ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘোষণা, 'হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত’ থাকবে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন। এদিকে, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে ওয়াক আউট করেছেন বিরোধী দলের এমপিরা।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, "স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।” বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন।
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, "যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি।"
    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রথা রয়েছে। এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
    • সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান "একটি গুরুত্বপূর্ণ ঘটনা"।
    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত কায়সার কামাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন।
    • ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১৩তম দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা-বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত হামলা প্রতিহত করার তথ্যও জানিয়েছে।
    • থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়ার পর দেশটির সরকার ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করেছে।
    • বাংলাদেশের খুলনা - মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন।
    • আজ কলকাতার লোকভবনে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে, তারা “গত কয়েক দিনে” তেহরান অভিযানের মধ্যে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” হামলা করেছে।
    • কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
    • ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে গতরাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
    • ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেলে ১০০ ডলার ছুঁয়েছে। আজ বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে এর দাম প্রায় নয় শতাংশ বেড়েছে।
    • মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে মূল পাতায় ক্লিক করুন।

  2. ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

    ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের ফুটবল দলকে "স্বাগত" জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যদিও "তাদের নিজস্ব নিরাপত্তার জন্য" এটি যথার্থ পদক্ষেপ নাও হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন তিনি।

    আগামী ১১ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর শুরু হওয়ার কথা রয়েছে।

    যেখানে ১৫ ও ২১শে জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং ২৬শে জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।

    এদিকে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার সন্দেহ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি।

    মার্কিন প্রশাসনকে নিয়ে করা এক মন্তব্যে তিনি বলেছেন, "এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনও অবস্থাতেই এই বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই।"

    "আমাদের ছেলেরা নিরাপদ নয়, এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই," বলেন তিনি।

    যদিও, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন যে, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং মি. ট্রাম্প তাকে বলেছেন যে, ইরানকে টুর্নামেন্টে অংশ নিতে "স্বাগত"।

  3. ইরাকে কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, ইরাকের ইরবিলে অবস্থানরত ব্রিটিশ বাহিনী গতকাল রাতে দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

    ইরানের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধ কৌশল ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি।

    তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহতের খবর পাওয়া গেছে।

    উত্তর-পশ্চিম লন্ডনের নর্থউডে যুক্তরাজ্যের সামরিক সদর দফতর পরিদর্শনের সময় মি. হিলি এই তথ্য জানান।

    সেখানে তিনি মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

    ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে যেভাবে ড্রোন হামলা চালানো হচ্ছে, তাতে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি “সুস্পষ্ট যোগসূত্র” রয়েছে।

    তিনি আরো বলেন, ইরানের ড্রোন হামলাগুলোর ধরণ রাশিয়ার ইউক্রেন হামলার কৌশলের সাথে মিলে যায়।

    “পুতিনের প্রচ্ছন্ন হাত ইরানের এই রণকৌশলের পেছনে রয়েছে-এটি বিশ্বাস করলে কেউ অবাক হবে না” বলেন তিনি।

    জন হিলি জানান, যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের একমাত্র নেতা পুতিন, যিনি লাভবান হচ্ছেন।

    তার মতে, এর ফলে ইউক্রেনে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট নতুন তহবিলের যোগান পাচ্ছেন।

  4. হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার পাহারা দিতে এখনো প্রস্তুত নয় মার্কিন নৌবাহিনী

    মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো প্রস্তুত নয় দেশটির নৌবহর।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে গেছে।

    ওই খবরের পর তেলের দাম কমে গিয়েছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টটি সরিয়ে ফেলা হয় এবং হোয়াইট হাউস নিশ্চিত করে যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যায়নি। এরপর এই খবরটি ছড়িয়ে পড়লে তেলের দাম আবারও বেড়ে যায়।

    বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মি. রাইট বলেন, “এটি শীঘ্রই ঘটবে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। আমরা প্রস্তুত নই। আমাদের সকল সামরিক শক্তি এখন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং তাদের সামরিক সরঞ্জাম তৈরির শিল্প ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে।”

  5. ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড

    থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়ার পর দেশটির সরকার ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করেছে।

    এর আগে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল,, তারা ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এই হামলা এবং জাহাজের ক্ষয়ক্ষতির পরিস্থিতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে, “সতর্কবার্তা উপেক্ষা করার পর” জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    সাম্প্রতিক দিনগুলোতে ইরানি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যেসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে চায়, তাদের অবশ্যই ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে।

  6. মোংলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত, বলছে পুলিশ

    বাংলাদেশের খুলনা - মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন।

    বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

    মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, "একটি নোয়াহ গাড়ি ও নৌবাহিনীর বাসের সংঘর্ষ হয়। নোয়াহ মাইক্রোবাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ড্রাইভারসহ ১৪ জনই মারা গেছেন। আর একজন নারী খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়া আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন।"

    ইফতারির আগেই উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

    মোংলার একজন স্থানীয় সাংবাদিক জানান, মাইক্রোবাসটিতে একই পরিবারের সদস্যরা ছিলেন। বিয়ে বাড়ি থেকে আসা এই গাড়িটিতে থাকা বর ও কনেসহ একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন।

  7. বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র "প্রচুর অর্থ উপার্জন" করে: ট্রাম্প

    গত রাতে ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।
    ছবির ক্যাপশান, গত রাতে ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন।

    নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, "যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি।"

    "তবে প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে এর চেয়েও বড় স্বার্থ এবং গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের মতো একটি শয়তান সাম্রাজ্যকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে এবং মধ্যপ্রাচ্য ও প্রকৃতপক্ষে বিশ্বকে ধ্বংস করা থেকে থামানো। কখনোই আমি তা হতে দেব না" লিখেছেন ট্রাম্প।

  8. ‘হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত’ রাখার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতার

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করছেন।

    এই বার্তায় মোজতবা খামেনি বলেছেন, "স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।”

    তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের “বন্ধুত্বের” নীতি রয়েছে, তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

    তিনি সতর্ক করে বলেছেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।

  9. নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ প্রচার করবে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিছুক্ষণের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করতে যাচ্ছে তারা।

    ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি।

    ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।

    আটই মার্চ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

    ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।

    ৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' মোজতবাকে বাছাই করার পরপরই বিপ্লবের কট্টর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন। 'আল্লাহু আকবার' ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা।

    ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি "শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত" অনুগত থাকার শপথ নিয়েছে।

  10. পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শপথ নতুন রাজ্যপালের

    গভর্নর আর এন রবি (বামে)-কে শপথবাক্য পাঠ করাচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (ডানে)
    ছবির ক্যাপশান, গভর্নর আর এন রবি (বামে)-কে শপথবাক্য পাঠ করাচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (ডানে)

    আজ (বৃহস্পতিবার) কলকাতার লোকভবনে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

    উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জী, বামফ্রন্ট চেয়ারপাররসন বিমান বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। মি. রবিকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

    তামিলনাডুতে রাজ্যপাল থাকাকালীন বার বার বিতর্কে জড়িয়েছিলেন রবীন্দ্র নারায়ণ রবি। তামিলনাডুর ডিএমকে সরকারের সঙ্গে একাধিকবার তীব্র সংঘাত হয়েছে তার। বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখার অভিযোগে তামিলনাডু সরকার মি রবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল। অভিযোগ ছিল 'ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা ও গড়িমসির'। এই মামলায় সুপ্রিম কোর্টের রায় যায় মি. রবির বিরুদ্ধেই।

    এছাড়াও ডিএমকে তাঁর বিরুদ্ধে সাংবিধানিক ‘ওভাররিচ’ অর্থাৎ এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগও তুলেছিল। মি. রবির কার্যকালে রাজভবনের বিরুদ্ধে প্রায়শই বিক্ষোভে নামত ওই রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে। তাঁকে রাজ্যপাল পদ থেকে সরানোর দাবিও তুলেছিল ডিএমকে।

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মি. রবির নিয়োগকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছে। তিনি যাঁর স্থলাভিষিক্ত হলেন, সেই সিভি আনন্দ বোসের পদত্যাগের পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে এর আগে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

    রাজ্যে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'স্পেশাল ইন্টেনসিভ রিভিশন' (এসআইআর), যা নিয়ে কেন্দ্রের সাথে প্রতিনিয়ত দ্বন্দ্ব হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের। এই প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারকে 'বিবেচনাধীন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে, সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং তামিলনাডু থেকে সরিয়ে এনে পশ্চিমবঙ্গে মি. রবির নিয়োগ — এই দুটো ঘটনাকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  11. ইরাকের কাছে তেল ট্যাংকার লক্ষ্য করে হামলার পরের ছবি

    তেল ট্যাংকার
    ছবির ক্যাপশান, ইরানের তেল ট্যাংকারে হামলায় ক্ষতি হয়

    এর আগে খবর পাওয়া গিয়েছি, ইরাকের কাছে দুটি শিপিং ট্যাংকারে একটি "অজানা ক্ষেপণাস্ত্রের" দ্বারা আঘাত পেয়েছে।

    বৃহস্পতিবার তোলা নতুন ছবিতে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি থেকে ধোঁয়া উঠছে, যা পানির একপাশে হেলে আছে।

    তেল ট্যাঙ্কার
    ছবির ক্যাপশান, হামলার পর ট্যাঙ্কার একদিকে হেলে পড়ে।
  12. হামলার জন্য কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল?, ক্রিস প্যাট্রিজ, বিবিসি নিউজ অস্ত্র বিশ্লেষক

    ইরানি স্থাপনায় হামলার ছবি
    ছবির ক্যাপশান, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত অনেক অস্ত্রের মধ্যে রয়েছে বাংকার বিধ্বংসী গোলাবারুদ

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সরঞ্জাম ও বিভিন্ন স্থাপনায় হামলার ডজনখানেক ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনী।

    ব্যবহৃত অনেক অস্ত্রের মধ্যে রয়েছে 'বাংকার বাস্টার' নামে পরিচিত দুই হাজার পাউন্ড ওজনের জিবিইউ-৩১-জেডিএএম।

    বেশিরভাগ সময় এগুলো স্যাটেলাইট নির্দেশনার মাধ্যমে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়, তবে বুধবার রাতে প্রমাণ পাওয়া গেছে কীভাবে মার্কিন সামরিক বাহিনী লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপের জন্য লেজার ডেজিগনেশন ব্যবহার করছে।

    আজ সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিমান ঘাঁটিতে ইরানি বিমানে হামলার ভিডিও প্রকাশ করেছে।

    এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, লেজারটি লক্ষ্যবস্তুর ঠিক ওপরে আঘাত করছে। এই লেজারটি হামলাকারী বিমানের একটি পডে থাকে। পাইলটরা এটিকে লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করেন।

    এই গোলাবারুদগুলো সম্ভবত জিবিইউ - ২৪, জিবিইউ - ৫৪, হামলাকারী বিমান থেকে নিক্ষেপ করার পর অস্ত্রের ওপর থাকা কন্ট্রোল সারফেসে নড়াচড়া করে লেজার স্পটটি অনুসরণ করতে থাকে।

    হাজার হাজার ফুট ওপর থেকে বোমা নিক্ষেপ করা হলেও এর নির্ভুলতা থাকে এক বা দুই মিটারের মধ্যে।

    চলন্ত লক্ষ্যবস্তু অনুসরণ করতেও বেশ উপযোগী লেজার ডেজিগনেশন। তবে সবসময় তা সেরা পদ্ধতি নয়।

    মেঘ বা অন্যান্য বায়ুমণ্ডলীয় অবস্থা লক্ষ্যভেদ করার কার্যকারিতা অনেকটা কমিয়ে দিতে পারে, তাই এখানেই জিপিএস গাইডের প্রয়োজনীয়তা দেখা দেয়।

    এমন কিছু অস্ত্রও রয়েছে যেগুলোতে লেজার এবং জিপিএস দুই পদ্ধতিই বিদ্যমান। যাতে পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটি ব্যবহার করা যায়।

  13. হামলার শিকার ইরানি স্থাপনাটি ‘পারমাণবিক অস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সক্ষমতা’ অর্জনে ব্যবহৃত হয়েছিল: আইডিএফ

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে, তারা “গত কয়েক দিনে” তেহরান অভিযানের মধ্যে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” হামলা করেছে।

    তারা বলছে ‘তালেঘান’ নামের কম্পাউন্ডটি “পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ সক্ষমতা অর্জন করতে” ব্যবহার করত ইরান।

    আইডিএফ জানায়, ২০০০ সালের দশকে এ স্থাপনাটি বিস্ফোরক তৈরির কাজ এবং একটি “গোপন পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি”র জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত হয়েছিল।

    টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ বলছে, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো পূর্ববর্তী হামলাগুলো ওই কর্মসূচির “উল্লেখযোগ্য ক্ষতি” করেছিল।

    বিবৃতিতে আরও বলা হয়, “সেই অনুযায়ী, আইডিএফ সাম্প্রতিক সময়ে শনাক্ত করেছে যে ২০২৪ সালের অক্টোবরে হামলার পর (ইরানের) শাসনব্যবস্থা কম্পাউন্ডটি পুনর্গঠনের পদক্ষেপ নিয়েছে”।

    প্রসঙ্গত, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিষয়টি বারবার অস্বীকার করে এসেছে। তাদের দাবি, এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে দেশটি হলো পরমাণু-অস্ত্রবিহীন একমাত্র রাষ্ট্র, যারা প্রায় অস্ত্র-গ্রেডের মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

  14. রোববার পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

    স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বিরোধী দলের ওয়াক আউট এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

    ভাষণ শেষ হওয়ার পর সংসদ কক্ষ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি।

    এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হলে সংসদ সদস্যরা সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। ডিজিটাল স্ক্রিনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।

    পরে সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ১৫ই মার্চ, আগামী রোববার সকাল এগারোটা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

  15. চব্বিশের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা: সংসদ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি

    সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
    ছবির ক্যাপশান, ত্রয়োদশ সংসদের প্রথম অধিেবশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান "একটি গুরুত্বপূর্ণ ঘটনা" বলে, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তার ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দল।

    রাষ্ট্রপতি বলেন, "কোটা সংস্কার আন্দোলন থেকে একপর্যায়ে এটি ফ্যাসিবাদী আন্দোলনে রূপ নেয়। দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী মানুষ তথা সকল শ্রেণি-পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের পাঁচই অগাস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।"

    হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে "তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়" বলে ভাষণে বলেন রাষ্ট্রপতি।

    "আমি ২০২৪ সালের জুলাই অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা" বলেন মো. সাহাবুদ্দিন।

    তিনি মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের কথা একইসাথে উচ্চারণ করে বলেছেন, "১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ এবং ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবতকালে দেশের ইতিহাসে সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙিক্ষত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে।"

  16. ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

    ইরানের ‘পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে’ হামলার দাবি করেছে ইসরায়েল।

    ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গত “কয়েক দিনের” হামলার মধ্যে তেহরানে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” আঘাত হেনেছে।

    এদিকে, বিবিসি অ্যারিাবিকের একটি খবরে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল যে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর “সম্ভাব্য হামলা” চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

    কান নিউজ জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় যে বিষয়গুলোর একটি ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল্যায়ন অনুযায়ী—ফোরদো স্থাপনার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিমান হামলায় ধ্বংস করা সম্ভব কি না।

    চ্যানেলটি এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, “পরিকল্পনাগুলো প্রস্তুত, এখন কেবল সিদ্ধান্ত নেওয়া বাকি”।

    অন্যদিকে, আজ ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের উপর "ব্যাপক আক্রমণ" শুরু করেছে।

    সেনাবাহিনী টেলিগ্রাম সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে লিখেছে যে এই আক্রমণগুলো "সারা দেশে ইরানি শাসকগোষ্ঠীর অবকাঠামোকে লক্ষ্য করে" করা হয়েছে।

  17. কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে বলা হয়েছে, এই হামলায় “মানবিক ক্ষয়ক্ষতি না হলেও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে”।

  18. ইরাকের উত্তরাঞ্চলে ইতালির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

    ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে গতরাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

    তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা।

    কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরবিলে ইতালির প্রায় তিনশো সেনাসদস্য রয়েছে।

    ইরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই এই ঘাঁটিটি ইরানের প্রতিশোধমূলক হামলা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

  19. রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াক আউট

    সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
    ছবির ক্যাপশান, সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশের জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রথা রয়েছে। তবে এবার রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রথমে প্রতিবাদ জানান এবং পরে ওয়াক আউট করেন।

    বিরোধী দলের এমপিরা রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিশেষ প্লেকার্ডও প্রদর্শন করেন।

    বেলা সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ শুরু করার জন্য আমন্ত্রণ জানান।

    এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে যান।

    এসব প্ল্যাকার্ডে বাংলা ও ইংরেজিতে লেখা ছিল- "জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি জনগণ সইবে না"।

    তীব্র প্রতিবাদের মুখেই এ সময় স্পিকার সংসদের শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান সংসদ সদস্যদের।

    এ সময় প্রবেশ করেন রাষ্ট্রপতি।

    স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ রাখতে অনুরোধ করলে বিরোধী দলের সংসদ সদস্যরা আবারো চিৎকার করতে থাকেন, দাঁড়িয়ে পড়েন।

    স্পিকার বারবার রাষ্ট্রপতির ভাষণ শোনার অনুরোধ করেন, একপর্যায়ে ভাষণও শুরু করেন রাষ্ট্রপতি।

    তার ভাষণের মাঝখানেই বিরোধী দলীয় সংসদ সদস্যরা নিজেদের আসন ছেড়ে উঠে যান এবং বেরিয়ে যান সংসদ ছেড়ে।

    এ সময় ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি।

    বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে যান
    ছবির ক্যাপশান, বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে যান
    প্লেকার্ড দেখিয়ে বিরোধী দলের এমপিদের প্রতিবাদ
    ছবির ক্যাপশান, প্লেকার্ড দেখিয়ে বিরোধী দলের এমপিদের প্রতিবাদ
    প্রতিবাদ জানানোর পর ওয়াক আউট করেন বিরোধী দলের এমপিরা
    ছবির ক্যাপশান, প্রতিবাদ জানানোর পর ওয়াক আউট করেন বিরোধী দলের এমপিরা
  20. মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সংঘাতের চিত্র

    রকেট নিক্ষেপের পরে গর্ত তৈরি হয়
    ছবির ক্যাপশান, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর ছোঁড়া একটি রকেট মধ্য ইসরায়েলের কাফার ইয়োনার কাছে আঘাত হেনেছে বলে জানা গেছে

    ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১৩তম দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা-বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত হামলা প্রতিহত করার তথ্যও জানিয়েছে।

    বাহরাইনের রাজধানী মানামায় ধোঁয়া উড়তে দেখা গেছে সকালে
    ছবির ক্যাপশান, ইরানের ড্রোন হামলার পর আজ সকালে বাহরাইনের রাজধানী মানামায় ধোঁয়া উড়তে দেখা গেছে
    হামলার পরে বাড়িঘর, রাস্তাঘাটের অবস্থা
    ছবির ক্যাপশান, বিবিসির সংবাদদাতা এর আগে জানিয়েছিলেন, বৈরুতের মধ্য সমুদ্র উপকূলে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন