আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

ছবির উৎস, Getty Images
- Author, আহমদ শফী
- Role, বিবিসি ফ্যাক্ট চেক
- Published
- পড়ার সময়: ৯ মিনিট
আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ ভারতীয় মূল্যে ২৮০ লক্ষ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। আফগানিস্তান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক দেশ হিসাবে পরিচিত হলেও তার অর্থনীতি দুর্বল বলেই মনে করা হয়।
এই প্রাকৃতিক সম্পদের একটা বড় অংশ এখনো মাটির নিচে রয়েছে এবং তা উত্তোলনের কাজ শুরু হয়নি। এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারগুলোর পরিমাণ কত এবং তার মূল্যই বা কত সে সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে।
আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে এবং সরকারের বার্ষিক সাধারণ বাজেট ও উন্নয়ন খাতে ধার্য বাজেট যদি প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হয়, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না।

ছবির উৎস, AFP via Getty Images
কোথায় কী সম্পদ রয়েছে?
এই প্রতিবেদনে আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা স্পষ্ট চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বোঝার চেষ্টা করা হয়েছে সে দেশের কোন প্রদেশ কোন সম্পদে সমৃদ্ধ, তার পরিমাণ কত এবং সরকারের তরফে নির্ধারিত আনুষ্ঠানিক মূল্যই বা কত।
বিবিসি ফ্যাক্ট চেকের এই প্রতিবেদনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের খনিতে মজুদ সম্পদ ও খনির অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে।
আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে প্রথম বড় আকারের গবেষণা পরিচালনা করা হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তরফে। অভিযান চলাকালীন সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয়।
শিলা ও ভূগর্ভস্থ স্তরের মূল্যায়ন, আকাশপথে জরিপ এবং খনিজ সম্পদের ভাণ্ডার খোঁজার কাজ হয়েছিল। এই গবেষণামূলক নথিগুলোর মধ্যে কিছু নথি আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের গ্রন্থাগারে সংরক্ষণ করা আছে। আর কিছু নথি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। তবে তারপরও আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা ও খোঁজের কাজ অব্যাহত ছিল।

ছবির উৎস, AFP via Getty Images
আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ ও তার ভাগ
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
উদাহরণ স্বরূপ ২০০৭ সালেও আফগানিস্তানে এই নিয়ে সমীক্ষা চালানো হয়। তারপর আফগানিস্তান জিওলজিকাল সার্ভে (আফগানিস্তানের ভূতাত্ত্বিক জরিপ) এবং ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ) হয়েছিল ২০১১ সালে।
সমীক্ষার ভিত্তিতে আফগানিস্তানে সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদের ভাণ্ডার শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে তেল ও প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে।
এই প্রতিবেদন প্রস্তুত করার সময়ে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নথি ও তথ্য পর্যালোচনা করা হয়েছে।
ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগের সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ সংস্থার প্রতিবেদন, জরিপ ও পরিসংখ্যানও খতিয়ে দেখা হয়েছে।
যে সমস্ত ক্ষেত্রে ভিন্ন সংস্থার তথ্যে এবং অনুমানের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গিয়েছে তার সূত্র এবং ভিত্তি খতিয়ে দেখা হয়েছে। এই পর্যবেক্ষণ আফগানিস্তানে মজুদ সম্পদ (প্রামাণ্য তথ্য রয়েছে) এবং সম্ভাব্য খনিজ সম্পদ সম্পর্কে অনুমানের পার্থক্যকে বুঝতে সাহায্য করেছে।
আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে-
১. ধাতু- সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, সীসা এবং অন্যান্য ধাতু।
২. মূল্যবান পাথর: লাপিস লাজুলি, পান্না, রুবি এবং অন্যান্য পাথর। লাপিস লাজুলি হলো গাঢ় নীল রঙের রূপান্তরিত শিলা, যা প্রাচীনকাল থেকেই রত্ন হিসাবে গুরুত্ব পেয়ে এসেছে।
৩. বিরল উপাদান: লিথিয়াম, ইউরেনিয়াম এবং অন্যান্য উপাদান।
৪. তেল, গ্যাস এবং কয়লা।

ছবির উৎস, AFP via Getty Image
ধাতব খনিজ
এই বিভাগে সোনা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা এবং দস্তা-সহ অন্যান্য মৌলিক ধাতুর ভাণ্ডারের উপর পরীক্ষা চালানো হয়েছে। এর মূল্য এক ট্রিলিয়ন (এক লক্ষ কোটি) ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে।
সোনা
আফগানিস্তানের বেশিরভাগ সোনার খনি বাদাখশান এবং তাখারের কিছু অঞ্চলে অবস্থিত। এ ছাড়াও, জাবুল এবং গজনীতে দুই হাজার সাতশো কেজি খাঁটি সোনা মজুদ রয়েছে বলেও চিহ্নিত করা হয়েছে।
একটা অনুমান বলছে, আফগানিস্তানে মোট সোনার মজুদ প্রায় ৬৮২ টন। সে দেশে কয়েকটা তামার খনি রয়েছে, সেখানে সোনাও মজুদ রয়েছে। সোনার বর্তমান বৈশ্বিক মূল্য অনুযায়ী আফগানিস্তানের এই রিজার্ভের মূল্য প্রায় ১০৭ বিলিয়ন ডলার বা (১০ হাজার ৭০০ কোটি)।
বর্তমানে মূলত আফগানিস্তানের বাদাখশান প্রদেশে অবস্থিত সোনার খনিতে খননের কাজ চলছে।
কিছুদিন আগে তালেবান সরকারের জল ও জ্বালানি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা জানিয়েছিলেন, সরকার বাদাখশান খনি থেকে প্রতি মাসে কয়েক টন করে সোনা উত্তোলন করছে।
আফগানিস্তানের তাখার প্রদেশে 'চা আব' নামে একটা সোনার খনি রয়েছে। সেখানে ৩১ টন সোনার মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।
পাঁচ বছরের জন্য 'চায়না আফগানিস্তান' এবং 'জারওয়ার আফগানিস্তান' নামে দু'টো সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। এই চুক্তির মূল্য ৩১ কোটি ডলার। খনি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খনি থেকে প্রাপ্ত সম্পদের রয়্যালটিতে সরকারের ৫৬% অংশ নির্ধারণ করা হয়েছে।
ইস্পাত বা লোহা
আফগানিস্তানে এই অঞ্চলের সবচেয়ে বড় লৌহ ভাণ্ডার মজুদ রয়েছে। এখানে মজুদ ধাতু প্রায় তিন বিলিয়ন টন বা ৩০০ কোটি টন।
তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয় এবং অনুসন্ধানের পর এর পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত আফগানিস্তানের বামিয়ান, পাঞ্জশির, পারওয়ান, হেরাত, কান্দাহার, বাদাখশান ও কাবুল প্রদেশে লৌহ ভাণ্ডারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গবেষকরা গোটা দেশে ৭২টা লৌহ আকরিকের খনি এবং খনিজ ভাণ্ডারের রেকর্ডও তৈরি করেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে রয়েছে বামিয়ানের হাজিগাক, পাঞ্জশিরের তাল ও নুকরা খানা, পারওয়ানের জাবাল আল-সিরাজ, হেরাতের পালাংসুর, কান্দাহারের হাজী আলম, বাদাখশানের সায়াজির ও কাবুলের পাগমান এলাকার খনি।
গত কয়েক বছরে, তালেবান সরকারের খনি মন্ত্রণাল্যের তরফে হেরাত প্রদেশের ঘোরিয়ান এলাকার চারটে লৌহ আকরিকের ব্লক ইজারায় দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই খনিগুলোতে প্রায় ১.৮ বিলিয়ন বা ১৮০ কোটি টন লোহা রয়েছে। এই চুক্তিগুলোর মোট মূল্য ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলার।
বিশ্ববাজারে প্রতি টন লৌহ আকরিকের দাম প্রায় ১০০ ডলার। তাই আফগানিস্তানে মজুদ লৌহ আকরিকের আনুমানিক মূল্য ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারেরও বেশি।

