নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জন ছাড়িয়ে গেছে। এদিকে, বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ভটেকোশী-ত্রিশূলি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৪ জনে পৌঁছেছে।
    • হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সোমবার সৌদি আরবের একটি জাহাজে ইরানের হামলায় দুইজন নাবিক নিহত হয়েছেন বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায় সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি।
    • তেহরানের সঙ্গে ব্যবসা বন্ধ করতে ইরানের বন্ধু-শত্রু নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় না।
    • যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।
    • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
    • ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এটি “ইচ্ছাকৃতভাবে বাধানো একটি বেআইনি যুদ্ধ”।
    • বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
    • সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
    • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে লিটার প্রতি সয়াবিন তেল ১৯৯ টাকা থেকে বেড়ে এখন ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

    মির্জা আব্বাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, ফাইল ছবি

    বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।

    বিএনপির মিডিয়া উইং থেকে বুধবার রাতে জানানো হয়, মি. আব্বাস ও তার পরিবারের সদস্যরা দেশে এসে পৌঁছেছেন।

    উল্লেখ্য, গত ১১ই মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

    ১৫ই মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরো চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।

  3. বিয়ের অনুষ্ঠানে হামলার খবর 'খতিয়ে দেখছে' সেন্টকম

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার সন্ধ্যায় ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার বিষয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের ওপর একটি আপডেট বিবৃতি জারি করেছে।

    সেন্টকমের মুখপাত্র, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, সেন্টকম এই খবরগুলো "খতিয়ে দেখছে"।

    তিনি সেন্টকমের পূর্ববর্তী মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, "আইআরজিসির মতো নয়, মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না"।

  4. হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে দুইজন নিহত

    হরমুজ প্রণালিতে একটি জাহাজ ভাসছে, পেছনে পাহাড়। ফাইল ছবি।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি, ফাইল ছবি

    হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সোমবার সৌদি আরবের একটি জাহাজ 'নিরাপত্তাজনিত ঘটনায়' দুইজন নিহত হয়েছেন বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায় সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি।

    তারা নিশ্চিত করেছে, এই ঘটনায় দুইজন ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।

    কোম্পানিটি জানিয়েছে, তারা "জাহাজটির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় করছে"।

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। একইসঙ্গে, জর্ডান, বাহরাইন ও কুয়েতকেও লক্ষ্যবস্তু করার জন্য ইরানের নিন্দা জানিয়েছে।

    এক্স এ শেয়ার করা এক বিবৃতিতে সৌদি মন্ত্রণালয়, এই অঞ্চলে উত্তেজনা হ্রাস এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে।

  5. নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়ালো

    নেপালে বন্যায় বিধ্বস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালে বন্যায় বিধ্বস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ভটেকোশী-ত্রিশূলি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৪ জনে পৌঁছেছে।

    বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এমন মানুষের সংখ্যা চার হাজার ২১৬ জন।

  6. ইরানকে সমর্থন করা থেকে 'সবাইকে' বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট

    নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের “দম বন্ধ” করে দেবে যুক্তরাষ্ট্র, এ কারণে তেহরানের সঙ্গে ব্যবসা বন্ধ করতে বন্ধু, শত্রু নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, মস্কো ইরানকে সমর্থন দিচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান থেকে দূরে থাকাই 'সবার' প্রতি তার বার্তা।

    “এই সংঘাত অবসানের দ্রুততম উপায় হলো কেউ যেন এই সরকারকে (ইরান) কোনো ধরনের সহায়তা না করে,” বলেন স্কট বেসেন্ট।

  7. যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না: সেন্টকম

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় না।

    ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগসংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে অবগত আছে বলে এর আগে উল্লেখ করেছে তারা।

    সেন্টকমের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বিবিসিকে বলেন, “আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত, যেগুলোর সূত্র ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আইআরজিসির বিপরীতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।”

    ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাতভর চালানো ওই হামলায় চারজন নিহত হয়েছেন।

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু ছিল। এছাড়া এই ঘটনায় আরও ৬৭ জন আহত হয়েছেন।

  8. হরমুজ প্রণালি দিয়ে 'রেকর্ড পরিমাণ' তেল রপ্তানির দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি

    যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।

    রাইট বলেন, মার্কিন সামরিক বাহিনী তেল ট্যাংকারগুলোকে প্রণালি পার হতে সহায়তা করায় ইরান “বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখার” ক্ষমতা হারাচ্ছে।

    তবে তিনি এটিও বলেছেন, তেহরান এখনো “কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে”।

    গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে। এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

  9. যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

    সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    ছবির উৎস, বঙ্গভবন

    ছবির ক্যাপশান, সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

    বুধবার সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান বলে একটি খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

    রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য, ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ করেন।

    একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

  10. একশো গ্রাম প্লাস্টিক জমা দিলে বিনামূল্যে চিড়িয়াখানা দেখার সুযোগ

    চট্টগ্রাম চিড়িয়াখানায় দুইটি সাদা বাঘ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম চিড়িয়াখানায় দুইটি সাদা বাঘ

    চট্টগ্রামে একজন শিক্ষার্থী একশো গ্রাম প্লাস্টিক বা পলিথিন জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানায় ঢুকতে পারবে- এমন অভিনব নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ।

    চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন, বিকেলে নতুন এই নিয়মটি উদ্বোধন করা হয়েছে।

    তিনি জানান, পরিবেশ রক্ষা এবং বিনামূল্যে চিড়িয়াখানার নানা প্রজাতির পশুপাখি প্রদর্শনে শিক্ষার্থীদের সুযোগ করে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

    একজন শিক্ষার্থী যে প্লাস্টিক জমা দেবেন সেটি পরিমাপ করে এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই তাকে বিনামূল্যের এই সুযোগ দেওয়া হবে বলে জানান মি. হোসেন।

  11. বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে 'যুদ্ধাপরাধ' বলছে ইরান

    হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি

    ছবির উৎস, Iranian Red Crescent Society

    ছবির ক্যাপশান, তেহরানের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এটি “ইচ্ছাকৃতভাবে বাধানো একটি বেআইনি যুদ্ধ”।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে, তিনি দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হওয়ার একটি ভিডিও শেয়ার করেন।

    তিনি লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ যুদ্ধ গত রাতে উন্মোচিত হয়েছে”।

    পরে আরেকটি পোস্টে বাকাই আরো বলেন, ভিডিওটি “যুদ্ধাপরাধের আসল চেহারা তুলে ধরেছে”।

    ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন একটি ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার একটি বাড়িতে আঘাত হানলে বিয়ের অনুষ্ঠানে একজন শিশুসহ চারজন নিহত হন।

    মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এই হামলা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে জানে,কিন্তু তারা কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

  12. বুড়িগঙ্গার তীর থেকে ১৫ দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ হাইকোর্টের

    বুড়িগঙ্গা নদীর তীরে থাকা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, বুড়িগঙ্গা নদীর তীরে থাকা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য

    বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, লালবাগ এবং কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

    একইসাথে, ওই আদেশ বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

    শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "বুড়িগঙ্গার পানি দূষণের কারণে ঢাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। এইচআরপিবির দায়ের করা মামলায় হাইকোর্ট অনেকগুলা নির্দেশনা দিয়েছেন, তা সত্ত্বেও ঢাকার ইসলামবাগ এলাকায় নদীর তীরে শত শত প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে যা চূড়ান্তভাবে বুড়িগঙ্গার পানিতে পড়ে দূষণ বৃদ্ধি পাবে।"

    শুনানি শেষে বর্জ্য অপসারণের ওই আদেশ দিয়েছে হাইকোর্ট।

  13. এলপিজি সিলিন্ডারের দাম কমেছে

    এলপিজি সিলিন্ডার

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে

    সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বুধবার নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। এটি সন্ধ্যা ছয়টা থেকেই কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।

    বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গতমাসের তুলনায় ১৩ টাকা কমেছে।

    গত মাসে ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ছিল এক হাজার ৫৯৮ টাকা।

    একইসঙ্গে, ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের মুসকসহ মূল্য প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকায় সমন্বয় করার তথ্য জানিয়েছে বিইআরসি।

  14. বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো

    সয়াবিন তেলের বোতল

    ছবির উৎস, Getty Images

    বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে লিটার প্রতি সয়াবিন তেল ১৯৯ টাকা থেকে বেড়ে এখন ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বুধবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরে বিকেলে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, "বাজারে কোনো সংকট দেখা দেয় নাই। আমাদের তো টিম বাজারে থাকে। বাজার মনিটর করে, মূল্য দেখে সবকিছুই দেখে। এই কথাগুলো একটু হয়তো চাউর হয়েছিল যে, বাজারে সংকট হতে পারে। কিন্তু এই পর্যন্ত, সংকটের কোনো তথ্য আমাদের কাছে নাই।"

    একইসঙ্গে, পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।

    বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, পরিবহন খরচ বৃদ্ধি এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

    এর আগে, চলতি বছরের ২৬শে এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

  15. সোলার প্যানেল উৎপাদনকারীদের কর ছাড় দেবে বাংলাদেশ সরকার

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সংসদে কথা বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাণিজ্যিকভাবে যারা বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন করবেন, তাদের জন্য সেটির প্রায় সকল উপাদানের কর ছাড় দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার সংসদে এই কথা জানান প্রধানমন্ত্রী।

    এছাড়া লিথেনিয়াম ব্যাটারিও বাংলাদেশে যাতে উৎপাদিত হয় সে কারণে এই ক্ষেত্রেও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

    তারেক রহমান বলেন, “যারা বাণিজ্যিকভাবে সোলার প্যানেল এখানে উৎপাদন করবে, এই প্রায় প্রত্যেকটি উপাদানের ট্যাক্স সম্পূর্ণভাবে কাট ডাউন করা হয়েছে। একইসাথে লিথেনিয়াম ব্যাটারি যাতে এই দেশে উৎপাদিত হয়, সেইজন্য লিথেনিয়াম ব্যাটারির ক্ষেত্রেও একই পলিসি গ্রহণ করা হয়েছে।”

  16. মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

    মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করেছে আবুধাবিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল।

    অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন’ করার এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া ও অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

    সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, অতীতেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য স্থানে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    এতে সতর্ক করে বলা হয়েছে যে, ইরান এবং ইরান-সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত।

  17. আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

    আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

    ছবির উৎস, PID HANDOUT

    ছবির ক্যাপশান, অভিযোগ অনুসন্ধানের জন্য একটি চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে দুদক

    বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

    বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সেসময় ওই মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ, পদায়ন-পদোন্নতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমও গঠন করা হয়েছে।

    মি. ভুঁইয়া ছাড়াও আরো যাদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান হবে তারা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ।

  18. নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১১০০ ছাড়ালো

    পাহাড়ি একটি নদী দিয়ে স্রোত বইছেম তীরে বিধ্বস্ত কয়েকটি ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালে এখনো নিখোঁজ প্রায় চার হাজার মানুষ

    নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত এক হাজার ১১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে মাত্র ৯৫টি শনাক্ত করা হয়েছে।

    তিনি আরো জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে; তবে তিন হাজার ৯১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

    এদিকে, নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে এক হাজার ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    তাদের ওয়েবসাইটে নিখোঁজ মানুষের সংখ্যা চার হাজার ৮৫৮ বলে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে, তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

    কর্মকর্তারা বলেছেন, নিখোঁজদের মধ্যে অনেক বেঁচে থাকা মানুষ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদেশি দলগুলোও এই অভিযানে সহায়তা করছে।

    পুলিশ জানিয়েছে, নিখোঁজ নেপালি ও বিদেশি নাগরিকদের ‘ঘনিষ্ঠ রক্তসম্পর্কের’ স্বজনেরা যদি ডিএনএ পরীক্ষার অনুরোধ করেন, তাহলে তাদের কাছ থেকে নতুন রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা যেতে পারে।

    বন্যায় ধসে পড়া একটি ভবনে কাজ করছেন কয়েকজন উদ্ধারকর্মী

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, এখনো উদ্ধার তৎপরতা চলছে নেপালের দুর্গত এলাকায়
    ধসে পড়া কয়েকটি ভবনের ওপর একটি হেলিকপ্টার উড়ছে

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, বন্যায় মৃতদেহ উদ্ধারের সংখ্যা ক্রমাগত বাড়ছে
  19. যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত

    ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসি’র চারজন সদস্য নিহত হয়েছেন।

    গত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর কেরমানশাহর উপ-গভর্নর বলেছিলেন, কেরমানশাহ প্রদেশের কোনো স্থানই লক্ষ্যবস্তু করা হয়নি।

    ইরানি গণমাধ্যমের তথ্যমতে, দিয়ার শহরে সাইয়্যেদ আল-শোহাদা কোরের উপ-কমান্ডার আজ বলেছেন যে, লাভান দ্বীপে হামলায় ‘তিনজন বাসিজ সদস্য’ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

  20. হামের উপসর্গে আরো চার জনের মৃত্যু

    হাম ও উপসর্গে শিশু মৃত্যুর খবর প্রতিদিনই আসছে, প্রতীকী ছবি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার জন মারা গেছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে তিন জন, বাকি একজন ময়মনসিংহে।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৮৪ জন মারা গেছে। একইসময়ে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

    গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬৩ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন।

    আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে।