লাইভ , ঢাকায় পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা

বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। আজ সোমবার এ সভায় মালিক পক্ষের দিক থেকে ন্যুনতম মজুরি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসেছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি

    প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তার সাথে সংলাপে বসেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল।

    আজ সোমবার দুপুর একটায় ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংলাপ চলছে বলে জানা গেছে।

    জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতার প্রেক্ষাপটে এর বিরুদ্ধে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এই সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আর এই সংলাপের প্রথম দিনে আজ দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নিয়েছে এনসিপি। এতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন।

    ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় গত সপ্তাহে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ-সহিংসতার প্রেক্ষাপটে বিএনপি সরকার রাজনৈতিক সংলাপ শুরু করল আজ।

  2. ভর্তি পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো, আপিল বিভাগের আদেশ

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ।

    সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

    “প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের যে অন্তর্বর্তী আদেশ ছিল তা স্থগিত করেছেন। এর অর্থ হলো স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, আইন ও নিয়মে ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন,” এক সংবাদ সম্মেলনে বলেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    তিনি বলেন, “এ আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কোনো বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালে এইচএসসিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিতে আর বাধা থাকলো না”।

    একটি রিট পিটিশনের প্রেক্ষাপটে হাইকোর্ট গত ১৮ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিল।

    ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েছিল রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  3. বিমানবন্দরে আটকের পর ডিবি হেফাজতে সুইডেন আসলাম

    বাংলাদেশ পুলিশের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা এস এম আসলাম হোসেনকে ঢাকায় বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তিনি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যাচ্ছে।

    “বর্তমানে তিনি ডিবি হেফাজতে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ও মামলা হয়েছে। এ বছর ঢাকার নিউমার্কেটে টিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হবে,” এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র আকতার হোসেন।

    এক প্রশ্নের জবাবে মি. হোসেন বলেন, “তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। সব বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে। ডিবি এগুলো পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে”।

    এস এম আসলাম হোসেন পুলিশের কাছে ও ঢাকার অপরাধ জগতে শেখ আসলাম ও সুইডেন আসলাম নামে পরিচিত।

    বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন আসলাম হোসেন।

    দুই হাজার এক সালের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ যে ২৩ জনের নাম শীর্ষ সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিলে সুইডেন আসলাম তাদের একজন।

    সুইডেন আসলামের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র আকতার হোসেন।
    ছবির ক্যাপশান, সুইডেন আসলামের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র আকতার হোসেন।
  4. পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা

    বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক
    ছবির ক্যাপশান, বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক

    বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। আজ সোমবার এ সভায় মালিক পক্ষের দিক থেকে ন্যুনতম মজুরি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

    সেগুনবাগিচায় সভা যেখানে হওয়ার কথা তার সামনে ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

    এর আগে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভ শুরু হয় মূলত বেতন বাড়ানোর দাবিতে।

    শুরুতে ঢাকার উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলকার কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ শুরু করলেও ধীরে ধীরে তা নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

    শ্রমিক অসন্তোষ শুরু হওয়ার পর থেকেই মজুরি বৃদ্ধি এবং কারখানা চালু রাখা না রাখার বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সরকার।

    একপর্যায়ে আন্দোলন বড় হতে থাকলে সরকার গত পহেলা নভেম্বর মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ড গঠন হওয়ার পর বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    এরমধ্যে দ্বিতীয় বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বত্রিশ হাজার টাকা ন্যুনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

    এছাড়া মজুরি বোর্ড আগেই সিদ্দান্ত নেয় ন্যুনতম যে মজুরি ঠিক হবে, সেটা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

    তবে শ্রমিকদের মজুরি প্রস্তাবের পর মালিকরা কত মজুরি প্রস্তাব দেয় তা নিয়ে আগ্রহ ছিলো। শেষপর্যন্ত গত ১৬ই নভেম্বর বৈঠক স্থগিত হওয়ায় মালিকদের প্রস্তাব প্রকাশ্যে আসেনি। স্থগিত হওয়া সেই বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে।

    বাংলাদেশে ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত বর্তমান ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

    পোশাক মালিকদের প্রস্তাব দেওয়ার কথা আজ
    ছবির ক্যাপশান, পোশাক মালিকদের প্রস্তাব দেওয়ার কথা আজ
  5. গতকাল রোববারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • বাংলাদেশে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।
    • বিতর্কিত কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাতটি জেলায় প্রায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।
    • জলবায়ু সম্মেলনের চুক্তির খসড়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় খসড়াটি অনুমোদন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
    • পোশাক কারখানার শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
    • বাংলাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে সোমবার।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো অন্তত দু'জন প্রাণ হারিয়েছেন।
    • কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ আটজন জিম্মিকে উদ্ধার করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
    • হরমুজ প্রণালির কাছে আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: