সৌদি বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের, মার্কিন নাগরিকদের সৌদি আরব সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী বুধবার দাবি করেছে যে, তারা একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. আজ বুধবার যা যা হলো:

    • বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ তিনটি মেট্রোরেল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
    • গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
    • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
    • শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা এবং তার স্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছে একটি আদালত।
    • সৌদি আরবের আরামকোর স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দু'টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী।
    • সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।
    • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার ‘রক্ষায়’ প্রস্তুত।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরো আট জন মারা গেছে বলে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।
    • গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
    • দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে ভিসা সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাম্প্রতিকতম পদক্ষেপ এটি।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফলে গোলাবারুদের ‘ঘাটতি’ তৈরি হয়েছে এবং পুনরায় সরবরাহে একটি অচলাবস্থা দেখা দিয়েছে।
    • সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
    • ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, আগামী কয়েক মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ “একেবারে ভিন্ন এক পর্যায়ে” প্রবেশ করবে।
    • "শেখ হাসিনাকে নিয়ে আপনারা কী করতে চান? আপনাদের উদ্দেশ্যটা কী? নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে" বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ, জানানো হয়েছে ক্লাস শুরুর তারিখ

    শিক্ষার্থীরা বিজয় চিহ্ন দেখাচ্ছে

    বাংলাদেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে।

    আজ বুধবার রাত ৮টার দিকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

    নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

    একইসঙ্গে, আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএসএসের মাধ্যমে ফলাফল পাঠানো হয়েছে।

    নির্ধারিত সময়ের মাঝে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ২৪শে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

  3. শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    অরবিন্দ ডি সিলভা
    ছবির ক্যাপশান, অরবিন্দ ডি সিলভা

    শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা এবং তার স্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছে একটি আদালত।

    বিবিসি সিংহলার তথ্য অনুযায়ী, বুধবার মামলার শুনানির সময় অরবিন্দ ডি সিলভা ও তাঁর স্ত্রী আদালতে উপস্থিত না হওয়ায় ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন।

    এর আগে প্রিয়াঙ্কা নিয়োমার বিরুদ্ধে একটি মামলায় তারা দুজনই জামিনদার হিসেবে উপস্থিত হয়েছিলেন।

    প্রিয়াঙ্কা নিয়োমা অরবিন্দ ডি সিলভার স্ত্রীর যমজ বোন এবং প্রয়াত কাপিলা চন্দ্রসেনার স্ত্রী। জামিনদার হিসেবে তার দায়িত্ব প্রত্যাহার সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল।

    শুনানির সময় আদালতে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে কোনো প্রমাণ উপস্থাপন না করায় এই আদেশ দেওয়া হয়েছে।

    কাপিলা চন্দ্রসেনার মৃত্যু

    শ্রীলঙ্কান এয়ারলাইনসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাপিলা চন্দ্রসেনার মরদেহ অরবিন্দ ডি সিলভার বাসভবনে পাওয়া গিয়েছিল। এ বিষয়ে তিনি ১২ই মে ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দেন।

    পরে অরবিন্দ ডি সিলভার স্ত্রী প্রিয়াঙ্কা অনুশকা বিজয়নায়েকেও আদালতে সাক্ষ্য দেন।

  4. আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

    এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন
    ছবির ক্যাপশান, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

    বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

    এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারিগরি বিভিন্ন বিষয় দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

    বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

    দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনে আগ্রহ প্রকাশ করেছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

  5. সৌদি আরবে আরামকো স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

    ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কয়েকজন সদস্য অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, সামনে বসে আছে একজন; প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে, প্রতীকী ছবি

    সৌদি আরবের আরামকোর স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দু'টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী।

    বুধবার ইয়েমেনের রাজধানী সানা থেকে হুথিদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন চলমান সামরিক অভিযান ও অবরোধের জবাবে এসব হামলা চালানো হয়েছে।

    বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

    হুথিদের দাবি, দু'টি হামলাই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে হুথিদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

    বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনে সামরিক অভিযান ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাবে তারা।

  6. গ্যাস সংকট সমাধানে ১৫০ নতুন কূপ খনন শুরু: মাহ্দী আমিন

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

    দেশে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

    বুধবার সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

    তিনি বলেন, দেশের এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দু'টি এফএসআরইউ-কে পর্যায়ক্রমে পাঁচটিতে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    পাশাপাশি, "জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।"

  7. মার্কিন নাগরিকদের সৌদি আরব সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

    সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর
    ছবির ক্যাপশান, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর

    সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।

    দূতাবাস জানিয়েছে, “ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, ভ্রমণ-নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ সংক্রান্ত স্থানীয় আইন” এই সতর্কতার কারণ।

    ঘোষণায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি।

    রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট তাদের নাগরিকদের “সন্ত্রাসবাদের হুমকির” কারণে ইয়েমেন-সৌদি সীমান্ত এলাকায় ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে।

    জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে পুনরায় সংঘাতে জড়িয়েছে।

    গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি লোহিত সাগরে দেশটির জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

  8. হাম উপসর্গে আরও আট জনের মৃত্যু

    হামে হাসপাতালে চিকিৎসাধীন আছে বহু শিশু; প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, হামে হাসপাতালে চিকিৎসাধীন আছে বহু শিশু; প্রতীকী ছবি

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরো আট জন মারা গেছে বলে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।

    মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ের মাঝে যারা মারা গেছে, তাদের তিন জন সিলেটে; ঢাকা ও বরিশালে দুইজন করে এবং খুলনায় একজন।

    এই সময়ের মাঝে সারাদেশে সন্দেহজন হাম বা হাম উপসর্গ আছে এমন রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮১।

    চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪ জনে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে মোট একশো জনের।

    আরও পড়তে পারেন...

  9. ইরানের ‘অধিকার রক্ষার’ আশ্বাস চীনের

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার ‘রক্ষায়’ প্রস্তুত।

    বিবিসি নিউজ ফার্সির এক খবরে বলা হয়েছে, বেইজিং সফররত আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন “ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে প্রস্তুত”।

    “আমরা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই,” বলেন তিনি।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করার কথা রয়েছে।

    এএফপির তথ্য অনুযায়ী, ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদারদের অন্যতম চীন দীর্ঘদিন ধরে কয়েক মাসব্যাপী মধ্যপ্রাচ্য সংঘাতের উত্তেজনা প্রশমনের চেষ্টা করে আসছে। এই সংঘাত ইরানের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।

    ওয়াং ই বলেন, “আমরা ইয়েমেন ও লোহিত সাগরে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখতে চাই না”।

    এ সপ্তাহে চীন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদন অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে চীনা প্রতিষ্ঠানগুলো জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটির উপগ্রহচিত্র “ইসলামি প্রজাতন্ত্রকে সরবরাহ করেছে”।

    ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন।

  10. ডেঙ্গুতে আরও সাত মৃত্যু

    এডিস মশা
    ছবির ক্যাপশান, এডিস মশা

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৫৭ হাজার এবং মৃতের সংখ্যা ১৭১।

  11. যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন ধসে গাজার ২১ জন নিহত

    ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে
    ছবির ক্যাপশান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে

    স্থানীয় উদ্ধারকারী ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় অবস্থিত ছয়তলা ভবনটি এক বছরেরও বেশি সময় আগে একটি ইসরায়েলি হামলার পর বিপজ্জনকভাবে একদিকে হেলে ছিল। তাদের ভাষ্য, আশ্রয়ের তীব্র সংকটের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনটির ভেতরে বসবাস করছিল।

    বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে জাতিসংঘের সংস্থাগুলো এবং একটি মিশরীয় দল অনুসন্ধান কার্যক্রমে যোগ দিয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, সরঞ্জামের অভাবে এ কাজ ধীরগতিতে এগোচ্ছে।

    প্রাথমিক উদ্ধার অভিযানে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার সদস্যরা খালি হাত ব্যবহার করতে বাধ্য হন।

    গাজা সিটির সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, “আমরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাই মানুষকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা এখনো রয়েছে।”

    তিনি আরও বলেন, “আশ্রয়ের সীমিত সুযোগ থাকার কারণে বাসিন্দারা এই ভবনে চলে এসেছিলেন। তারা ভেবেছিলেন এটি নিরাপদ। তবে একপর্যায়ে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে এবং ঘুমন্ত মানুষের ওপর মর্মান্তিকভাবে ভেঙে পড়ে।”

  12. শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ‘বৈষম্যের’ অভিযোগ, দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের ভিসা সীমিত করলো যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে ভিসা সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাম্প্রতিকতম পদক্ষেপ এটি।

    ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন নীতির সমালোচনা করেছে। এর মধ্যে বর্ণগত বৈষম্য দূর করার উদ্দেশ্যে নেওয়া নীতিগুলোও রয়েছে, যেগুলো তাদের মতে প্রধানত ডাচ ও ফরাসি বংশোদ্ভূত আফ্রিকানারদের বিরুদ্ধে বৈষম্যমূলক।

    দক্ষিণ আফ্রিকা বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

    মঙ্গলবার এই সীমাবদ্ধতার ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “দক্ষিণ আফ্রিকার সরকার আগে উত্থাপিত উদ্বেগগুলোর যথাযথ সমাধান করতে পারেনি।”

    তিনি বলেন, এই ভিসা সীমাবদ্ধতা তাদের লক্ষ্য করবে, যারা “বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করে, সহিংসতায় উসকানি দেয়, অথবা দক্ষিণ আফ্রিকায় ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণকে সমর্থন করে।”

    রুবিও তাৎক্ষণিকভাবে এ সীমাবদ্ধতার আওতায় পড়া কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

    গত বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণ করার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে গেছে। যুক্তরাষ্ট্রের এই নেতা সহায়তা কমিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন এবং তার ভাষায় - ‘নির্যাতনের’ মুখে দেশ ছেড়ে যাওয়া শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের তিনি ‘আশ্রয়ের’ প্রস্তাব দিয়েছেন।

  13. ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি তৈরি হয়েছে, নিশ্চিত করলেন পেন্টাগনের মহাপরিদর্শক

    যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফলে গোলাবারুদের ‘ঘাটতি’ তৈরি হয়েছে এবং পুনরায় সরবরাহে একটি অচলাবস্থা দেখা দিয়েছে।

    এ বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক, কারণ তিনি বারবার অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র কোনো ঘাটতির মুখে রয়েছে।

    ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সরবরাহ ‘প্রায় সীমাহীন’ এবং এ-সংক্রান্ত ভিন্ন ধরনের প্রতিবেদনকে তিনি ‘ভুয়া খবর’ বলেও উল্লেখ করেছেন।

    তবে স্বাধীন এই তদারকি সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র গোলাবারুদ খাতে ২২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে, যার ফলে ‘কৌশলগত মজুদের ঘাটতি’ তৈরি হয়েছে।

    এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে “প্রয়োজনের তুলনায় যথেষ্ট বেশি” গোলাবারুদ রয়েছে।

    প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ সম্পর্কে স্বাধীনভাবে পাওয়া প্রথম ধরনের একটি ধারণা তুলে ধরেছে। সাধারণত এ ধরনের তথ্য গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ থাকে।

    এর আগে বিভিন্ন মূল্যায়নে যুক্তরাষ্ট্রের ঘাটতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছিল।

    যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বাহিনী দীর্ঘপাল্লার স্থল হামলা ব্যবস্থার পাশাপাশি ইরানের হামলা প্রতিহত করতে ব্যবহৃত বিপুল পরিমাণ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

    জুলাইয়ের শেষ দিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক মূল্যায়নে দেখা যায়, কিছু প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ, যেমন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড), উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু ক্ষেত্রে এ ঘাটতি অর্ধেকেরও বেশি ছিল।

  14. আরও তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন, আসছে ইলেকট্রিক ট্রেনের ব্যবস্থা: জোনায়েদ সাকি

    পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
    ছবির ক্যাপশান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

    বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ তিনটি মেট্রোরেল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

    একনেকের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, "জয়দেবপুর, ঢাকা, নারায়ণগঞ্জ - একটা প্রকল্প পাশ হয়েছে...ইলেকট্রিক ট্রেনের ব্যবস্থা। এটা কমিউটার ট্রেনের মতো। এর সাথে মেট্রোরেলের একটা সাদৃশ্য আছে। তবে এটা ট্র্যাডিশনাল ট্র্যাকের মধ্য দিয়ে পরিচালিত হবে।"

    "অনেকে প্রশ্ন করেছে, বিদ্যমান ট্র্যাক লাইন দিয়ে চলবে কি না। বিদ্যমান ট্র্যাক লাইন ও কমিউটার ট্র্যাক লাইনের স্পিডে পার্থক্য হবে। তবে কমিউটার ট্রেন আবার বুলেট ট্রেনের মতো স্পিডে যাবে না। এটার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ১৬০ কিলোমিটার বেগে চলার মতো যে ট্র্যাক লাইন দরকার, এটা তৈরি করা হচ্ছে।"

    তিনি আরও জানান, ইলেকট্রিক ট্রেনের ট্র্যাক তৈরির কাজ প্রায় ৭০ শতাংশ এগিয়ে গেছে।

  15. মক্কায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

    ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থানটি মক্কায় অবস্থিত।
    ছবির ক্যাপশান, ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থানটি মক্কায় অবস্থিত

    সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

    বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত এবং এসব স্থান রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

    বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা সব সময় নিশ্চিত করতে হবে।

    প্রসঙ্গত, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত ও ধ্বংস করেছে। তবে হুথিরা এই হামলার দায় অস্বীকার করেছে।

  16. আগামী কয়েক মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, আগামী কয়েক মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ “একেবারে ভিন্ন এক পর্যায়ে” প্রবেশ করবে।

    তবে তিনি ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে একমত যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই এই যুদ্ধের অবসান হবে।

    সোমবার একটি বিমানে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের সময়ের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র “হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে।”

    “আমরা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না, তবে আমি মনে করি প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে আগামী কয়েক মাসে এটি একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতিতে পরিণত হবে”।

    “তিনি (ডোনাল্ড ট্রাম্প) সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। তাই কখন সংঘাত শুরু হবে এবং কখন শেষ হবে, তা তিনিই নির্ধারণ করেন,” বলেন ভ্যান্স।

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, “আমি অবশ্যই বুঝতে পারি যে মার্কিন জনগণ কিছুটা অধৈর্য হচ্ছেন। কিন্তু বাস্তবে এই মুহূর্তে যা ঘটছে তা হলো, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করছে না।”

    “তবে যা হচ্ছে তা হলো, ইরানিরা কখনো কখনো বাণিজ্যিক জাহাজের দিকে গুলি ছোড়ে, যদিও সাধারণত তারা সফল হয় না,” বলেন তিনি।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটবে।

  17. 'শেখ হাসিনাকে নিয়ে আপনাদের উদ্দেশ্যটা কী?'– ভারতকে প্রশ্ন রিজভীর

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

    "শেখ হাসিনাকে নিয়ে আপনারা কী করতে চান? আপনাদের উদ্দেশ্যটা কী? নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে" বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    আজ বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ভারত বাংলাদেশের অনেক শীর্ষ সন্ত্রাসী, ঘাতককে আশ্রয় দিয়েছে দাবি করে তিনি আরও বলেন, "হাসিনাকে কেন্দ্র করে আপনারা যে চক্রান্তের জাল তৈরি করছেন, সেটা অত্যন্ত সুস্পষ্ট। আপনি ১৪০০ শিশু, তরুণ, কিশোর, ছাত্র-জনতার খুনিকে...রক্তপিপাসু এক প্রধানমন্ত্রী...আশ্রয় দিয়েছেন। অথচ বাংলাদেশ সরকার বারবার বলেছে তাকে হস্তান্তর করার জন্য। তার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে গুলি চালিয়েছে, হত্যা করেছে, এরকম অসংখ্য লোকও সেখানে পালিয়ে রয়েছে।

    রুহুল কবির রিজভী এও বলেন, অতীতে শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে অভিযুক্ত এক সাবেক মেজরকে ভারত যদি শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে পারে, তাহলে "যারা ১৪০০ মানুষকে হত্যা করেছে, রক্ত পান করেছে, তাদেরকে কেন হস্তান্তর করছে না? বাংলাদেশের আদালতে আইনের মাধ্যমে যাদের বিচার হচ্ছে, তারা কেন হস্তান্তরিত হচ্ছে না?"

    এসময় তিনি দাবি করেন যে ভারতের এক মুখ্যমন্ত্রী বলেছেন, ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর হত্যার পেছনে "ভারতের কেন্দ্রীয় সরকারের হাত আছে। তারা সেই মুখ্যমন্ত্রীকেও কনভিন্স করতে চেয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা গ্রাহ্য করেন না...আপনারা সন্ত্রাসী পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের হত্যার চক্রান্ত করেন। তারপরেও আপনারা বলেন, আপনাদের সাথে সম্পর্কের কথা।"

    "সামনাসামনি কথা হলে অনেক সুমধুর কথা বলেন। কিন্তু ভেতরে ভেতরে আপনারা যে চক্রান্তের জাল তৈরি করছেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে, তা অত্যন্ত সুস্পষ্ট," যোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

  18. সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইয়েমেনের হুথিদের

    হুতি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য গাড়ির ওপর থেকে ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালাচ্ছেন
    ছবির ক্যাপশান, কয়েক সপ্তাহ ধরেই সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে ইয়েমেনের হুথিগোষ্ঠী, ফাইল ছবি

    ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী বুধবার দাবি করেছে যে, তারা একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা বলেছে, বিমানটিকে লক্ষ্যবস্তু করতে তারা ‘দেশীয়ভাবে তৈরি’ গোলাবারুদ ব্যবহার করেছে।

    হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী “মারিব প্রদেশের আকাশসীমায় দেশটির সামরিক তৎপরতাকে সমর্থন করে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।”

    যুদ্ধবিমানটিকে “দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র” ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

    এ সপ্তাহে হুথিরা মক্কা নগরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে সৌদি আরবের যে দাবি করেছে, তা-ও অস্বীকার করেন এই মুখপাত্র। তিনি বলেন, “আমাদের অভিযানগুলোর লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।”

    কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই তারা তা প্রতিহত ও ধ্বংস করেছে।

    জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে পুনরায় সংঘাতে জড়িয়েছে।

    গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি লোহিত সাগরে দেশটির জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আওয়ামী লীগের সাতজন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ জন আসামির সম্পত্তির ৫০ শতাংশ বিক্রি করে জুলাইয়ে আহত বা নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত জন নেতার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তাকে ‘একতরফা, পক্ষপাতদুষ্ট ও সাজানো রায়’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে দলটি।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি তদন্ত কমিটি তদন্ত শেষ করে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার দায় আসিফ নজরুলের। এরপর ফেসবুকে একটি পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত তখনকার ক্রীড়া উপদেষ্টা হিসেবে তারই ছিল।
    • ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
    • সৌদি আরবের মক্কা, জেদ্দা এবং তাইফ প্রদেশে কয়েক মিনিট ধরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম মক্কায় এমন সতর্কতামূলক সাইরেন বেজেছে।
    • যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকযোগে ভোট দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।সুপ্রিম কোর্টের বিচারপতিরা ফেডারেল বিচারকের দেওয়া আদেশ বহাল রেখেছেন। ওই আদেশের মাধ্যমে ইউএস পোস্টাল সার্ভিসকে (ইউএসপিএস) ডাকযোগে পাঠানো ব্যালটের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছিল।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত। তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সাক্ষাতেও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে। এই প্রথমবার দেশটি প্রকাশ্যে স্বীকার করল যে তাদের এমন আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।