শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিচারিক আদালত এই আদেশ দিয়েছে। বাকি দুইজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
আবেদনে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন।
এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ সময় অজ্ঞাতনামা ২০-২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে পুলিশের করা আবেদনে বলা হয়েছে।
এর আগে, রাতে মি. মুনসহ তিনজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তাকে মারধর করে আওয়ামী লীগ বলে উল্লেখ করছে।