বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে আলোচনার পরিবর্তে, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সকে অভ্যন্তরীণ দুর্নীতি দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,"ইরানের সাথে চুক্তির কোনো প্রয়োজন আমাদের নেই।"
- হোয়াইট হাউস থেকে এক মাইলেরও কম দুরত্বে ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
- ওয়াশিংটন ডিসির এই গুলির ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন বলে নিশ্চিত করেন ওয়াশিংটন ডিসির ইন্টেরিম বা অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফ্রি ডব্লিউ ক্যারল। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
- পুলিশের ধারণা, "অ্যাপার্টমেন্ট ভবনে কোনো ধরনের বিরোধের" কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
- 'কথিত চীনা গুপ্তচর' নারীর সাথে সম্পর্ক নিয়ে অভিযোগ ওঠার পর জেনসেন হুয়াং পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও পদ থেকে। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে নিয়োগ দেওয়া হয়েছে।
- সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।
- এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর।
- জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
- বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে তিনি বলেছেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।"
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সহকারি প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুইজন বুধবার এবং তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
- তেরো বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

















