আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গত ২৪ ঘণ্টায় আটশোর বেশি নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন, মৃত্যু হয়েছে পাঁচ জনের। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকার ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দেওয়া দেশগুলোকে ইরান শত্রু হিসেবে বিবেচনা করবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের একজন নেতা।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম।

  1. রোববার সারাদিন যা যা হলো:

    • গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। একই সময়ে মারা গেছেন পাঁচ জন।
    • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
    • কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একজন সার ডিলারের গুদাম ভেঙ্গে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। 'মব সৃষ্টির' অভিযোগ কৃষি কর্মকর্তার, চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে পুলিশ।
    • যেসব দেশ যুক্তরাষ্ট্রের 'অর্থনৈতিক যুদ্ধে' অংশ নেবে, ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
    • বিদ্রোহে বিধ্বস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে “অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে” ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ এবং হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় দুইজন আহত হয়েছেন।
    • আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর চেষ্টায় ওমান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ঢাকায় অবস্থিত দুইটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই হুমকি 'ফেক' বলে জানিয়েছে পুলিশ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এই বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কাজে সহায়তা করবেন।

    একইসঙ্গে, দু্ই প্রতিমন্ত্রীর কাজের ক্ষেত্রও ভাগ করে দেওয়া হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারণ করে দেওয়া অন্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-১।

    এছাড়া শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ে দায়িত্ব পালন করবেন।

    প্রধানমন্ত্রীর অনুমোদনে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব বণ্টন করে একটি পরিপত্রও জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  3. বঙ্গোপসাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার পূর্বাভাস, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এই সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।

    এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    একইসঙ্গে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  4. ডিলারের গুদাম ভেঙ্গে সার নিলেন কৃষকরা, 'মব সৃষ্টির' অভিযোগ কৃষি কর্মকর্তার, চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে পুলিশ

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একজন সার ডিলারের গুদাম ভেঙ্গে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। এই ঘটনায় জিডি করেছে পুলিশ।

    রোববার ওই উপজেলার দুই নম্বর ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটেছে।

    তবে, ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৭০ বস্তা সার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার।

    ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে এমন প্রশ্নে উপজেলা কৃষি অফিসার ও পুলিশ দুইজন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

    ইউরিয়া সারের কোন সঙ্কট নেই, কৃষি কর্মকর্তা মি. জব্বার এমন দাবি করলেও সেটি নাকচ করে দেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন।

    ভুরুঙ্গামারী থানার ওসি মি. উদ্দিন দাবি করেন, চাহিদার চেয়ে অনেক কম ছিল সার।

    মি. উদ্দিন বলেন, “আমার দুই নম্বর ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে আজকে সার দেয়ার কথা ছিল, ওরা প্রস্তুতি নিছে। ওই এলাকাটা নদী এলাকা, এই এলাকাটাতে যথেষ্ট সারের চাহিদা রয়েছে।”

    এই পুলিশ কর্মকর্তা জানান, যে পরিমাণ সার রোববার বিতরণ করার কথা ছিল তার চাইতে চারগুণ বেশি কৃষক পৌঁছেছিল সেখানে।

    “কৃষক মনে করছে, কে পাবে, কে পাবে না, যখন বিতরণের জন্য দরজা খুলছে, ব্যস যে যার মতো হুড়োহুড়ি করে ঢুকে নিয়ে নিছে” বলেন ভুরুঙ্গামারী থানার ওসি মি. উদ্দিন।

    “চাহিদা ছিল চার হাজার বস্তা, সরবরাহ হলো এক হাজার ৩২০ বস্তা(৫০ কেজির বস্তা)। প্রায় ওয়ান ফোর্থ প্রায়” বলেন ওসি আজিম উদ্দিন।

    এই ঘটনায় সংশ্লিষ্ট ডিলার এখন পর্যন্ত কোন মামলা করেনি তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি বা জিডি দায়ের করেছে।

    অন্যদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের দাবি, তার দায়িত্বে থাকা এই ইউনিয়নে ইউরিয়া সারের কোন সংকট ছিল না বরং ‘মব সৃষ্টির উদ্দেশ্যে’ এই ঘটনা ঘটানো হয়েছে।

    “ইউরিয়া সারের সংকট নেই কোন। ওই ইউনিয়নে ৬৮ মেট্রিক টন বরাদ্দ ছিল। নিয়মিত উত্তোলন হচ্ছে, বিতরণ হচ্ছে সরকারি মূল্যে। সর্বশেষ উত্তোলন ছিল ১৭ মেট্রিক টন মানে ৩৪০ বস্তা, আজকে আমাদের বিতরণের প্ল্যান ছিল” বলেন কৃষি কর্মকর্তা।

    তবে, এরকম বিশৃঙ্খলা হবে তা আগে থেকে আশঙ্কা করে সেখানে চারজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

    কিন্তু যে পরিমাণ সার বিতরণ করার কথা ছিল তার থেকে অনেক বেশি প্রায় সাতশো থেকে আটশো কৃষক ছিল বলে জানান তিনি।

    মি. জব্বার বলেন, “ওদের টার্গেট একচুয়েলি কী আমি বুঝতেছি না যে মব করার টার্গেট কী না, নাহলে তো এতোগুলা লোক থাকার কথা না। কারণ অলরেডি ৫০ মেট্রিক টন সার নিয়ে আসছে এবং বিতরণ করছি। একটা পর্যায়ে তারা গুদাম ভেঙ্গে সার নিয়ে গেছে।”

    সারের সংকট না থাকলে কেন আগে থেকেই বিশৃঙ্খলার শঙ্কা করা হয়েছে ও কৃষকদের সার না পাওয়ার অভিযোগের প্রশ্নে এই কৃষি কর্মকর্তা দাবি করেন, সারের কোন সংকট নেই।

    “এখানে অনেকেই আছে যে, কৃষকরা তিন মাস পরে যে সার ব্যবহার করবেন সেটিও আগেই নিয়ে সংরক্ষণ করে রেখে দেন” বলেন কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার।

  5. আমেরিকার ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দেওয়া দেশগুলোকে ইরান শত্রু হিসেবে বিবেচনা করবে:মোহসেন রেজাই

    যেসব দেশ যুক্তরাষ্ট্রের 'অর্থনৈতিক যুদ্ধে' অংশ নেবে, ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।

    এর আগে, ইরান ওই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল।

    বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা স্থগিত রয়েছে।

    তবে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, গত ছয় মাসের এই বিরোধ অবসানের সময় এসেছে।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এবং অন্যান্য দেশগুলোকেও ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শেষ করার আহ্বান জানিয়েছে।

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অহেতুক হামলার পর দেশগুলোর মধ্যে পারমাণবিক বোমা অর্জনের ‘আকাঙ্ক্ষা বেড়েছে।’

    মোহসেন রেজায়ি বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার পরও যদি কোনো দেশে হামলা প্রতিরোধ করা না যায়, তাহলে “আমরা কেন পারমাণবিক বোমা অর্জন করব না?”

    তিনি মনে করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার কারণে কিছু দেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পারমাণবিক অস্ত্র অর্জন করাটাই আরো ভালো প্রতিরক্ষামূলক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে।

    তারা দাবি করেন, ইরান যখন পারমাণবিক অসংযোজন চুক্তি বা নিউক্লিয়ার নন-প্রোলিফেরেশান ট্রিটির সদস্য ছিল এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ব্যাপকভাবে সহযোগিতা করছিল, তখনই ইরানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।

    তিনি বলেন, এখন পুরো বিশ্ব বলছে, এনপিটি বা পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ, কোনোটিই কার্যকর নয়। এর ফলে বিভিন্ন দেশের মধ্যে পারমাণবিক বোমা অর্জনের ‘আকাঙ্ক্ষা’ বেড়ে গেছে।

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই তার সাক্ষাৎকারে হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দেন।

    তিনি বলেন, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে তথাকথিত “অর্থনৈতিক যুদ্ধে” লিপ্ত হয়, তবে ইরান হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর থেকে “এক ফোঁটা তেলও” বের হতে দেবে না।

    তিনি আরো বলেন, ইরান তার যুদ্ধকৌশল এবং কূটনৈতিক আচরণে পরিবর্তন আনবে।

    দেশটির এই কর্মকর্তার দাবি, সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে।

  6. গত ২৪ ঘণ্টায় আটশোর বেশি নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। একই সময়ে মারা গেছেন পাঁচ জন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, দেশের আট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।

    এর ফলে গত পহেলা জানুয়ারি থেকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।

    গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের। বাকি একজন ময়মনসিংহ বিভাগের রোগী।

    আর এই বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ জন মারা গেছেন।

  7. দক্ষিণ থাইল্যান্ডে সমন্বিত বহু অগ্নিসংযোগের ঘটনা

    বিদ্রোহে বিধ্বস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে “অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে” ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ এবং হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় দুইজন আহত হয়েছেন।

    একটি স্থানীয় সরকারি কার্যালয়ের ভবন, একটি স্টোর এবং চুরি হওয়া একটি যানবাহন এই অগ্নিকাণ্ডের লক্ষ্যবস্তু ছিল।

    দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোতে এই অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে।

    নারাথিওয়াত প্রদেশ থেকে অধিকাংশ হামলার খবরগুলো পাওয়া গেছে। এছাড়া বাকিগুলো পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশে ঘটেছে।

    দেশটির সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুইজন নারী আহত হয়েছেন।

    বেশ কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং জনগণকে সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার জন্য সতর্ক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    নারাথিওয়াত প্রদেশে রাতভর কারফিউ জারি করেছিল সেখানকার কর্তৃপক্ষ।

    রোববার সকালে কারফিউ তুলে নেওয়া হয়েছে। একইসঙ্গে, নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি রোববার। এখন পর্যন্ত কোন গ্রুপও এসব অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকার করেনি।

    ২০০৪ সাল থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশগুলোতে হালকা ধরনের সংঘাত বিরাজ করছে।

    সেখানে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা লড়াই করছে। এই সহিংসতায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

    এই বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিচ্ছেন বারিসান রেভোলুসি নাসিওনাল।

  8. আলোচনা পুনরায় শুরু ও উত্তেজনা কমাতে ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা ইরানি মন্ত্রীর

    আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর চেষ্টায় ওমান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পৃথক দুইটি টেলিফোন কলে মি. আরাঘচি তাদের সঙ্গে কথা বলেছেন।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মি. আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বুসাইদির সঙ্গে “আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত পরিস্থিতি” এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের বিষয় নিয়েও কথা বলেছেন।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ওমান প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক দেশগুলোতে।

    বর্তমানে দুই দেশের মধ্যকার সংলাপ স্থগিত রয়েছে।

    মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মি. আরাঘচি, পারস্য উপসাগর ও লোহিত সাগরের পরিস্থিতি এবং এই অঞ্চলে উত্তেজনা কমানোর সর্বশেষ কূটনৈতিক চেষ্টা নিয়ে আলোচনা করেন।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান “যুদ্ধও নয়, শান্তিও নয়” এমন পরিস্থিতির নিরসনের প্রতি জোর দেন।

    ইরানের প্রেসিডেন্ট সমস্যা সমাধানের জন্য “শক্তি দিয়ে হলেও যুক্তি দিয়ে” আলোচনা করা সম্ভব বলে উল্লেখ করার পরই এই ফোনালাপগুলো হলো।

  9. হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

    ঢাকায় অবস্থিত দুইটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার বা এডিসি আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মি. খায়ের বলেন, “চায়না এবং রাশিয়া তাদেরকে একটা হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে। বাট ওইটা কোন জায়গা থেকে আসছে ওইরকম কিছু না। আমরা ধারণা করছি, এটা স্ক্যামের, ফেইক।”

    ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়মানুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দফতর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে বিষয়টি অবহিত করার পর দূতাবাসগুলোর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং আরো জোরদার করা হয়েছে।

    “তারা আমাদেরকে কিছু জানায় নাই। তারা মনে হয় মিনিস্ট্রি অফ ফরেইন অ্যাফেয়ার্সকে জানাইছে। আমি অফিসিয়ালি কোন কিছু পাই নাই বাট যখন জানছি আমাদের যে এক্সিসটিং সিকিউরিটি মেজার সেগুলোই আরো জোরদার করা হয়েছে। ওইরকম কোন কিছু মনে করতেছি না” বলেন মি. খায়ের।

    তবে এ বিষয়ে থানায় জিডি বা লিখিত কোন অভিযোগ করা হয়নি বলে জানান মি. খায়ের।

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে