রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, বিশ্বের অন্যান্য গণহত্যার বিচার কীভাবে হয়েছে?

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৮ মিনিট

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করবে।

বৃহস্পতিবার হেগের স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া জাতিসংঘে সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-তে এই অভিযোগ দায়ের করেছিল।

গাম্বিয়ার এই অভিযোগ দায়েরের পরের বছর জানুয়ারিতে আইসিজে একটি অভ্যন্তরীণ রায় দিয়েছিল। সেই রায়ে রাখাইনের অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়াসহ আরো কিছু আদেশ দেওয়া হয়েছিল।

এরও প্রায় সাত বছর পর রোহিঙ্গা গণহত্যা অভিযোগে গাম্বিয়ার করা ওই মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে আদালত। জাতিসংঘের এই বিচার আদালতের এই রায় ঘিরে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয় বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মানুষেরও আগ্রহ রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে সত্যিকার অর্থে কতটা বিচার প্রতিষ্ঠা পাবে সেটা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, "এটুকু বলতে পারি এই রায়ে তো কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা যাবে না। এখানে কোনো দণ্ড হবে না। শুধু তারা একটা ঘোষণা দিতে পারে"।

এর আগেও বিশ্বের ইতিহাসে জাতিগত নিধন, আন্তর্জাতিক গণহত্যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিচার হয়েছে। তবে, এর সবগুলো যে আন্তর্জাতিক বিচার আদালতে হয়েছে কিংবা সেগুলোর সবগুলোর সাজা যে একই ধরনের হয়েছে বিষয়টি এমন নয়।

বিশ্বের এমন বেশ কয়েকটি গণহত্যার ঘটনা রয়েছে সেগুলোতে নানা ধরনের সাজা হয়েছিল। এবং সেগুলো ভিন্ন ভিন্ন আদালতে হয়েছিল। সেগুলোর তথ্য বিবিসি বাংলার পাঠকদের কাছে তুলে ধরা হলো।

জার্মানির হলোকাস্ট ও বিচার

১৯৩৩ সালে যখন নাৎসিরা জার্মানিতে ক্ষমতায় আসে, তারা ইহুদিদের সমস্ত সম্পদ, স্বাধীনতা এবং আইনগত অধিকার থেকে বঞ্চিত করতে শুরু করে।

১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণ এবং দখলের পর, নাৎসিরা তৃতীয় রাইখ থেকে ইহুদিদের পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করে, ইহুদিদের অন্যান্য জনগণ থেকে আলাদা করার জন্য।

১৯৪১ সালে, সোভিয়েত ইউনিয়নে জার্মান আক্রমণের সময় থেকেই নাৎসিরা তাদের গণহত্যা অভিযান শুরু করে। নাৎসিরা তাদের আক্রমণকে একটি জাতিগত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিল, যা জার্মানি এবং ইহুদিদের পাশাপাশি স্লাভিক জনগণ এবং রোমাদের বিরুদ্ধেও ছিল।

জার্মান সৈন্যদের একটি দল, যাদের নাম ছিল আইনজাৎসগ্রুপেন। তারা পূর্ব ইউরোপের দখলকৃত অঞ্চলে পৌঁছে নিরীহ মানুষদের গণহত্যা শুরু করে। ১৯৪১ সালের শেষে তারা ৫০০,০০০ মানুষকে হত্যা করেছিল এবং ১৯৪৫ সালের মধ্যে এ সংখ্যা ২০ লাখে পৌঁছায়, যার মধ্যে ১৩ লাখই ছিল ইহুদি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫–১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়। এই আদালতের বিচারকাজ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা বিচারকেরা।

নুরেমবার্গ আদালতে বিচারকার্য চলে প্রায় ২১৮ দিন ধরে। হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র। এর সঙ্গে সংযুক্ত করা হয় প্রায় দুই লাখ সাক্ষ্যসহ লিখিত অভিযোগপত্র। আড়াই হাজার পাতার প্রটোকল নথিপত্রের সাহায্যে তুলে ধরা হয়।

অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন ১৯৪৬ সালের পহেলা অক্টোবর। এই দিন নুরেমবার্গ আদালতের রায় ঘোষণা করা হয়। শীর্ষ সাতজন নাৎসি আসামিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, ১২ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। বেকসুর খালাস পান মাত্র তিনজন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ছিলেন হ্যারমান গ্যোয়েরিং, যিনি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।

পরবর্তী সময়ে নুরেমবার্গ ট্রায়াল থেকেই আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের জন্ম হয়।

আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই বিচার হয়েছিল নুরেমবার্গ বিচার ট্রাইব্যুনালে। সেখানে হিটলার এবং নাৎসি পার্টি তারা যে যুদ্ধাপরাধ করেছিল সেটার বিচার হয়েছিল।

কম্বোডিয়ার গণহত্যা

কম্বোডিয়ার গণহত্যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রায় চার বছর খেমার রুজ নামের একটি কমিউনিস্ট শাসকগোষ্ঠী দেশটি শাসন করে।

কম্বোডিয়ার যে কমিউনিস্ট পার্টি পার্টিকে খেমার রুজ বলা হতো। তাদের নেতা ছিলেন পল পট।

১৯৭৫ থেকে ১৯৭৯ এই চার বছর ধরে ক্যাম্বোডিয়ার মাওবাদী পলপট সরকারের সময় দেশজুড়ে তৈরি হয়েছিল অনাহার, নিপীড়ন আর রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করে বেপরোয়া হত্যাকাণ্ডের এক ত্রাসের রাজত্ব। খেমার রুজের শিকার হয়েছিলেন বুদ্ধিজীবী, সংখ্যালঘু, সাবেক সরকারি কর্মকর্তা আর তাদের পরিবারের সদস্যরা।

এই সময়ে হত্যা, নির্যাতন, অনাহার, জোরপূর্বক শ্রম এবং রোগে আক্রান্ত হয়ে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ মানুষের মৃত্যু হয়। শহর থেকে লোকজনকে উঠিয়ে দিয়ে তাদের জোর করে গ্রামে নিয়ে গিয়ে চাষবাস করতে বাধ্য করা হয়েছিল। অনেকে অনাহার অর্ধাহারের মধ্যে মারা গিয়েছিলেন।

১৯৭৯ সালে খেমার রুজ সরকারের পতনের পর কম্বোডিয়া সরকার জাতিসংঘের কাছে বিচারের জন্য সহযোগিতা চায়। খেমার রুজ সরকারের পতনের পর বিচার শুরু করতে কয়েক বছর সময় লেগেছে।

১৯৯৯ জাতিসংঘের বিশেষজ্ঞ দল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুপারিশ করে। কম্বোডিয়ার পার্লামেন্ট বিশেষ আদালত প্রতিষ্ঠার আইন পাস করে। আদালতের বিচারক ও প্রসিকিউটররা দায়িত্ব গ্রহণ করেন।

আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, ওই আদালতটি ছিল একটি বিশেষ ধরনের যৌথ আদালত বা হাইব্রিড আদালত। কম্বোডিয়ার নিজস্ব আইনের অধীনে আদালতটি প্রতিষ্ঠিত হলেও সেখানে আন্তর্জাতিক বিচারকদেরও অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

সেই মামলার রায় হয় ২০১৮ সালে। সেই খেমার রুজের সরকারের প্রধান পলপটের দু-নম্বর লোক ছিলেন নওুন চিয়া, আর রাষ্ট্রপ্রধান ছিলেন খিউ সাম্পান। ক্যাম্বোডিয়ায় জাতিসংঘ সমর্থিত এই আদালত খেমার রুজের দুই শীর্ষ নেতাকে গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

তবে বিচার কাজ শেষ হওয়ার আগেই খেমার রুজের শীর্ষ নেতা পল পট ১৯৯৮ সালে মারা যান।

মি. আলম বলছিলেন, "ওই আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে তারপর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল শীর্ষ নেতাদের। এই বিচার প্রক্রিয়াও ছিল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে।''

রুয়ান্ডার গণহত্যা

পঁচিশ বছর আগে ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে রুয়ান্ডায় ৮ লাখ মানুষ হত্যা করেছিল হুতু চরমপন্থীরা। তাদের শিকার ছিল সংখ্যালঘু টুটসি সম্প্রদায়ের মানুষজন, যারা ছিল তাদের রাজনৈতিক প্রতিপক্ষও।

রুয়ান্ডার বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশই হুতু, কিন্তু দীর্ঘদিন ধরে টুটসিরা দেশটির শাসন ক্ষমতায় ছিল। ১৯৫৯ সালে টুটসি রাজতন্ত্র উচ্ছেদ করে হুতুরা। তখন হাজার হাজার টুটসি প্রতিবেশী যেসব দেশে পালিয়ে যায়, তার মধ্যে রয়েছে উগান্ডাও।

১৯৯৪ সালের ৮ই এপ্রিল রাতে তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন নটারিয়ামিনা, যাদের দুজনেই হুতু সম্প্রদায়ের, বহনকারী বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা সব যাত্রী মারা যান।

এই ঘটনার জন্য আরপিএফকে দায়ী করে হুতু চরমপন্থীরা এবং খুব তাড়াতাড়ি মানব হত্যার একটি সুপরিকল্পিত কর্মযজ্ঞ শুরু করে।

আরপিএফের দাবি ছিল, ওই বিমানটিকে গুলি করেছে হুতুরাই, যাতে তারা গণহত্যার একটি অজুহাত তৈরি করতে পারে। অতি সতর্কতার সঙ্গে বিরোধী পক্ষের সরকারি কর্মকর্তাদের তালিকা মিলিশিয়াদের হাতে তুলে দেয়া হয় এবং তারা গিয়ে তাদের সবাইকে পরিবারের সদস্যদের সহ হত্যা করে।

প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা মৃত্যুর পর মাত্র ১০০ দিনে রুয়ান্ডায় হত্যা করা হয় প্রায় আট লাখ মানুষকে।

১৯৯৪ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলা ওই নৃশংসতা পরিচিত 'রুয়ান্ডা গণহত্যা' নামে। এ সময় নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন দেশটির টুটসি সম্প্রদায়ের মানুষ। আর গণহত্যাটা চালিয়েছিল মূলত হুতু সম্প্রদায়।

১৯৯৪ সালের অক্টোবরে রুয়ান্ডার গণহত্যার জন্য তানজানিয়ায় গঠন করা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর)। ১৯৯৫ সালে গণহত্যায় জড়িত সন্দেহে রুয়ান্ডার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তাব্যক্তিকে অভিযুক্ত করে আইসিটিআর।

তবে এই বিচারপ্রক্রিয়া ছিল বেশ জটিল। কারণ, হত্যাকাণ্ডের জড়িত অনেকের সম্পর্ক বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছিল না। এরপর প্রায় ১৫ বছর ধরে গণহত্যার বিচারকাজ চলে। শেষ পর্যন্ত ২০০৮ সালে রুয়ান্ডার সাবেক তিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে বিচার শেষ হয়।

বসনিয়া ও স্রেব্রেনিৎসা গণহত্যা

স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে, বলকান গৃহযুদ্ধের সময়। বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর এবং তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।

১৯৯০ এর দশকের শুরুতে বলকান যুদ্ধ যখন শুরু হলো, তখন একটানা তিন বছর আট মাস ধরে বসনিয়ার সারায়েভো ছিল এক অবরুদ্ধ শহর।

