‘ভাবতেই পারছিনা কীভাবে বেঁচে গেলাম,’ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী

ভারতে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার। এদিকে, লন্ডনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

সরাসরি কভারেজ

  1. আহমেদাবাদের যানজটে আটকে ফ্লাইট মিস করে প্রাণে বেঁচেছেন যে যাত্রী

    ভূমি চৌহান যানজটের কারণে ফ্লাইট মিস করেন।
    ছবির ক্যাপশান, ভূমি চৌহান যানজটের কারণে ফ্লাইট মিস করেন।

    নির্ধারিত বিমান মিস করায় শুক্রবার দুপুরে হতাশ হয়ে পরেছিলেন পড়েছিলেন বছর তিরিশের ভূমি চৌহান। কিন্তু কিছুক্ষণ পরই ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি।

    আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়, সেই বিমানেই তার যাত্রা করার কথা ছিল।

    অঙ্কলেশ্বরের বাসিন্দা মিজ চৌহান সড়কপথে আহমেদাবাদের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন।

    “আমরা সময় মতো আহমেদাবাদ পৌঁছালেও শহরের ট্রাফিক জ্যামের কারণে আমি পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছাই। তাই আমাকে ঢুকতে দেওয়া হয়নি।”

    “প্রথমে এই ভেবে খুব খারাপ লেগেছিল যে টিকিটের টাকা নষ্ট হয়েছে, হয়ত চাকরি হারাতে পারি। কিন্তু এখন আমি কৃতজ্ঞ...টাকা হয়তো নষ্ট হয়েছে, কিন্তু জীবন বেঁচে গিয়েছে।“

    পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন মিজ চৌহান। বছর দুয়েক আগে ব্রিস্টলের বাসিন্দা কেওয়াল চৌহানকে বিয়ে করেন তিনি।

    যানজটে আটকে থাকাকালীন অনলাইনে ফ্লাইটের জন্য ‘চেক-ইন’ করেছিলেন মিজ চৌহান।

    "এয়ার ইন্ডিয়ার কর্মীরা বলেছিলেন আমি দেরি করেছি। ইমিগ্রেশন হয়ে গিয়েছে, বোর্ডিং প্রক্রিয়াও শেষ। আমি তাদের অনুরোধ করেছিলাম। বলেছিলাম, আমি চাকরি হারাতে পারি। টিকিটের টাকাও নষ্ট হবে। কিন্তু কেউ শোনেনি।”

    এর পরে, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। ফেরার সময় চা খাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই দুর্ঘটনার খবর পান।

    "আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ট্রাভেল এজেন্টের সাথে আলোচনা করছিলাম, কীভাবে টাকা ফেরত পাওয়া যায়। সেই সময় ফোন আসে। জানতে পারি যে আমি যে বিমানটিতে যাওয়ার কথা ছিল, সেটি ক্র্যাশ করেছে।”

    “আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আহমেদাবাদের ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে।”

  2. বিমানে ছিলেন না, এমন অন্তত আট জন নিহত

    এই হোস্টেল ভবনেই থাকতেন নিহত আটজন
    ছবির ক্যাপশান, এই হোস্টেল ভবনেই থাকতেন নিহত আটজন

    আহমেদাবাদে ভেঙ্গে পড়া বিমানের যাত্রী ছিলেন না, এমন অন্তত আট জন নিহত হয়েছেন বলে গুজরাতের স্বাস্থ্য বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন।

    এদের মধ্যে চারজন মেডিক্যাল ছাত্র আছেন।

    যে হোস্টেল ভবনটিতে বিমানটি ভেঙ্গে পড়েছিল, তারা সেখানে থাকতেন।

    অন্য চারজন হলেন হোস্টেলে থাকা অন্য কয়েকজন ছাত্রের আত্মীয়।

  3. রেস্তোঁরায়ে মায়ের কাছেই কাজ করছিল আকাশ, মুহূর্তে সব শেষ

    মায়ের সঙ্গে আকাশ
    ছবির ক্যাপশান, মায়ের সঙ্গে আকাশ

    আহমেদাবাদের সিভিল হাসপাতালে একের পর এক মর্মান্তিক কাহিনী শুনতে পাচ্ছেন বিবিসির সংবাদদাতারা।

    কিছুক্ষণ আগে তারা জানতে পারলেন ১৫ বছর বয়সী আকাশের ঘটনা।

    যে ভবনটিতে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙ্গে পড়ে, সেখানেই কাজ করতেন আকাশ। একটি রেস্তোঁরায় পার্টটাইম চাকরি ছিল তার।

    আকাশের মা সীতা বেনও ওই একই রেস্তোঁরায় কাজ করেন। বিমানটি ভেঙ্গে পড়ার সময়ে চেষ্টা করেছিলেন ছেলেকে বাঁচাতে। পারেন নি।

    গুরুতর অবস্থায় সীতা বেনকে উদ্ধার করা হয়, এখন তিনি হাসপাতালে।

    বিবিসির সঙ্গে দেখা হয়েছিল আকাশের বড়ভাই কল্পেশের।

    তার কান্না থামতেই চাইছিল না। ছোট ভাই আর মায়ের একটা ছবির দিকে তাকিয়ে একনাগাড়ে কেঁদে চলেছিলেন কল্পেশ।

    আকাশ আর কল্পেশের বাবাও বিমানটি ভেঙ্গে পড়ার সময়ে কাছেই ছিলেন। তবে যতক্ষণে তিনি বিস্ফোরণের জায়গায় পৌঁছান, ততক্ষণে চারদিক ধোঁয়ায় ভরে গেছে।

    স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার আগেই। ছোট ছেলে যে আর নেই, সেটাও তিনি তখনই জানতে পারেন।

  4. 'বাবার শেষকৃত্য করতে এসেছিল, নিজেই শেষ হয়ে গেল'

    এই নারীর ভাতিজা মারা গেছেন
    ছবির ক্যাপশান, এই নারীর ভাতিজা ভারতে এসেছিলেন তার বাবার শেষকৃত্য করতে

    আহমেদাবাদের সিভিল হাসপাতাল চত্বরে বিবিসির সঙ্গে দেখা হয় এই শোকাহত নারীর।

    যুক্তরাজ্যের বাসিন্দা তার ২৫ বছর বয়সী ভাতিজা ভারতে এসেছিল বাবার শেষকৃত্য সারতে। তার বাবা মারা গেছেন ২৯শে মে।

    বাবার শেষকৃত্য সেরে স্ত্রীকে নিয়ে লন্ডনে ফিরছিলেন তিনি। চেপেছিলেন ভেঙ্গে পড়া ওই এয়ার ইন্ডিয়ার বিমানটিতে।

    ভাতিজা আর তার স্ত্রীকে হারিয়ে যেভাবে কাঁদছিলেন ওই নারী, সেই কান্নার আওয়াজ যেন হাসপাতালের চারদিকে ছড়িয়ে পড়ছিল।

    আশেপাশে এরকমই শোকাহত আরও বহু মানুষ অপেক্ষা করছেন গত রাত থেকেই।

    একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে মরদেহ পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে তাদের।

    ডিএনএ পরীক্ষার জন্য ইতিমধ্যেই অনেকে নমুনা দিয়ে দিয়েছেন।

    এখন হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের সঙ্গে আত্মীয়দের ডিএনএ মিলিয়ে দেখছেন।

    অন্য অনেকে এখনও ডিএনএ পরীক্ষার নমুনা দিতে আসছেন।

    এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যে ডিএনএ পরীক্ষার মাধ্যমেই একমাত্র বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ শনাক্ত করা সম্ভব।

  5. এয়ার ইন্ডিয়ার উল্লেখযোগ্য যত দুর্ঘটনা

    এয়ার ইন্ডিয়া

    ভারতের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এয়ার ইন্ডিয়ার সুরক্ষা বিষয়ক রেকর্ড বা ইতিহাস মিশ্র হলেও, সংস্থাটি ত্রুটি কাটিয়ে ক্রমাগত উন্নতি করছে বলে দাবি করেছে।

    এয়ার ইন্ডিয়ার ২০২১ সালে বেসরকারিকরণ করা হয়, এর আগে তা সরকার পরিচালনা করতো। গত কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়া হাজার হাজার আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট নিরাপদে পরিচালনা করেছে।

    এই বিমান সংস্থাটি এর আগে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলো। এয়ার ইন্ডিয়ার কয়েকটি উল্লেখযোগ্য দুর্ঘটনার কথা জেনে নেওয়া যাক:

    • ২০২০ সালের আগস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং ৭৩৭ কোঝিকোড়ের রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয় জন এবং ১৬ জন আহত হন।
    • ২০১০ সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ ম্যাঙ্গালুরুর রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ১৫৮ জন নিহত হয়।
    • ২০০০ সালের জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স এয়ার পাটনায় বিধ্বস্ত হয়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
    • ১৯৯৩ সালের এপ্রিলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ঔরঙ্গাবাদে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ায় ৫৫ জনের মৃত্যু হয়।
    • ১৯৯১ সালের আগস্ট মাসে কলকাতা থেকে আসা বোয়িং ৭৩৭ বিমান অবতরণের সময় ইম্ফলের কাছে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে উপস্থিত ৬৯জনের মৃত্যু হয়।

    সর্বশেষ দুর্ঘটনাটি বোয়িং ৭৮৭ এর সঙ্গে সম্পর্কিত প্রথম মারাত্মক ঘটনা।

  6. মরদেহ শনাক্ত করতে হাসপাতালে শোকাহত স্বজনহারাদের ভিড়

    আহমেদাবাদের সিভিল হাসপাতালের বাইরে শোকাহত পরিজনেরা।
    ছবির ক্যাপশান, আহমেদাবাদের সিভিল হাসপাতালের বাইরে শোকাহত পরিজনেরা।

    আহমেদাবাদের সিভিল হাসপাতালের পরিস্থিতি বৃহস্পতিবার তুলনায় অন্যরকম। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের ঘটনাস্থলের নিকটবর্তী এই হাসপাতালেই আনা হয়েছিল।

    বিবিসির সংবাদদাতা সামিরা হুসেন জানিয়েছেন, নির্মম বাস্তবতার প্রভাবে শুক্রবার হাসপাতাল চত্বরের চিত্র আলাদা।

    হাসপাতালে ভিড় করা ব্যক্তিরা জীবিতদের সন্ধান নয়, প্রিয়জনদের মৃতদেহ শনাক্ত করারজন্য অপেক্ষা করছেন, যে কাজটি যে কারো জন্যই যন্ত্রণাদায়ক।

    প্রতিবারই পোস্টমর্টেম রুম থেকে দেহ বের করে আনার সঙ্গে সঙ্গে তার পিছুপিছু ছুটছেন শোকাহত পরিবারের সদস্যরা।

    এদিকে, দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্ত করার জন্য তাদের পরিবারের সদস্যদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই।

    তবে হাসপাতালের জানানো হয়েছে, এতে সময় লাগবে।

  7. আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার বিমানে অস্বস্তিকর নিস্তব্ধতা - বিবিসি সংবাদদাতার চোখে

    “আজ সকালে যখন আমি ফ্লাইটে উঠলাম, তখন গতকালের দুর্ঘটনার কথা সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। আমার সহযাত্রী, ক্রু এমনকি গ্রাউন্ড স্টাফরাও কিছুটা উত্তেজিত ছিলেন,” বলেছেন বিবিসির সংবাদদাতা বিকাশ পাণ্ডে।

    এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিষয়ে কভার করতে শুক্রবার সকালে আহমেদাবাদ পৌঁছেছেন তিনি।

    এয়ার ইন্ডিয়ারই একটি বিমানে দিল্লি থেকে আহমেদাবাদ সফর করেছেন তিনি। সফরের সময়কালে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

    তিনি বলছেন, “এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের স্বাভাবিক রীতিতে উচ্ছল নমস্কার জানানোর রীতি কিছুটা হলেও বদলে গিয়েছে। আজ, নিঃশব্দে করজোড় করছিলেন তারা। হাত জোড় করে অভিবাদন জানানো ভারতীয় রীতি।”

    বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সহযাত্রীদের সকলের মাথাতেই ঘুরপাক খাচ্ছিল বৃহস্পতিবারের দুর্ঘটনার কথা।

    তিনি বলেছেন, “আমার পাশের যাত্রীরা এবং সামনের সারিতে থাকা যাত্রীরা দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলি নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন।“

    “এই ফ্লাইটে এয়ার ইন্ডিয়ার কিছু কর্মী ছিলেন - তাদের অনেকেই নিহতদের পরিবারকে সাহায্য করার জন্য আহমেদাবাদ যাচ্ছিলেন।“

  8. রাস্তায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ

    ভেঙ্গে পড়া বিমানটির একটি ডানা
    ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়া বিমানটির একটি ডানা

    আহমেদাবাদে উদ্ধার কাজ শেষের পরে বিমান ভেঙ্গে পড়ার কারণ খুঁজে বার করতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তদন্ত।

    ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন।

    তাই দুর্ঘটনাস্থলের চারপাশে প্রচুর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    এক জায়গায় পড়ে আছে বিমানটির একটি পুড়ে যাওয়া ডানা।

    তবে সাধারণ মানুষকে তো নয়ই, সাংবাদিকদেরও ওইসব ধ্বংসাবশেষের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।

    গতকালের থেকে আজ ভিড় নিয়ন্ত্রণ অনেকটা সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানাচ্ছেন বিবিসির বিকাশ পাণ্ডে।

    চারদিকে ছড়িয়ে রয়েছে বিমানের পোড়া ধ্বংসাবশেষ
    ছবির ক্যাপশান, চারদিকে ছড়িয়ে রয়েছে বিমানের পোড়া ধ্বংসাবশেষ
  9. বিমান বিধ্বংসের পরের সকালে আহমেদাবাদের কিছু ছবি

    প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন
    ছবির ক্যাপশান, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়া স্বজন

    বিমান ভেঙ্গে পড়ার পর থেকেই ঘটনাস্থলে রয়েছেন বিবিসির সংবাদদাতারা। রাতে এবং আজ সকালে বিবিসির আরও সংবাদদাতারা পৌঁছেছেন সেখানে। তারা যেমন সর্বশেষ আপডেট দিচ্ছেন, তেমনই পাঠাচ্ছেন ছবিও। তারই কিছু এখানে:

    ঠিক যেখানে বিমানটি ভেঙ্গে পড়েছিল - বিবিসির বিকাশ পাণ্ডের তোলা ছবি
    ছবির ক্যাপশান, ঠিক যেখানে বিমানটি ভেঙ্গে পড়েছিল - বিবিসির বিকাশ পাণ্ডের তোলা ছবি
    ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ চলছে সিভিল হাসপাতালে
    ছবির ক্যাপশান, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ চলছে সিভিল হাসপাতালে
    বিমানের যাত্রী এই পরিবারটি ছবি মোবাইলে দেখাচ্ছেন এক আত্মীয়
    ছবির ক্যাপশান, বিমানের যাত্রী এই পরিবারটি ছবি মোবাইলে দেখাচ্ছেন এক আত্মীয়
    উদ্ধার কাজ শেষ
    ছবির ক্যাপশান, উদ্ধার কাজ শেষ
  10. দুর্ঘটনাস্থলে এয়ার ইন্ডিয়ার সিইও উইলসন

    দুর্ঘটনাস্থলে এয়ার ইন্ডিয়ার সিইও।
    ছবির ক্যাপশান, দুর্ঘটনাস্থলে এয়ার ইন্ডিয়ার সিইও।

    এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন শুক্রবার সকালে গুজরাতের আহমেদাবাদে দুর্ঘটনার স্থল পরিদর্শন করেন।

    সাংবাদিকরা তাকে ঘিরে প্রশ্ন করলেও, তিনি সেখানে কোনও মন্তব্য করতে চাননি।

    এর আগে, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান উড়ান শুরু করার অল্পক্ষণের মধ্যে বিধ্বস্ত হওয়ার ঘটনায় মি. উইলসন “গভীর দুঃখ” প্রকাশ করেছিলেন।

    তিনি জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়া সব সময় "আমাদের যাত্রী, ক্রু সদস্য, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রয়োজনের দিকে নজর দিয়ে এসেছে”।

  11. গুজরাতে বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় তদন্ত শুরু

    ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছিয়েছেন
    ছবির ক্যাপশান, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছিয়েছেন

    ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে।

    আন্তর্জাতিক প্রোটোকল মেনেই এ তদন্ত হবে বলে জানানো হয়েছে।

    নিজের এক্স হ্যান্ডেলে মি. নায়ডু জানিয়েছেন, “এছাড়া সরকার একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। এই কমিটির কাজ হবে বিমান পরিবহন খাতের সুরক্ষা আরও কঠোর করা এবং ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে, তার দিকেও নজর দেওয়া।“

    শুক্রবার সকালেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছেন।

    ভারতের নিজস্ব তদন্ত ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ দল ভারতে রওনা হয়ে গেছে।

    তারা ভারতের তদন্তকে সহায়তা করার জন্যই আসছেন।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল গুজরাত রওনা হয়েছে তদন্তে সহায়তা করার জন্য।

  12. আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী।
    ছবির ক্যাপশান, বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সিভিল হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখাও করেন তিনি।

    প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সকালে আহমেদাবাদ পৌঁছে বিমানবন্দর থেকে সোজা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতির বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

    এরপর তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান এবং দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি।

    দুর্ঘটনার কবলে পড়া ওই এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি বিশোয়াস কুমার রমেশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।

    পাশাপাশি লোকালয়ে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যারা জখম হয়েছেন, তাদের সঙ্গেও দেখা করেছেন তিনি।

    মি. মোদীর সঙ্গে ছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। এর আগে, ঘটনার পর বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন অমিতাভ ভট্টশালী এবং রূপসা সেনগুপ্ত।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে।

  14. আহমেদাবাদে উদ্ধারকাজ শেষ, বিমানের ২৪১ নিহত, জীবিত এক

    হাসপাতালের সামনে কান্নায় ভেঙ্গে পড়ছেন নিহতদের পরিজনরা
    ছবির ক্যাপশান, হাসপাতালের সামনে কান্নায় ভেঙ্গে পড়ছেন নিহতদের পরিজনরা

    আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই।

    বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন, মৃত্যু হয়েছে ২৪১ জনের।

    উদ্ধার কাজও শেষ করার ঘোষণা দিয়েছে দেশটির অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

    তবে মোট কতজন মারা গেছেন তা সরকারিভাবে এখনও ঘোষণা করা হয় নি। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, গুজরাত সরকার সিদ্ধান্ত নিয়েছে সব দেহগুলির ডিএনএ পরীক্ষা করে তবেই নিশ্চিত ভাবে মৃতের সংখ্যা জানাবে তারা।

    যে হাসপাতালে দেহগুলি রাখা আছে, সেখানেই ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করছেন নিহতদের আত্মীয়-স্বজনরা।