গিয়েছিলেন মি. আগরওয়াল ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা।

    এদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগেই জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?”

    আইন বলছে, ছয়ই মে-র পর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না মমতা ব্যানার্জী। বিদায়ী মন্ত্রিসভাও আর কার্যকর থাকবে না।

    এর মাঝেই গেরুয়া শিবিরে নতুন সরকার গড়ার তোড়জোড় দেখা যাচ্ছে। আগামী নয়ই মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বলেও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

  15. হাম ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

    হাম বা মিজলস ভাইরাসের মাধ্যমে ছড়ায়
    ছবির ক্যাপশান, হাম বা মিজলস ভাইরাসের মাধ্যমে ছড়ায়

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। এদের মাঝে দু'জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে আজ ছয়ই মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে দেশজুড়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

    ওই সময়সীমার মাঝে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৯৯ জন ও সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

  16. পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ নয়ই মে

    মার্চ মাসে ব্রিগেডে বিজেপির কর্মসূচির সময় তোলা ছবি
    ছবির ক্যাপশান, মার্চ মাসে ব্রিগেডে বিজেপির কর্মসূচির সময় তোলা ছবি

    আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    বুধবার তিনি বলেন, “আগামী নয়ই মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল দশটায়।”

    রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন মি. ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

    প্রসঙ্গত, পঁচিশে বৈশাখ (নয়ই মে)-কেই যে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হবে, সেই নিয়ে জোরদার আলোচনা চলছিল। জল্পনা চলছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও।

    এদিকে, ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনা চলছে।

    এর আগে কখনো ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে। এতদিন রাজভবনে তথা অধুনা লোক ভবনেই শপথ নিতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের।

    অনেকেই একে নজিরবিহীন বলে আখ্যাও দিয়েছেন। তবে ব্রিগেডের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের।

  17. নন্দীগ্রাম না ভবানীপুর, কোন আসন বেছে নেবেন বিজেপির শুভেন্দু অধিকারী?

    শুভেন্দু অধিকারী
    ছবির ক্যাপশান, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী

    পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী তাকে একটি কেন্দ্রের প্রতিনিধিত্ব ছেড়ে দিতে হবে।

    তিনি বুধবার বলেছেন, “আমার কেন্দ্রীয় নেতারা যা ঠিক করবেন সেটাই হবে। দশদিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাদের বলছি, আমি ভবানীপুর, নন্দীগ্রাম দুটোই বলব। আমি আমার কর্তব্য থেকে সরে আসব না- সেটা আমি দুটোকেই (ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রকে ইঙ্গিত করে) বলছি। কিন্তু বাকিটা আমার হাতে নয়।”

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় লাভের পর বুধবার নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধকারী। সেখানে আয়োজিত সভায় একথা বলেন তিনি।

    প্রসঙ্গত, একদা মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন মি. অধিকারী। ২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে যে সময় ক্ষমতায় এসেছিলেন ব্যানার্জী, তার নেপথ্যে শুভেন্দু অধিকারীর ‘অবদান’ ছিল বলে জানা যায়। সেই সময় সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিলেন মিজ ব্যানার্জী।

    চলতি বিধানসভা নির্বাচনেও ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিল গেরুয়া শিবির।

    বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই দুই ‘পরিবর্তনের’ প্রসঙ্গ টেনে তিনি, “আমি ২০১১-এর পরিবর্তনে ছিলাম। আর এবার আসল পরিবর্তনে থাকলাম।”

  18. কেপ ভার্দে থেকে হন্ডিয়াস জাহাজের তিনজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

    হন্ডিয়াস ক্রুজ জাহাজ
    ছবির ক্যাপশান, হন্ডিয়াস ক্রুজ জাহাজ

    আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে থাকা হন্ডিয়াস ক্রুজ জাহাজ থেকে দুইজন অসুস্থ ক্রু সদস্যসহ মোট তিনজনকে সরিয়ে নেওয়ার হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    ডব্লিউএইচও'র কেপ ভার্দে প্রতিনিধি অ্যান লিন্ডস্ট্র্যান্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনজনই স্থিতিশীল আছেন এবং তাদের মধ্যে একজনের কোনো উপসর্গ নেই।

    জাহাজটির ডাচ অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, দুই গুরুতর অসুস্থ ক্রু সদস্যদের একজন ব্রিটিশ ও একজন ডাচ। দুই ক্রু সদস্যের সঙ্গে একজন যাত্রীও আছে, যাকে বিমানে নেদারল্যান্ডসে পাঠানো হবে।

    তাদের জাহাজ থেকে সরানোর পর "আমাদের পরিকল্পনা হলো ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া। হয় গ্র্যান ক্যানারিয়া, নয়তো টেনেরিফে। সেখানে পৌঁছাতে প্রায় তিন দিন সময় লাগবে," বলছে অপারেটর।

    অপারেটর আরও জানান যে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

  19. হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজকে ভিড়তে দিতে আপত্তি ক্যানারি দ্বীপপুঞ্জের নেতাদের

    মঙ্গলবার কেপ ভার্দের উপকূলে নোঙর করা অবস্থায় দেখা গিয়েছিলো এমভি হন্ডিয়াস জাহাজকে
    ছবির ক্যাপশান, মঙ্গলবার কেপ ভার্দের উপকূলে নোঙর করা অবস্থায় দেখা গিয়েছিলো এমভি হন্ডিয়াস জাহাজকে

    হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া যাত্রীবাহী ডাচ জাহাজ এমভি হন্ডিয়াসকে নোঙর করতে দেওয়ার ব্যাপারে স্প্যানিশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিহো।

    তিনি এক সাক্ষাৎকারে বলেন, "আমি এটিকে (নৌকা) ক্যানারি দ্বীপপুঞ্জে ঢুকতে দিতে পারি না। এই সিদ্ধান্ত কোনো প্রযুক্তিগত মানদণ্ডের ভিত্তিতে নেওয়া হয়নি এবং আমাদের যথেষ্ট তথ্যও দেওয়া হয়নি।"

    ক্লাভিহো বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছেন এবং সেখান থেকেই তিনি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে মাদ্রিদে জরুরি বৈঠক করতে চান।

    উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যেই জাহাজটির ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।

    হান্টাভাইরাস হলো ইঁদুরজাতীয় প্রাণীবাহিত এক ধরনের ভাইরাস, যা প্রধানত ইঁদুরের শুকনো মল থেকে বাতাসে ভেসে থাকা কণার মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর মতে, সাধারণত ইঁদুরের মূত্র, মল বা লালা থেকে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়লে সংক্রমণ ঘটে।

    প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় দেড় লাখ মানুষের হান্টা ভাইরাস সংক্রান্ত জটিলতায় ভোগার তথ্য পাওয়া যায়, যার উল্লেখযোগ্য সংখ্যক আসে ইউরোপ ও এশিয়া থেকে। তবে হান্টা ভাইরাসের সংক্রমণের অর্ধেকেরও বেশি ঘটে চীনে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সাত জনের হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে তিনটি নিশ্চিত এবং বাকিগুলো সন্দেহভাজন।

    আফ্রিকার পশ্চিম উপকূলের কেপ ভার্দের কাছে আটকে পড়া জাহাজটিতে থাকা ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন।

    বিশ্বের দক্ষিণতম শহর আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে এমভি হোনডিয়াস পহেলা এপ্রিল যাত্রা শুরু করেছিল। আর্জেন্টিনা থেকে ব্রিটিশ শাসিত দক্ষিণ জর্জিয়া অঞ্চলে যাওয়ার কথা ছিল এটির।

    জাহাজটি এমন এক সমুদ্রযাত্রায় ছিল যেখানে যাত্রীদের আটলান্টিকের সবচেয়ে দুর্গম ও অদেখা কিছু ভূখণ্ড অতিক্রম করে জীবনের সেরা এক ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

    ১১ই এপ্রিল, একজন ডাচ ব্যক্তি জাহাজে মারা যান। তার মৃত্যুর কারণ অজানা ছিল। প্রায় দুই সপ্তাহ পর তার স্ত্রীর সাথে সেন্ট হেলেনায় জাহাজ থেকে তার মরদেহ নামানো হয়।

    ওই নারীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তৃপক্ষ জানায় যে জোহানেসবার্গের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে ৬৯ বছর বয়সী ওই নারী হান্টাভাইরাসে আক্রান্ত ছিলেন।

  20. মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থায় ‘বদল’

    মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে রাস্তার ছবি, পাঁচই মে তোলা
    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে রাস্তার ছবি, পাঁচই মে তোলা

    পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হলো।

    বুধবার সকালে তার ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়।

    এর আগে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে এই স্থানগুলোতে আর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী থাকবে না।

    এর আগে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যেত। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই অবশ্য একটু একটু করে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে চিত্র বদলাচ্ছিল।

    এদিকে, রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সময় পুলিশ কমিশনার অজয় কুমার নন্দকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হঠাৎই কিছু হয়নি। নিরাপত্তার একাধিক স্তর থাকে, তা রিভিউ-এর পর অতিরিক্ত স্তরটুকুই কমানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী যে নিরাপত্তা থাকা দরকার সেটি এখনো মোতায়েন রয়েছে।”

    তিনি জানিয়েছেন, এখনো এই বিষয় সংক্রান্ত পদক্ষেপ জারি হওয়া নোটিশ মেনেই নেওয়া হয়েছে।

    অন্যদিকে, বিষয়টি ‘প্রাসঙ্গিকই’ নয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জীকে ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন।

    তিনি বলেন, “আমি এই নিয়ে মন্তব্যই করব না। যখন (মন্তব্য) করার তখন করেছি, এখন এটা প্রাসঙ্গিকই নয়।”