আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'পাঁচ কোম্পানির এলপিজি মজুতের তথ্য পেয়েছে এনএসআই'
ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— NSI flags LPG hoarding by five firms; এই খবরে বলা হয়েছে, শীর্ষস্থানীয় পাঁচটি কোম্পানি আমদানিকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মজুত করেছে বলে এক গোয়েন্দা প্রতিবেদনে সরকারকে সতর্ক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স– এনএসআই।
গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) প্রতিবেদনে মজুতকারী পাঁচ প্রতিষ্ঠান– আইগ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনার নাম উল্লেখ করা হয়।
এই গোয়েন্দা প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২২শে সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময় থেকে এসব কোম্পানির এলপিজি সরবরাহ আটকে রাখা হয়েছিল।
১২ কেজি গ্যাসের সিলিন্ডারের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া দাম ১ হাজার ৫৮৫ টাকা সত্ত্বেও দেশের অনেক এলাকায় ভোক্তারা তা যখন দুই হাজার টাকার বেশি দিয়ে ক্রয় করছেন বলে অভিযোগ আসছে, ঠিক তখনই এই প্রতিবেদন সামনে এলো।
যদিও আমদানির পরিমাণ বা সরবরাহের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এলপি গ্যাসের ঘাটতি থাকার কথা নয়।
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গোয়েন্দা প্রতিবেদনটি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
বণিক বার্তার প্রধান শিরোনাম— রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে।
এই খবরে বলা হয়েছে, রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) মোট ছয়টি রেডিওথেরাপি মেশিন রয়েছে। এগুলোর চারটিই গত দুই বছরের বেশি সময় ধরে বিকল।
দুটি মেশিন দিয়ে রোগীদের থেরাপি দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে রেডিওথেরাপি নিতে অপেক্ষমাণ রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। অনেকে থেরাপি নেওয়ার সিরিয়াল পেয়েছেন ২০২৮ সালের শেষভাগে।
দুটি মেশিনের সামর্থ্যের বিপরীতে সেবাপ্রত্যাশী রোগীর সংখ্যা এতটাই বেশি যে গত এক মাস নতুন রোগীর রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, মেশিন দুটি সক্ষমতার চেয়ে বেশি রোগীকে সেবা দিচ্ছে। তিন শিফটে প্রতিদিন গড়ে আড়াইশ রোগী থেরাপি নিচ্ছেন। যে রোগীরা অনেকদিন পরের সিরিয়াল পেয়েছেন তারা জানেন না সে পর্যন্ত তাদের ক্যান্সারের পরিস্থিতি কেমন রূপ নেবে।
শুধু রোগী নয়, এনআইসিআরএইচের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনও মনে করেন দেরিতে সিরিয়াল পাওয়া রোগীরা তাদের জন্য নির্দিষ্ট সময়ে থেরাপি নিয়ে যথেষ্ট উপকৃত হতে পারবেন না।
নিউ এইজের প্রধান শিরোনাম— Dated data used to estimate GDP; জিডিপি প্রাক্কলনে পুরোনো তথ্যের ব্যবহার।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার ক্ষেত্রে পুরোনো তথ্যের ওপর নির্ভর করছে বাংলাদেশ, যার কোনোটি আবার দুই দশকেরও বেশি পুরোনো।
যেমন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেশাগত, বৈজ্ঞানিক ও কারিগরি সেবা খাতের উৎপাদন বা আউটপুট প্রাক্কলন করতে ২০০১-০৩ সালের অর্থনৈতিক শুমারির তথ্য ব্যবহার করেছে।
বিশ্লেষণে দেখা গেছে, পুরোনো তথ্য ব্যবহার করে প্রাক্কলন করা খাতগুলো দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে।
তাতে অর্থনীতির প্রকৃত চিত্র ওঠে না আসার পাশাপাশি সরকারি প্রবৃদ্ধির পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— রোজার আগে দুই হাজার ইউপিতে নির্বাচন করতে চায় ইসি।
এই খবরে বলা হয়েছে, আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম ধাপের ভোট হলে, সেক্ষেত্রে রমজানের আগেই তিন ধাপে দুই হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন সম্ভব হবে।
জানুয়ারির প্রথম সপ্তাহে যদি প্রথম ধাপের নির্বাচন হয়, তাহলে এর ৪০ থেকে ৪৫ দিন আগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই পৌরসভা নির্বাচন করার চিন্তাভাবনা তাদের। তারপর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্য নির্বাচনগুলো হবে।
কালের কণ্ঠের প্রধান শিরোনাম— রাড্ডাকাণ্ডে প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ।
