পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
    • উপহারের নামে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
    • বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
    • সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জনে।
    • ২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
    • রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পদক্ষেপের জবাবে, আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে ঘোষণা করেছে ইরান।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বিদেশি এজেন্সির সাথে বৈঠকের বিষয়ে যা বললেন জামায়াতের আমির

    জামায়াতের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
    ছবির ক্যাপশান, জামায়াতের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

    কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা বা বৈঠক করার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

    রাজনৈতিক দল হিসেবে কোনো এজেন্সির সঙ্গে নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে বসার কথা জানান মি. রহমান।

    তিনি বলেন, “যারা আমাদের কথা বলছেন, ডকুমেন্ট আছে তারা গিয়ে এজেন্সির সঙ্গে বসেছেন।”

    এর আগে, নিজের বক্তব্যে ভীনদেশি সংস্থার সঙ্গে দেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক করার বিষয়টি সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  3. পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ফাইল ছবি)

    দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

    মন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য এলাকায় “বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ১৯৪, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ৮১, অপহরণের সংখ্যা ২৯৭, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩৭৭।”

    এছাড়া সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে স্বশস্ত্র গোষ্ঠী। পৃথক ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

    পার্বত্য তিন জেলায় সক্রিয় অবৈধ স্বশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে স্বশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান, ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে।”

  4. ‘দেশের অর্থনীতি সঠিক পথে আছে’, দাবি অর্থমন্ত্রীর

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
    ছবির ক্যাপশান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বুধবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর সঙ্গে আলোচনা আগামী জানুয়ারিতেই শেষ হবে। “আমাদের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে আইএমএফ এর সঙ্গে,” বলেন তিনি।

    চলমান প্রকল্প কিংবা নতুন যেকোন প্রকল্পের অর্থায়ন হিসাব-নিকাশ করেই করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

    দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিগত সরকারগুলো থেকে আমরা ইনহেরিট করেছি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ- সব মিলিয়ে চাপের মধ্যে আছে দেশের অর্থনীতি। সব কিছুর মধ্যেও অর্থনীতি সঠিক পথে আছে, ভালো দিকে যাচ্ছে,” বলেন তিনি।

  5. সারের ডিলার নিয়োগ প্রশ্নে উত্তপ্ত সংসদ

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

    সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

    বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

    এ সময় তিনি অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে।

    “সারের ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি,” বলেন তিনি। এ নিয়ে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

    জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, “সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন, তার ভেতরে মূল জিনিস যেটা আসছে, সেটা হলো প্রথম উনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।”

    মন্ত্রীর এই মন্তব্যের পরই হৈচৈ শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মন্ত্রী কথা বলার সময়ও হট্টগোল চালিয়ে যান তারা।

    এসময় মন্ত্রী বলেন, "উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন...’ এ সময় বিরোধী দলের সদস্যরা হৈচৈ করতে থাকেন।

    একপর্যায়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। তিনি বলেন, “সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে... আমি আশা করব, আমি নতুন মন্ত্রী। এই কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি এটা চাই যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব অসুবিধা নেই।”

    মন্ত্রীর বক্তব্য শেষ হলেও সংসদে উত্তেজনা কমেনি। উচ্চস্বরে চেঁচামেচি চলতে থাকে। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

  6. ‘প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন’- প্রশ্ন টিআইবি'র

    টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ছবির ক্যাপশান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    উপহারের নামে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায় প্রতিষ্ঠানটি।

    এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করারও দাবিও জানানো হয়েছে।

    মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে- কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    এই বক্তব্যের মাধ্যমে প্রতিমন্ত্রী ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

    প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, নিয়মিত দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ কেন নেওয়া হবে?

    প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে দুর্নীতির বিস্তার ঘটাবে বলেও মনে করেন মি. ইফতেখারুজ্জামান।

    “নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে আছে,” সেটিও সবাইকে জানানোর কথা বলেন তিনি।

  7. দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু

    ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
    ছবির ক্যাপশান, ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

    সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জনে।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৮০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। আর সবথেকে কম ১১ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট বিভাগে।

    এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৭৮ জনের মধ্যে ১৭৪ জনেরই অক্টোবর মাসে মৃত্যু হয় বলেও জানানো হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অগাস্টে ৪৩ জনের মৃত্যু হয়।

  8. আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করল ইরান

    ইরানের রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনাও
    ছবির ক্যাপশান, ইরানের রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনাও

    রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পদক্ষেপের জবাবে, আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে ঘোষণা করেছে ইরান।

    বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ২০১৯ সালে পাস হওয়া ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি পাল্টাপাল্টি নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, "স্বাভাবিকভাবেই, এর থেকে উদ্ভূত সকল পরিণতির জন্য আর্জেন্টিনা সরকার দায়ী থাকবে।"

    আর্জেন্টিনা সরকার চলতি বছরের এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ডসকে 'সন্ত্রাসী সংগঠনের' তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

    ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হেজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। যে হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছিলেন।

    ইরান অবশ্য এই বোমা হামলায় জড়িত থাকার কথা সবসময়ই অস্বীকার করে আসছে।

  9. দেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

    হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা থামছেই না
    ছবির ক্যাপশান, হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা থামছেই না

    হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    এ নিয়ে চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০৫ জন নিশ্চিত হাম রোগে এবং এক হাজার ১৯০ জনের হাম উপসর্গে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৫ জনে।

    বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৪ জন রোগী।

  10. বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা: প্রথম শ্রেণিতে লটারি, বাকি ক্লাসে পরীক্ষা

    ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে
    ছবির ক্যাপশান, ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে

    ২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেওয়া নতুন ভর্তি নীতিমালাটি বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

    নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত খালি আসনে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়।

    একই সঙ্গে ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোর জন্য ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলের নিজ এলাকার শিশুদের জন্য ৪০ শতাংশ আসন রাখতে হবে।

    তবে, পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না।

    নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লটারিতে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে, অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির সুযোগ পাবে অন্যরা।

    নবম শ্রেণিতে আবেদন করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার নম্বর ও সময়ও ঠিক করে দেওয়া হয়েছে।

    এছাড়া প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের হিসাব ধরা হবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পহেলা জানুয়ারি অনুযায়ী। ওই তারিখে শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছর বা তার বেশি, কিন্তু সাত বছরের কম।

    অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষে যারা প্রথম শ্রেণিতে ভর্তি হবে, তাদের জন্মতারিখ হতে হবে ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে।

    আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে বলেও নীতিমালায় বলা হয়েছে।

    এছাড়া প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাবর্ষ চলবে পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

  11. নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত (প্রতীকী ছবি)
    ছবির ক্যাপশান, শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত (প্রতীকী ছবি)

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

    বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ আদেশ দেন।

    রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশও দিয়েছেন আদালত।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল কবির রুবেল বিবিসি বাংলাকে জানান, বিচারকার্য শুরু হওয়ার দুই মাসের মধ্যেই মামলার রায় দেওয়া হয়েছে।

    “ধর্ষণের শিকার শিশুকে আদালতের নির্দেশে সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছিল। এখন তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে,” বলেন তিনি।

    মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের দোসরা অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন।

    ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

    চলতি বছরের ২৩শে এপ্রিল ওই শিশু শিক্ষার্থীর পরিবার নেত্রকোণার মদন উপজেলায় একটি মামলা দায়ের করেন।

    এরপর দোসরা জুলাই একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।

    পরে আদালতের নির্দেশে নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে জুলাইতে ডিএনএ পরীক্ষা করা হয়, যাতে নবজাতকের সঙ্গে আমানুল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

    রায়ে আলোচিত এ মামলার রায়ে বেশ কিছু পর্যবেক্ষণও দিয়েছেন আদালত। যেখানে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে।

  12. মঙ্গলবার সারাদিনে যা যা হল

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
    • বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না।
    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। তবে পিট হেগসেথ তার বিরুদ্ধে কংগ্রেসে আনা অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ উল্লেখ করেছেন।
    • বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে।
    • বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কথিত চীনা গুপ্তচরের মধ্যকার সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এফবিআই।
    • সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এ চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  13. বিবিসি বাংলার লাইভ