হাম উপসর্গে বাংলাদেশে শিশু মৃত্যু চারশো ছাড়াল, গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১১ শিশু

হাম উপসর্গ নিয়ে বাংলাদেশে এই বছর চারশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১১ শিশু। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ''আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।''
    • পাকিস্তানের মাধ্যমে “যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের” রোববার জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান।
    • ইরানের তেল টার্মিনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী আব্বাস আসাদরোজ খাড়গ দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে “বাস্তবতাবিবর্জিত মিথ্যা দাবি” বলে দাবি করেছেন।
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।
    • গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
    • বাংলাদেশের রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে। এই বছর এই রোগের উপসর্গ নিয়ে ৪০৯টি শিশুর মৃত্যু হয়েছে।
    • উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
    • দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
    • হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
    • ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী-পুরুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. ইরানের জবাব পাওয়ার পর তা আমেরিকার কাছে পাঠানো হয়েছে:পাকিস্তান

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব পাকিস্তান হাতে পেয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এমন এক সময়ে এই খবরটি এল যখন পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের দায়িত্ব পালন করছে।

    এক ঘণ্টা আগে ইরান জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে তাদের জবাব পাকিস্তানি কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

  3. আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ''আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।''

    মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না, কারণ তারা উন্মাদ। আমরা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ দিতে পারি না। ওবামা তা-ই করেছিলেন।''

    ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যদি তিনি ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করতেন, “তাহলে তারা এতদিনে পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং তা ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং সম্ভবত এর বাইরেও ব্যবহার করত। তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্রও ছিল, যা, আপনারা কিছুদিন আগে যেমনটা দেখেছেন, ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারত।''

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০ শতাংশ আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি।''

    ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন।

  4. অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন বাংলাদেশের পত্রিকায় প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

    ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ছয়টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে।

    পত্রিকায় প্রকাশিত এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

    দ্রুত এই অব্যবহৃত ছয়টি হাসপাতাল পরিদর্শন করে চালুর জন্য ওই বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আগামী দোসরা জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে হবে।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।

  5. খাড়গ দ্বীপে তেল ছড়িয়ে পড়ার খবরটি মিথ্যা, বলছেন ইরানের তেল টার্মিনালগুলোর সিইও

    খাড়গ দ্বীপ
    ছবির ক্যাপশান, ইরানের তেল টার্মিনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী আব্বাস আসাদরোজ খাড়গ দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে “বাস্তবতাবিবর্জিত মিথ্যা দাবি” বলে দাবি করেছেন

    ইরানের তেল টার্মিনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী আব্বাস আসাদরোজ খাড়গ দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে “বাস্তবতাবিবর্জিত মিথ্যা দাবি” বলে দাবি করেছেন।

    ইরানি সংবাদমাধ্যমে সিইও আব্বাস আসাদরোজ বলেছেন, “খবরটি প্রকাশিত হওয়ার পরপরই স্বাস্থ্য ও নিরাপত্তা, রাসায়নিক বিভাগ এবং ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল পুরো এলাকা পর্যবেক্ষণ করেছে, কিন্তু দূষণের সামান্যতম চিহ্নও পাওয়া যায়নি।”

    তার মতে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মিমাক সেন্টার অথবা ইরান কারো কাছেই এই এলাকায় দূষণ সংক্রান্ত কোনো রিপোর্ট নেই।

    আসাদরোজ আরো বলেন, “গল্প রচয়িতারা দাবি করছেন, দাগটি সমুদ্রের দিকে যাচ্ছে। অথচ উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বে যে গতিতে বাতাস বইছে, তাতে কোনো আস্তরণ থাকলে তা উপকূলের দিকে আসার কথা ছিল।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি নামক একটি এনজিওর করা পোস্টের সমালোচনা করছিলেন তিনি।

    এই সংস্থাটি দাবি করেছিল, “একটি অজ্ঞাত উৎস থেকে তৈরি তেলের আস্তরণ দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ছে এবং তা ঠিকমতো নিয়ন্ত্রণ করা হচ্ছে না।”

    এদিকে, বুশেহরের প্রতিনিধি জাফর পুরকাবগানি ইরানের পার্লামেন্টে “সমুদ্রে তেল নিঃসরণের” বিষয়টি অস্বীকার করেছেন।

    তবে তিনি দাবি করেছেন, “এই দাগগুলো মূলত একটি ইউরোপীয় ট্যাঙ্কার থেকে সমুদ্রে ফেলা বর্জ্য ও তেলের মিশ্রণ, যা পরিবেশের ক্ষতি করছে।”

    পারস্য উপসাগরে সামুদ্রিক জরুরি অবস্থায় পারস্পরিক সহায়তা কেন্দ্র মিমাক হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল এবং অন্যান্য ক্ষতিকর পদার্থের কারণে সৃষ্ট দূষণ মোকাবেলার জন্য একটি প্রধান আঞ্চলিক সংস্থা।

    সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধনে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    তথ্য আদান-প্রদান এবং দ্রুত সাড়া প্রদান ব্যবস্থার মাধ্যমে এই সংস্থাটি পরিবেশগত সংকট মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর প্রস্তুতি আরও জোরদার করে।

  6. গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ১১ শিশু মারা গেছে, মৃত্যুু চারশো ছাড়াল

    হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে(ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ১১ শিশু মারা গেছে

    বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে। এই বছর এই রোগের উপসর্গ নিয়ে ৪০৯টি শিশুর মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশু মারা গেছে।

    এদের মধ্যে হামে মারা গেছে চার শিশু এবং সন্দেহজনক হাম রোগে সাত শিশু মারা গেছে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে ঢাকা বিভাগে তিন শিশু এবং সন্দেহজনক হাম রোগে এই বিভাগে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত রোগে ৪০৯ শিশু মারা গেছে।

    এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৫ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে।

    একইসঙ্গে ওই সময়ে দেড় হাজারের বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে।

  7. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা: বাংলাদেশ খেলাফত মজলিস

    বিক্ষোভ মিছিল
    ছবির ক্যাপশান, অবিলম্বে মুসলিম নিপীড়ন বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা

    ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী-পুরুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।

    পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতজুড়ে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস একটি বিক্ষোভ মিছিল করে।

    এর আগে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মি. আহমদ এসব কথা বলেন।

    পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের নাগরিক অধিকার হরণ এবং সাম্প্রদায়িক আগ্রাসনের ঘটনায় মুসলিম বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে অবিলম্বে মুসলিম নিপীড়ন বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মি. আহমদ।

    বাংলাদেশের সরকারকে 'ভারতীয় তাবেদারি' পরিহার করার দাবি জানিয়ে এসব ঘটনায় কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান তিনি।

  8. উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

    এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
    ছবির ক্যাপশান, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি

    উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

    তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি আবেদন জমা হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হচ্ছে।

    “আশা করছি, ঈদের আগেই এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবার ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবো। এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে” বলেন মি. আলম।

    এর আগে, গত ২৯শে মার্চ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করা হয়।

    একইসঙ্গে পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও প্রকাশ করে এনসিপি।

  9. পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

    পাকিস্তানের মাধ্যমে “যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের” রোববার জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান।

    এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে “প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই” তারা এর জবাব দেবে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা লিখেছে, “প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার এই পর্যায়ের মূল লক্ষ্য হবে এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করা।”

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানকে এই নতুন প্রস্তাবটি দেয়।

    এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তিনি।

    মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া এই সর্বশেষ পরিকল্পনাটি মাত্র এক পাতার একটি প্রস্তাব, যেটিতে ১৪টি অনুচ্ছেদ রয়েছে।

  10. লেবার পার্টির এমপিদের প্রধানমন্ত্রীর প্রতি হতাশা প্রকাশ

    নরউইচ সাউথের লেবার এমপি ক্লাইভ লুইস
    ছবির ক্যাপশান, নরউইচ সাউথের লেবার এমপি ক্লাইভ লুইস বিবিসিকে বলেন, স্টারমারের উচিত তার পদত্যাগের সময়সীমা নির্ধারণ করা

    যুক্তরাজ্যের লেবার পার্টির এমপিদের অনেকে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের ওপর হতাশা প্রকাশ করেছেন তবে ক্যাথরিন ওয়েস্টকে সমর্থন দেওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি।

    নরউইচ সাউথের লেবার এমপি ক্লাইভ লুইস বিবিসিকে বলেন, স্টারমারের উচিত তার পদত্যাগের সময়সীমা নির্ধারণ করা।

    তার মতে, স্টারমার “বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।”

    রাজনীতি বিষয়ক বিবিসির অনুষ্ঠান ইস্ট প্রোগ্রামে লুইস আরো জানান, ক্যাথরিন ওয়েস্ট যদি নেতৃত্ব দখলের লড়াইয়ে নামেনও তাও তিনি তাকে সমর্থন করবেন না।

    “রিফর্ম পার্টির সরকারকে ঠেকানোর জন্য” কেবল গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামই লেবার পার্টিকে লড়াই করার সক্ষমতা দিতে পারেন বলেও মনে করেন লেবার পার্টির এমপি লুইস।

    লিডস ইস্টের লেবার এমপি রিচার্ড বারগনও ক্লাইভ লুইসের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন, তবে তিনিও বার্নহাম বা ক্যাথরিন ওয়েস্ট কাউকেই সমর্থন দেননি।

    সামাজিক মাধ্যমে এক পোস্টে বারগন লিখেছেন, ওয়েস্টের এই নেতৃত্ব দখলের চেষ্টা হবে অনেকটা “ক্যাবিনেট বা রাজকীয় অভ্যুত্থানের মতো” যা সাধারণ মানুষের কাছে “ইতিবাচক কোনো পরিবর্তন” হিসেবে গণ্য হবে না।

    অন্যদিকে, হেইস অ্যান্ড হার্লিংটনের লেবার এমপি জন ম্যাকডোনেল বলেন, ক্যাথরিন ওয়েস্ট “তার নির্বাচনী এলাকার মানুষের ক্ষোভেরই প্রতিফলন ঘটাচ্ছেন” তবে নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রে ওয়েস্টের এই “পদ্ধতিটি সঠিক না” বলে মনে করেন তিনি।

  11. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।

    ইরানের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

    কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করেই সংবাদমাধ্যমগুলো লিখেছে, খাতাম ঘাঁটির কমান্ডার সর্বোচ্চ নেতা খামেনিকে একটি প্রতিবেদন দিয়েছেন।

    সেনাবাহিনী, রেভোল্যুশনারি গার্ডস কোর(আইআরজিসি), নিরাপত্তা এবং সীমান্ত পুলিশ বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজসহ ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়ে জানানো হয়েছে এই প্রতিবেদনে।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সাতই মে সর্বোচ্চ নেতার সঙ্গে একটি “আড়াই ঘণ্টার” বৈঠকের কথা জানালেও সেটি ঠিক কখন হয়েছিল তা নির্দিষ্ট করে জানাননি।

    উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকে তার কোনো অডিও বা ভিডিও প্রকাশ করা হয়নি।

    ইরানের সংবাদমাধ্যমগুলো শুধুমাত্র তার লিখিত বার্তা প্রচার করে আসছে।

  12. ইসরায়েলি বাহিনীর অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত:ইসরায়েলি সেনাবাহিনী

    গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।

    রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেজবুল্লাহর প্রায় ৪০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে সেনাবাহিনী।

    ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে উল্লেখ করেছেন, সেনাবাহিনীর ৯১তম ডিভিশন যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার মধ্যে ছিল, “সামরিক কাজে ব্যবহৃত ভবন। যেখান থেকে হেজবুল্লাহ সদস্যরা তৎপরতা চালাচ্ছিল। একইসঙ্গে অস্ত্রের গুদাম, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অতিরিক্ত আরো কিছু অবকাঠামোয় হামলা করা হয়।”

  13. নানক,তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন, বিচার শুরু

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দক্ষিন সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    রোববার ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।

    আগামী আটই জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।

    এই মামলার ২৮ জন আসামির মধ্যে মি. নানক, মি. তাপসসহ ২৪ জন পলাতক।

    নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চারজন গ্রেফতার রয়েছেন এই মামলায়।

    অভিযোগ গঠনের শুনানিতে তারা অভিযোগ স্বীকার করেন কিনা প্রশ্ন করলে, তারা নির্দোষ, ন্যায়বিচার চান বলে উত্তর দেন।

  14. পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে মি. আহমদ আরো বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।”

    তিনি আরো বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আরো যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

    এই কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে।

  15. আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস

    ২০২৪ সালের ২৬শে নভেম্বর, চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করা হয়
    ছবির ক্যাপশান, আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    একইসঙ্গে তার বিরুদ্ধে করা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক আরো চারটি মামলায় জামিন আবেদনের ওপর রায়ের দিন পিছিয়ে সোমবার নির্ধারণ করেছে হাইকোর্ট।

    হত্যা মামলাসহ এই পাঁচটি মামলায় মি. দাস বিচারিক আদালতে জামিন পাননি।

    পরে গত বছর হাইকোর্টে আবেদন করেন।

    এর আগে, এসব মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

    পরে রায়ের দিন ঠিক করেছিল হাইকোর্ট।

    ২০২৪ সালের নভেম্বর মাসে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে সেদিন সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

  16. পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করতে চিঠি জমা দিয়েছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

    রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই পদত্যাগপত্র পাঠান তিনি।

    ব্যক্তিগত কারণে এই পদ থেকে সরে যেতে চান বলে চিঠিতে উল্লেখ করেছেন অধ্যাপক আহমদ।

    একইসঙ্গে এই চিঠি দেওয়ার দিন থেকে পদত্যাগপত্র কার্যকর হবে বলেও উল্লেখ করেছেন অধ্যাপক আহমদ।

  17. জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, “দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবেন; এটাই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা।”

    পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু স্মরণের মধ্য দিয়েই আপনাদের-আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ ভাইরা আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”

    বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    “স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই” বলেন প্রধানমন্ত্রী।

  18. ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন

    নারায়নগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
    ছবির ক্যাপশান, “আপাতত তার মুক্তিতে বাধা নেই” বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু

    হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

    তার আইনজীবী মোতাহার হোসেন সাজু বিবিসি বাংলাকে জানিয়েছেন, “আপাতত তার মুক্তিতে বাধা নেই।”

    মিজ আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার মোট ১২টি মামলা রয়েছে।

    রোববার সকালে আপিল বিভাগ এই আদেশ দেয়।

    মি. সাজু আরো জানান, “জামিন পাওয়া এই ১০টি মামলার মধ্যে ছয়টি হত্যা, বাকিগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা, সরকারি কাজে বাধাদানের মামলা।”

    এছাড়াও আরো দুইটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মিজ আইভি।

    এই মামলা দুটির জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে উল্লেখ করে মি. সাজু জানান, এগুলোতে এখনো শুনানির জন্য আসেনি।

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।