ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে করা পারমাণবিক চুক্তি কার্যকর হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন বলে । চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়..

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারা দিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও একশ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম একশ ডলার পার হলো।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সকল দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।
    • যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান।
    • বাংলাদেশ পুলিশ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার।
    • বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ তুলে নিয়ে জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট 'আসিয়ান'।
    • আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    • অতিবৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭শে জুলাই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।
    • ভারতের প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
    • চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দু'দিনের সরকারি সফরে ইরানে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের হুথিরা ইরানের “প্ররোচনায়” লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ভিজিট করুন।

  2. সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

    কে সাংবাদিক, আর কে সাংবাদিক না, তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সভায় তিনি এসব কথা বলেন বলে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।

    প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে যেন দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন ঘটে, সেটি নিশ্চিত করার পরামর্শ দেন মন্ত্রী।

    সেইসঙ্গে, সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

  3. ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে করা পারমাণবিক চুক্তি কার্যকর হবে না: ট্রাম্প

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতি না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের করা পারমাণবিক চুক্তিটি কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল তখনই ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।

    আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে করা একগুচ্ছ চুক্তি, যা ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল।

    মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়েছে।

    ট্রাম্পের নতুন মন্তব্য সৌদি সরকারকে উভয় সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    কারণ সৌদি আরবের দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ওই চুক্তিতে যোগ দেবে না।

    এখন ট্রাম্প বলছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে পারমাণবিক চুক্তি সই করেছে, সেটার ভবিষ্যৎ নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের সিদ্ধান্তের ওপর।

    এছাড়া চুক্তিটির কার্যকর হলেও সৌদি সরকার পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি পাবে না বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি আওতায় সৌদি সরকার কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজেই পারমাণবিক কেন্দ্র ব্যবহার করতে পারবে।

  4. নৌ অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান আসিয়ানের

    আসিয়ান সম্মেলন

    বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ তুলে নিয়ে জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট 'আসিয়ান'।

    মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোকে ভোগাচ্ছে বলেও বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেছেন আসিয়ানের নেতারা।

    এ অবস্থায় ম্যানিলায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন থেকে তারা বিবাদমান পক্ষগুলোকে আবারও 'সংযত' হওয়ারও আহ্বান জানিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবারের আসিয়ান সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ একটি "বিপজ্জনক নজির" স্থাপন করতে পারে।

  5. যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে

    জ্বালানি তেল

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও একশ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম একশ ডলার পার হলো।

    ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম।

    বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম একলাফে ছয় শতাংশ বেড়ে গেছে।

    মূলত ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল।

  6. ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য

    তেহরানে ব্রিটিশ দূতাবাস

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সকল দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

    সেইসঙ্গে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদেরকে নিরাপত্তা ইস্যুতে সতর্ক করেছে দেশটি।

    ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ যুক্তরাজ্যের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    তবে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। কর্মকর্তারা দূরবর্তী স্থান থেকে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    সেইসঙ্গে, ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে আরও বলা বলেছে, সেখানে তারা আটক, গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

    “ব্রিটিশ পাসপোর্ট থাকা, এমনকি ব্রিটিশ সংযোগ আছে- এমন ধারণাও গ্রেফতারের জন্য যথেষ্ট হতে পারে। ইরানে গ্রেফতার হলে আপনাকে কয়েক মাস, এমনকি কয়েক বছরেরও কারাদণ্ড হতে হতে পারে,” ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    মাসখানেক আগে যুক্তরাজ্য জানিয়েছিল যে, তারা ইরান থেকে তাদের দূতাবাসের 'বেশ কিছু কর্মীকে' প্রত্যাহার করে নিয়েছে। এবার অবশিষ্ট সবাইকে সরিয়ে নিল দেশটি।

  7. বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

    মন্ত্রিপরিষদ বৈঠক

    বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের ১৪তম সভায় 'বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬' এর খসড়ার নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

    সংসদের তৃতীয় অধিবেশনে অনুমোদিত খসড়াটি পাশ করানোর জন্য উত্থাপন করা হবে।

    বগুড়া শহরকে পরিকল্পিত ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে আইনটি প্রণয়ন করা হচ্ছে।

    পাশ হলে আইনটির আওতায় ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে বলে জানানো হয়েছে।

    সম্প্রতি বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন।

  8. আট বছরের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

    ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এফডিআই সম্মেলনে তিনি একথা বলেন।