এই খবরে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মিষ্টির বিরুদ্ধে রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্য সেবা কেন্দ্র ভাঙার অভিযোগ ওঠার পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকার।
আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম– পর্যাপ্ত মজুতেও এলপি গ্যাসের সংকট তীব্র, দামও লাগামছাড়া।
এই খবরে বলা হয়েছে, কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে।
সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তারা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা। গ্যাসের পরিমাণভেদে অন্যান্য সিলিন্ডারের দামও বেড়েছে সেই অনুপাতে।
যদিও ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া দাম ১ হাজার ৫৮৫ টাকা।
এলপি গ্যাস আমদানিকারক ও সিলিন্ডারজাতকারী কোম্পানি কৃত্রিম সংকটের জন্য ডিলার, পরিবেশক, খুচরা বিক্রেতাদের দোষারোপ করছে।
অন্যদিকে ডিলার, পরিবেশক, খুচরা বিক্রেতাদের দাবি, অক্টোবরে দাম বাড়ার আশায় কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় এই সংকট ও মূল্যবৃদ্ধি।
সমকালের প্রথম পাতার খবর— বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার।
এই খবরে বলা হয়েছে, ৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশ পাওয়ার পরও বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৪৬ প্রার্থীর চূড়ান্ত গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
গত বুধবার প্রকাশিত ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত প্রজ্ঞাপনে পিএসসির সুপারিশ করা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নাম প্রকাশ করা হয়। অর্থাৎ ৫৭ জন বাদ পড়েন।
তবে তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় অংশ নেননি। এ কারণে বাদ পড়া ৪৬ জনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেয়ার কনসেশন চুক্তি অনুমোদন— নয়া দিগন্তের প্রধান সংবাদ এটি।
খবরটিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রস্তাবের খসড়া কনসেশন চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে গতকাল ১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেয়া হয়।
End of বিবিসি বাংলার আরও সংবাদ:
ইত্তেফাকের দ্বিতীয় প্রধান খবর— পলাতক শক্তি ও গুপ্ত মহল আবার একজোট হয়েছে: ফেনীর জনসভায় প্রধানমন্ত্রী।
এই খবরে বলা হয়েছে, বিগত ১৭ বছর যারা জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই শক্তি ও নেপথ্যের গুপ্ত মহল আজ আবার একজোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলমান জনকল্যাণমুখী সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে এই সুযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারী মহলের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
দ্য ডেইলি স্টারের দ্বিতীয় প্রধান খবরের শিরোনাম– Rivers drowning IN PLASTIC, অর্থাৎ প্লাস্টিকের দূষণে ধুঁকছে নদী।
খবরটিতে বলা হয়েছে, মোগল সুবেদার ইসলাম খান চিশতি ১৬১০ সালে বুড়িগঙ্গায় তার নৌবহর নোঙর করেছিলেন। যিনি মোগল শাসনকে বাংলায় আরও সুসংহত করেছেন।
সেই সময়ে যদি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল থাকত এবং তার লোকজন সেগুলো নদীতে ফেললে ৪১৬ বছর পরেও সেই প্লাস্টিকের বোতলগুলো কিন্তু নদীর তলদেশেই পড়ে থাকত।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ২০২২ সালের একটি সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন প্রায় তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়।
এরপর থেকে প্লাস্টিক উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর একটি বড় অংশ দেশের নদী ব্যবস্থায় গিয়ে পড়ছে বলে বিশেষজ্ঞদের অভিমত।
এতে নৌপথগুলো ভরাট বা রুদ্ধ হয়ে যাচ্ছে, জলজ প্রাণীর জীবন বিপন্ন হচ্ছে এবং খাদ্যের মাধ্যমে শরীরে 'মাইক্রোপ্লাস্টিক' প্রবেশে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার জানিয়েছেন, তারা বুড়িগঙ্গার তলদেশে মাটির ১৫ ফুট নিচেও প্লাস্টিক বর্জ্য পেয়েছে। কিছু বোতলের গায়ে থাকা লেবেল পরীক্ষা করে দেখতে পান, সেগুলো ১৫ থেকে ১৭ বছর আগে ফেলা হয়েছিল; অথচ সেগুলো এখনো দেখতে নতুনের মতোই মনে হয়।