ছবির উৎস, AFP via Getty Images
তামা
আফগানিস্তানে এই অঞ্চলের সবচেয়ে বড় তামার ভাণ্ডার মজুদ রয়েছে। আগের হিসাব অনুযায়ী ওই দেশে প্রায় তিন মিলিয়ন টন বা ৩০ লক্ষ টন তামা মজুদ রয়েছে বলে জানা গেছে। নতুন রিপোর্টে তামা মজুদের পরিমাণকে ছয় মিলিয়ন টন বা ৬০ লক্ষ টন হিসাবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ব বাজারে এক টন তামার দাম ১০ হাজার থেকে ১২ হাজার ডলারের মধ্যে। সেই মূল্য অনুযায়ী, আফগানিস্তানের মজুদ তামার আনুমানিক মূল্য ৭২০ বিলিয়ন বা ৭২ হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে।
আফগানিস্তানের লোগার, হেরাত, জাবুল, গজনী, সরপুল ও বাদগীশ প্রদেশে তামা মজুদ রয়েছে বলে জানা গিয়েছে।
তামার এই খনিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোগার প্রদেশের মোহাম্মদ আঘা জেলায় অবস্থিত 'আয়নাক' খনি। আফগানিস্তানের বৃহত্তম তামার খনি এবং এশিয়ার অন্যতম বৃহৎ তামার আধার হিসেবে গণ্য করা হয় আয়নাককে।
১৯৭০ ও ১৯৮০-এর দশকে পরিচালিত জরিপ থেকে জানা যায় যে, এই খনিগুলোতে প্রায় ২৪ কোটি টন তামা মজুদ রয়েছে।
আফগানিস্তানের খনি মন্ত্রণালয় আরো জানিয়েছে এই খনি থেকে ১.১৫ কোটি টন তামা উত্তোলন করা সম্ভব, যার মূল্য প্রায় ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।
এই খনি থেকে তামা উত্তোলনের জন্য চীনা কোম্পানি এমসিসি-র সঙ্গে ২০০৮ সালে ২.৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
তালেবান আবার ক্ষমতায় আসার পর, ২৪৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মেস আইনাক তামার খনি 'টেভার' নামে এক বেসরকারি কোম্পানির কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪১১ মিলিয়ন বা ৪.১১ কোটি ডলার বিনিয়োগ করার এবং সরকারকে ১২ শতাংশ রয়্যালটি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে 'টেভার' নামক ওই কোম্পানি।
অ্যালুমিনিয়াম
আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম মজুত রয়েছে জাবুল প্রদেশে। আনুমানিক ১১ মিলিয়ন ১.১ কোটি টন অ্যালুমিনিয়াম রয়েছে।
লোহার পর বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ধাতু হলো অ্যালুমিনিয়াম। নির্মাণ, পরিবহন এবং প্রযুক্তির জন্য অ্যালুমিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের গড় দাম প্রতি টনে তিন থেকে চার হাজার ডলারের মধ্যে। জাবুল, কান্দাহার ও বাঘলানে উত্তোলনযোগ্য অ্যালুমিনিয়াম মজুদের মোট মূল্য ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়।
সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদ
আফগানিস্তানে সীসা, দস্তা, টিন, টাংস্টেন এবং পারদও উল্লেখযোগ্য পরিমাণে মজুদ রয়েছে। কান্দাহারে দেশের বৃহত্তম সীসা ও দস্তা মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৯০ হাজার টন বলে অনুমান করা হয়। কান্দাহারে টিন ও টাংস্টেনেরও মজুদ পাওয়া যায়।
তালেবান সরকার বামিয়ান ও ঘোর প্রদেশে সীসা এবং দস্তার খনিও চুক্তিতে ইজারা দিয়েছে। ঘোর প্রদেশের খনির মূল্য ৫০.৭ কোটি ডলার বলে জানা গেছে।
এই খনিজ ভাণ্ডারের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি এবং এর জন্য আরও অনুসন্ধানের প্রয়োজন।
দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানে পারদের মজুদ প্রায় ৩২ হাজার টন বলে অনুমান করা হয়।

ছবির উৎস, Getty Images
দ্বিতীয় ভাগ-মূল্যবান পাথর
দীর্ঘদিন ধরেই আফগানিস্তান মূল্যবান পাথরের জন্য বিশেষভাবে পরিচিত। এই তালিকায় রয়েছে- লাপিস লাজুলি, পান্না, রুবি এবং গার্নেট।
এই মূল্যবান পাথরের প্রধান খনিগুলো বাদাখশান, পাঞ্জশির, কুনার, নুরিস্তান এবং কাবুলে অবস্থিত।
বাদাখশানের লাপিস লাজুলি ও পাঞ্জশির পান্নার খ্যাতি আন্তর্জাতিক স্তরে রয়েছে। তবে আফগানিস্তানে মজুদ মূল্যবান পাথরের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এইসব পাথরের মূল্য কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
মার্বেল পাথর
আফগানিস্তানে মার্বেলও মজুদ রয়েছে। ওই দেশের খনি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি টন মার্বেল রয়েছে বলে অনুমান করা হয়। চীনা বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান শুধুমাত্র চীনে মার্বেল রফতানি করে বার্ষিক ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার উপার্জন করতে পারে।
তৃতীয় ভাগ- বিরল উপাদান
আফগানিস্তানে রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা মৌলের ভাণ্ডারও রয়েছে। আফগানিস্তানে ১৪ লক্ষ টন রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌল মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।
এ ছাড়া হেলমন্দ প্রদেশের খানশিন অঞ্চলে ইউরেনিয়াম-সহ ৩৫ লক্ষ টন বিরল খনিজ রয়েছে। বিরল মৃত্তিকা মৌল শব্দটা ১৭টা রাসায়নিক উপাদানের জন্য ব্যবহৃত হয়। এই উপাদান সমূহ ব্যাপকভাবে আধুনিক প্রযুক্তি এবং শিল্পে ব্যবহৃত হয়।
স্মার্টফোন, কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য অনেক শিল্প পণ্য তৈরির জন্য এই উপাদান অপরিহার্য। আফগানিস্তানে লিথিয়াম, বারাইট, অ্যাসবেস্টস, সেলেস্টাইট, কাদামাটি এবং পটাশ প্রচুর পরিমাণে মজুদ রয়েছে।
এর মধ্যে লিথিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু অনুমান অনুযায়ী, আফগানিস্তানের লিথিয়াম মজুদের মূল্য এক ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
আফগানিস্তানের গজনী, ফারাহ ও দাইকুন্ডি প্রদেশে আনুষ্ঠানিকভাবে লিথিয়ামের মজুদ চিহ্নিত করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও লিথিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুমান করা হয় যে আফগানিস্তানের লিথিয়াম ভাণ্ডার বেল্ট হেরাত থেকে নুরিস্তান পর্যন্ত বিস্তৃত। দশকের পর দশক ধরে এখানে খননের কাজ চলছে। এটা আফগানিস্তানকে এই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল মজুদ সম্পন্ন দেশগুলোর তালিকায় সামিল করতে পারে।
এই খনিজগুলো ছাড়াও আফগানিস্তান ট্যাল্কও রপ্তানি করে। ট্যাল্ক যা ট্যালকাম হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত কাদামাটির খনিজ, যা আর্দ্র ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত।

ছবির উৎস, AFP via Getty Images
চতুর্থ ভাগ-তেল, গ্যাস ও কয়লা
আফগানিস্তানে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে। প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল তেল এবং ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ঘন মিটার প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে।
আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের মজুদ রয়েছে আমু দরিয়া এবং আফগান-তাজিক অববাহিকায়। এর বিস্তৃতি বালখ, জাওজান, ফারিয়াব, সরপুল এবং সামাঙ্গান প্রদেশের কিছু অঞ্চল পর্যন্ত।
এ ছাড়া পশ্চিম ও দক্ষিণ আফগানিস্তানেও তেল ও গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে হেরাত-ত্রিপোলি অববাহিকা, হেলমান্দ অববাহিকা এবং কাতভাজ অববাহিকা।
এই প্রাকৃতিক সম্পদগুলো আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং দেশের অন্যতম প্রধান শক্তির উৎসও বটে।
আফগানিস্তানে এবার ক্ষমতায় আসার পর তালেবান সরকার ২০২৩ সালের জুলাই মাসে ঘোষণা করেছিল তারা দেশের দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে ১২০০ টন করেছে। এটা আফগানিস্তানের মোট তেলের চাহিদার প্রায় ১০ শতাংশ।
অনুমান করা হয় যে ওই দেশে প্রতিদিন আট হাজার থেকে দশ হাজার টন তেলের প্রয়োজন রয়েছে।
আফগানিস্তানে প্রতি বছর প্রায় ২৭ মিলিয়ন টন বা ২৭০ লক্ষ টন তেলের প্রয়োজন। এর একটা বড় অংশ আমদানি করা হয়।
আফগানিস্তানের খনি বিষয়ক মন্ত্রণালয়ের তরফে ২০১৯ সালে প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে সে দেশের তেল ভাণ্ডার এবং কূপগুলোতে প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, ১.৬ ট্রিলিয়ন বা এক লক্ষ ৬০হাজার কোটি ঘন ফুট প্রাকৃতিক গ্যাস এবং ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ব্যারেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে।
ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ মূল্যায়নের কথাও উল্লেখ করা হয়েছে। এই হিসাব অনুযায়ী, আফগানিস্তানে শুধুমাত্র অপরিশোধিত তেলের বর্তমান মূল্য প্রায় ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলার।
কয়লা
আফগানিস্তানে কয়লার মজুদ প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি টন বলে জানা গিয়েছে। এই কয়লার গুণমানও ভালো বলে মনে করা হয়। আফগানিস্তানের প্রধান কয়লা মজুদ বাদাখশান থেকে হেরাত পর্যন্ত বিস্তৃত। এটা তাখার, কুন্দুজ, বাগলান, সামাঙ্গান, বালখ, সরপুল, বামিয়ান, দাইকুন্দি, জওজান এবং বাদগিশের মধ্য দিয়ে গেছে।
এখনো পর্যন্ত আফগানিস্তানে ১১৩টারও বেশি কয়লা খনি এবং খনিজ ভাণ্ডারের মজুদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৮টা খনিতে ৮৪.৭ কোটি টনেরও বেশি কয়লা রয়েছে বলে অনুমান করা হয়।
কয়লা আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। সে দেশে কয়লা খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য খনি সামাগান, বামিয়ান, তাখার, বাগলান, হেরাত এবং সরপুলে রয়েছে।
তালেবান ক্ষমতায় ফিরে আসার প্রথম চার বছরে, আফগানিস্তান ১১০ কোটি ডলারেরও বেশি মূল্যের কয়লা রফতানি করেছে। দেশের আয়ের একটা বড় উৎস হয়ে উঠেছে কয়লা রফতানি।
ক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান, ইরান, তুরস্ক, ভারত ও চীন।









