গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা

ছবির উৎস, Getty Images
- Author, জান্নাতুল তানভী
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৭ মিনিট
জন্মনিয়ন্ত্রণ রোধে বা গর্ভনিরোধক হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু পদ্ধতি রয়েছে।
জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো হলো, খাবার বড়ি, কনডম, ইনজেকশন, টিউবেকটমি বা লাইগেশন, এনএসভি বা ভ্যাসেকটমি, ইমপ্ল্যান্ট এবং আইইউডি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, এসব পদ্ধতির মধ্যে ভ্যাসেকটমি বা এনএসভি পুরুষদের স্থায়ী পদ্ধতি ও টিউবেকটমি বা লাইগেশন মেয়েদের স্থায়ী পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আর অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্ল্যান্ট এবং আইইউডি।
তবে জন্মনিরোধক পদ্ধতি হিসেবে দেশে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো খাবার বড়ি, কনডম এবং ইনজেকশন।
কিন্তু এসব পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভ্রান্ত ধারণাও প্রচলিত রয়েছে।
যেমন: টিউবেকটমি বা লাইগেশন করালে নারীদের স্থায়ী বন্ধ্যাত্ব তৈরি হয় এবং ভেসেকটমি করলে পুরুষের যৌন ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।
আবার জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে, সন্তান জন্মদানের সক্ষমতা কমে যায় এমন ধারণাও রয়েছে।
একইসঙ্গে, কনডম ব্যবহারে যৌন আনন্দ কমে যায়, নারীদের জরায়ুতে আইইউডির মাধ্যমে যে কপার স্থাপন করা সেটি শরীরের অন্য অঙ্গে চলে যেতে পারে বা গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে মানুষের মাঝে এমন নানা ধারণা রয়েছে।
এই লেখায় ব্যাখ্যা করা হয়েছে গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে? এর পার্শ্বপ্রতিক্রিয়া কী?
জন্মনিরোধক পদ্ধতি নিয়ে এসব ধারণা কী আসলেই ভুল? কেন এগুলো ভুল ধারণা?
End of বিবিসি বাংলার অন্যান্য সংবাদ

জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে?
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এটি নারীদের জন্মনিরোধকের জন্য স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি।
বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় এবং বেশিরভাগ নারী এই পদ্ধতি ব্যবহার করছেন বলে উল্লেখ করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে।
বাংলাদেশে অনেক নারীই এমন ধারণা করেন যে, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে বা মোটা হয়ে যান।
তবে, চিকিৎসকরা বলছেন, এটি একটি ভ্রান্ত ধারণা এবং কোন গবেষণায় এই ধারণার প্রমাণ মেলেনি।
তারা বলছেন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে মেয়েরা মোটা হয়ে যায় এটি সঠিক নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওজন বাড়ে।
শরীরে জলীয় পদার্থ জমে যাওয়ার কারণে এই ওজন বৃদ্ধি হয়।
আর পিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় এই জলীয় পদার্থ জমে যায়। যা আবার কয়েক মাসের মধ্যে চলেও যায় বলে তারা জানান।
হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক কিশোয়ার লায়লা বিবিসি বাংলাকে বলেছেন, "আগে পিল খেলে মোটা হতো এমন ধারণা ছিল। কিন্তু সেটা সঠিক ছিল না। আবার এখন আধুনিক যেসব লাইট পিল পাওয়া যায় সেসব খেলে মোটা হয় এটাও ঠিক না। অর্থাৎ পিলের জন্য মোটা হয় এ তথ্য সঠিক নয়।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক অধ্যাপক রেজাউল করিম কাজল জানান, শুরুর দিকের পিলগুলোতে যে হরমোন ব্যবহার করা হতো, তাতে ক্ষুধা বাড়তো, শরীরে কিছুটা পানিও জমাতো, তাই ওজন বাড়তো।
"কিন্তু বর্তমানে প্রচলিত পিলগুলো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের পিলগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে" বলেন মি. কাজল।
অধ্যাপক কাজল জানান, এই প্রজন্মের পিলগুলো বরং রক্তের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
এছাড়া মাসিক নিয়মিতকরণসহ নারীদের বিভিন্ন রোগের চিকিৎসায় মুখে খাওয়ার পিল ব্যবহার করা হয় বলে জানান চিকিৎসকরা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে, জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিকে কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই পদ্ধতির সাফল্যের হার বাংলাদেশে শতকরা ৯৭ থেকে ৯৯ ভাগ বলে জানিয়েছে এই অধিদপ্তর।
একইসঙ্গে, সহজলভ্য ও ব্যবহার পদ্ধতি সহজ হওয়ায় যে কোনো সময়ে এই পদ্ধতি পরিবর্তন করে অন্য পদ্ধতি ব্যবহার করা যায়।
তবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে, এই পদ্ধতির কিছু অসুবিধার কথাও উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে, যোনীপথের পিচ্ছিলতা কমে যাওয়ার শঙ্কা, বুকের দুধ কমে যাওয়ার শঙ্কাও কথা বলছে এই অধিদপ্তর।
একইসঙ্গে, প্রতিদিন নিয়মিত খেতে হয় বলে নারীরা একে ঝামেলা মনে করেন এবং মাসিকের পরিমাণ কম হয় বলে দুশ্চিন্তায় ভোগেন নারীরা।
জন্মনিয়ন্ত্রণ বড়ি সন্তান ধারণ ক্ষমতা কমায়?
ঢাকায় একটি ব্যাংকের কর্মকর্তা শাহেলা নাজনীন বলছিলেন, প্রথম সন্তান জন্মদানের পর লম্বা বিরতিতে পরবর্তী সন্তান নেওয়ার পরিকল্পনা করেন।
কিন্তু দীর্ঘস্থায়ী জন্মনিরোধক পদ্ধতি গ্রহণ না করে চিকিৎসকের পরামর্শ ছাড়াই প্রায় চার বছর খাবার বড়ি খেয়েছেন।
পরবর্তীতে যখন গর্ভধারণের চেষ্টা করেন তখন বারবার ব্যর্থ হচ্ছিলেন বলে জানান তিনি।
"আমরা দ্বিতীয় বাচ্চার জন্য পরে অনেক চেষ্টা করলাম কিন্তু কনসিভ করলাম না। পরে ডাক্তারের কাছে গিয়েছি। তিনি বেশ কিছু পরীক্ষা করতে দিলেন। পরে জানা গেল আমার জরায়ুতে অনেক বড় বড় কয়েকটা সিস্ট হইছে, ডাক্তার অনেক বকছে কেন নিজে নিজে পিল খাইছি" বলছিলেন মিজ নাজনীন। এটি তার ছদ্মনাম।
তবে, জন্মনিয়ন্ত্রণ বড়ি সন্তান জন্মদানের সক্ষমতায় প্রভাব ফেলে না বলে জানান চিকিৎসকরা।
পিল বন্ধ করার পর হয়তো পিরিয়ড শুরু হতে দেরি হয় কিন্তু ফার্টিলিটি বা প্রজনন সক্ষমতা আবার ফিরে আসে।
অধ্যাপক রেজাউল করিম কাজল বিবিসি বাংলাকে বলছিলেন, "তৃতীয় ও চতুর্থ এই দুই প্রজন্মের পিল দীর্ঘদিন ব্যবহার করলেও ভবিষ্যতে সন্তান ধারণের উপর কোনো প্রভাব ফেলে না।"
তবে, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা নারীদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া থেকে বিরত থাকা বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার বিষয়ে গুরুত্ব দেন।
কোনো কোনো ক্ষেত্রে নারীদের জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনে নিরুৎসাহিত বা সতর্কতা অবলম্বন করা হয় বলে জানান চিকিৎসকরা।
যেমন: ৪০ বছরের বেশি বয়স হলে, যোনিপথের রক্তক্ষরণ, রক্তে অধিক কোলেস্টেরলের মাত্রা রয়েছে এমন সব ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার বিষয়ে বাধা রয়েছে।
এছাড়া, রক্তনালীর বা রক্ত জমাট বাঁধাজনিত রোগে আক্রান্ত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, ব্রেস্ট ক্যানসার, লিভারের রোগ, জন্ডিস বা ক্যানসার, আগে স্ট্রোক হয়েছে বা হার্টের রোগ আছে তাদের জন্যও খাবার বড়ি সেবনে বাড়তি সতর্কতা নিতে পরামর্শ দিয়ে থাকেন গাইনি চিকিৎসকরা।
আর বড় কোনো অপারেশনের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নারীদের পিল খাওয়া শুরু বা বন্ধ রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন চিকিৎসকরা।

ছবির উৎস, Getty Images
কনডম ব্যবহার যৌন আনন্দ কমায়?
