বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ও গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

ছবির উৎস, SCREEN GRAB
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটি জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। একাধিক প্রার্থী থাকায় এবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে।
বুধবার দুপুরে নির্বাচনের একদিন আগে, পুরো প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন এবং বিধিমালা অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি।
“আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জন্য সংসদ অধিবেশন থাকলে এক ব্যবস্থা, আর অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমাদের পার্লামেন্ট সেশনে নাই, সেশন যে ডাকতেই হবে এমন নয়। শুধু নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেওয়া আছে,” বলেন তিনি।
সিইসি বলেন, দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। এরপর সেখানেই গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচনী কর্মকর্তা।
“ভোটের পরপরই কাউন্টিং করে ওখানেই আমরা ফলাফল ঘোষণা করে দেব, পরে আমরা এখানে আইসা হয়তো ওই দিনই গেজেট করে দেব, আমাদের প্ল্যান ওইটাই,” গণমাধ্যমকে জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রচারণা চালানো যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলন, “বাইরে যদি ওনারা প্রচারণা চালান, আইনে তো কোনো নিষেধ নাই, কিন্তু ভোটের দিন হাউজের মধ্যে কোনো প্রচার প্রচারণা করতে পারবে না।”
আরো পড়তে পারেন: ৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল



