মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিরোধী দল যদি সংবিধান সংশোধনের আলোচনায় আসে, আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি জুলাই জাতীয় সনদের কিছু অংশে তারা ব্যত্যয় ঘটাতে চান, সেটাও আলোচনা হতে পারে”।
- ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের মামলায় “মার্কিন সরকারের কর্মকর্তাদের ৪৮ বিলিয়ন (৪৮০০ কোটি) ডলার ক্ষতিপূরণ পরিশোধের দণ্ড দেওয়া হয়েছে”।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে মি. আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।
- যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক গতিবিধির ঘটনায় “স্পষ্টতই কোনো বিদেশি পক্ষ জড়িত ছিল” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- বাংলাদেশর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন 'ভয়ঙ্কর আসামি' উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, তাকে ফেরত চায় বাংলাদেশ।
- যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে সরকার।
- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে “কেউ তেল বিক্রি করতে পারবে না” এবং ইরানের “নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।