বাংলাদেশে এই পদ্ধতি মূলত পুরুষদের জন্য একটি অস্থায়ী জন্মনিরোধক পদ্ধতি হিসেবে প্রচলিত।
বাংলাদেশে এটি মূলত পুরুষদের ব্যবহারের পদ্ধতি বিধায় নারীকে কোনো পদ্ধতি ব্যবহার করতে হয় না এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে।
চিকিৎসকরা বলছেন, কনডম ব্যবহার শুক্রানু ও ডিম্বানুর মিলনকে বাধা দিয়ে জন্মরোধ করে থাকে।
একইসঙ্গে, যৌনবাহিত রোগ ও এইচআইভি বা এইডস প্রতিরোধে কনডম সহায়তা করে থাকে।
তবে এটি ব্যবহার করলে যৌন আনন্দ কমে যায় এমন বিষয়টি অনেকটা মানসিক বলে মনে করেন চিকিৎসকরা।
তারা বলছেন, কনডম তৈরিতে এক ধরনের লুব্রিকেন্ট থাকে যেটি যৌন আনন্দ বাড়াতে সহায়তা করে।
তবে, বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে কনডম ব্যবহারের অসুবিধার কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সঠিকভাবে ব্যবহার না করলে কনডম ছিঁড়ে যেতে পারে।
একইসঙ্গে, কনডম ব্যবহারে অনেকে পূর্ণ যৌনতৃপ্তি নাও পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে।

ছবির উৎস, Charles Milligan via Getty Images
ইমারজেন্সি পিলে গর্ভপাতের সম্ভাবনা রয়েছে?
ইমারজেন্সি পিল বা আইপিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকেই ধারণা করে থাকেন।
এই পিলও নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, মুখে খাবারের একটি বড়ি।
সাধারণভাবে চিকিৎসকরা যেসব পিল খাওয়ার পরামর্শ দেন তার সাথে ইমারজেন্সি পিল বা আইপিলের পার্থক্য রয়েছে। কেননা আইপিল সহবাসের ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়।
চিকিৎসকরা বলেছেন, ইমার্জেন্সি পিল এস্ট্রোজেন হরমোন নির্ভরশীল পিল।
বিভিন্ন সময় বিশেষ পরিস্থিতি যেমন - কনডম ছাড়া যৌন মিলন, কনডম ফেটে যাওয়া, ধর্ষণের শিকার ইত্যাদি ক্ষেত্রে গর্ভধারণ ঠেকাতে ইমারজেন্সি পিল কার্যকর উপায়।
আইপিলের ক্ষেত্রে একটি ট্যাবলেট একবার বা ১২ ঘণ্টা অন্তর দুই ডোজে ব্যবহার করতে হয়। পিল অবশ্যই অরক্ষিত যৌন মিলনের পাঁচ দিনের মধ্যে ব্যবহার করতে হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উর্মিলা মজুমদার বিবিসি বাংলাকে বলেন, সাধারণ পিলের সাথে ইমারজেন্সি পিলের পার্থক্য হলো - শারীরিক সম্পর্ক হোক বা না হোক কেউ যদি জন্মনিরোধ করতে চায় - তবে সে রেগুলার পিল খাবে।
যখন কেউ জন্মনিরোধক পদ্ধতি নেয়নি, কিন্তু শারীরিক সম্পর্কের ফলে গর্ভধারণের সম্ভাবনা আছে সেক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে ইমারজেন্সি পিল বা আইপিল খেতে পরামর্শ দেয়া হয়ে থাকে বলে জানান তিনি।
কিন্তু যদি কেউ গর্ভবতী হয় তাহলে এটা ব্যবহার করবে না, এই অবস্থায় ব্যবহার করলে কোন ফল পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান চিকিৎসকরা।

ছবির উৎস, Zentangle via Getty Images
লাইগেশন করালে নারীদের স্থায়ী বন্ধ্যাত্ব তৈরি হতে পারে?
টিউবেকটমি বা লাইগেশন নারীদের জন্য জন্মনিরোধকের স্থায়ী দীর্ঘমেয়াদী একটি পদ্ধতি।
যে সকল সক্ষম দম্পতির দুইটি জীবিত সন্তান আছে এবং ছোট সন্তানের বয়স কমপক্ষে এক বছর পার হয়েছে এমন ক্ষেত্রে বাংলাদেশে নারীদের এই লাইগেশন করা হয়।
কিন্তু অনেক নারীই মনে করেন লাইগেশন করলে স্থায়ী বন্ধ্যাত্ব তৈরি হয়।
যদিও এটি ভুল ধারণা বলে জানান চিকিৎসকরা।
প্রসবের পর সাতদিনের মধ্যে টিউবেকটমি করা নিরাপদ ও সুবিধাজনক এবং এই পদ্ধতির কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে উল্লেখ করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে।
একইসঙ্গে, এই পদ্ধতি অবলম্বন করলে পূর্বাবস্থায় ফিরে যাওয়া যায় না বলেও উল্লেখ করা হয়েছে সরকারি এই ওয়েবসাইটটিতে।
ইনজেকশন, ইমপ্ল্যান্ট, আইইউডির প্রতি আগ্রহ কম কেন?
ইনজেকশন, ইমপ্ল্যান্ট, আইইউডি বা কপার টি স্থাপনের মত দীর্ঘমেয়াদী জন্মনিরোধক বিভিন্ন পদ্ধতির প্রতি বাংলাদেশের দম্পতিদের আগ্রহ কম।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২০২২ সালে পাঁচ বছরের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পেয়েছিল।
এসব পদ্ধতি ব্যবহার করে তিন মাস থেকে ১০ বছর পর্যন্ত গর্ভধারণে বিরতি নেওয়া যায়।
কিন্তু এমন পদ্ধতিগুলোতে নানা অসুবিধা মানুষের মাঝে বেশ ভ্রান্ত ধারণার জন্ম দেয়।
ঋতুস্রাবের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজে দেয় না?
জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও অবিবাহিত ও বিবাহিত নারীদের অনিয়মিত মাসিক, মাসিকের সাথে অতিরিক্ত রক্তস্রাব, মাসিকের সময় তলপেটে ব্যথা, মুড সুইংসহ নানা রোগের চিকিৎসায় জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।
এছাড়া এনডোমেট্রিওসিস, ডিম্বাশয়ের সাধারণ ছোট খাটো সিস্ট, বন্ধ্যাত্ব চিকিৎসায় নির্দিষ্ট সময় মাসিক ঘটানো, যে কোনো অপারেশন ও চিকিৎসার জন্য নির্ধারিত সময় পর্যন্ত মাসিক বন্ধ রাখা ইত্যাদি বিভিন্ন কারণে পিল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
তবে, নিয়মিত পিল ব্যবহারকারীদের মাসিকের সমস্যা হয় এমন ধারণা রয়েছে অনেকের মনে।
যদিও চিকিৎসকরা বলছেন, এ ধারণা যথার্থ নয়।
হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক কিশোয়ার লায়লা বলেন, পিরিয়ড বা মাসিকের সমস্যা সমাধানের জন্য অনেক সময় পিল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে অধ্যাপক কিশোয়ার লায়লার পরামর্শ এরকম, একটানা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া যাবে না। কিছু সময় বিরতি দিয়ে পিল খেতে পরামর্শ দেওয়া হয়।
হয়তোবা ছয় মাস খাবে এরপর দুই মাস অন্য পদ্ধতি নিবে আবার ছয় মাস খাবে। এভাবে পরামর্শ দেওয়া হয়।









