নোবেল শান্তি পুরস্কার পেলেন জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই

Published
পড়ার সময়: ৪ মিনিট

জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

নোবেল কমিটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ওই বিচারককে "শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে তার প্রচেষ্টার জন্য" স্বীকৃতি দেওয়া হয়েছে, যা "আরও ব্যাপক একটি বৈশ্বিক আইনি ব্যবস্থার" পথ প্রশস্ত করেছে।

৮৫ বছর বয়সী পিল্লাই তার কয়েক দশক দীর্ঘ কর্মজীবনে রুয়ান্ডা, মিয়ানমার ও গাজাসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন।

তার প্রাথমিক কাজের মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী কর্মীদের পক্ষ সমর্থন করা, এবং শুক্রবার তিনি নেলসন ম্যান্ডেলা ও আর্চবিশপ ডেসমন্ড টুটুর পদাঙ্ক অনুসরণ করে দেশটির পঞ্চম শান্তি পুরস্কার বিজয়ী হন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, "যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পিল্লাইয়ের কাজ অপরিহার্য ভূমিকা পালন করেছে"

"সার্বজনীন আইনি নীতির প্রতি নাভি পিল্লাইয়ের অঙ্গীকার এবং তার দৃঢ় নৈতিক দিকনির্দেশনা তার দীর্ঘ কর্মজীবনে অপরিবর্তনীয় থেকেছে," তিনি বলেন।

অস্তিত্বের সংকটের এই সময়ে—যেখানে বিশ্বে দীর্ঘকালের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ ও সংঘাত চলছে—আন্তর্জাতিক আইন আর শান্তি ও নিরাপত্তার কেবল একটি পরিপূরক নয়। এটি একটি অপরিহার্য প্রয়োজন।

ফ্রাইডনেস বলেন, কমিটি পিল্লাইকে আগে থেকে তার জয়ের খবর জানাতে পারেনি, "তাই তার প্রতি আমার বার্তা হলো, 'যদি কোনো নরওয়েজীয় নম্বর থেকে ফোন আসে, অনুগ্রহ করে ফোনটা ধরবেন'।"

এর কিছুক্ষণ পরেই, পিল্লাই এই খবরের প্রতিক্রিয়ায় বলেন, "এটা নিশ্চয়ই একটা রসিকতা", এবং যারা তাকে অভিনন্দন জানাতে জড়ো হয়েছিলেন তাদের ধন্যবাদ জানান।

"আপনারা আরেকটু বেশি হাততালি দিলে আমি হয়তো এই পুরস্কারটি ট্রাম্পের সাথে ভাগ করে নেব," তিনি রসিকতা করে বললেন।

গত বছরের বিজয়ী, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টকে তার পদকটি দিয়েছিলেন "আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ"।

নাভানেথেম 'নাভি' পিল্লাই দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যমূলক শাসনের সময় ডারবানের একটি দরিদ্র ভারতীয় অধ্যুষিত এলাকায় একজন বাসচালকের কন্যা হিসেবে বেড়ে ওঠেন।

তিনি ১৯৬৭ সালে নাটাল প্রদেশে প্রথম মহিলা হিসেবে আইন পেশা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দেশের উচ্চ আদালতে নিযুক্ত প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা হন।

পিল্লাই জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠিত রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, যা ১৯৯৪ সালের গণহত্যার ওপর কেন্দ্র করে গঠিত হয়েছিল, যে ঘটনায় আট লাখ মানুষ নিহত হয়। তিনি এর সভাপতি হিসেবেও চার বছর দায়িত্ব পালন করেন।

২০২১ থেকে ২৫ সাল পর্যন্ত তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্ব করেন—এটি জাতিসংঘের মানবাধিকার পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি তথ্য অনুসন্ধানকারী সংস্থা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে।

কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয় যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট তাদের বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে "গণহত্যা সংঘটনে উসকানি" দিয়েছেন।

তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেলটি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি এবং তাদের কোনো আইনি কর্তৃত্ব ছিল না।

ইসরায়েল এর অনুসন্ধানগুলো প্রত্যাখ্যান করেছে এবং কমিশনের তিন সদস্যকে 'হামাসের দালাল' হিসেবে কাজ করার জন্য অভিযুক্ত করেছে।

শুক্রবার পিল্লাইয়ের পুরস্কারের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি "ইসরায়েল-বিরোধী ঘৃণা ও বিদ্বেষকে বৈধতা দেওয়ার জন্য একটি পুরস্কারের জঘন্য অস্ত্রায়ন"।

এক বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েলের বিরুদ্ধে অবিরাম, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং গণহত্যার মিথ্যাচার প্রচারে তার ভূমিকা অনেক কিছুই বলে দেয়।"

ফ্রাইডনেস বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা গণহত্যার শামিল কি না, সে বিষয়ে নোবেল সংস্থা কোনো পক্ষ নিচ্ছে না।

গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি মামলায় পিল্লাই বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিয়ানমার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে এবং জানুয়ারিতে একজন সরকারি প্রতিনিধি আদালতে বলেছেন যে এই অভিযোগটি "ভিত্তিহীন"।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, পিল্লাইয়ের এই স্বীকৃতি "এই কথারই পুনঃনিশ্চয়তা যে, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার এবং জবাবদিহিতা শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিসহ সবকিছুর জন্য মৌলিক।"

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন, তিনি ছিলেন "বর্ণবাদবিরোধী কর্মীদের একজন অগ্রণী প্রতিরক্ষা আইনজীবী" যিনি "মানব মর্যাদা সমুন্নত রাখতে এবং দক্ষিণ আফ্রিকা ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে আশা জাগাতে" কাজ করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, পিল্লে যখন পুরস্কার জেতার খবরটি পান, তখন তিনি তার সাথেই ছিলেন এবং এই পুরস্কারের জন্য তাকে একজন “অনুপ্রেরণাদায়ক পছন্দ” বলে অভিহিত করেছেন।

"এমন এক সময়ে যখন আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার উভয়ই আক্রমণের শিকার, যখন বহু রাষ্ট্রই এগুলোকে অন্তঃসারশূন্য করার চেষ্টা করছে, তখন তার নোবেল শান্তি পুরস্কার এর চেয়ে ভালো সময়ে আর আসতে পারত না," তিনি বলেন।