আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম, আরো কমবে নাকি বাড়বে?
এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি কমতে কমতে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে ধারণা প্রকাশ করতে দেখা যাচ্ছে যে, স্বর্ণের দাম আরো কমতে পারে।
অথচ চলতি বছরের শুরুতেই স্বর্ণের ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁইছুঁই ছিল, যা বাংলাদেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম। বছরের শেষের দিকে এসে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের চলতি সপ্তাহেও নামছে ভরি প্রতি সোনার দাম।
তবে শুধু যে দেশের বাজারেই স্বর্ণের এই দরপতন তা নয়, বিশ্ববাজারেই কমে গেছে সোনার দাম। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।
রোববার দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা। শুক্রবার একদিনেই ভরিতে দাম কমেছিল প্রায় ১১ হাজার টাকা।
ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমতে পারে কিনা? অথবা কমলে স্বর্ণের ভরি কত হবে? স্বর্ণের দাম আবার কবে বাড়বে এমন প্রশ্নও রয়েছে অনেকের মনে।
অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের দাম অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। বিনিয়োগের নানা উপকরণ যেমন বন্ড, ডলার, তেল এবং স্বর্ণ এসবই একে অপরের পরিপূরক।
একটি উপকরণের বাজারে বিনিয়োগ বাড়লে বা কমলে অন্য উপকরণের মূল্য প্রভাবিত হয় বলে জানান অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তবে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন যে সবসময়ই দেশীয় বাজারকে প্রভাবিত করে বিষয়টি এমন নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
এদিকে, দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমবে নাকি আবার বেড়ে যেতে পারে সে বিষয়ে খাত সংশ্লিষ্টরা জানান, বর্তমানে স্বর্ণের যে দাম রয়েছে আপাতত বেশ কয়েকদিন ওই দামই বা আরো কিছুটা কমার সম্ভাবনাই বেশি।
End of বিবিসি বাংলার অন্যান্য সংবাদ
চলতি সপ্তাহে স্বর্ণের ভরি আরো কমবে?
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বা বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। কিন্তু মাত্র দুই বছরের ব্যবধানে চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে দুই লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে যায়।
কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম নিম্নমুখী হতে থাকে। অর্থাৎ এবার যুদ্ধ পরিস্থিতিতে সোনার দাম বৃদ্ধির ট্রেন্ডে মূলত উল্টো পরিবর্তন হতে থাকে।
কেননা এবারের মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল সরবরাহে প্রভাব পড়ায় বিশ্বব্যাপী তেলের বাজার ঊর্ধ্বমূখী ছিল। যার প্রভাব আন্তর্জাতিক বাজারে বিনিয়োগের অন্যান্য উপকরণেও পড়ে।
ডলারের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, সোনার দরপতনসহ নানা উত্থান-পতনও ঘটতে থাকে।
বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে থাকে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং গত এক সপ্তাহ স্বর্ণের দামে যে সমন্বয় করেছে তাতে দেখা যাচ্ছে, গত ১৪ই নভেম্বর ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণালংকার ভ্যাটসহ ছিল ১৮ হাজার ৬৫৫ টাকা।
আর ২২শে নভেম্বর, রোববার একই ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ ১৬ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতি গ্রাম সোনার দাম কমেছে এক হাজার ৯৪০ টাকা।
শুক্রবার এক দিনেই দেশের বাজারে সবচেয়ে বেশি কমেছে ২২ ক্যারেট সোনার দাম। ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে।
ওইদিনও ২২ ক্যারেট সোনার ভরি ছিল দুই লাখ এক হাজার টাকার কিছু বেশি। আর ২১ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ছিল এক লাখ ৯২ হাজার টাকার কিছু বেশি।
রোববার ২২ ক্যারেট সোনার ভরি এক লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা হয়েছে। যথারীতি কমেছে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার দামও।
বাজুসের সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলছিলেন, দেশের বুলিয়ন মার্কেট থেকে যে দামে তেজাবী বা পাকা সোনা কেনা যায় সেটির সাথে আন্তর্জাতিক বাজারে সোনার দামসহ নানা বিষয় মূল্যায়ন করে সোনার ভরি নির্ধারণ করা হয়।
অনেক দিন ধরেই বিশ্ববাজারে স্বর্ণের অতিরিক্ত দাম ছিল বলে জানান তিনি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, "খনি থেকে এই মুহূর্তে গোল্ড যেটা আবিষ্কার হয়ে মার্কেটে আসে সেটার সর্বোচ্চ উৎপাদন খরচ ২২৫০ ডলার। আটশো ডলার, ষোলশো ডলারও আছে। সর্বোচ্চ যদি ধরেন ২২৫০, এটার প্রায় এক হাজার ডলার মুনাফা করতে পারবে ওরা। তো ৩২৫০ বা ৩৩০০ ডলার পার আউন্স, এটা আইডল প্রাইস।"
"এখন এই প্রাইসকে ওই ইন্টারন্যাশনালি যারা বড় বড় স্টকহোল্ডার, স্টেকহোল্ডার যাই বলেন না কেন, তারা দাম বাড়াতো বা দাম কমাতো। এই বছরের জানুয়ারিতে পাঁচ হাজার ৫৯৫ ডলার পর্যন্ত তুলে নিয়ে গেছিল। যখন এরা এটা স্টার্ট করে, তখন এটা তিন হাজার ৪৪২-৪৩ ডলার ছিল। তো অলমোস্ট ২০০০ ডলার মুনাফা করে ফেলেছিল," বলেন মি. ইসলাম।
এই হিসাব খাঁটি স্বর্ণের উল্লেখ করে তিনি জানান, এই সোনা থেকে অলংকার তৈরি করতে হয়। ফলে যখন কাঁচামালের দাম বাড়ে তখন ভরি প্রতি গহনার দাম বাড়ে। আর কাঁচামাল সহজলভ্য হলে ভরি প্রতিও দাম কমিয়ে নির্ধারণ করে বাজুস।
এদিকে, দেশের বাজারে পুরোনো স্বর্ণ বেচা-কেনার নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
রোববার থেকে পুরোনো গহনা বিক্রির সময় ১৮ শতাংশের বদলে ১৫ শতাংশ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি কেউ পুরোনো স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ কিনতে চান তাহলে ১২ শতাংশের পরিবর্তে নয় শতাংশ বাতিল হবে।
স্বর্ণ দাম আরো কমার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, রোববার যে দাম রয়েছে সেটিই থাকার সম্ভাবনা বেশি। তবে সোমবার সকালে আন্তর্জাতিক বাজার দেখলেই আগামী কয়েকদিনের সোনার দাম সম্পর্কে জানা যাবে।
সোনার ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ ক্রেতারা গহনা কেনা থেকে বিরত ছিল। কিন্তু এখন দামের এই নিম্নমুখী প্রবণতার ফলে সাধারণ ক্রেতারা আবার ফিরে আসবে বলে মনে করেন তিনি।
মি. ইসলাম বলেন, "ক্রেতা সাধারণের জন্য তো অবশ্যই ভালো হবে এবং ব্যবসায়ীদের জন্যও ভালো হবে। কারণ মানুষ অলঙ্কার কেনার দিকে ঝুঁকবে।"
স্বর্ণের দাম বাড়লে বা কমলে কী প্রভাব পড়ে?
অর্থনীতিবিদরা বলছেন, সাধারণত বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা কিংবা যুদ্ধের শঙ্কা অথবা যুদ্ধ পরিস্থিতি থাকলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কিনে মজুত করে থাকেন। সে কারণে এই ধাতুর দাম বেড়ে যায়। যদিও সোনা কিনে রাখলেও এতে কোনো সুদ পাওয়া যায় না।
অন্যদিকে, স্বর্ণের বিপরীতে বাড়ছে ডলারের দাম, যেটির সুদ হারও ক্রমাগত বাড়ছে। আবার মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমছে। ফলে যেদিকে লাভ বেশি সেদিকেই বিনিয়োগকারীরা ঝুঁকে থাকেন বলে জানান অর্থনীতিবিদরা।
নলেজ হাব ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, "এখন ডলারের দাম ঊর্ধ্বমুখী। এটা নির্দেশ করে, ডলারের মার্কেটে বিনিয়োগ আসছে অর্থাৎ মানুষ ডলারের মার্কেটে টাকা খাটাচ্ছে। সে কারণে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে।"
"এটা হয়তো বেশ কিছুকাল চলবে। তারপর এটির ডিমান্ড যখন এমন একটি স্থিতিশীল অবস্থায় আসবে তখন ডলারের দামও আস্তে আস্তে কমতে শুরু করবে। ডলার আর সোনার একটা সাবস্টেটিবিউলিটি আছে, একটা বাড়লে একটা কমে। আবার আরেকটা কমলে অন্যটার দাম বাড়ে," বলেন এই অর্থনীতিবিদ।
এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেই বাংলাদেশের স্থানীয় বাজারেও কমে বিষয়টি এমন নয় বলে জানান তিনি। অনেক সময় আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেখা যায় বাংলাদেশের বাজারে বেশি বা একই দাম রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে, আন্তর্জাতিক দরপতনের প্রভাব স্থানীয় বাজারে পূর্ণাঙ্গভাবে না পড়লেও অনেকটাই প্রভাবিত হয় বলে উল্লেখ করেন মি. মোয়াজ্জেম।
"কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের লোকাল মার্কেট গ্লোবাল মার্কেটের এই ফ্যাক্টরগুলো ছাড়াও তার নিজস্ব অনেক ইনএফিসিয়েন্সি, নন-ট্রান্সপারেন্সি এবং লোকালি বিষয়ের ওপর নির্ভর করে। গোল্ডের একটা ইনফরমাল চ্যানেলের হাব হিসেবে বাংলাদেশ ব্যবহার হয়। সো, এখানে আরো অন্য অনেক ফ্যাক্টর, সেগুলোও আসলে আমাদের লোকাল প্রাইসকে প্রভাবিত করে," বলেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম।