মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, হেমায়েতপুরে সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ
বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।
বুধবার সকালেও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বেতন আরও বাড়ানোর দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাদেরকে সরে যেতে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিতে যায় পুলিশ।
এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সকালে আশুলিয়া ও গাজীপুরের আরও বেশকিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। সেখানেও পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
রাস্তা থেকে সরে গেলেও বিক্ষোভকারী শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেননি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বিক্ষোভকারী আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছেন বলে জানা যাচ্ছে।
এ অবস্থায় সাভার ও গাজীপুরের ২২টি কারখানায় কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ওইসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।