আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের
- Author, সজল দাস
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৫ মিনিট
শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য- তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলবস্থা তৈরি হয়েছে।
সাভার, গাজীপুর এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনেক পোশাক শ্রমিকরা।
শনিবারও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছেন আশুলিয়ায়ও।
এদিকে, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখলে রবিবার থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
চলমান শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার শঙ্কায় ১৪৭টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে বলেও যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় উৎপাদন উপযোগী পরিবেশ না থাকলে যেসব এলাকায় বিক্ষোভ চলমান থাকবে সেসব এলাকায় কারখানা বন্ধ রাখা হবে।
এছাড়া, বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত রেখে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আন্দোলনে নামেন তৈরি পোশাক শ্রমিকরা।
শুরুতে ঢাকার উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলকার কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ শুরু করলেও ধীরে ধীরে তা নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।
শ্রমিক অসন্তোষ শুরু হওয়ার পর থেকেই মজুরি বৃদ্ধি এবং কারখানা চালু রাখা না রাখার বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সরকার।
শ্রমিকদের দাবির মুখে নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি।
শ্রমিকদের বিক্ষোভ চলছে
সাভারের আশুলিয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে শনিবারও আন্দোলন কর্মসূচি পালন করেছেন শ্রমিকদের একটি অংশ।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এসময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার সকাল থেকেই গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েক হাজার পোশাক শ্রমিক।
পোশাক শ্রমিকদের অবরোধ ঘিরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর
একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, শনিবার সকালে আশুলিয়ার দুটি কারখানার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পরে কারখানার সামনে দাঁড়িয়ে শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করলে সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
ধারাবাহিক শ্রমিক আন্দোলনের কারণে কদিন ধরেই সাভার এবং গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আন্দোলন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে শক্ত অবস্থান নিয়েছেন তারা। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এসব এলাকায় মোতায়েন রয়েছেন বলেও জানানো হয়েছে।
পোশাক শিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ নতুন নয়। এই শিল্পের জন্ম থেকেই মজুরি নিয়ে টানাপোড়েন চলছে।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছিল। ২০১৮ সালে যা বেড়ে হয় আট হাজার টাকা। তখনও আন্দোলনে নামতে হয়েছিল শ্রমিদেরকে।
২০২৩ সালে সবশেষ মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। সেবারও শ্রমিকরা ২৩ হাজার টাকা দাবি করলেও মালিকদের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা।
মালিকরা যা বলছেন
মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত ২৩শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেন পোশাক শ্রমিকরা।
এরপর ৩১শে অক্টোবর থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিক সংগঠনগুলো বলছে, বর্তমান মজুরি কাঠামোর সঙ্গে বাজারের কোনো সামঞ্জস্য নেই।
ওই দিন সচিবালয়ে পোশাক মালিক, শ্রমিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। পরদিনই গঠন করা হয় মজুরি বোর্ড।
এরপরও শ্রমিক অসন্তোষ না কমায় তেসরা নভেম্বর প্রথম বৈঠকের কথা জানান বোর্ডের চেয়ারম্যান।
বোর্ডের দ্বিতীয় সভায় নিজেদের প্রাথমিক প্রস্তাব তুলে ধরেন শ্রমিকপক্ষ। যেখানে পোশাক শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
শ্রমিকদের ধারাবাহিক এই আন্দোলনের কারণে তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাভার, আশুলিয়াসহ গাজীপুরের শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে।
এমন প্রেক্ষাপটে পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনগুলো।
শনিবার বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে সকালে সংগঠন দুটির যৌথ মতবিনিময় সভায় অংশ নেন পোশাক কারখানার মালিকরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৪৭টি কারখানা তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে।
তাদের দাবি, বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও কিছু বিপথগামী শ্রমিক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মি. খান গণমাধ্যমকে জানান, "আমাদের সিংহভাগ শ্রমিক মালিক ভাই-বোন কাজে যোগ দিতে আন্তরিক। তবে দুঃখজনক হলেও সত্য কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক বিপদগামী শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।"
শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও জানান তারা।
এমন পরিস্থিতি চলমান থাকলে রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখারও ঘোষণা দেন মালিকেরা।
আইন অনুযায়ী, বেআইনি ধর্মঘটের কারণে মালিক আংশিক বা পুরোপুরি কারখানা বন্ধ রাখতে পারেন। এই ধারায় কারখানা বন্ধ থাকলে মজুরি পান না কারখানার শ্রমিকেরা।
"অরাজক পরিস্থিতি হওয়ার পরও অনেকে কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। আরো আগেই ৫৫টি কারখানা পুরো বন্ধ রাখা হয়েছে। আজকে ৯২টি কারখানা তাদের চেষ্টা করেছে চালু রাখতে কিন্তু তারা পারেননি," বলেন বিজিএমইএ সভাপতি।
পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
আগামী সোমবার মজুরি বোর্ডের কাছে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলেও জানান মি. খান।