শেখ মুজিবকে জাতির জনক মনে করে না অর্ন্তবর্তী সরকার: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন। উপদেষ্টা পরিষদ আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ আদালতের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার। বাংলাদেশি জলসীমায় দুই ভারতীয় মাছ ধরার ট্রলার আটক।

সরাসরি কভারেজ

  1. ‘যৌক্তিক দামে’ ডিম বিক্রি নিশ্চিতে আজ থেকে মাঠে ভোক্তা অধিদপ্তর

    ডিম

    সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি নিশ্চিতে আজ থেকে বুধবার মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তর।

    মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার এ তথ্য জানিয়েছিলেন।

    সম্প্রতি কৃষি বিপনন অধিদপ্তর উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছে।

    সেই তালিকা অনুযায়ী, খুচরা পর্যায়ে একটি ডিমের দাম পড়ার কথা ১১ টাকা ৮৭ পয়সা।

    আর, উৎপাদন পর্যায়ে যা হওয়ার কথা ১০ টাকা ৫৮ পয়সা ও পাইকারে পর্যায়ে ১১ টাকা এক পয়সা।

    মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে এবং সরকারের কাছে তথ্য আছে যে অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে।

    বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে বলে জানান উপদেষ্টা।

  2. আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও আজ

    সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ'র ফেসবুক পোস্ট

    আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

    সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম মঙ্গলবার রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন।

    তারা তাদের পোস্টে লিখেছেন, তারা “আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে” এ কর্মসূচি পালন করবেন।

    সেইসাথে, সারজিস আলম তার পোস্টের কমেন্ট বক্সে আরও লিখেছেন, “এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।”

    হাসনাত আব্দুল্লাহও তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে লেখেন, “যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস যেতে না যেতেই কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?”

    তারা কমেন্টে বুধবার সকাল ১১টায় সবাইকে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

    সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ'র ফেসবুক পোস্ট
  3. বিবিসি বাংলার লাইভ পেইজে আপনাদের স্বাগত। বাংলাদেশ এবং বিশ্বে ঘটা দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন এখানে। রিপোটিং করছেন মরিয়ম সুলতানা।