সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশের বিদ্যমান অবস্থায় সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কি-না তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ, সেখানে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি। সার্বক্ষণিক সব খবর পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো:

    • চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোট ৩৮ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মি. দাসকে প্রধান আসামি করা হয়েছে।
    • বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কি-না তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে ওঠতে পারে কি-না তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করেছেন তিনি।
    • ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ।
    • প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, নির্বাচন কমিশন 'ফুল গিয়ারে' জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
    • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন করার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা প্রতিবছর এ সময়কালটা উদযাপন করবেন। তিনি বলেন “আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি”।
    • ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা এবং আরও কিছু এনজিও। মে মাসের শেষ দিকে এই সংস্থাটি গাজায় কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে গিয়ে প্রায় ৫০০ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
    • থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিলো।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. মার্কিন সিনেটে টাই ব্রেকিং ভোটে পাস হলো ট্রাম্পের বিল

    জেডি ভ্যান্স
    ছবির ক্যাপশান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    কয়েক ঘণ্টার অচলাবস্থার পর, অবশেষে মার্কিন সিনেটে পাস হলো ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত মেগা-বিলটি। তবে এর জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টাই ব্রেকিং ভোট দিতে হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সিনেটে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কোনো ভোটাভুটির ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়লে তিনি ফলাফল নির্ধারণের জন্য একটি ভোট দেওয়ার সুযোগ পান।

    এখন সিনেটে পাস হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবিত আইনটি পাসের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা দূর হলো।

    এটি আবার হাউস বা নিম্নকক্ষে ফেরত পাঠানো হবে।

  3. ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

    ভিডিও বার্তা দিয়েছেন খালেদা জিয়া
    ছবির ক্যাপশান, বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়েছেন খালেদা জিয়া

    বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

    তিনি বলেছেন, “বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

    জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগের আমলে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

    একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

    খালেদা জিয়া বলেন, প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

    "তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে,” বলেছেন তিনি।

    খালেদা জিয়া বলেন, নতুন করে গণতন্ত্রের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে।

  4. আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল পুলিশের

    চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ
    ছবির ক্যাপশান, চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, মোট ৩৮ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মি. দাসকে প্রধান আসামি করা হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    গত বছরের ৩১শে অক্টোবর চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

    এরপর গত বছরের ২৫শে নভেম্বর মি. দাসকে ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

    পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর জামিন আবেদনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়।

    সংঘর্ষ চলাকালে ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

    এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

    এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।

  5. সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের

    জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে
    ছবির ক্যাপশান, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে

    বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কি-না তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    “সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে ওঠতে পারে কি-না তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করবো," বলেছেন তিনি।

    মি. রহমান ঢাকায় তার দল বিএনপি আয়োজিত “গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছিলেন।

    তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন দল চিন্তা করেই সংস্কার প্রস্তাব দিয়েছে এবং প্রতিটি দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছেন।

    তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে উপযোগী কি-না তা বিবেচনার অনুরোধ করেন তিনি।

    “বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্ত ভিত্তির ওপর রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেয়া হচ্ছে কি-না, তা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে,” বলছিলেন তিনি।

    তারেক রহমান বলেন, সংস্কার ইস্যু নিয়ে দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে তা জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে।

    প্রসঙ্গত, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টিসহ অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছে।

    তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে।

  6. যুক্তরাজ্যে বছরের সবচেয়ে গরম দিন আজ

    যুক্তরাজ্যে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ
    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ

    যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

    দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর একটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    সেই হিসেবে আজই এ বছরের সবচেয়ে গরম দিন পেয়েছে যুক্তরাজ্য।

    আজই তাপমাত্রা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

    কেন্ট ও লন্ডন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের আকাশে কিছু মেঘও দেখা গেছে।

    জুলাই মাসে সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ২০২২ সালের ১৯শে জুলাই। লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো সেদিন।

  7. পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

    গরমে অতিষ্ঠ ইউরোপের অনেকে শহরের জনজীবন, ছবি মাদ্রিদের
    ছবির ক্যাপশান, গরমে অতিষ্ঠ ইউরোপের অনেকে শহরের জনজীবন, ছবি মাদ্রিদের

    পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে সদ্যসমাপ্ত জুন মাসে। ওদিকে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে।

    স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেট বলেছে, ২০২৫ সালের জুন মাসের 'তীব্র গরম' নতুন রেকর্ড করেছে।

    পর্তুগালের আবহাওয়া অফিস বলেছে, জুনে সেখানে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

    অনেক দেশেই জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

    সোমবার যুক্তরাজ্যের কিছু অংশে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতমের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

  8. ইউরোপের কয়েকটি শহরে তীব্র তাপপ্রবাহে জনজীবনের ছবি

    ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা।

    ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

    অনেক দেশেই জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

    সোমবার যুক্তরাজ্যের কিছু অংশে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতমের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    তীব্র তাপপ্রবাহের কারণে জার্মানির রাইন নদীর পানি কমে গেছে। নদীর পানি কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌরুটে পণ্যবাহী জাহাজে মালামাল পরিবহন কঠিন হয়ে পড়েছে।

    জাহাজগুলোকে কম পণ্য নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কারণে পরিবহন খরচও বেড়ে গেছে।

    বলকান অঞ্চলের দেশগুলোও তীব্র গরমে ভুগছে। যদিও কিছু কিছু এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে।

    নেদারল্যান্ডসে রাস্তায় পানি ছিটানো হচ্ছে
    ছবির ক্যাপশান, গরমের অস্বস্তি কিছুটা কমাতে নেদারল্যান্ডসে রাস্তায় পানি ছিটানো হচ্ছে
    দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে গ্রীস কর্তৃপক্ষ
    ছবির ক্যাপশান, দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে গ্রীসের কর্তৃপক্ষ
    দাবানলের কারণে তুরস্কে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে
    ছবির ক্যাপশান, দাবানলের কারণে তুরস্কে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে
    তীব্র গরমের কারণে দাবানল বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে পর্তুগাল
    ছবির ক্যাপশান, তীব্র গরমের কারণে দাবানল বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে পর্তুগাল
    আমস্টার্ডমে কাজ করছে একজন শহর কর্মী
    ছবির ক্যাপশান, আমস্টার্ডামের রাস্তায়ও পানি ঠিয়ে গরম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে
    প্যারিসে লোকজন নিজেদের এভাবেই শীতল করার চেষ্টা করেছে
    ছবির ক্যাপশান, প্যারিসে লোকজন নিজেদের এভাবেই শীতল করার চেষ্টা করেছে
    ইউরোপজুড়ে তীব্র দাবদাহ বইছে
    ছবির ক্যাপশান, ইউরোপজুড়ে তীব্র দাবদাহ বইছে
  9. নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি, বললেন সিইসি

    নির্বাচন ভবন
    ছবির ক্যাপশান, নির্বাচন ভবন

    প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিলো নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

    নির্বাচন কমিশনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।

    প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সাথে গত ২৬শে জুন সিইসি সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি করেছিলো বিভিন্ন রাজনৈতিক দল।

    এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। “কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ।”

    “কোনো এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচন নিয়ে আসাটাই তো স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যাতে সরকার যখন চায় তখন যেন নির্বাচনটা করতে পারি,” বলেছেন তিনি।

    সিইসি বলেন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তার কোনো আলোচনা হয়নি। “নির্বাচনের তারিখ ও শিডিউল নির্বাচন কমিশন থেকে সময়মতো জানতে পারবেন। সময় আসলে আমরা জানাবো। একটু অপেক্ষা করতে হবে।”

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।

    “এখন পর্যন্ত ফোকাস জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন,” বলেছেন তিনি।

    নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত”।

    তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই- কখন নির্বাচন হয়। নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় বলেও জানিয়েছেন তিনি।

  10. স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে- প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন করার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা প্রতিবছর এ সময়কালটা উদযাপন করবেন যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য।

    “আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়,” বলেছেন তিনি।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

    মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন- নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ।”

    তিনি বলেন, তারা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছেন তা শুধুই স্মরণ নয়, বরং একটি নতুন শপথ।

    “গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক”।

    “আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই— আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে।”

  11. প্রচণ্ড গরমের কারণে প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ

    আইফেল টাওয়ার
    ছবির ক্যাপশান, আইফেল টাওয়ার

    ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুরো ইউরোপ জুড়ে এখন দাবদাহ বইছে, এর জের ধরে আজ প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে।

    দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়া বিভাগ।

    ওদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় ১ হাজার ৩৫০টি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।

    ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ আরও কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।

    ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

    জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তীব্র তাপপ্রবাহের কারণে জার্মানির রাইন নদীর পানি কমে গেছে। নদীর পানি কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌরুটে পণ্যবাহী জাহাজে মালামাল পরিবহন কঠিন হয়ে পড়েছে। জাহাজগুলোকে কম পণ্য নিয়ে চলাচল করতে হচ্ছে, যে কারণে পরিবহন খরচও বেড়ে গেছে।

    বলকান অঞ্চলের দেশগুলোও তীব্র গরমে ভুগছে। যদিও কিছু কিছু এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে।

  12. জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান

    পাকিস্তানে ১৫ দিনের জন্য তেলের দাম বাড়ানোর ঘোষণঅ দেওয়া হয়েছে
    ছবির ক্যাপশান, পাকিস্তানে ১৫ দিনের জন্য তেলের দাম বাড়ানোর ঘোষণঅ দেওয়া হয়েছে

    পাকিস্তান সরকার তেলের দাম বেশ খানিকটা বাড়িয়েছে এবং মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

    দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ দশমিক ৩৬ পাকিস্তানি রূপি বাড়ানো হয়েছে। এর ফলে দেশটিতে এখন এক লিটার পেট্রোলের দাম ২৬৬ দশমিক ৭৯ রূপি।

    অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ১০ দশমিক ৩৯ রূপি বাড়ানো হয়েছে, যার ফলে এখন প্রতি লিটার ডিজেলের দাম ২৭২ দশমিক ৯৮ রূপি।

    যদিও এই দাম বাড়ানোটা ১৫ দিনের জন্য করা হয়েছে বলে জানানো হয়েছে।

    ইরান ও ইসরায়েল সংঘাতের জের ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় তেলের দাম বেড়েছে।

  13. গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৩০ সাহায্য সংস্থার

    গাজায় জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি করেছে ১৩০টির বেশি সাহায্য সংস্থা
    ছবির ক্যাপশান, গাজায় জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি করেছে ১৩০টির বেশি সাহায্য সংস্থা

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা এবং আরও কিছু এনজিও।

    মে মাসের শেষ দিকে এই সংস্থাটি গাজায় কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে গিয়ে প্রায় ৫০০ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় চার হাজার মানুষ।

    যেসব সংস্থা বিতর্কিত এই সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি করেছে তার মধ্যে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টির মতো সংস্থাও রয়েছে।

    তারা বলছে, সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতই গুলি চালাচ্ছে।

    ইসরায়েল তাদের সেনাদের ইচ্ছাকৃতভাবে সাহায্যগ্রহণকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    তারা জিএইচএফকে সমর্থন করে বলছে সংস্থাটি হামাসের হস্তক্ষেপ এড়িয়ে যাদের সাহায্য দরকার সরাসরি তাদের সাহায্য দিচ্ছে।

  14. ফোন কল ফাঁসের জের ধরে থাই প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

    প্রধানমন্ত্রী  পেতংতার্ন সিনাওয়াত্রা
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

    থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে।

    কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিলো।

    ফোন কলে মিস সিনাওয়াত্রা হুন সেনকে ‘আংক্যাল’ সম্বোধন করেন এবং থাইল্যান্ডের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন।

    এটি জনমনে ক্ষোভ তৈরি করে ও তাকে বরখাস্তের জন্য আবেদন করা হয়, যা সাংবিধানিক আদালত বিবেচনা করছে।

    দেশটির প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়াদ শেষের আগেই ক্ষমতা হারাচ্ছেন পেতংতার্ন সিনাওয়াত্রা।

    এই পরিবার দেশটির রাজনীতিতে খুবই প্রভাবশালী। গত দুই দশক ধরে তারা দেশটির রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক।

    তার ক্ষমতাসীন জোট ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে পড়েছে, কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দুই সপ্তাহ আগে এই জোট ত্যাগ করেছে।

    সাংবিধানিক আদালতে ৭-২ ভোটে প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

    পেতংতার্ন সিনাওয়াত্রার সাময়িক বরখাস্তের পর উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

  15. শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাতই জুলাই

    মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুইজন আইনজীবী সময়ের আবেদন করলে পরর্বতী শুনানির দিন সাতই জুলাই নির্ধারণ করেছে আদালত।

    মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ গঠনেরর শুনানি শেষে এই সময় নির্ধারণ করা হয়।

    এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।

    কিন্তু শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী প্রস্তুতির জন্য সমেয়র আবেদন করেন।

    এই মামলার একমাত্র গ্রেফতার হওয়া আরেকজন অভিযুক্ত পুলিশের সাবেক মহামহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুমের আইনজীবী আদালতে জানান, তারা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চান না।

    এই মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা, হত্যার চেষ্টা উসকানি, ষড়যন্ত্র করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।

  16. ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত

    রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় আগুন
    ছবির ক্যাপশান, রাসায়নিক কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন

    ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।

    জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে; বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, "তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

    প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছেন তিনি।

  17. নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্র ও ক্রেন

    ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার নতুন স্যাটেলাইট ছবি
    ছবির ক্যাপশান, ছবিগুলোতে সেখানে পৌঁছানোর জন্য একটি নতুন রাস্তাও নজরে এসেছে।

    ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট ছবিতে।

    ২৯শে জুন তোলা ওই ছবিতে ঘটনাস্থলে খননকারী মেশিন এবং ক্রেন দেখা যাচ্ছে। এছাড়া ছবিগুলোতে সেখানে পৌঁছানোর জন্য একটি নতুন রাস্তাও নজরে এসেছে।

    ইরানের এই পারমাণবিক স্থাপনাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাঙ্কার-ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছিল।

    ২৮ জুন তোলা একই স্থানের ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অ্যালব্রাইট বলেছেন, নির্মাণ কাজের মধ্যে ক্ষতি মূল্যায়ন এবং রেডিওলজিক্যাল নমুনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

    মার্কিন হামলার পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে "ধ্বংস" করেছে।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারমাণবিক স্থাপনার ক্ষতি "গুরুতর" কিন্তু বিস্তারিত তথ্য অস্পষ্ট, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত সময়ের থেকে "দশক" পিছিয়ে গেছে।

    যদিও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

  18. ট্রাম্পের সাহায্য কমানোর সিদ্ধান্তে পাঁচ বছরে বছরে প্রায় দেড় কোটি মানুষের মৃত্যুর ঝুঁকিতে: ল্যানসেট

    মানবিক সহয়তা কমানোর ধাক্কা আসবে বিশ্বব্যাপী
    ছবির ক্যাপশান, মানবিক সহয়তা কমানোর ধাক্কা আসবে বিশ্বব্যাপী

    বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে।

    গবেষণায় দেখা গেছে, এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে জানিয়েছিলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ইউএসএআইডি’র ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন।

    ল্যানসেট প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেছেন, "অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য, এর ফলে যে ধাক্কা আসবে তা বিশ্বব্যাপী মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সাথে তুলনা করা যেতে পারে।"

    ট্রাম্প প্রশাসন, এর আগে ইলন মাস্কের নেতৃত্বে খরচ কমানোর উদ্যোগ হিসেবে, ফেডারেল কর্মী সংখ্যা কমাতে কাজ করেছিল।

    এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের ৬০টিরও বেশি দেশে কাজ করেছে, যার বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে।

    রুবিও বলছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে এখনও হাজারটা কর্মসূচি রয়েছে। যা কংগ্রেসের পরামর্শক্রমে "আরও কার্যকরভাবে" পরিচালিত হবে।

    গত মাসে, জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, মার্কিন তহবিল কমানোর ফলে খাদ্য সহায়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যাতে কেবল কেনিয়ার শরণার্থী শিবিরেই লাখো মানুষ "অনাহারে" ভুগতে শুরু করেছে।

  19. বিবিসি বাংলার লাইভ