সোমবার সারাদিন যা যা হয়েছে
- ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে যে আবেদন করা হয়েছে, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
- সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে, মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে বেতন কাঠামোর লিখিত সুপারিশ জমা দিতে সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।
- বিদেশে গিয়ে চিকিৎসার জন্য বিদেশি মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।
- একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে সিইও জেনসেন হুয়াংয়ের পরকীয়ার অভিযোগের পর মার্কিন প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার শেয়ার দিনের শুরুতে আট শতাংশ কমে গেছে।
- রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি পাবলিক বাসে সন্ধ্যায় আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে আধা ঘণ্টার মতো মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।
- স্বৈরাচার আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, মানুষকে বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্তও শিথিল করেছে ঢাবি।
- ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীর ওপর দিয়ে সোমবার রাত একটা পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্যদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেফতার ও মামলা সম্পর্কে অবগত করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
- এইচএসসি পরীক্ষা ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
- ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে গত বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।











