নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপি'র

ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে আওয়ামী লীগসহ সকল অঙ্গ বা সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হয়েছে:

    ব্রিকস সম্মেলনের শেষদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেহেতু ব্রিকস তার তৃতীয় দশকে প্রবেশ করছে তাই বিশ্ব এখন তার কাছ থেকে সুনির্দিষ্ট ফলাফল আশা করে।

    ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির আহবায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বা দুদক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। ‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মি. মাহমুদ এমন দাবি করেছেন।

    ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গঙ্গা নদীতে (বাংলাদেশ অংশে পদ্মা নাম) প্রবল স্রোতে একটি ট্রলার ডুবে গেলে শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

    আগামী ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোটের দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।

    আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যে কোন ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ ধরনের কোনো কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।

    আওয়ামী লীগসহ সকল অঙ্গ, সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. সীমান্তের নদীতে ট্রলার ডুবির সময় ১০ বাংলাদেশিকে উদ্ধার করে ফেরত পাঠিয়েছে বিএসএফ

    উদ্ধার করার পর বিএসএফের স্পিডবোটে বাংলাদেশি নাগরিকরা
    ছবির ক্যাপশান, উদ্ধার করার পর বিএসএফের স্পিডবোটে বাংলাদেশি নাগরিকরা

    ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গঙ্গা নদীতে (বাংলাদেশ অংশে পদ্মা নাম) প্রবল স্রোতে একটি ট্রলার ডুবে গেলে ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ।

    বিএসএফ জানিয়েছে, ১২ই সেপ্টেম্বর বিকেলে বিএসএফের মালদা সেক্টরের ৭১ ব্যাটালিয়নের সদস্যরা বিওপি খণ্ডুয়া এলাকায় টহল দেওয়ার সময় কয়েকজন ব্যক্তিকে নদীতে ডুবে যেতে দেখেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে তারা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন।

    তখন নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে যাওয়ার পর তিন শিশু, তিন নারী ও চার পুরুষসহ ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে বিএসএফের সদস্যরা।

    উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ দিনের এক সংকটাপন্ন শিশুও রয়েছে, যাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ সরকারি হাসপাতালে পাঠানো হয়। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফ বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের জোহরপুর গ্রামের বাসিন্দা। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে জোহরপুর যাচ্ছিলেন। পদ্মা (গঙ্গা) নদী পার হওয়ার সময় হঠাৎ তাদের নৌকাটি উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান। তীব্র স্রোতের কারণে ভেসে তারা ভারতীয় সীমান্তের দিকে চলে যান।

    প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ উদ্ধার করা ১০ বাংলাদেশি নাগরিককেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

  3. ব্রিকসের তৃতীয় দশকে বিশ্ব সুনির্দিষ্ট ফলাফল আশা করছে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
    ছবির ক্যাপশান, আগামী বছর ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করতে যাওয়া চীনকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেহেতু ব্রিকস তার তৃতীয় দশকে প্রবেশ করছে তাই বিশ্ব এখন তার কাছ থেকে সুনির্দিষ্ট ফলাফল আশা করে।

    ১৮তম ব্রিকস সম্মেলনের সমাপনী অধিবেশনের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সদস্য ও অংশীদার দেশগুলোর ব্যাপক অংশগ্রহণ ব্রিকসের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিরই প্রমাণ।

    প্রধানমন্ত্রী মোদী বলেন, “ব্রিকস তার তৃতীয় দশকে প্রবেশ করতে চলেছে, এখন বিশ্ব আমাদের কাছ থেকে সুনির্দিষ্ট ফলাফল প্রত্যাশা করে।”

    গত দুই দিনের আলোচনা এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে যে, ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি জোট নয়, বরং এটি সমাধান দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের প্রতিটি সিদ্ধান্ত এবং উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপের সাথে যুক্ত করতে হবে, যাতে এর সুফল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়।”

    “কেবল রূপরেখা ও ডকুমেন্টস তৈরি করাই যথেষ্ট নয়। আমাদের চেষ্টা যেন বাস্তবে প্রকৃত পরিবর্তন আনতে পারে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে” বলেন তিনি।

    সম্মেলনে গৃহীত নয়া দিল্লি ঘোষণাটি সদস্য দেশগুলোর অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহযোগিতায় একটি স্পষ্ট দিকনির্দেশনা দেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    আগামী বছর ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করতে যাওয়া চীনকে শুভেচ্ছাও জানান তিনি।

    একইসঙ্গে, নয়া দিল্লি সম্মেলনকে সফল করে তুলতে যেসব দল এবং অংশগ্রহণকারী দেশগুলো অবদান রেখেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  4. মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান “মরীয়া হয়ে একটি চুক্তি করতে চাচ্ছে”

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান “মরীয়া হয়ে একটি চুক্তি করতে চাচ্ছে।”

    তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অথবা ঠিক পরেই ইরানের সাথে যুদ্ধ শেষ হবে।

    আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরান মরীয়া হয়ে একটি চুক্তি করতে চাচ্ছে। তারা বারবার ফোন করছে। তারা চুক্তি করতে চায় কিন্তু তাদেরকে সঠিক চুক্তিই করতে হবে। সঠিক না হলে কোনো চুক্তি আমি গ্রহণ করবো না।”

    যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ছয় ডলারের বেশি বেড়ে যাওয়ার পর, গত কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন, আগামী তেসরা নভেম্বর নির্বাচনের পর তেলের দাম হঠাৎ করে অনেক কমে যাবে।

    রোববার তিনি আরো বলেন, “ইরানের সাথে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই, এমনকি তার আগেও শেষ হতে পারে তবে নিশ্চিতভাবেই নির্বাচনের ঠিক পরপরই শেষ হবে এবং ডিজেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।”

    পারস্য উপসাগর ও ওমান উপসাগরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের উপস্থিতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি তাকে উদ্বিগ্ন করে না এবং এটা ওই দেশগুলোর নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার।

    ইরান জানিয়েছে, আগামীকাল ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নিয়ে আলোচনা করা হবে।

    এদিকে আব্বাস আরাঘচি আবারো স্পষ্টভাবে বলেছেন, “হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের শর্ত হলো, আমেরিকাকে অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারকে তাদের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরতে হবে।”

  5. নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা

    নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ
    ছবির ক্যাপশান, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ

    ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    এনসিপির আহবায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

    একইসঙ্গে, দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সাথে সমন্বয় সভা করে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন মি. ইসলাম।

    এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, 'সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাইয়ে নিহত এবং আহত পরিবারদের সাথে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা' দিয়েছেন নাহিদ ইসলাম।

    এনসিপির আহবায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন
    ছবির ক্যাপশান, ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির
  6. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছে

    ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারী
    ছবির ক্যাপশান, যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একইসময়ে দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গতে মারা গেছেন।

    যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৯ জন মারা গেছে।

    মৃতদের মধ্যে ৫১ দশমিক চার শতাংশ নারী এবং ৪৮ দশমিক ছয় শতাংশ পুরুষ।

    একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন।

  7. বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
    ছবির ক্যাপশান, ‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মি. মাহমুদ এমন দাবি করেছেন

    বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    ‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মি. ভুঁইয়া এমন দাবি করেছেন।

    তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

    নিজেরাই এই অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন উল্লেখ করে মি. ভুঁইয়া দাবি করেছেন, “বিএনপির সময়ে হওয়া পদোন্নতি, বদলির জন্য আমার বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে। মানে সার্কাসেরও একটা সীমা থাকা উচিত। ক্লিয়ারলি মিডিয়া ট্রায়ালে ফেলা।”

    এই ভিডিওতে মি. ভুঁইয়াকে বলতে শোনা যাচ্ছে, দুই দিন পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিপোর্ট বা নথি চেয়ে সেগুলো নিউজ করানো দুদকের উদ্দেশ্য।

    “অনুসন্ধানের দুইদিন পর পর, মনে করেন, আজকে নথি চাইলো, যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, কালকে আরেক জায়গা থেকে নথি চাইবে। আরেকজনকে বলবে রিপোর্ট দাও। এই যে, নিয়মিত নিউজ, আসিফ মাহমুদ এবং দুর্নীতি এই শব্দ দুটিকে একসাথে করে নিউজ করানো, একটি ন্যারেটিভ স্টাবলিশ করা, পারসেপশন তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। ক্যারেকটার এসাসিনেশনটা উদ্দেশ্য” বলেন আসিফ মাহমুদ।

    তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

    মি. ভুঁইয়া বলেন, “সেই জায়গাকে আমি প্রশ্ন করছি। যদি তদন্তের অনুসন্ধানের স্বদিচ্ছা থাকে এবং সেটা যদি ওই কমিটমেন্টটা আমি শুরু থেকে দেখতাম তাহলে এটাকে সাধুবাদ জানাতে আমার নাগরিক হিসেবে অসুবিধা নাই এবং আমি সহযোগিতা করতে রাজী আছি।”

    একইসঙ্গে, তিনি বেশ কিছু নথি হাতে তুলে ধরে বলেন, “ওনাদের অনুসন্ধানের অর্ধেকের বেশি হয়ে গেছে, ওনারা (দুদক) চাইলে নিয়ে যেতে পারে।”

  8. আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
    ছবির ক্যাপশান, দুর্নীতির টাকা দিয়ে আসিফ মাহমুদ পর্তুগালে জমি ক্রয়, দুবাইয়ের গ্রীন গ্রুপে বিনিয়োগ ও সুইস ব্যাংকে অর্থ জমা করেছেন

    দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম বলেন, “আগের অভিযোগের সাথেই এই অভিযোগটি অনুসন্ধান করা হবে।”

    এই অভিযোগে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং সারাদেশে ৩৬ জন ডিসি পদায়নে দুই কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন করেছেন।

    এছাড়া তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টেন্ডার বাণিজ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন গ্রহণ এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত ছিলেন।

    একইসঙ্গে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে মি. মাহমুদ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

    এই অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির টাকা দিয়ে আসিফ মাহমুদ পর্তুগালে জমি ক্রয়, দুবাইয়ের গ্রীন গ্রুপে বিনিয়োগ ও সুইস ব্যাংকে অর্থ জমা করেছেন।

    “তিনি দুবাইতে চার হাজার পাঁচশো কোটি টাকা, সিঙ্গাপুরে তিন হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় দুই হাজার কোটি টাকা ও সুইজারল্যান্ডে দেড় হাজার কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল ভিলা ক্রয় ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। তার দুই বোন জামাই ও ভাগ্নের মাধ্যমে তিনি বিদেশে কোটি কোটি টাকা পাচার করেন” বলে মি. মাহমুদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এর আগে, সাবেক এই উপদেষ্টাসহ চারজন সচিবের বিরুদ্ধে নিয়োগ-বদলি, কেনাকাটা, তদ্বির বাণিজ্য এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছিল দুদক।

    ওই তদন্তটি চলমান রয়েছে, সেটির সাথেই এই অভিযোগগুলো অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

  9. দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট

    সংবাদ সম্মেলন
    ছবির ক্যাপশান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে

    আগামী ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোটের দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।

    রোববার এগারো দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং এই ঐক্যজোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ।

    তিনি বলেন, ১৯শে সেপ্টেম্বর সকাল সাতটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে সকাল আটটা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

    মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।

    মি. আযাদ বলেন, ছয় দফা দাবি এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে। দেশে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। এ কারণে নতুন করে এ দাবি যুক্ত করা হয়েছে।

    একইসঙ্গে, গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল সংকট ও এর সাথে রাজনৈতিক, সামাজিক সংকট মোকাবেলায় কোন সমাধান সরকার দিতে পারে নাই বলে অভিযোগ করেন তিনি।

  10. হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু

    মায়ের কোলে হামে আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন
    ছবির ক্যাপশান, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো

    হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মারা গেছে দুইজন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩। একইসময়ে, হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৫।

    এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯২২ জন। একইসময়ে, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো।

    যারা মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

  11. আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনও ধরনের হরতাল বা ধর্মঘট ডাকাকে অবৈধ ঘোষণা হাইকোর্টের

    হাইকোর্ট
    ছবির ক্যাপশান, কোন কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যে কোন ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ ধরনের কোন কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ে এই আদেশ দিয়েছে।

    আদালত রায় বলেছে, সংবিধানের আর্টিকেল ১১২ অনুসারে আদালতের রায় সকলের জন্য বাধ্যতামূলক কিন্তু রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থী।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর আইনজীবী মনজিল মোরসেদ।

    এতে বলা হয়েছে, ২০১১ সালের অগাস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে একটি গাড়ির আরোহী তারেক মাসুদ, মিশুক মনিরসহ পাঁচজন নিহত হয়। ওই ঘটনায় বাসচালুকের বিরুদ্ধে মামলা হলে ২০১৭ সালের ২২শে ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ড্রাইভারকে সাজা দেয়।

    এই সাজার বিরুদ্ধে পরিবহন ধর্মঘট ও হরতাল করে বাস মালিক ও শ্রমিকরা। পরে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।

    ওই রিট পিটিশনের শুনানি শেষে ২০১৭ সালের পহেলা মার্চ আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল আহবান কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ।

    আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে ২৪ ঘন্টার মধ্যে ধর্মঘট বা হরতাল প্রত্যাহার করার নির্দেশ দেয় এবং গাড়ি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের প্রেক্ষিতে পরের দিন পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

    ওই রুলের শুনানি শেষে রোববার আদালত রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেয়।

    রায়ে আদালত, আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল ডাকলে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ, বিআরটিসিকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ফৌজদারী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।

    শুনানীতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের আর্টিকেল ১১২ অনুসারে যে কোনো রায় ও নির্দেশনা মানতে সকল কর্তৃপক্ষ বাধ্য কিন্তু দুর্ঘটনার কারণে ড্রাইভারকে সাজা দেয়ার প্রেক্ষিতে মালিকরা পরিবহন ধর্মঘট ডেকে আদালতের আদেশের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। শুধু তাই নয় সকল নাগরিকের চলাচলের স্বাধীনতা যেটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত পরিবহন ধর্মঘটের কারণে সেটা বাধা গ্রস্থ হয়েছে এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

  12. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
    ছবির ক্যাপশান, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।

    রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এই কথা জানান তিনি।

    উল্লেখ্য, এই পদে সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ছিলেন। গত সপ্তাহে এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের এই পদটিতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সায়মা ওয়াজেদের নিয়োগটি ত্রুটিপূর্ণ এবং ওই পদে নিয়োগের জন্য তার যথাযথ অভিজ্ঞতা ছিল না বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    “তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক এই ধরনের সংস্থাতে। তার কোন ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোন অভিজ্ঞতা ছিল না” বলেন মি. কবির।

    এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তার ব্যাপারে এটা সারপ্রাইজিং না। এই অ্যাপয়েন্টমেন্টটাও ক্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনরকম হয়ে গেছে। এগুলাতো বের হয়ে আসবেই। শেখ মুজিব সাহেবের পরিবারের সবগুলা লোক কেমন দুর্নীতির দুর্গন্ধে মানুষ এদেরকে প্রত্যেক জায়গায় আইডেন্টিফাই করতে পারছে।”

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থাতে এ ধরনের নিয়োগ দেয়া লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, “ইট ইজ অলসো এ শেইম ফর অ্যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দে শুড নট অ্যাপয়েন্ট পিপল অন দি গ্রাউন্ড অফ জাস্ট সিম্পলি বিং কানেক্টেড টু এ ফ্যামিলি রেজিম। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো নিড টু টাইটেন দেয়ার প্রসেসেস।”

    (আন্তর্জাতিক একটি সংস্থার জন্য এটা একটা লজ্জার ঘটনাও বটে। শুধুমাত্র ক্ষমতাসীন একটি পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে কাউকে নিয়োগ দেওয়া তাদের উচিত হয়নি। আমি মনে করি, আন্তর্জাতিক সংস্থাগুলোরও তাদের নিয়োগ প্রক্রিয়া আরো কঠোর করা উচিত)।

  13. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট খারিজ

    হাইকোর্ট
    ছবির ক্যাপশান, রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে

    আওয়ামী লীগসহ সকল অঙ্গ, সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামে এক ব্যক্তি পহেলা সেপ্টেম্বর রিটটি দায়ের করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত বছরের ১২ই মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

    এই প্রজ্ঞাপনটিরই বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।