লাইভ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি
চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়: আইনমন্ত্রী
ছবির উৎস, Law Ministry
ছবির ক্যাপশান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট - ইস্তান্বুল, ২০২৬’এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "মানবাধিকার সুরক্ষা, অভিবাসন, সাইবার অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে সৃষ্ট চ্যালেঞ্জসহ বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় দেশগুলোকে অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
নতুন ধরনের বৈষম্য, বিভাজন ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, "বৈশ্বিক আইনি ব্যবস্থা বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির দ্রুত বিকাশ একদিকে বিশ্বকে সংযুক্ত করেছে এবং সেবা প্রদানকে সহজ করেছে, অন্যদিকে নতুন ধরনের বৈষম্য, বিভাজন ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু নতুন আইন প্রণয়ন যথেষ্ট নয়। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।"
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
ছবির উৎস, Nobelprize.org
ছবির ক্যাপশান, অ্যান কার্সন তার পুরো কর্মজীবন জুড়েই কবিতা লেখার পাশাপাশি অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করে গেছেন
সাহিত্যে এ বছরের নোবেল
পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই
তথ্য জানিয়েছে নোবেল পুরস্কার কমিটি।
এতে বলা হয়েছে, ২০২৬ সালের
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন। প্রাচীন ধ্রুপদী
ঐতিহ্যের সঙ্গে চমৎকার ও কৌতুকপূর্ণ সংলাপে নতুন ধারার সমকালীন সাহিত্য সৃষ্টির
সাহসী এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, অ্যান কার্সন তার পুরো কর্মজীবন জুড়েই কবিতা লেখার পাশাপাশি অনুবাদ এবং
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করে গেছেন।
শব্দের উৎপত্তিকেই নিজের
সব কাজের সূচনার মূল ভিত্তি হিসেবে তিনি চিহ্নিত করেছেন বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, ক্রুড বা অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী
নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার খবরের পর বিশ্ববাজারে ক্রুড বা অপরিশোধিত
তেলের দাম তিন শতাংশের বেশি বেড়েছে।
ইউরোপীয় বাজারে, ব্রেন্ট
ক্রুড ইনডেক্সের দাম গত দিনের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশের বেশি বেড়ে প্রতি
ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া ওয়েস্ট টেক্সাস
ইন্টারমিডিয়েট ইনডেক্সের দামও একই হারে বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলারে পৌঁছেছে।
এর আগে, আমেরিকান
কর্মকর্তাদের বরাত দিয়ে ‘অ্যাক্সিওস’ সংবাদমাধ্যম জানিয়েছিল, গত কয়েক দিনে
পেন্টাগন সেন্টকমকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার
প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে।
এর আগে, এই অঞ্চলের হরমুজ
প্রণালি থেকে তেলের চালান বেড়ে যাওয়ার খবরের কারণে বিগত কয়েক দিন ধরে তেলের দাম
প্রায় ১০০ ডলারের আশপাশে স্থিতিশীল ছিল।
যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়-ক্ষতি সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাঘচি
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের
সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির আসল পরিমাণ প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যম
এক্স এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গত মে মাসে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বলেছিল, ইরানের সশস্ত্র বাহিনী ৪২টি মার্কিন সামরিক বিমান ধ্বংস করেছে। এখন এই
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১টিতে।”
আরাঘচি আরো বলেন, “প্রমাণ? মার্কিন
সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কংগ্রেসের একজন সেনেটরকেও এমন সব ঘাঁটি পরিদর্শন করার
অনুমতি দিচ্ছে না, যে ঘাঁটিগুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায়
আছে বলে তারা দাবি করছে।”
আব্বাস আরাঘচি তার পোস্টে আরো
লিখেছেন, “এই বিষয়ে মানুষকে চিরকাল ‘ধোঁয়াশা বা প্রতারণার মাঝে’ রাখা যাবে না।”
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার
কক্সবাজারে রোহিঙ্গা
ক্যাম্পের রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া নামক দুটি স্থানে সেনা ক্যাম্প স্থাপনের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা
সংক্রান্ত সমন্বয় সভা শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোঙ্গিখালী
ও নোয়াখালী পাড়া এই দুই জায়গায় পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটে
থাকে। সেখানে দুইটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।”
সেনা ক্যাম্পগুলো স্থাপন
হলে এ জাতীয় অপরাধ নির্মূল হবে বলে আশাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, চট্টগ্রামে বন্দর
চট্টগ্রামে বন্দরের নিউমুরিং
কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে
চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ১৫ বছরের জন্য এই চুক্তিটি
স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে
তিনটায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ে আয়োজিত
অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শেখ
রবিউল আলম বলেন, “বাংলাদেশের পোর্ট ব্যবস্থাপনায়, কনটেইনার হ্যান্ডেলিং আধুনিক এবং
প্রত্যাশা অনুসারে বিশ্বের মানদণ্ডের কাছে চলে যাচ্ছে। শীর্ষ পাঁচটি কোম্পানির
মধ্যে তিনটিই এখন বাংলাদেশে এবং চিটাগাং পোর্টে"।
তিনি আরো বলেন, “নিশ্চিত করেছি আমাদের
স্বার্থ, নিশ্চিত করেছি আমাদের অধিকার, নিশ্চিত করেছি আমাদের অর্থনৈতিক প্রাপ্তি,
নিশ্চিত করেছি আমাদের কারিগরী বা টেকনিকেল যোগ্য অর্জনের প্রাপ্তি”।
ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু
ছবির উৎস, ANI
ছবির ক্যাপশান, ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত বাংলাদেশি নাগরিকদের ওপর অভিযান
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রোহিঙ্গা শরণার্ণীদের ওপর অভিযান চালানোর পর কর্তৃপক্ষ এখন কথিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
প্রশাসনের মতে, প্রথম ধাপে প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর উপত্যকা ও জম্মুতে 'অবৈধ অনুপ্রবেশকারীদের' বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার, যার অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সরকারি সূত্র উদ্ধৃত করে বিবিসি নিউজ উর্দু জানিয়েছে, মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি জম্মু ও কাশ্মীর প্রশাসনকে জানিয়েছিল যে বাংলাদেশ থেকে আসা প্রায় ৬০০ অবৈধ অভিবাসী বেশ কয়েক বছর ধরে কাশ্মীর উপত্যকা এবং জম্মুতে বসবাস করছেন।
ভারতীয় কর্মকর্তাদের মতে, বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমরা গত কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জম্মুতে বসবাস করছে।
কর্তৃপক্ষ বলছে, তাদের অনেকেই ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, সোমবার ও মঙ্গলবার প্রায় ৩০০ বাংলাদেশিকে দুটি পৃথক দলে ভাগ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
কথিত বাংলাদেশি নাগরিকদের ওপর সাম্প্রতিক দমননীতিকে রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসনের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
ভারত সরকার রোহিঙ্গাদের আইনি শরণার্থীর মর্যাদা দেয় না কারণ ভারত ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়।
একই নীতিমালার অধীনে ২০১৭ সালে অনুপ্রবেশ করেছেন এমন অভিযোগে রোহিঙ্গাদেরও আটক করে ফেরত পাঠানো হয়েছে।
বিজেপি এবং তার সমর্থকরা যুক্তি দেয় যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষত জম্মু অঞ্চলে, এবং স্থানীয় জনগণের জীবিকার সুযোগকে প্রভাবিত করছে।
প্রশাসন আরও আশঙ্কা করছে যে পরিচয়পত্রহীন লোকদের চরমপন্থি বা অপরাধের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।
অন্যদিকে মানবাধিকারকর্মীরা এসব যুক্তির সঙ্গে একমত নন।
সাংবাদিক ও বিশ্লেষক হারুন রেশির মতে, আন্তর্জাতিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে 'নন রিভল্ট', যার অধীনে কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো যায় না, যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনসহ মৌলিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত পায় না।
তার মতে, যদিও ভারত এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, তবুও ভারতের সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে বিদেশিদের মৌলিক মানবাধিকার রক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে।
চট্টগ্রামের সলিমপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করতে সেখানে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের
যে সকল মৌজায় সরকারি জমি আছে, সেগুলোকে সুশাসনের মধ্যে এনে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া
হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা
সংক্রান্ত এক সমন্বয় সভার শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি
এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরের যে কয়টি মৌজায় সরকারি জমি আছে, পাহাড়
শ্রেণি হোক, খাস ল্যান্ড হোক সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয়। আমরা সেই এলাকায়
সারদার মত একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি, সেইজন্য জমি দেখা
হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামের
কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরের ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে, ওই এলাকায় অবৈধভাবে
বসবাসকারীদের পুনর্বাসনের জন্যও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানসহ
অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে পরিচালনা করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ
বলেন, “সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাটি যে একটা সন্ত্রাসের
অভয়ারণ্য ছিল, সেখান থেকে এই জায়গাটিকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে
আসা হবে।”
একইসঙ্গে, পুলিশ, বিজিবি, র্যাব
ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপস্থিতি রাখতে জঙ্গল সলিমপুরে জায়গা নেওয়া হয়েছে বলেও
উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, গত আট মাস বন্ধ থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল
বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে
যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ হয়ে
গেছে।
এর আগে, গত আট মাস বন্ধ
থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি
লিমিটেডের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বিবিসি
বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউরিয়া সারের উৎপাদন
বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে।
“অ্যামুনিয়ার উৎপাদন চলছে,
যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই-দিনের
মধ্যেই আবার চালু করা যাবে,” বলেন মি. হোসেন।
বৃহস্পতিবার সকালে বয়লার
লিকেজ দেখা দেওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে
গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রায় আট মাস উৎপাদন বন্ধ
থাকার পর গত মঙ্গলবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল। এরপর এখন আবার এই সারের উৎপাদন বন্ধ হয়ে গেল।
সৌদি আরবের আরো একটি বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ছবির উৎস, AFP via Getty Images
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি
করেছে, তারা
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে। একইসঙ্গে তারা তাইজ প্রদেশে সৌদি আরবের ব্যবহৃত তুরস্কে তৈরি একটি
বায়রাকতার আকিনজি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া
সারির মতে, এ
সপ্তাহে রিয়াদের ওই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করার এটি তৃতীয় ঘটনা।
ড্রোন ভূপাতিত করার বিষয়ে তিনি
বলেন, তাইজে একটি ‘শত্রুতামূলক মিশনে’ ছিল এবং ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে
সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়েছে।
মুখপাত্র আরও দাবি করেন, হুথি বাহিনী বাব আল-মান্দেব প্রণালির
কাছে সৌদি-সমর্থিত বাহিনী এবং তাদের সমাবেশস্থলগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
হামলা চালিয়েছে।
এদিকে, সৌদি আরবের জেনারেল অথরিটি
অব সিভিল অ্যাভিয়েশন (গাকা) বুধবার এক বিবৃতিতে জানায়, দুটি বিমানবন্দরে দুই দিনের
ব্যবধানে চালানো হামলায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় সৌদি
আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং
আটজন আহত হয়েছে।
গাকার তথ্য অনুযায়ী, দুটি
বিমানবন্দরে ৬ ও ৭ই অক্টোবর হামলা চালানো হয়েছিল। তবে কোন বিমানবন্দরে ঠিক কখন
হামলা হয়েছে, তা সংস্থাটি নির্দিষ্ট করে
জানানো হয়নি।
তবে হুথিদের অন্যান্য দাবির বিষয়ে
সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ব্রিটিশ নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ
ছবির উৎস, Getty Images
ব্রিটিশ রয়্যাল নেভির একজন সদস্যের
বিরুদ্ধে একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে দেশটির নাম প্রকাশ করা হয়নি।
বেডফোর্ডশায়ারের ২৪ বছর বয়সী টেডি
ইয়াংয়ের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসএ) অনুযায়ী একাধিক অভিযোগ আনা
হয়েছে। এর মধ্যে এমন একটি অভিযোগ রয়েছে যে তিনি সুরক্ষিত তথ্য সংগ্রহ করেছিলেন, যা একটি অজ্ঞাত বিদেশি শক্তির
উপকারে আসতে পারে।
তাকে হেফাজতে রাখা হয়েছে এবং
বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে হাজির করা হবে।
লন্ডনের কাউন্টার-টেরোরিজম পুলিশিং
বিভাগের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, “এগুলো সশস্ত্র বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে আনা অত্যন্ত গুরুতর
অভিযোগ।”
পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের সঙ্গে সম্প্রতি আরএএফ
ফেয়ারফোর্ডে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার বেডফোর্ডশায়ারে তার বাড়ি
থেকে ইয়াংকে গ্রেফতার করা হয়।
অভিযোগগুলো ২০২৪ সালের ২৬ নভেম্বর
থেকে ২০২৫ সালের ২১শে মে পর্যন্ত সময়কে ঘিরে। এতে দাবি করা হয়েছে যে তিনি আইন
পরিপন্থীভাবে ‘সুরক্ষিত তথ্য প্রকাশ’ সংক্রান্ত অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।
এছাড়াও অভিযোগ করা হয়েছে যে ওই
নৌসদস্য “সুরক্ষিত তথ্য সংগ্রহ, অনুলিপি, রেকর্ড
বা সংরক্ষণ করেছেন, এই উদ্দেশ্যে যে এসব কর্মকাণ্ড একটি বিদেশি শক্তিকে উপকৃত করবে। একই সঙ্গে
তিনি জানতেন, অথবা
তার জানা বিষয়গুলোর ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে জানা উচিত ছিল, যে এসব কর্মকাণ্ড যুক্তরাজ্যের
নিরাপত্তা বা স্বার্থের জন্য ক্ষতিকর।”
কমান্ডার ফ্লানাগান আরও বলেন, “তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকারী সহকর্মীদের সঙ্গে
অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া যায়।”
রয়্যাল নেভির একজন মুখপাত্র
নিশ্চিত করেছেন যে একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, “আইনি কার্যক্রম চলমান থাকায় এ
মুহূর্তে এ বিষয়ে আরও মন্তব্য করা সমীচীন হবে না।”
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ চলছে। আজ বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের এমপিরা। তবে যাওয়ার পথে তাদের আটকে দেয় পুলিশ।
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে আট জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন রোগী।
রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানী অঁরি কাগান এবং জাপানের কেনসো সোয়াই।
ফ্রান্সজুড়ে চলমান শিক্ষা বিক্ষোভ নিয়ন্ত্রণে স্টান গ্রেনেডের ব্যবহার স্থগিত করা হয়েছে। কারণ চলতি সপ্তাহের শুরুতে এমন একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আগামী ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।