বসনিয়ার যুদ্ধে বসনীয় সার্ব বাহিনীর বিরুদ্ধে বসনীয় মুসলিম জনগোষ্ঠীকে হত্যা ও জোরপূর্বক বিতাড়নের অভিযোগ ওঠে। ১৯৯৫ সালের জুলাইয়ে স্রেব্রেনিৎসায় প্রায় ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় গণহত্যা আর হয় নি। তবে বসনিয়ার যুদ্ধে ছিল আরও একটি পক্ষ। এই ত্রিমুখী লড়াইয়ে সার্বিয়ান এবং মুসলিমরা ছাড়াও জড়িয়ে পড়েছিল ক্রোয়েশিয়ানরাও।

মুসলিম পুরুষ এবং বালকদের বেছে বেছে আলাদা করে হত্যা করা হয়, তারপর তাদের গণকবর দেয়া হয়।

পরে সেই মামলার বিচারও হয়েছিল আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ম্লাদিচের বিচারের সময় কৌঁসুলিরা বলেছিলেন, বসনিয়া থেকে বসনিয়ান মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করার যে ঘৃণ্য পরিকল্পনা নেয়া হয়েছিল, সার্ব বাহিনী ভিআরএস এর অধিনায়ক হওয়ার মাধ্যমে তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন জেনারেল ম্লাদিচ।

বলকান যুদ্ধের গণহত্যার এবং অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগে এর আগে সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট স্লোবোডান মিলোসেভিচকেও বিচারের মুখোমুখি করা হয়েছিল। কিন্তু ২০০৬ সালে বিচার শেষ হওয়ার আগেই তিনি কারাবন্দী অবস্থায় মারা যান।

রোহিঙ্গা গণহত্যা: মামলা থেকে রায়

বিশ্বের ইতিহাসে জাতিগত নিধন ও আন্তর্জাতিক গণহত্যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিচার হয়েছে। এসব বিচারে শুধু সরাসরি হত্যাকারী নয়, বরং রাষ্ট্রপ্রধান, সামরিক কমান্ডার, রাজনৈতিক নেতা, সেনা কর্মকর্তা এবং গণহত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের মুখোমুখি করা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যে অভিযোগ এনেছে গাম্বিয়া, সেটি আনা হয়েছিল অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ওআইসি'র পক্ষ থেকে।

অভিযোগে গাম্বিয়া বলেছে, রোহিঙ্গাদের উপর নৃশংস সামরিক অভিযান চালানোর মাধ্যমে ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের মানবাধিকার সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।

বিশ্লেষকরা বলছেন, গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি বিধানের বিষয়ে ১৯৪৮ সালে জাতিসংঘের গৃহীত 'ইউএন কনভেনশন অব দ্যা প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্যা ক্রাইম অব জেনোসাইড' হল এই গণহত্যার বিচারের আন্তর্জাতিক দলিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, "গণহত্যার সংজ্ঞা, অপরাধের ধরন এবং এর শাস্তি নির্ধারণের ক্ষেত্রে এই কনভেনশনই আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। বিশ্বের বিভিন্ন স্থানে গণহত্যার বিচারপ্রক্রিয়ায় এই কনভেনশনের সংজ্ঞা ও বিধান অনুসরণ করা হয়েছে"।

ওই মামলায় মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য দায়ী ঘোষণা এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়।

২০২০ সালে অন্তর্বর্তী রায়ের প্রায় সাড়ে ছয় বছর পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল শুনানি শেষ হয়। শুনানিতে গাম্বিয়া ও মিয়ানমারের আইনজীবীরা নিজেদের যুক্তি এবং বিভিন্ন তথ্যপ্রমাণ উপস্থাপন করেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মতে, গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক সনদ আছে ১৯৪৮ সালের, সেই সনদটা ইন্টারন্যাশনাল ল'র একটি মূল অংশে পরিণত হয়েছে।

প্রশ্ন হচ্ছে, আইসিজে কি এখন মিয়ানমারকে বিচারের আওতায় আনতে পারবে?

মি. জিয়াউদ্দিনের মতে, আইসিজে'র সামনে হাজির হওয়ার জন্য সার্বভৌম দেশ হিসেবে মিয়ানমার বাধ্য নয়। আইসিজে'র সে ক্ষমতাও নেই।