    "আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ," বলেন প্রধানমন্ত্রী।

    এ লক্ষ্যে নতুন বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে বলে জানান।

    প্রণোদনা পাওয়া খাতগুলোর মধ্যে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প এবং স্বাস্থ্যসেবা রয়েছে বলে জানান তারেক রহমান।

  9. 'বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের' অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেফতার

    হাতকড়া

    'বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কের' অভিযোগে করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

    গ্রেফতার হওয়া ওই নেতা চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা যাচ্ছে। বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন যে, এনসিপি'র ওই নেতার বিরুদ্ধে গত ১৯শে জুলাই এক তরুণী মামলাটি দায়ের করেন। বুধবার রাতে র‌্যাব তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে সামাজিক মাধ্যমে এনসিপি'র ওই নেতার পরিচয় হয়।

    এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে বললে ওই নেতা তরুণীটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগটি সত্য কি না, সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিপি। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

  10. তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদি

    বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

    আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    ভারতের সরকারের আমন্ত্রণপত্রটি ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

    দিল্লিতে আগামী ১২ এবং ১৩ই সেপ্টেম্বর ব্র্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত- এই ১১টি সদস্য রাষ্ট্র ওই সম্মেলনে যোগ দিবে।

    বাংলাদেশ ব্রিকসে সদস্য না হওয়ায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসেবে।

    এদিকে, ভারতে চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করবো, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত আগাবে।"

  11. সৌদি আরবের তেলবাহী জাহাজে হুথিদের হামলার 'কঠোর নিন্দা' পাকিস্তানের

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    পূর্বঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবে, লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দু'টি তেলবাহী ট্যাংকারে হুথিরা যে হামলা চালিয়েছে, সেটার বিরুদ্ধে 'কঠোর নিন্দা' জানিয়েছে পাকিস্তান।

    বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে হামলার বিষয়ে নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

    পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৌচলাচলের স্বাধীনতাকে বিপন্ন করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।"

    সেইসঙ্গে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনব্যক্ত করেন মি. শরীফ।

    উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

  12. কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

    মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি আছে যেসব জায়গায়
    ছবির ক্যাপশান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান

    যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা হামলা শুরু করেছে।

    বিবৃতিতে জর্ডানে হামলার বিষয়ে কিছু বলা হয়নি।

    তবে মার্কিন বিমান হামলার পাল্টা জবাবে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে জর্ডান।

    দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইরান থেকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জর্ডানের সেনারা।

    আরেকটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ায় কোনো প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে।

    এর আগে, বুধবার সন্ধ্যায় ছয়টি ড্রোন হামলা প্রতিহত করার তথ্য দিয়েছিল জর্ডানের সেনাবাহিনী।

  13. আন্দোলনরত ‘ককরোচ পার্টি’কে ফের আলোচনায় বসার আহ্বান জানাল ভারত সরকার

    ডা. জিতেন্দ্র সিং
    ছবির ক্যাপশান, ডা. জিতেন্দ্র সিং

    ভারতের প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন এর আগেও আনুষ্ঠানিকভাবে তাদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।

    বার্তাসংস্থা এএনআইকে জিতেন্দ্র সিং বলেছেন, “সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার জন্য সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন মতো সময় দিতেও প্রস্তুত। সরকার গতকাল বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে।”

    “আমরা আমাদের সমস্ত তরুণ বন্ধুদের খোলা আমন্ত্রণ জানাচ্ছি যে, সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময়ে সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”

    তিনি জানিয়েছেন, জেপি নাড্ডার কার্যালয়ে অথবা তার বাসভবনে এই বৈঠক হতে পারে।

    তিনি বলেন, “কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি ব্যক্তিগতভাবে আলোচনায় উপস্থিত থাকব। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটি সমাধানের দিকে এগিয়ে যাব।”

    আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়ে তিনি এও বলেছেন যে, “ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সকলকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।"

  14. ইউক্রেনকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

    ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

    চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।

    বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিয়ে সতর্ক করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি “অগ্রহণযোগ্য” বলে বৈঠকে উল্লেখ করেছেন মি. ল্যাভরভ।

    ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি 'রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে' পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

    এদিকে, বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মি. রুবিও এবং সের্গেই ল্যাভরভ 'মার্কিন-রুশ সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা" নিয়ে আলোচনা করেছেন।

  15. যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

    ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি
    ছবির ক্যাপশান, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তেহরান পৌঁছেছেন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দু'দিনের সরকারি সফরে ইরানে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি।

    বৃহস্পতিবার তেহরান পৌঁছলে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলী মাদিনেজাদেহ। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী।

    ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে মি. জাইদি তেহরানে গেছেন বলে বলে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আব্বুদ জানিয়েছেন।

    সফরকালে মি. জাইদি ওই অঞ্চলের ‘উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠা ছাড়াও ইরানের কাছ থেকে গ্যাস আমদানিসহ বেশকিছু বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

  16. দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়, বলল পুলিশ

    যন্তর মন্তরের কাছে কড়া নিরাপত্তা- ফাইল ছবি
    ছবির ক্যাপশান, যন্তর মন্তরের কাছে কড়া নিরাপত্তা- ফাইল ছবি

    দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে শামিলদের প্রতি পুলিশের আচরণ নিয়ে সমালোচনা চলছে। এরই মাঝে বিক্ষোভকারীদের মধ্যে আহত একজন নারীর মৃত্যুর খবর ঠিক নয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

    বৃহস্পতিবার দিল্লি পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উল্লেখ করে,“সামাজিক মাধ্যমে খবর ছড়াচ্ছে যে যন্তর মন্তরের বিক্ষোভকারী একজন নারীর মৃত্যু হয়েছে। এই খবরটি মিথ্যা ও বিভ্রান্তিকর।”

    “আমরা আপনাদের জানাচ্ছি যে, ওই নারী জীবিত আছেন এবং বর্তমানে তিনি দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন যে, তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন বিপদমুক্ত।”

    তথ্য যাচাই না করে শেয়ার করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।

    দিল্লি পুলিশ ওই পোস্টে লিখেছে, “নাগরিকদের যাচাই না করা কনটেন্ট শেয়ার না করতে বা গুজব না ছড়াতে অনুরোধ করা হচ্ছে।”

    সোমবার দিল্লিতে ‘পার্লামেন্ট চলো’ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। পুলিশি অভিযানের সময় ২১ বছরের এক ছাত্রীও গুরুতর আহত হন। তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

  17. আসামের বন্যায় আরো ১০ জনের মৃত্যু

    আসামের জলমগ্ন একালার ছবি
    ছবির ক্যাপশান, আসামের জলমগ্ন একালার ছবি

    ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলা জানানো হয়েছে।

    এর ফলে গত দুদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

    বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চরাইদেও, ধেমাজি, জোড়হাট। পাশাপাশি ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া, লখিমপুর-সহ একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

    বন্যার জলে ৯৩৯টা গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।

    ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বা তার পথ পরিবর্তন করা হয়েছে।

  18. ইরানের প্ররোচনায় সংঘাতে জড়িয়েছে হুথিরা: মার্কো রুবিও

    আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    ছবির ক্যাপশান, আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের হুথিরা ইরানের “প্ররোচনায়” লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।

    ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনের ফাঁকে মি. রুবিও বলেন, “সাম্প্রতিক সংঘাতগুলোয় হুথিরা মূলত বিচক্ষণতা দেখিয়েছে এবং এর বাইরে থেকেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারা প্রতারিত হয়েছে এবং সৌদি আরব ও তার জাহাজগুলোতে হামলার পথে গেছে।”

    তিনি সাংবাদিকদের আরও বলেন, “আমি আশা করি তারা উত্তেজনা কমাবে। সত্যি বলতে, আমার ধারণা হুথিরা ইরানের দ্বারা বিভ্রান্ত হয়েছে এবং এই সংঘাতে জড়িয়ে পড়েছে।”

  19. ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বাংলাদেশ সরকার

    পুলিশ

    বাংলাদেশ পুলিশ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার।

    তাদের মধ্যে তিন জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) এবং দু'জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, 'জনস্বার্থে' ওই ১৭ জন পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

    সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
  20. জামায়াতের বহিষ্কৃত এমপি'র বিষয়ে কী বলছে নির্বাচন কমিশন?

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
    ছবির ক্যাপশান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম

    'নৈতিক স্খলনের' কারণে গাজী নজরুল ইসলামকে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য।

    বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    তিনি বলেন, সংসদ সদস্য মি. ইসলামকে তার দল বহিষ্কার করলেও 'নৈতিক স্খলনের' বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই।

    তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মি. মাছউদ।