নির্বাচনের রোডম্যাপ না পেয়ে 'হতাশ' বিএনপি

রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। এদিকে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো:

    • রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে দলটি ডিসেম্বরের মধ্যে সংসদ গঠনের জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেছে, এর অন্যথা হলে সরকারের প্রতি বিএনপি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।
    • মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস করে রায় দিয়েছে আপিল বিভাগ। তার বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তিরও নির্দেশ দিয়েছে আদালত।
    • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ৮২ ডলার বেড়ে দুই হাজার ৮২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
    • বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আজ ভোরে কুষ্টিয়া থেকে তারা সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে আটক করেছে। এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী 'শ্যুটার আরাফাত' ও শরীফকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
    • আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
    • ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের একজন নেতা নূরুল ইসলাম।
    • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- দাবি করেছে গত নয় মাসে প্রায় এক বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি। সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় নয় হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন

    ঈদের চাঁদ, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, ঈদের চাঁদ, ফাইল ছবি

    সৌদি আরবের সংবাদপত্রের খবর অনুযায়ী সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৬ই জুন দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে।

    সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবারই হবে জিলকদ মাসের শেষ দিন। ফলে কাল বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

    এই হিসেবে আগামী ৫ই জুন হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পরদিন ৬ই জুন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন হবে।

    বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

  3. যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পারিক শ্রদ্ধাবোধ, বললেন রাজা তৃতীয় চার্লস

    কানাডার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
    ছবির ক্যাপশান, কানাডার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

    কানাডার পার্লামেন্টে দেয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পারিক শ্রদ্ধা এবং এর ভিত্তি হলো অভিন্ন স্বার্থ, যার লক্ষ্য হলো উভয় সার্বভৌম দেশের জন্য রূপান্তরমূলক সুবিধা নিশ্চিত করা।

    তিনি বলেন, কানাডার সরকার বিশ্বজুড়ে তার বাণিজ্য অংশীদারদের সাথে সম্পর্কে শক্তিশালী করতে কাজ করছে। “এটিই বলে দেয় বিশ্বের যা প্রয়োজন এবং বিশ্ব যে মূল্যবোধগুলোকে সম্মান করে কানাডার তা আছে”।

    ভাষণে তিনি বলেন, “আজ কানাডা আরেকটি সংকটময় সময় মোকাবিলা করছে। গণতন্ত্র, বহুত্ববাদ, আইনের শাসন, আত্ম-নিয়ন্ত্রণ ও মুক্তির মতো মুল্যবোধগুলোর সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ”।

    রাজা চার্লস বলেন, অংশীদারদের সঙ্গে কানাডার সম্পর্ক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। “কানাডা নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। অনেক কানাডিয়ান উদ্বিগ্ন। এরপরেও এই মুহূর্তটি একটি চমৎকার সুযোগও। নবায়নের সুযোগ। বড় চিন্তা করতে এবং বড় দায়িত্ব পালনের সুযোগ”।

    “এই নতুন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে কানাডা এখন প্রস্তুত,” বলেছেন তিনি।

    তিনি বলেন, সমমনা দেশগুলোর সাথে জোট গড়তে কানাডা এখন প্রস্তুত, যা তার মূল্যবোধের অংশ, যা আন্তর্জাতিক সহযোগিতায় এবং পণ্য, সেবা ও আইডিয়ার মুক্ত ও খোলা বিনিময়ে বিশ্বাস করে।

    কানাডিয়ানরা মহান পরিবর্তনের এই সময়ে ঐক্যবদ্ধ হয়েছে যা কানাডাকে অনন্য বানিয়েছে, বলেন তিনি।

    রাজা চার্লস আরও বলেন, রেডিও কানাডার মতো প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কানাডার প্রকৃতিকে আগের চেয়ে বেশি সুরক্ষা দেবে।

    কানাডার বাসস্থান সংকট নিয়েও রাজা তার ভাষণে মন্তব্য করেছেন। এটি এবারের নির্বাচনে দেশটিতে বড় ইস্যু হয়ে উঠেছিলো।

    এরপর তিনি আরেকটি বড় ইস্যু- সীমান্ত সমস্যা নিয়েও কথা বলেছেন। এটি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছেও একটি বড় ইস্যু। কানাডার পণ্যে শুল্ক বাড়ানোর অন্যতম কারণও এটি।

    রাজা বলেন, কানাডার সীমান্ত শক্তিশালী করতে সরকার আইন করবে। আইন প্রয়োগকারীরা নতুন নতুন উপকরণ পাবেন। সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করে সরকার ‘কানাডার সার্বভৌমত্বের সুরক্ষা’ নিশ্চিত করবে।

    বাণিজ্য বিষয়ে কথা বলতে গিয়ে রাজা বলেন, “আমরা প্রবৃদ্ধির নতুন যুগের উন্মোচন করবো যা শুধু বাণিজ্য যুদ্ধে টিকে থাকাই নিশ্চিত করবে না, বরং আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করবে”।

    তিনি এটি কানাডাকে গ্রিন ও প্রচলিত জ্বালানির ক্ষেত্রে সুপারপাওয়ারে পরিণত করবে, যা কানাডাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে বৈশ্বিকভাবে প্রতিযোগী করে তুলবে।

  4. বাংলাদেশিদের মাথাপিছু আয় ৮২ ডলার বেড়েছে

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
    ছবির ক্যাপশান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ৮২ ডলার বেড়ে দুই হাজার ৮২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

    সরকারি এই সংস্থাটি আজ ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়, বিনিয়োগ ও মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) কয়েকটি বিষয়ের সাময়িক হিসাব প্রকাশ করেছে।

    এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো দুই হাজার ৭৩৮ ডলার, আর ২০২২-২৩ অর্থবছরে এটি ছিলো দুই হাজার ৭৪৯ মার্কিন ডলার।

    চলতি অর্থবছরের বিবিএসের এই মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরে এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা।

    প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপির আকার ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা, যা ৪৬২ বিলিয়ন ডলারের সমান। গত অর্থবছরে এটি ছিল ৪৫০ বিলিয়ন ডলারের সমান।

    প্রসঙ্গত, এক বছরে দেশজ উৎপাদন থেকে যে আয় হয়, তার সাথে রেমিট্যান্স যোগ করে জাতীয় আয় বের করা হয়।

    সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে গড় মাথাপিছু বের করা হয়।

    যদিও এভাবে প্রকৃত চিত্র পাওয়া যায় কি-না তা নিয়ে প্রশ্ন আছে।

    বাংলাদেশে মাথাপিছু আয় কিছুটা বেড়েছে
    ছবির ক্যাপশান, বাংলাদেশে মাথাপিছু আয় কিছুটা বেড়েছে
  5. সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগর, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে

    বাংলাদেশের চার সমুদ্র বন্দর––চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এতে।

    আবহাওয়া অফিস জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২৮শে মে রাত ১টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেরওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বাবজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

  6. সুব্রত বাইনের আটকের খবর নিশ্চিত করলো সেনাবাহিনী

    আইএসপিআইরের পাঠানো ছবিতে সুব্রত বাইন (বাঁয়ে) ও মোল্লা মাসুদ
    ছবির ক্যাপশান, আইএসপিআইরের পাঠানো ছবিতে সুব্রত বাইন (বাঁয়ে) ও মোল্লা মাসুদ

    বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আজ ভোরে কুষ্টিয়া থেকে তারা সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে আটক করেছে।

    এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী 'শ্যুটার আরাফাত' ও শরীফকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে বলা হয়, “গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভূক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম”।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান দলের দক্ষতায় কোনোরূপ ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অভিযানটি সম্পন্ন হয় এবং অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

    প্রসঙ্গত, বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০১ সালের ২৫ ডিসেম্বর যে ২৩জন 'শীর্ষ সন্ত্রাসীর' নাম সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে দীর্ঘকাল ধরে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে এবং তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করেছিল।

    নব্বইয়ের দশক থেকেই ঢাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সুব্রত বাইনের নাম উঠে আসে। বিভিন্ন মামলায় আটক হয়ে তিনি কারাগারেই ছিলেন।

    গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় জামিন পেয়ে ২৪ অগাস্ট তিনি জেল থেকে বেরিয়ে গেছেন- এমন খবর এসেছিলো সংবাদ মাধ্যমে।

    আজ সকালে শহরের কালীশংকরপুর এলাকায় একটি মসজিদের পাশের একটি বাড়ি থেকে সুব্রত বাইনসহ ওই দুজনকে আটকের খবর ছড়িয়ে পড়ে।

  7. নির্বাচনের রোডম্যাপ না পেয়ে 'হতাশ' বিএনপি

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন
    ছবির ক্যাপশান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন

    রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি।

    দলের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, “ডিসেম্বরের মধ্যে সংসদ গঠনের জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এটিই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে বিএনপি মনে করে। এর অন্যথা হলে সরকারের প্রতি বিএনপি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে”।

    একইসঙ্গে গত ২৪শে মে উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে তাকে 'অস্পষ্ট ও বিভ্রান্তিকর' বলে উল্লেখ করেছে দলটি।

    দলের স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা যেসব দাবি জানিয়েছিলেন সেগুলোর বিষয়েও সরকারের দিক থেকে ইতিবাচক কিছু তারা এখনো পাননি।

    “ইতিবাচক যে প্রতিক্রিয়া আশা করেছিলাম সেটা আমরা পাইনি। বরং নির্বাচন বিলম্বিত করার জন্য উসিলা বের করা হচ্ছে,” বলেছেন মি. হোসেন।

    লিখিত বক্তব্যে বলা হয়, “বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি দাওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেটা মূলত সরকারের অর্জন”|

    “উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক”।

    এতে বলা হয়, ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনের গেজেট হলেও শপথের ব্যবস্থা আজও নেয়া হয়নি, “আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথের ব্যবস্থা নিবে"।

    সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা ও চরিত্র বজায় রাখার স্বার্থেই বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছে।

    এক প্রশ্নের জবাব খন্দকার মোশাররফ হোসেন বলেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা উসিলা তৈরি করা হচ্ছে।

    “এর একটা হলো বিচার। বিচার তো আমরাও চাই। বিএনপিই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়ে। এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা বিচার চাইবো না। বিএনপিই তাদের বেশি বিচার চায়।"

    "তবে আমরা চাই স্বাধীন বিচার। স্বাধীন বিচার চাইবো, কিন্তু বলবো ওতো দিনের মধ্যে বিচার করতে হবে, সেটা তো হতে পারে না। বিচার, সংস্কার ও নির্বাচন এক সাথে চলতে পারে,” বলেছেন মি. হোসেন।

  8. মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

    ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোস্ট
    ছবির ক্যাপশান, ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোস্ট

    আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে সেনাবাহিনী।

    আজ মঙ্গলবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    এতে বলা হয়, “সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে— বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।”

    “বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে,” বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

  9. কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের আটকের খবর

    বাংলাদেশের কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ব্যক্তিকে আটকের পর দেশটির সংবাদমাধ্যম বলছে, ওই দুই ব্যক্তি হলেন সুব্রত বাইন ও মাসুদ মোল্লা।

    বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০১ সালের ২৫ ডিসেম্বর যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম সরকার ঘোষণা করেছিল, তাঁদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাঁর নামে দীর্ঘকাল ধরে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। তাঁকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল।

    নব্বইয়ের দশক থেকেই ঢাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সুব্রত বাইনের নাম উঠে আসে।

    বিভিন্ন মামলায় আটক হয়ে তিনি কারাগারেই ছিলেন।

    গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় জামিন পেয়ে ২৪ অগাস্ট তিনি জেল থেকে বেরিয়ে গেছেন- এমন খবর এসেছিলো সংবাদ মাধ্যমে।

    আজ সকালে শহরের কালীশংকরপুর এলাকায় একটি মসজিদের পাশের একটি বাড়ি থেকে ওই দুজনকে আটকের খবর ছড়িয়ে পড়ে।

    স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে ওই বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা। তবে পুলিশ এ অভিযানে ছিলো না।

    যে বাড়িটিতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটকের খবর এসেছে সেই বাড়ির নীচতলায় ওই দুজন থাকবেন। আর দ্বিতীয় ও তৃতীয় তলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস করে।

    স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, এরকম একটি অভিযানে সুব্রত বাইনের আটকের তথ্য তারা জানতে পেরেছেন, তবে সেনাবাহিনী থেকে তাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

  10. সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

    সচিবালয়ে বিক্ষোভ, সোমবারের ছবি
    ছবির ক্যাপশান, সচিবালয়ে বিক্ষোভ, সোমবারের ছবি

    ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

    ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের একজন নেতা নূরুল ইসলাম।

    তিনি জানান, আলোচনা অব্যাহত থাকায় তারা কর্মসূচি স্থগিত করেছেন ও কাল কোনো কর্মসূচি তারা পালন করবেন না।

    বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন এবং সেগুলো তারা বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন।

    এর আগে মন্ত্রিপরিষদ সচিব কয়েকজন সচিবের সাথে একটি বৈঠক করেন বলে জানা গেছে।

    গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের পর গতকাল গেজেট আকারে জারি হয়।

    এর আগে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীরা এটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে আসছে।

  11. গত ৯ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে, দাবি সরকারের

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা
    ছবির ক্যাপশান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- দাবি করেছে গত নয় মাসে প্রায় এক বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি।

    সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় নয় হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে।

    এছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি, আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি।

    এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সাথে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি।

    সম্প্রতি একটি শিল্প সংগঠন গত আট মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি বলে যে মন্তব্য করেছে তার জবাবে আজ এসব তথ্য জানিয়েছে বিডা।

  12. যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে, বলছে উত্তর কোরিয়া

    যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সমালোচনা করছে উত্তর কোরিয়া
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার সমালোচনা করছে উত্তর কোরিয়া

    যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ চালুর যে পরিকল্পনা করছে তার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, "এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে"।

    ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'গোল্ডেন ডোম' তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই "সম্পূর্ণভাবে চালু" হয়ে যাবে।

    প্রথম ধাপে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, পুরো প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৭৫ বিলিয়ন ডলার হবে বলে তিনি ধারণা করছেন। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর প্রকৃত খরচ চূড়ান্ত পর্যায়ে এর তিন গুণ হতে পারে।

    এই পরিকল্পনায় স্থল, সমুদ্র এবং মহাকাশ জুড়ে 'ভবিষ্যৎ প্রজন্মের' প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে। এর মূল অংশ হবে মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর ও সেন্সর – যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে।

    পিয়ংইয়ং এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এটিকে ‘অহংকারের চূড়ান্ত’ বলে মন্তব্য করেছেন।

    তাদের অভিযোগ, ওয়াশিংটন "মহাকাশকে সামরিকায়ন করে নরকের বাঁকে পরিণত করছে"।

    দেশটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে এই পরিকল্পনা "বৈশ্বিক পরমাণু ও মহাকাশ অস্ত্রের"প্রতিযোগিতা বাড়াবে।

    কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন -এর সিনিয়র বিশ্লেষক হোং মিন এএফপিকে বলেছেন, "পিয়ংইয়ং হয়তো মনে করছে গোল্ডেন ডোম তাদের পরমাণু অস্ত্র সম্ভারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে"।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ চালুর পরিকল্পনা করছে
  13. এভারেস্টে ওঠার নতুন রেকর্ড নেপালের ‘এভারেস্ট ম্যানের’

    কামি রিতা
    ছবির ক্যাপশান, কামি রিতা

    নেপালের শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড ভেঙে ৩১তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহন করলেন।

    মঙ্গলবার ভারতীয় সেনাকর্মকর্তাদের একটি দলকে নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় এভারেস্টে আরোহন করেন তিনি।

    “কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক,” অভিযান আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে।

    বাণিজ্যিকভাবে গাইড হিসেবে কামি রিতা প্রথম এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং এর পর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন।

    এর মধ্যে কোনো কোনো বছর তিনি একই মৌসুমে দুবার সামিট করেছেন।

    এভারেস্ট আরোহনের ক্ষেত্রে তার পরেই আছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া। তিনি এ পর্যন্ত ২৯ বার সামিট করেছেন।

  14. লিভারপুল ক্লাবের শোভাযাত্রার ভিড় উঠে গেলো গাড়ি

    ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের বিজয় মিছিলে সমর্থকদের ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।

    ক্লাবটি এবার শিরোপা জেতার পর লিভারপুল শহরে এই বিজয় মিছিল বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিলো।

    শোভাযাত্রায় ব্যাপক ভিড়েরর মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনাটি যেখানে ঘটেছে সেই ওয়াটার স্ট্রীট বন্ধ করে দেয়া হয়েছে।

    আহতদের মধ্যে অন্তত ২৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

    লিভারপুল সিটি মেয়র স্টিভ রোথার‍্যাম বলেছেন হাসপাতালে চারজন মারাত্মক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

    তিনি বলেছেন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

    ওদিকে পুলিশ বলেছে এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী কার্যক্রমের যোগসূত্র নেই।

    এর মধ্যে ৫৩ বছর বয়সী একটি ব্রিটিশকে আটক করা হয়েছে। পুলিশ মনে করছে তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

    এদিকে লিভারপুল ক্লাব এক বিবৃতিতে ক্লাবটি প্রিমিয়ার লীগ শিরোপা জেতা উপলক্ষ্যে আয়োজিত সব ইভেন্ট স্থগিত করেছে।

