স্ত্রী-সন্তানসহ আজই দেশে ফেরার কথা ছিল দেবাশীষ দত্তের
“আমার ছওয়ালের নিয়ে নিল রে, এ কী করে সহ্য করবো আমি, আমি সহ্য করতে পারবো না, আমার দেবাশীষ নাই।”
এভাবেই আহাজারি করছিলেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনের ঘটনায় নিহত দেবাশীষ দত্তের মা।
ভয়াবহ এই আগুনে বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা মি. দত্ত ছাড়াও তার দুই বছর আট মাস বয়সী সন্তান শর্ণশীষ দত্ত, স্ত্রী আফসানা শারমীন এবং শ্বশুর আকরাম হোসেন মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন নিহত দেবাশীষ দত্ত এবং তার পরিবার। বুধবারই তাদের দেশে ফেরার কথা ছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সবশেষ যখন তাদের সঙ্গে কথা হয়েছিল তখন বুধবার সকালেই দেশে ফেরার কথা জানিয়েছিলেন মি. দত্ত।
নিহত দেবাশীষ দত্ত একটি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর খবরে বুধবার দুপুর থেকেই তার কুষ্টিয়ার বাসায় ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনেকে।