আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নয় ঘণ্টা অবস্থান কর্মসূচির পর রাহুল গান্ধীকে হেফাজতে নিয়েছে পুলিশ

নয় ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে থাকা রাহুল গান্ধীকে হেফাজতে নিয়ে কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে গেছে দিল্লি পুলিশ। অন্যদিকে ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে

    • নয় ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে থাকা রাহুল গান্ধীকে হেফাজতে নিয়ে নিয়েছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির আকাশবাণী ভবনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
    • সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি তিন জেলার ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
    • ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।
    • হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন।
    • সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • নির্বাচন কমিশনের সামনের রাস্তা থেকে প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, 'জ্ঞানেশ, ইটস ডান ব্রো' অর্থাৎ, জ্ঞানেশ, তোমার খেলা শেষ।
    • হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছে। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৮১ জন ডেঙ্গুতে মারা গেছে। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
    • বেলজিয়ান - আমেরিকান পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।
    • বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (মঙ্গলবার) এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বলে বিবিসি জানতে পেরেছে।
    • যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করলে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে ওই আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
    • বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার।
    • ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. নয় ঘণ্টা অবস্থান কর্মসূচির পর রাহুল গান্ধীকে হেফাজতে নিয়েছে পুলিশ

    নয় ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে থাকা রাহুল গান্ধীকে হেফাজতে নিয়ে কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে গেছে দিল্লি পুলিশ।

    প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির আকাশবাণী ভবনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

    ঘটনাস্থলে থাকা বিবিসি সংবাদদাতা দিলনওয়াজ পাশা জানিয়েছেন, রাহুল গান্ধীকে পুলিশ জোর করে সরিয়ে নিয়ে যায় এবং পরে হেফাজতে নেয়।

    কংগ্রেস এক্সে রাহুল গান্ধীকে পুলিশ ‘জোর করে’ নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে লিখেছে, “সবকিছু মনে রাখা হবে।”

    এর আগে কংগ্রেস এক্সে একটি পোস্টে লিখেছিল, “মোদী-শাহ আকাশবাণী ভবনে পুলিশ পাঠিয়েছে, যারা জোর করে বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী এবং সাংসদদের তুলে নিয়ে যাচ্ছে। মোদী সরকার পুলিশি দমনের মাধ্যমে কণ্ঠরোধ করতে চায়। কিন্তু মনে রাখবেন, এই গর্জন আর থামানো যাবে না। 'গদ্দার' জ্ঞানেশকে যেতে হবে।”

    ঠিক দুপুর নাগাদ নির্বাচন কমিশনের উদ্দেশে মিছিল আটকে দেওয়ার পর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রায় ৯ ঘণ্টা ধরে আকাশবাণী ভবন চত্বরে অবস্থান কর্মসূচিতে বসে ছিলেন।

    পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললেও, দু’জনই অবস্থানে অনড় ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

    একজন পুলিশ কর্মকর্তাকে রাহুল গান্ধী বলেন, “আমি তো শুধু বসে আছি।” জবাবে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, “স্যার, বাড়ি চলে যান।”

    জবাবে রাহুল গান্ধী বলেন, “তাহলে কি আমি শুধু বাড়িতেই যেতে পারি? দেশের অন্য কোথাও যেতে পারি না? আমি একজন রাজনৈতিক ব্যক্তি। আমি বাড়িতে বসে থাকতে পারি না। আপনারা একটি জায়গার নাম বলুন, যেখানে গিয়ে আমি বসতে পারি।”

    তার সঙ্গে থাকা প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “এই দেশের কোনো ব্যক্তি যদি প্রতিবাদে বসতে চান, তাহলে তা করার অধিকার তার আছে। এটি একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা সেই সংবিধানের জন্য লড়াই করছেন, কোনো দুই ব্যক্তির জন্য নয়, যারা ক্ষমতার আসনে বসে আছেন।”

    এ বাদানুবাদের কিছু সময় পরেই দিল্লি পুলিশের হাতে আটক হন রাহুল গান্ধী।

    ঘটনার পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "ভারতীয়দের ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে প্রক্রিয়া চলছিল, তা এখন ভারতে গণতন্ত্র হত্যার রূপ নিয়েছে। একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির একমাত্র দাবি ছিল সরল ও স্পষ্ট, ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক।"

    "এটি এমন একটি শাসনব্যবস্থার লক্ষণ, যা জানে যে তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।"

    এই বিষয়ে দিল্লি পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

  3. সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ

    সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি তিন জেলার ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

    এই অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক এই তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মি. হক জানান, ২৪টির মধ্যে খুলনার ১৮টি, বাগেরহাটের দুইটি এবং সাতক্ষীরার চারটি অনুমোদনহীন রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    “এর আগে, এসব রিসোর্টকে কারণ দর্শাতে বলা হয়েছিল। পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনার ১৮টির মধ্যে ১৫টির কার্যক্রম চলমান রয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান সাইনবোর্ড ঝুলছে কিন্তু কার্যক্রম চলমান নেই” বলেন মি. হক।

    সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা এসব রিসোর্ট মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

    এসব রিসোর্টের মধ্যে রয়েছে, ইরাবতী, জঙ্গলবাড়ী, বনবিবি, অরণ্যছায়া, বনলতা ইকো কটেজ, অরণ্যবাড়ী, মায়াবন, গহন ইত্যাদি।

  4. ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ

    ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার সকালে সাড়ে ১১টার দিকে রামেবির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিকেলে গেস্ট হাউসের সামনে সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন উপাচার্য।

    অধ্যাপক জাওয়াদুল হক বলেন, কার্যালয়ের বাইরে স্লোগানের শব্দ শুনতে পান তিনি। কিছুক্ষণ পর পিয়নদের ধাক্কাধাক্কি করে ২০ থেকে ২৫ জন তার কক্ষে ঢুকে পড়েন।

    তাকে চেয়ার থেকে উঠে যেতে বলা হয় এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে রাজশাহীর মানুষকে কাজ না দেওয়া এবং ঢাকার মানুষকে কাজ দেওয়ার অভিযোগও তোলা হয় বলে দাবি করেন উপাচার্য।

    এরপর একজন তার সামনে একটি ছাপানো কাগজ দেন। কাগজটি তিনি পড়তে চাইলে বলা হয়, পড়ার দরকার নেই, সই করতে হবে।

    এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. নাজমুল হোসাইন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন মি. হক।

    অধ্যাপক হক বলেন, "আমি সই না করলে আমিও ফিজিক্যালি অ্যাসাল্টের সম্মুখীন হতে পারি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং সামনে দেওয়া কাগজে সই করে দিই।"

    স্থানীয় একজন সাংবাদিক জানান, ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ নামক ব্যানারে বেশ কিছু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন।

    এই ব্যানারে লেখা রয়েছে, “রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘুষখোর, দুর্নীতিবাজ ও আওয়ামী দোসর ভিসি প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে, ভিসি ঘেরাও কর্মসূচি।”

    সকালে প্রথমে তারা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে এবং পরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে নিজেদের নিয়ে যাওয়া পদত্যাগপত্রে তাকে স্বাক্ষর করতে বাধ্য করেন।

    ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে বিষয়টি জানিয়েছেন বলে জানান উপাচার্য। ক্ষয়ক্ষতি ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

    রামেবির রেজিস্ট্রার দপ্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

  5. হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ১২ ক্রু আহত হয়েছে বলে জানিয়েছে ভারত

    হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এমটি পিস নামের তেল ট্যাংকারটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এই হামলার নিন্দা জানিয়েছে ভারত।

    তেলের এই ট্যাংকারটিতে ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানি কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের জাহাজ থেকে নামিয়ে ওমানের খাসাব শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

    ভারত বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক নৌবহরের জনশক্তি সরবরাহকারী দেশ।

    গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

    নয়াদিল্লি জানিয়েছে, গত মাসে একই এলাকায় একটি কার্গো জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে জাহাজে ধারাবাহিক হামলা দেশটির জন্য “গভীর উদ্বেগের” বিষয়।

    যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে।

    মাঝে মাঝে তারা এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে, যেগুলোর বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করার বা নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার অভিযোগ থাকে।

    এর বিপরীতে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে ব্লকেড চালাচ্ছে এবং মার্কিন বাহিনীর আদেশ অমান্য করা জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে।

    ভারত এক বিবৃতিতে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

    তারা বলেছে, “এই অঞ্চলে বাণিজ্যিক নৌ-পরিবহন, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক এই জলপথটি দিয়ে চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।”

  6. সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মঙ্গলবার বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এই কথা জানান তিনি।

    এই বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিতের দাবিসহ নানা দাবি জানানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    “আমরা বলেছি, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি। সেটার বৈধতা আছে তবে সেটা আইন কিন্তু আমরা সাংবিধানিকভাবে এই সুরক্ষাটাকে আনবো তফসিলে সুনির্দিষ্ট জায়গায় যাতে তাদের দায়মুক্তি জুলাই যোদ্ধাদের সুরক্ষাটা সাংবিধানিকভাবে ধারণ করা যায়” বলেন মি. আহমদ।

    বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে, যারা দায়ী, ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তার দোসর এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়ী তাদের বিচার যেন ত্বরান্বিত করা হয়।”

    “মানবতাবিরোধী আদালতে চলমান মামলাগুলোর বিষয়ে তারা ইঙ্গিত করেছেন, আমরা বলেছি সেটা ত্বরান্বিত করার জন্য সরকার আন্তরিক” বলেন মি. আহমদ।

  7. 'জ্ঞানেশ, ইটস ডান ব্রো', ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা রাহুল গান্ধীর

    নির্বাচন কমিশনের সামনের রাস্তা থেকে প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, 'জ্ঞানেশ, ইটস ডান ব্রো' অর্থাৎ, জ্ঞানেশ, তোমার খেলা শেষ।

    এই স্লোগানটি মূলত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে তুলেছিলেন মুম্বাইতে বিক্ষোভ প্রদর্শনের আগে। এই স্লোগানটি সম্প্রতি ছাত্র ও যুব প্রতিবাদীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।

    রাহুল গান্ধী বলেন, "দেশের সঙ্গে যা করা হয়েছে তা দেশদ্রোহিতা। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, আরএসএস প্রধান বা জ্ঞানেশ কুমার, কেউই রেহাই পাবে না।"

    দিল্লি পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পরে অবস্থান বিক্ষোভ থেকে এই বার্তা দেন তিনি।

    আজ মঙ্গলবার ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর অভিমুখে মিছিল করতে গিয়ে আটক হন বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা।

    এদের মধ্যে আছেন রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জী সহ আরও অনেকে।

    মিছিলটি নীতি আয়োগ কার্যালয়ের কাছে এলে পার্লামেন্ট স্ট্রিটে দিল্লি পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকেই রাহুল গান্ধী সহ অন্য এমপিদের জোরপূর্বক পুলিশের বাসে তোলা হয়।

    তবে কিছুক্ষণ পরই মুক্তি পেয়ে তারা পুনরায় মিছিল শুরু করেন এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।

    ছাড়া পাওয়ার পরে সংসদ সদস্যরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন।

    সেখান থেকে রাহুল গান্ধী দিল্লি পুলিশের উদ্দেশ্যে বলেন বলেন, "৩০০ জনেরও বেশি বিরোধী সংসদ সদস্য আজ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করেছেন। আমরা কোটি কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করি। নির্বাচন কমিশনার কেন আমাদের সঙ্গে দেখা করছেন না? পুলিশ কেন আমাদের আটকাচ্ছে এবং হুমকি দিচ্ছে?"

    অপরদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এই মিছিলের কোনো অনুমতি বিরোধী সংসদ সদস্যদেরকে দেওয়া হয়নি।

  8. ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে প্রায় দুই হাজার স্কুল অবরূদ্ধ বা বন্ধ রয়েছে

    হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে।

    দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, এক হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে বা সরকার বন্ধ করে রেখেছে।

    একইসঙ্গে, ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে।

    ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।

    নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

    প্যারিসের এক শিক্ষার্থী বলেছেন, “আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।”

    সরকার যখন জরুরিভাবে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন এই আন্দোলনের দাবিগুলো কীভাবে পূরণ করা হবে সেটি অনুমান করা বেশ কঠিন।

    গত সপ্তাহে শিক্ষার্থীরা শত শত স্কুল অবরুদ্ধ করেছে। এতে অন্তত ২১৫ জন আহত হয়েছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

  9. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছে

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছে। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৮১ জন ডেঙ্গুতে মারা গেছে।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন, খুলনা বিভাগে তিনজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছে।

    এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৯৬ জন। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।

  10. পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বেলজিয়ান-আমেরিকান বিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন

    বেলজিয়ান - আমেরিকান পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।

    মঙ্গলবার এই পুরস্কার দানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, “আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান এবং অ্যাস্ট্রোফিজিক্যাল অরিজিনের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের” জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

    বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

    রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

    এই পুরস্কার বিজয়ী বা বিজয়ীরা মোট ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে পান।

    একাধিক বিজয়ী থাকলে এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

  11. হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু

    হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই মারা গেছে চার শিশু।

    বাকি দুইজনের একজন বরিশালে আরেকজন খুলনা বিভাগে মারা গেছে।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক হাজার ৩২ জন মারা গেছে। একই সময়ে হামে একশো দুই জনের মৃত্যু হয়েছে।

  12. ইরানিদের ‘বৈরী গণমাধ্যমে’ অংশ নেওয়া ও সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ

    ইরানের নাগরিকদের জন্য “শত্রুভাবাপন্ন গণমাধ্যমে” যাওয়া অথবা সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ করে দেশটির সংসদে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

    দেশটির ইন্টেলিজেন্স মন্ত্রণালয়কে কোন কোন গণমাধ্যম এই তালিকার অন্তর্ভুক্ত সেটি চিহ্নিত করে ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, “প্রভাব প্রতিহত করা” এবং “গুপ্তচরবৃত্তির শাস্তি জোরদার করা” সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনার আওতায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

    তবে সরকারি কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

    এই প্রস্তাব অনুযায়ী, আইন লঙ্ঘনকারীরা ইসলামী দণ্ডবিধির ষষ্ঠ স্তরের শাস্তির মুখোমুখি হবেন।

    এই স্তরের শাস্তির মধ্যে রয়েছে:

    • ছয় মাস থেকে দুই বছরের বেশি কারাদণ্ড।
    • ২০ থেকে ৮০ মিলিয়ন তোমানের বেশি জরিমানা।
    • ৩১ থেকে ৭৪টি চাবুকের আঘাত এবং সতীত্ব বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ ৯৯টি পর্যন্ত চাবুকের আঘাত।
    • ছয় মাস থেকে পাঁচ বছরের বেশি সময়ের জন্য সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা।
    • গণমাধ্যমে চূড়ান্ত রায় প্রকাশ করা।

    “প্রভাব প্রতিহত করার” এই পরিকল্পনাটি গত ১৫ই অগাস্ট প্রথম সংসদে অনুমোদিত হয় এবং এরপর থেকেই এটি পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

    তবে পরিকল্পনাটিতে “অনেক ত্রুটি” রয়েছে ঘোষণা করে সরকার ১০ই সেপ্টেম্বর, এটির সম্পূর্ণ বিরোধিতা করেছে।

    এই পরিকল্পনার আরেকটি ধারায় ইরানি গবেষক এবং বিদেশি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।

  13. দিল্লিতে এসে মোদীর সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (মঙ্গলবার) এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বলে বিবিসি জানাতে পেরেছে।

    মঙ্গলবার (ছয়ই অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা একটা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলেও জানা যাচ্ছে।

    দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে আভাস দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরো নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।

    এর আগে সোমবার (পাঁচই অক্টোবর) রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে এসে পৌঁছান।

    তবে তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদীর কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।

    ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।

    এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে – বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে।

    তা ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের মধ্যে আলোচনাতেও কোনো অগ্রগতি নেই – তিরিশ বছর মেয়াদী এই গুরুত্বপূর্ণ জল ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।

  14. ভিসার আবেদন করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে: ইউএস অ্যাম্বাসি

    যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করতে হলে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে ওই আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

    একইসঙ্গে, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন বলে জানিয়েছে ইউএস অ্যাম্বাসি।

    ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে: আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।”

  15. প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি

    বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার।

    মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ১৩১ জনের মধ্যে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য বাছাই করা হয়।

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “বাই রোটেশনে আমরা প্রাইস পোস্টিংগুলো যেটা মনে করা হয় ডিপার্টমেন্টে যেখানে দুর্নীতির শিকড় গজায় সেই জায়গাগুলোতে আমরা দেখবো। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদেরকে তথ্য-প্রমাণসহ দেন, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক সাব-রেজিস্ট্রার ডিপার্টমেন্টের, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

    জমি কেনা-বেচা, ভাগ-বাটোয়ারা অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান করাই সাব-রেজিস্ট্রারদের কাজ।

    কিন্তু সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে জমির ভুয়া দলিল তৈরি, ঘুষসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

    অভিযোগ রয়েছে, বড় অংকের আর্থিক লেনদেন করে লোভনীয় পদগুলোতে নিয়োগ নেওয়ার চেষ্টা করা হয়। সেই সমস্যা এড়াতে লটারির পথ বেছে নিয়েছে সরকার, যাতে কেউ পছন্দ মতো এসব পদে যেতে না পারেন।

  16. ঢাকার সিএমএম আদালত থেকে এক আসামি পালিয়ে গেছে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি। এজলাসের ডকের সাথে তার হাতের হাতকড়া বাধা ছিল। ওই হাতকড়া খুলেই আসামি মি. শফিক পালিয়ে যান।

    এর আগে গতবছরের ১৯শে জুন, মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

    ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ।

    এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • বাংলাদেশে এবছর দুর্গাপূজা উপলক্ষে ২০শে অক্টোবর থেকে পরবর্তী তিনদিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর ২৪ ও ২৫শে অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। তবে দুর্গাপূজার শুরু আগের শনিবার, অর্থাৎ ১৭ই অক্টোবর সরকারিভাবে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
    • দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। পূজা শেষে ২৩শে অক্টোবর থেকে পুনরায় রাত ৮টায় দোকান বন্ধ করতে হবে।
    • এখন থেকে প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
    • দেশজুড়ে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই নির্বাচন ২০২৭ সালের গ্রীষ্মে হওয়ার কথা ছিল।
    • সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় চালানো হুথিদের হামলায় প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মো. সজিব হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
    • ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে সম্প্রতি এক আসামি পালানোর যে ঘটনা ঘটেছে, সেটির সঙ্গে পুলিশের সদস্যরাই জড়িত বলে তদন্তে উঠে এসেছে।
    • বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।
    • সুনামগঞ্জে 'ইসলামপন্থিদের' আপত্তির মুখে নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করেছেন আয়োজকেরা।
    • চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দিয়েছে কমিটি। তারা হলেন: কার্ল ডাইসারোথ, পিটার হেগম্যান এবং গেয়র্গ নাগেল। আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর তিন বিজ্ঞানীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
    • ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।
    • বেসামরিক বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশসীমা মোটেও নিরাপদ নয় বলে সতর্ক করেছে ইয়েমেনের হুথিরা। যেকোনো মুহূর্তে সেখানে হামলা হতে পারে বলে সোমবার হুঁশিয়ার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়াল।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
    • হুথিদের হটিয়ে পুনরায় বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।
    • পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।