    উদ্ধার তৎপরতার দৃশ্য
    ঘটনাস্থলের দৃশ্য
    ঘটনাস্থলের দৃশ্য
    ঘটনাস্থলের দৃশ্য
    ঘটনাস্থলের আরেকটি দৃশ্য
    ভিড়ের  মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার পর
  15. আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু ঐকমত্য কমিশনের

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে  আজ অনুষ্ঠিত হলো ঐকমত্য কমিশনের সভা
    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হলো ঐকমত্য কমিশনের সভা

    ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে যে আজ মি. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

    সভায় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

    সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘জনগণকে নির্বাচনমুখী করতে হবে। কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। শৃঙ্খলা আনতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে।’

    আজকের সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়।

    কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এ বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই ঐকমত্য প্রকাশ করেছে।

  16. নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস পেয়েছেন আজহারুল ইসলাম: আসিফ নজরুল

    আসিফ নজরুলের ফেসবুক পোস্ট
    ছবির ক্যাপশান, আসিফ নজরুলের ফেসবুক পোস্ট

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, "নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।"

    আজ মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে এক পোস্টে এ কথা জানান তিনি।

    তিনি লিখেছেন, "দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।"

    "এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার," যোগ করেন তিনি।

  17. ইশরাকের শপথ আদালতে বিচারাধীন বিষয় : স্থানীয় সরকার মন্ত্রণালয়

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানো সর্বোচ্চ আদালতে একটি বিচারাধীন বিষয় বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের জন্য অপেক্ষমান রয়েছে বলে এতে বলা হয়। খবর বাসস-এর।

    স্থানীয় সরকার বিভাগ মেয়র পদে শপথ পাঠের বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা কর্তৃক জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে ২২শে মে তারিখে হাইকোর্টে দায়েরকৃত রিটটি খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিলো। এ অবস্থায় গত ২৫শে মে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন।"

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "এছাড়াও গত ২৬শে মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২শে মে'র খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।"

  18. এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না: জামায়াত আমির

    জামায়াতের সংবাদ সম্মেলন

    "আমরা প্রতিশোধ নেইনি, কিন্তু ন্যায়বিচার চেয়েছি। এটা ছিলো ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে হত্যা করা। এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সেই সত্যকেই আল্লাহ আজকে আমাদেরকে দেখিয়েছেন।"

    আজ মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ায় এ কথা বলেন দলের আমির শফিকুর রহমান।

    জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ওই জরুরি সংবাদ সম্মেলনে মি. রহমান আরও বলেন, জনগণের জন্য আমরা কিছু করতে চাই। বিপদ ঘাড়ে নিয়েও চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকার।"

    "সীমাবদ্ধতা আছে আমাদের। আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। মানুষ হিসেবে, দল হিসেবে ভুলের উর্দ্ধে না। কোনও কাজে, আচরণে কষ্ট পেলে বিনা শর্তে মাফ করে দেবেন। আমরা ক্ষমা চাই।'

    "নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাদের মৃত্যু ছিলো বীরোচিত। ন্যায়ভ্রষ্ট রায় এটা আমাদের আদালত আজকে বলে দিয়েছে'', যোগ করেন এই জামায়াত নেতা।

  19. ২৫টি ক্যাডার কর্মকর্তাদের 'কলম বিরতি' কর্মসূচি

    কলম বিরতি কর্মসূচি

    পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হয়েছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি।

    'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' নামক একটি সংগঠনের আহ্বানে সারা দেশের বিভিন্ন দপ্তরে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এইসব ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করেন।

    প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

    হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত ছিল। আগামীকালও সারা দেশে একই সময়ে তাদের কলমবিরতি কর্মসূচি চলবে।

    কলম বিরতি কর্মসূচি
  20. যারা বাংলাদেশি, তাদেরকে ‘প্রোপার চ্যানেলে পাঠাও’– ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে।

    আজ মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেছেন তিনি।

    উপদেষ্টা জানিয়েছেন, পুশইনের জন্য “আমরা প্রতিবাদও করেছি।”

    তিনি ভারতের উদ্দেশে বলেন, “যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।”

    “আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করতেছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।”

    এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের লেভেলে হইছে। ফরেন মিনিস্ট্রিতে তারা তারা যোগাযোগ করছে।”

    এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না।