মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
"আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে," বলেন মিজ ইসলাম।
শেখ হাসিনাকে গ্রেফতার করার মতো সক্ষমতা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আছে কি-না, জানতে চাইলে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি?
"উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল," যোগ করেন শামা ওবায়েদ ইসলাম।
আওয়ামী লীগ সভাপিতর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক 'স্টান্টবাজি' উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না"
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
"বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না," বলেন মিজ ইসলাম।
ভারতে থাকা অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক যোগাযোগ চালাচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।"