আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গোপালগঞ্জে এমপির হাসপাতালে ভাঙচুর-আগুন, নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত

গোপালগঞ্জে বিএনপির এমপির মালিকানাধীন হাসপাতালে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আর নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেছে।

সরাসরি কভারেজ

রিপোর্ট করেছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. বুধবার সারা দিন যা যা ঘটেছে:

    • নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
    • গোপালগঞ্জে বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া কাশিয়ানিতে 'জয় বাংলা' স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
    • নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ।
    • জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতোই দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে দল-মত নির্বিশেষে একমঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
    • চীনে ট্রাম্প, পুতিন ও শি'কে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
    • ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    • ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    • বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা ও গাজীপুরে বুধবারও রাস্তায় নামে তৈরি পোশাক শ্রমিকরা। বেশ কয়েক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।
    • আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    • বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের দিকে এগিয়ে না এলেই এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
    • বাংলাদেশ প্রায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে দু'টি।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. নড়াইলে আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত, বলছে পুলিশ

    নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

    নিহতদের মধ্যে একজনের নাম শাহিন এবং আরেকজনের নাম সোহেল বলে জানিয়েছে পুলিশ।

    এর মধ্যে শাহিন উপজেলা কৃষক দলের এবং সোহেল উপজেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা বলে জানা যাচ্ছে।

    প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।

    মিছিল শেষে ফেরার পথে সন্ধ্যায় ওই দুই বিএনপি নেতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    "তারা দু'জন একই মোটরসাইকেলে ছিলেন। মিছিলের বাকি লোকজন আগেই চলে গিয়েছিল। তারা পেছনে পড়ে গিয়েছিল। সন্ধ্যায় তাদেরকে আলাদা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়," বলেন মি. মালাকার।

    পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  3. গোপালগঞ্জে এমপি বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা

    গোপালগঞ্জে এমপি এসএম জিলানীর বাড়িতে মঙ্গলবার আগুন দেওয়ার পর বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    বুধবার সন্ধ্যার জেলা শহরের থানাপাড়া এলাকার ওই হাসপাতালে হামলার সময় সেখানে কয়েক ডজন রোগীরা ছিলেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    আকস্মিক হামলায় তাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

    এসময় নবজাতক কোলে এক নারীকে হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    অন্যদিকে, হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের কাউকে কাউকে বাইরে আহাজারি করতে দেখা যায়।

    হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। পরে আশপাশের মানুষ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

  4. সাম্প্রতিক সহিংসতা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যা বললেন

    জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে 'সন্ত্রাসী দল' অভিহিত করে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, মাননীয় স্পিকার, যা সকলের জানা। স্যোশাল মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসী যেটা জেনেছে।

    "গণতন্ত্রকামী জনগণকে হত্যার, জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে, মাননীয় স্পিকার...তাদের কথা-কাজ- সবকিছু দিয়ে তারা প্রমাণ করেছে, তারা রাজনৈতিক দল নয়। তাহলে তারা কী? তাদের পরিচয় একটি। এরা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী," সংসদে বলেন তারেক রহমান।

    বাংলাদেশকে 'তাবেদার রাষ্ট্র' বানানোর উদ্দেশ্যে আওয়ামী লীগ আবারও 'চক্রান্তে' লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তাদের পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতোই দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে দল-মত নির্বিশেষে একমঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

    "দেশে পতিত-পরাজিত-বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতন এক মঞ্চের এসে দাঁড়াতে," সংসদে বলেন তারেক রহমান।

    প্রধানমন্ত্রী আরও বলেন, "এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসকল গণতান্ত্রিক দল আছে, সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে সাতই নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টের চেতনায় পতিত-পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।"

  5. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেফতার

    ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

    মি. আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তবে মামলায় ঠিক অভিযোগ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটির বিস্তারিত জানা যায়নি।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে ২০২২ সালের ৩১শে মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন মি. আমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর মুসল্লিদের একপক্ষের আপত্তির মুখে তাকে খতিব পদ থেকে সরিয়ে দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

    এর আগে, ২০১৮ সালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দিয়ে আলোচনায় এসেছিলেন রুহুল আমিন।

    বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

  6. হাইকোর্টের নির্দেশের পর ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট

    হাইকোর্টের নির্দেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষাটি আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।

    এরপর সেই নির্দেশনা মেনে একাডেমিক কাউন্সিলের সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বুয়েটের উপাচার্য একরামুল হক।

  7. সাঈদ খোকনের আইনজীবী ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    মি. খোকনের পক্ষে আদালতে দাঁড়াবেন জানতে পেরে গত মঙ্গলবার দুপুরের পর তাকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মি. সোহাগকে আদালত এলাকায় ককটেল বিস্ফোরণে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তোলা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

  8. ঢাকার পল্লবীতে বাসে আগুন

    ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় বাসটিতে আগুন দেওয়া হয়।

    এর আগে, গত মঙ্গলবার রাতেও ওই এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। পরে ওই ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করে পুলিশ।

  9. মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

    বিএনপি সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কর্মী পাঠানোর খবর সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    বুধবার বিকেলে জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষদিনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

    মালয়েশিয়ায় স্বল্প খরচে ১০ হাজার কর্মী পাঠানো হবে বলেও জানান তিনি।

    “এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে, ২৪ এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা হতাহত হয়েছে এ রকম (পরিবারের) এক হাজার মানুষ আমরা পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি," সংসদে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  10. মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সরিয়ে দিল পুলিশ

    বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকার মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করে সেখানকার পোশাক কারখানার শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তারা একযোগে রাস্তায় নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

    এর আগে, সকালে কাফরুল ও পল্লবী এলাকায় বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  11. নতুন করে হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য

    নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ।

    বুধবার সকাল থেকেই তাদেরকে নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

    তাদের মধ্যে অল্প কয়েকজনকে বুধবার বিকেলে থানায় দেখা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাকিরা পুলিশ লাইনসে গেছেন বলে জানিয়েছেন তারা।

    তবে জেলা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    উল্লেখ্য যে, নেতাকর্মীদের গ্রেফতার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে ওই থানাটি ঘেরাও করে হামলা চালিয়েছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    সেখানে ভাঙচুর করে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন ও স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

  12. ট্রাম্প, পুতিন ও শি'কে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল

    রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে শেনজেনে আজ রাতের জমকালো নৈশভোজের আগে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে একটি লাল গালিচায় দেখা যাচ্ছে।

    পারিবারিক ছবি তোলার আগে রুশ নেতা ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং প্রেসিডেন্ট শি-এর সামনেই তাঁরা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

    ভিডিওটিতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

    ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে; প্রথমে তাঁরা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন।

    এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল।

    আগামীকাল বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

    এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানালেন চীনের শি জিনপিং।

    এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা বলে সংবাদদাতারা জানাচ্ছেন।

    বৃহস্পতিবার দুই নেতা ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিতব্য এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে 'পুরনো বন্ধু' বলে অভিহিত করেন।

    বিবিসির রাশিয়া সম্পাদক বলছেন, কিছু স্থানীয় সংবাদপত্র ইতিমধ্যেই এই সফরকে পুতিনের জন্য একটি 'কূটনৈতিক বিজয়' বলে আখ্যা দিচ্ছে—শুধুমাত্র সফরটি হচ্ছে বলেই।

    উৎপাদন ও উন্নত প্রযুক্তির এক দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।

    এদিকে, ট্রাম্প ফিলিপাইন থেকে ফিরেছেন, যেখানে তিনি আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

    ছবিতে তাঁকে ভারতের নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

  13. কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

    চীনএ পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সেখানে উপস্থিত মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন।

    বুধবার একথা জানিয়েছে হোয়াইট হাউস।

    তারা তিনজনই শেনজেনে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন।

  14. ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের দিকে এগিয়ে না এলেই এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি ভারতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

    ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ওঠায় এর প্রভাবে ইতোমধ্যেই কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

    বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলের আরও কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

  15. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপি সংসদীয় দলের সভা, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা

    বাংলাদেশে জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে সংসদীয় দলের বৈঠক করেছে বিএনপি।

    বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সভা বিএনপি দলীয় সংসদ সদস্যরা অংশ নেন। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্পখানের অস্থিরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

  16. গোপালগঞ্জে 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিএনপি ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, পুলিশ আহত

    গোপালগঞ্জের কাশিয়ানিতে 'জয় বাংলা' স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাঙচুর করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    হামলার সময় তাদের হাতে লাঠি-সোটা, রামদা, ছুরিসহ দেশিয় বিভিন্ন অস্ত্রপাতি দেখা গেছে।

    এসময় পুলিশের একজন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় সাংবাদিকরা।

    এছাড়া কাশিয়ানীর রামদিয়ায় মিছিল নিয়ে গিয়ে গত দুই বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়েরও তালা খুলে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।

  17. এটি কোনো সাধারণ অভ্যর্থনা নয়, শেনজেন থেকে লরা বেকারের প্রতিবেদন

    বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসেডেন্টকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন সেটি সাধারণ কোনো অভিবাদন নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং একটি কূটনৈতিক বার্তা বহন করে বলেই মনে করা হচ্ছে।

    প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বিমানবন্দরে কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে আসলেন শি জিনপিং। এক্ষেত্রে তিনি ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের অনুকরণ করছেন বলেই মনে করা হচ্ছে।

    চলতি বছরের শুরুতে ওয়াশিংটন বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে নিজেই উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার চীনা নেতাও সেটিই করলেই।

    এছাড়া, শি এ ব্যাপারেও অবগত রয়েছেন যে, ব্যক্তিগত স্বীকৃতি, আনুষ্ঠানিকতা এবং মর্যাদাকে যথেষ্ট গুরুত্ব দেন ট্রাম্প।

    ফলে এই দায়িত্ব অন্য কাউকে না দিয়ে, চীনা প্রেসিডেন্ট নিজেই মার্কিন নেতাকে সম্মান দিয়ে, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন।

    এক্ষেত্রে শি আশা করতে পারেন যে, সদিচ্ছার এই ইঙ্গিতটি দুই দেশের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ও প্রযুক্তি নিয়ে আলোচনার পথ সুগম করবে।

  18. একনেকে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

    বাংলাদেশ প্রায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে দু'টি।

    বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক-মহাসড়ক ও সেতু নির্মাণ, নদী ও খাল খনন, নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা, দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পসহ আরও বেশকিছু প্রকল্প রয়েছে বলে জানা যাচ্ছে।

    এসব প্রকল্পে ব্যয় হওয়া অর্থের মধ্যে সরকার নিজেই প্রায় ৩২ হাজার ৮৬৩ কোটি টাকা অর্থায়ন করবে। বাকিটা ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  19. মার্কিন প্রেসিডেন্টকে যেভাবে অভ্যর্থনা জানালো চীন

  20. ঢাকায় আওয়ামী লীগের ৭১ জন নেতাকর্মী আটক, গান পাউডার উদ্ধার

    ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

    এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে ওই গান পাউডার 'মেহেরপুর ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে' থেকে সংগ্রহ করে ঢাকায় আনা হয়েছিল।

    কর্মকর্তারা দাবি করেছেন, ঢাকায় আনার পর মিরপুর এলাকার একটি বাড়িতে অল্পকিছু গান পাউডার জ্বালিয়ে সেটার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

    পরে খবর পেয়ে ওই বাড়ি থেকে গান পাউডারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেন গোয়েন্দারা।